All posts by jitu

হামের উপসর্গে কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অয়ন নামের ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে শিশুটি মারা যায়। অয়ন কুমিল্লার মুরাদনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের শাহিনের ছেলে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৮ জুলাই দুপুরে জ্বর ও হামের উপসর্গ নিয়ে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় অয়নকে হাসপাতালে ভর্তি করা হয়। ৪ দিন চিকিৎসার পর রবিবার (১২ জুলাই) তার মৃত্যু হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান, হাম আক্রান্ত হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমে যায়। এতে অন্য জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তিনি পরামর্শ দেন, কোনো শিশুর জ্বর, কাশি বা সর্দি দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিতে হবে এবং শিশুকে সুষম পুষ্টিকর খাবার দিতে হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরে জেলায় এ পর্যন্ত ১২ জন শিশু মারা গেছে যাদের শরীরে হামের উপসর্গ ছিল। এর মধ্যে ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে এবং বাকি ১১ জনের মৃত্যু হয়েছে হামের সন্দেহে (ক্লিনিক্যালি সাসপেক্টেড)।

তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট:

তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন এইচএসসির শতাধিক পরীক্ষার্থী।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে কর্মসূচি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের অভিমুখে যাওয়ার পথে পুলিশি বাধার মুখের পড়েন শিক্ষার্থীরা। পরে বাধা উপেক্ষা করে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের অবস্থান করে তিন দফা দাবিতে বিক্ষোভ করে এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করে বলেন, দেশের সব কলেজের শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো হলো দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষায় স্থগিত রাখতে হবে, যারা বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ করতে হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে।

কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন, কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার এ সময় শিক্ষাবোর্ড ফটকের সামনে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের কথা শোনেন।

পরে পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা বোর্ডের সচিব জাহাঙ্গীর আলম বলেন, আমরা পরীক্ষার্থীদের কথা শুনেছি। যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেগুলোর দায়িত্ব আমরা নেবো। আর যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানায়, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নিলে সেখানে কোতোয়ালি থানার ওসি পুলিশের সদস্যদের মোতায়ন করেন। পরে শিক্ষা বোর্ডের সচিব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। যারা বিক্ষোভ করেছেন তাদের সংখ্যা ১০০ জনেরও কম হবে। পরীক্ষার্থীদের দাবি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে দুপুরে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবো।

মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে একটি পুকুর থেকে অহিদ ভুইয়া (৬০) নামে এক সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার লক্ষিপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অহিদ ভুইয়া একই গ্রামের মৃত দুদ মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএডিসির সেচ প্রকল্প পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী মুরাদনগর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি অহিদ ভুইয়ার বলে শনাক্ত করেন।

মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি স্থানীয় একটি সেচ প্রকল্পের মালিক ছিলেন। তার সেচ প্রকল্পের ঘর থেকে প্রায় ৪০০ গজ দূরের একটি পুকুরে মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে জবাই করে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।

ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চৌদ্দগ্রামে ফাঁস দিয়ে সাবেক সেনা সদস্যের আত্নহত্যা!

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে আবদুল করিম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য আত্নহত্যা করেছেন।

মঙ্গলবার (১৪ই জুলাই) বিকাল ৩টায় উপজেলার গুনবতী বাজারের বন্ধন টাওয়ারে নিহতের ভাইয়ের ফাঁকা বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম সেনাসদস্যের আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ইউনিয়নের রাজবল্লপুর গ্রামের অব: সেনাসদস্য আবদুল করিম ২০০১ সালে নিজ হাতে নিজ স্ত্রী ও ২ সন্তানকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় যাবজ্জীবন কারাভোগ শেষে গত কয়েক বছর আগে তিনি জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন।

