হোমনার একই পরিবারের ছয়জন নিখোঁজ; ১জনের মরদেহ উদ্ধার
রাসেল আহমেদ, হোমনা:
কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একটি পরিবারে নাতনির বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। নাতনির বিয়ে উপলক্ষে নদীপথে নারায়ণগঞ্জের সোনারগাঁও যাওয়ার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার সকালে নিখোঁজদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শ্রীমদ্দি গ্রামের নানার পরিবারের সদস্যরা নাতনির বিয়ে উপলক্ষে একটি ট্রলারে করে শ্রীমদ্দি থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে বৈদ্যের বাজারের কাছাকাছি মেঘনা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ছয়জন নিখোঁজ হন।
শুক্রবার সকালে নিখোঁজদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। বাকি পাঁচজনকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে নাতনির বিয়ের আনন্দের পরিবর্তে ছয়জন স্বজনকে হারানোর ঘটনায় পরিবারটির মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একই সঙ্গে মর্মান্তিক এ ঘটনায় শ্রীমদ্দি গ্রামসহ আশপাশের এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।