ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের দুই হোটেলকে ৫৫ হাজার টাকা জরিমানা
হাবিবুর রহমান মুন্না:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্বরোড ও বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকায় অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি এবং তারিখবিহীন রসমালাই ও অন্যান্য খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে কাকলি হোটেল অ্যান্ড সুইটসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে রসমালাই, মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রির অপরাধে মাতৃভান্ডার সুইটস লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। অভিযানে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। কুমিল্লা জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।