স্থানীয়রা জানায়, গত সোমবার বিকেলে ভাইয়ের মালিকানাধীন বন্ধন টাওয়ারের ফ্ল্যাট একাকি প্রবেশ করে আবদুল করিম। মঙ্গলবার সকাল থেকেই ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয়রা কনকাপৈত পুলিশ ফাঁড়িতে খবর দেয়। মঙ্গলবার (১৪ই জুলাই) দুপুর ২.৪০ ঘটিকায় প্রতিবেদন লেখা পর্যন্ত লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সেনাসদস্যের আত্নহত্যার খবর পেয়ে লাশটি উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাই । লাশ উদ্ধার তৎপরতা চলছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কুমিল্লায় ২ বাসের সংঘর্ষে যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানায়, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের যাত্রীবাহী বাস সুয়াগাজী এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে। এ ছাড়া অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি আবদুল মমিন জানায়, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুটি বাস জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রথযাত্রা উপলক্ষে বুড়িচংয়ে নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

বুড়িচং প্রতিনিধি:

আসন্ন শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বুড়িচং থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় বুড়িচং থানা পুলিশের অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

সভায় আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ভক্তদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, রথযাত্রার পুরো সময়জুড়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

এ সময় সিদ্ধান্ত নেওয়া হয়, রথযাত্রা নির্ধারিত রুট ও নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। এছাড়া পারস্পরিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে নামাজ ও আজানের সময় লাউডস্পিকার, মাইক ও বাদ্যযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, রথযাত্রায় বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উৎসবটি যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বুড়িচং থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সভায় ভক্তি উৎস ফাউন্ডেশন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে বরুড়া থানায় মতবিনিময় সভা

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা-২০২৬ উপলক্ষে বরুড়া থানায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে বরুড়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।

সভায় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. তপন কুমার ভৌমিক। এছাড়া রথযাত্রা ও উল্টো রথযাত্রা-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলার পাঁচটি মন্দিরের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সুর্দশন ভদ্র, তাপস লাল দত্ত, রাজিব দত্ত, তপন কৃষ্ণ বণিক, কিরণ সরকার, রাজন বণিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় রথযাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মন্দিরে ৩ থেকে ৪ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি মন্দির কর্তৃপক্ষ নিজস্ব স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) নিয়োজিত রাখবেন, যাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এছাড়া তলাগ্রাম মন্দির এলাকায় তিনটি দিক থেকে যানবাহন চলাচল করায় রথযাত্রার সময় জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, “রথযাত্রা ও উল্টো রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি মন্দিরে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানাই।”

বরুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. তপন কুমার ভৌমিক বলেন, “রথযাত্রা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। প্রতিটি মন্দিরেও নিজস্ব স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। আমরা বিশ্বাস করি, সবার সহযোগিতায় বরুড়ায় রথযাত্রা ও উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে।”

মেস ভাড়ার নামে প্রতারণা, টার্গেট নোবিপ্রবির নবীন শিক্ষার্থীরা

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর মেস খোঁজার সুযোগকে কেন্দ্র করে নবীন শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে যোগাযোগ করে মেসের সিট বুকিংয়ের কথা বলে অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, প্রতারকরা প্রথমে ফেসবুকের বিভিন্ন আইডি থেকে নিজেদের নোবিপ্রবির শিক্ষার্থী পরিচয় দিয়ে যোগাযোগ করে। পরে বিভিন্ন মেসের ছবি ও ভিডিও পাঠিয়ে নির্দিষ্ট কক্ষ বা সিট বুকিংয়ের আশ্বাস দিয়ে অগ্রিম টাকা দাবি করে। টাকা পাঠানোর পরই তারা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।

এমন প্রতারণার শিকার হয়েছেন ২০২৫–২৬ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া এক শিক্ষার্থী। তিনি জানান, “Sobnom Mustariya” নামের একটি ফেসবুক আইডি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ওই ব্যক্তি নিজেকে নোবিপ্রবির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে মেস খুঁজে দেওয়ার আশ্বাস দেন। একপর্যায়ে তিনি মেস পরিচালনার দায়িত্বে থাকা একজনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

পরে ওই শিক্ষার্থী মো. শরিফুল পরিচয়দানকারী এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিজেকে একটি মেসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরিচয় দিয়ে একটি সিট নিশ্চিত করার জন্য এক হাজার টাকা অগ্রিম পাঠাতে বলেন।

