বাঙ্গরায় একাধিক মামলার আসামি, আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কোরবানপুর গ্ৰামের মৃত আবুল কাশেমের ছেলে মো: মতিন মিয়া (৩৫) ও ব্রাহ্মণপাড়া থানার মাধবপুর গ্রামের মৃত আবি মিয়ার ছেলে মো. আক্তার (৩২)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কোরবানপুর ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি আন্তঃজেলা চুরির সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। আটক মতিন মিয়ার বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদক ও চুরিসহ ৭টি মামলা রয়েছে এবং আক্তার এর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির ৪টি মামলা রয়েছে। আটক দুইজন কে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম জানান, মাদকের বিস্তার রোধ এবং চুরি-ছিনতাইসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার করা হয়।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নির্মূলে বাঙ্গরা বাজার থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।