All posts by jitu

মওদুদ আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থারকেন্দ্রীয় সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার (International Human Rights Journalist Society-IHRJS) কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংস্থার চেয়ারম্যান এস. এম. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি অনুমতিপত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ তারিখে জারি করা এ অনুমোদনের মাধ্যমে এপ্রিল ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে কেন্দ্রীয় সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

অনুমতিপত্রে উল্লেখ করা হয়েছে, সংস্থার গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে মানবিক, উন্নয়নমূলক, স্বেচ্ছাসেবী এবং মানবাধিকারবিষয়ক কার্যক্রম পরিচালনা করতে হবে।

পাশাপাশি মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে মওদুদ আবদুল্লাহ বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করব।”

এদিকে মওদুদ আবদুল্লাহ শুভ্র আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক মহল, মানবাধিকার সংগঠন নেতৃবৃন্দ সহ বন্ধু স্কুল- কলেজ – বিশ্ববিদ্যালয় বন্ধুগণ ।

এছাড়াও স্থানীয় সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা মওদুদ আবদুল্লাহকে এ অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তার নতুন দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেছেন।

কুমিল্লায় জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বাড়ী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

সন্ধ্যা ৬টার মধ্যে কুমিল্লাসহ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট:

দেশের সাত অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

জুলাই শহীদ দিবসে কুমিল্লা জেলা প্রশাসন-রাজনৈতিক নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ

ডেস্ক রিপোর্ট:

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৬ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন।

জুলাই শহীদদের স্মরণে মোনাজাত পর্বের মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, কেন্দ্রীয় কারাগার, জেলা পরিষদ, ফায়ার সার্ভিস, গণর্ফূত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কুমিল্লা জেলার কর্মকর্তাসহ অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও কুমিল্লা মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি জেলা ও মহানগর শাখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী জুলাই যোদ্ধা কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেন করেন।

সৌদিতে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাদিম হোসেন (২৭) কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর এলাকার সামাদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান নাদিম। সেখানে আল-কাসিমের বুকারিয়া এলাকার একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং কারখানায় কর্মরত ছিলেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে বিদেশে কঠোর পরিশ্রম করছিলেন।

স্বজনরা জানায়, ঘটনার সময় খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করতে মেশিনের ভেতরে প্রবেশ করেন নাদিম। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি মেশিনের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর সৌদি আরবের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের দাবি, এ ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নাদিমের মৃত্যুর খবর দেশে পৌঁছালে যদুপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

নিহতের বাবা সামাদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার সন্দেহ। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই। একইসঙ্গে দ্রুত আমার ছেলের মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনার সুযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

চৌদ্দগ্রামে অজ্ঞাত বাসচাঁপায় নাইটগার্ডের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় আবদুস ছাত্তার (৫০) নামে এক নাইটগার্ড নিহত হয়েছে । তিনি চৌদ্দগ্রাম পৌরসভাধীন পূর্ব ধনমুড়ি গ্রামের আবদুস ছালামের ছেলে।

বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চন্ডিপুর রাস্তার মাথা সংলগ্ন এলাকায় ঢাকা-ফেণীগামী অজ্ঞাত একটি বাসের চাঁপায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবদুস সাত্তার নানকরা জিল ওয়্যারস ফ্যাক্টরীর নাইটগার্ড। প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যার পরপর সাইকেলযোগে বাড়ি থেকে বের হয়।

এসময় মহাসড়কের চন্ডিপুর রাস্তার মাথা এলাকায় ফেণীগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে থাক্কা দিয়ে বাসটি চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবদুস সাত্তারকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেম জানান, বাসটি পিছন থেকে ধাক্কা দেয়ায় সম্ভবত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় পরিক্ষা থেকে তার মৃত্যু নিশ্চিত করি।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল আমিন জানান, অজ্ঞাত বাসচাপায় নিহতের খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। পরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করি।

কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং থানার একটি শিশু নির্যাতন মামলায় আসামি বিল্লালকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বুড়িচং থানার মামলা নং-৫, তারিখ ৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে দায়েরকৃত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(২) ধারায় বিচারাধীন ছিল। মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, কুমিল্লা (মামলা নং ২৭১/২৬) এ শুনানি হয়।

দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ এবং ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালতে রায় ঘোষণা করা হয়।

রায়ে বিচারক আব্দুল হান্নান, জেলা ও দায়রা জজ ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, কুমিল্লা, আসামি বিল্লাল (পিতা: হারুনুর রশিদ, মাতা: নিলুফা আক্তার, সাংপুর্নমতি মসজিদ মাস্টার বাড়ি, থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা)-কে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং বর্তমানে তিনি কোর্ট হেফাজতে রয়েছেন।
আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডের পরোয়ানা মূলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার বুড়িচং থানার একটি শিশু নির্যাতন মামলায় আসামি বিল্লালকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল বুড়িচং থানার সাংপুর্নমতি মসজিদ মাস্টার বাড়ি হারুনুর রশিদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বুড়িচং থানার মামলা নং-৫, তারিখ ৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে দায়েরকৃত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(২) ধারায় বিচারাধীন ছিল। মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, কুমিল্লা (মামলা নং ২৭১/২৬) এ শুনানি হয়।

দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ এবং ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ জেলা ও দায়রা জজ ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় ঘোষণা করা হয়।

আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডের পরোয়ানা মূলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় মাইক্রোবাসভর্তি গাঁজা জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানার রঘুরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বুধবার (১৫ জুলাই) সকালে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন- কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার বেলাল হোসেনের ছেলে মো. অন্তর (২৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে মো. বাঁধন (২৩)।

র‌্যাব জানায়, অভিযানের সময় আটক দুই ব্যক্তির হেফাজতে থাকা নোহা মাইক্রোবাস তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসযোগে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

জোরপূর্বক জমি দখলের অভিযোগ, প্রবাসে থাকা ব্যবসায়ীর সম্পত্তি দখল, পরিবারে আতঙ্ক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরের কালিয়াজুরী মৌজায় অবস্থিত একটি বাণিজ্যিক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি হাজী মোহাম্মদ মুরাদ মিয়ার বিরুদ্ধে।

ভুক্তভোগী মোঃ আব্দুল আউয়াল বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তার পরিবারের দাবী, দীর্ঘদিন ধরে জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের চাপ , হুমকি, হামলা নির্যাতনের পর অবশেষে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে জমিটি জোরপূর্বক দখল করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আউয়াল ২০২২ সালের ২২শে নভেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী মৌজায় দুই শতক বাণিজ্যিক জমি ক্রয় করেন। পরবর্তীতে তিনি সেখানে একটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী জমির মালিক হাজী মোহাম্মদ মুরাদ মিয়া তার নিজস্ব বাণিজ্যিক প্রকল্প সম্প্রসারণের জন্য বহুবার বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে জমিটি বিক্রির জন্য চাপ দেন, কিন্তু আব্দুল আউয়াল জমি বিক্রি করতে অস্বীকৃতি জানালে তিনি ধারাবাহিকভাবে হুমকি – হামলা অপহরণ নির্যাতন ও প্রাণ নাশের শিকার হন।
পরিবারের দাবি, এসব ঘটনার কারণে মোঃ আব্দুল আউয়াল বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন। তবে দেশত্যাগের পরও বিরোধের অবসান হয়নি সম্প্রতি তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সংশ্লিষ্ট বাণিজ্যিক জমিটি জোরপূর্বক দখল করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর স্ত্রী আফরোজা আক্তার মুঠোফোনে জানান, আমার স্বামী দেশ ছেড়ে যাওয়ার পরও আমাদের উপর চাপ ও ভয়ভীতি অব্যাহত ছিল। এখন তার কেনা জমিটিও জোর করে দখল করা হয়েছে । আমি সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, জমি দখলের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, হাজী মোহাম্মদ মুরাদ মিয়ার বিরুদ্ধে অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানি এবং জমি দখলের অভিযোগ ছিল। স্থানীয়দের আরো দাবি, সরকার পরিবর্তনের পর তিনি বিএনপিতে যোগ দিয়ে এলাকায় তারা প্রভাব বজায় রেখেছেন। এ কারণে অনেকেই প্রকাশ্যে মন্তব্য করতে অনিচ্ছুক।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি দখলের ঘটনা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আইনি প্রতিকার পাওয়ার চেষ্টা করা হলেও তারা কার্যকর কোন প্রতিকার পাননি।

এ বিষয়ে হাজী মোহাম্মদ মুরাদ মিয়ার বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে তাদের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তা হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ব্যাংকার্স ফোরাম, কুমিল্লা এবং উত্তরা ব্যাংক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ), কুমিল্লা অঞ্চল।

এতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কর্মস্থলের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে একজন ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় শুধু একটি পরিবার নয়, গোটা ব্যাংকিং খাতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শাখায় কর্মরত উত্তরা ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম গত ৬ জুলাই অফিসের কার্যক্রম শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপীনাথপুর হাসপাতালের সামনে পৌঁছালে মাদকাসক্ত ও কথিত মাদক ব্যবসায়ী আলী নামের এক ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি মারা যান।

মানববন্ধনে বক্তব্য দেন উত্তরা ব্যাংক কুমিল্লা জোনের আঞ্চলিক প্রধান এম এম আব্দুস সামাদ, কুমিল্লা শাখার ব্যবস্থাপক আবুল খায়ের, উত্তরা ব্যাংক সিবিএ কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. জাকির হোসেন, কুমিল্লা অঞ্চলের সিবিএ নেতা মোঃ সোহেল মিয়া ও মোহাম্মদ সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উত্তরা ব্যাংকের মোজাফফরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, চান্দিনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াসিন রহমান, যমুনা ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক সোলেমান খান, বাখরাবাদ শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন চৌধুরী, লাকসাম শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, রাজগঞ্জ শাখার ব্যবস্থাপক এ কে এম জিয়াউল হক, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো. নাসির উদ্দিন, শ্রমিক দল কুমিল্লা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, রূপালী ব্যাংক সিবিএ সভাপতি মেহেদী হাসান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এম এ মাসুদ, উত্তরা ব্যাংক সিবিএ নেতা হারুনুর রশিদসহ অন্যরা।

সমাবেশে বক্তারা আরও বলেন, আরিফুল ইসলাম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল ব্যাংক কর্মকর্তা। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে ব্যাংকারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এ ছাড়া জেলার প্রায় ২০টি ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারী, সিবিএ নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।