ভর্তি-সংক্রান্ত ব্যস্ততা ও আবাসনের প্রয়োজনীয়তার কারণে ওই শিক্ষার্থী নির্ধারিত অর্থ পাঠিয়ে দেন। তবে টাকা পাঠানোর পরই ফেসবুক আইডি ও মোবাইল নম্বর-উভয় মাধ্যম থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মতে, ভর্তি মৌসুমে নবীন শিক্ষার্থীদের লক্ষ্য করে এ ধরনের প্রতারণার ঘটনা উদ্বেগজনক। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির পরিচয় যাচাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি মেস ভাড়া বা আবাসন-সংক্রান্ত বিষয়ে বিভাগ, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অথবা সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.এফ.এম. আরিফুর রহমান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা এ বিষয়ে সুধারাম থানার সঙ্গে যোগাযোগ করব। নির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের আরও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”

এদিকে, সুধারাম থানার ইন্সপেক্টর (সাইবার) মো. ইদ্রিস বলেন, “এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আশ্বাসের পরও শিক্ষার্থীদের দাবি, ভর্তি মৌসুমে এ ধরনের প্রতারণা ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা জোরদার এবং নবীন শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য আবাসন-সংক্রান্ত তথ্য সরবরাহের উদ্যোগ নেওয়া জরুরি।

১২ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন কুমিল্লা সদর হাসপাতাল

ডেস্ক রিপোর্ট:

তিন ঘণ্টা টানা বৃষ্টিতে জলাবদ্ধতার পর কুমিল্লা সদর হাসপাতালের প্রধান ভবনের নিচতলার দুটি ওয়ার্ডে ১২ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নেই।

এতে গরম, অন্ধকারে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। অসহনীয় পরিস্থিতিতে কয়েকজন রোগী হাসপাতাল ছেড়েও চলে গেছেন।

আজ সোমবার (১৩ জুলাই) সকালে বৃষ্টির পর হাসপাতালের মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে পানি ঢুকে জলাবদ্ধতা তৈরি হয়। এরপর থেকেই দুটি ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কুমিল্লা সদর হাসপাতালের এক আবাসিক চিকিৎসা কর্মকর্তা বলেন, জলাবদ্ধতার কারণে বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের ঝুঁকি তৈরি হয়েছে। তাই নিরাপত্তার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ইলেকট্রিশিয়ানরা কাজ করছেন। দ্রুত বিদ্যুৎ চালুর চেষ্টা চলছে।

মেডিসিন পুরুষ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স মীনাক্ষী রানী বলেন, সকালে পানি ঢোকার পর থেকে বিদ্যুৎ নেই। গরম, মশা ও পোকামাকড়ের কারণে তিন রোগী কাউকে না জানিয়েই হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

মেডিসিন ও সার্জারি মহিলা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত এক নার্স বলেন, একই কারণে ওই ওয়ার্ড থেকেও আট রোগী চলে গেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোবাইলের আলোয় এক রোগীকে ইনজেকশন দিচ্ছেন একজন নার্স। অন্য একটি শয্যায় অস্ত্রোপচারের পর ভর্তি এক নারীকে হাতপাখা দিয়ে বাতাস করছেন তার স্বজন। পাশের ওয়ার্ডে মোমবাতির আলোয় এক নারী তার স্বামীকে খাবার খাওয়াচ্ছেন।

কুমিল্লা আবহাওয়া কার্যালয় জানান, সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় জেলায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

রথযাত্রা উপলক্ষে কুমিল্লায় নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

রথযাত্রা মহোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে মতবিনিময় সভা করেছে কুমিল্লা জেলা পুলিশ।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

সভায় আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, রথযাত্রা চলাকালে পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এবং ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, রথযাত্রা নির্ধারিত রুট ও নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। এছাড়া নামাজ ও আজানের সময় লাউডস্পিকার, মাইক কিংবা বাদ্যযন্ত্র ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, রথযাত্রায় বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় সকলকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সভায় কুমিল্লা মহানগর রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।