All posts by jitu

কুমিল্লায় ২৪ ঘণ্টায় পানিতে ডুবে ২ শিশুসহ চারজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ২৪ ঘণ্টায় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে দুই শিশু। সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত বুড়িচং, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

বুড়িচং উপজেলার সদর ও পশ্চিমসিংহ এলাকায় দুপুরের দিকে হাসিবুল (১০) এবং ইব্রাহিম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়। বিকেলে নাঙ্গলকোট উপজেলার গোরক মুড়া এলাকায় সেরাজুলের মৃত্যু ঘটে, আর সন্ধ্যায় মনোহরগঞ্জের মির্জাপুর এলাকায় আরেকজনের মৃত্যু হয়।

এই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। গত দুই দিনে কুমিল্লায় পানিতে ডুবে আটজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজন শিশু।

মনোহরগঞ্জ উপজেলায় ভয়াবহ বন্যায় দেখা নেই রাজনৈতিক নেতাদের

 

সেলিম সজীব:

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। হু হু করে বাড়ছে পানি।  বিভিন্ন গ্রামের পানির উচ্চতা বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার ডাকাতি নদীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায়  প্রবেশ করছে  বিভিন্ন গ্রামে।

এইদিকে উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. সৈকত নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

উপজেলার ১১ টি ইউনিয়নের  নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ।

পোমগাও এলাকার বাসিন্দা খোকন জানান, বৃহস্পতিবার আমাদের এলাকায় বন্যার পানি বাড়ির উঠোন পর্যন্ত ছিল। শুক্রবার ভোর থেকে পানি বাড়তে শুরু করেছে। এখন মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

যাদবপুর এলাকার রবিন শেখ বলেন, নির্বাচন আসলে ঝলক দেখায় নেতারা আজ পুরো গ্রাম পানির নিচে কোন নেতায় খোঁজ নিতে আসে নাই।

জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলার সব কয়েটি ইউনিয়ন এর অধিকাংশ এলাকা গত ছয়দিন পানি বন্দি রয়েছে। বেশিরভাগ বাড়িঘর পানির নিচে তলিয়ে যায়। মানুষ আশ্রয় নেন পার্শ্ববর্তী আশ্রয় সেন্টারে। যারা বাড়ি ঘরে রয়ে যায় তারা পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বের হয়ে পড়েন।

উপজেলার সাথে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ মনোহরগঞ্জ বাণিজ্যিক জনপদ মনোহরগঞ্জ বাজার পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজারো ব্যবসায়ী। সেই সঙ্গে পানিতে ভেসে গেছে বিভিন্ন এলাকায় অবস্থিত মৎস্য পুকুর ও মুরগির খামার।

কাঁচা, পাকা, আধাপাকা রাস্তাসহ গ্রামীণ সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় যানবাহন ও জনচলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। উপজেলার হাটিরপাড়- দিশাবন্দ সড়ক, মনোহরগঞ্জ-দেবপুর সড়ক কয়েক ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় ওইসব এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডাকাতিয়া নদীর পাশের গ্রামগুলো ভয়ে দিন কাটাচ্ছে অন্তত কয়েক হাজার পরিবার।

জানা যায়, ভারি বর্ষণে পানি বৃদ্ধির ফলে উপজেলার ১১ টি ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে জীবন যাপন করছে। এসব ইউনিয়নে এখনো সরকারি কোন ত্রাণ সহায়তা পায়নি মানুষ।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজালা রানী চাকমা বলেন, উপজেলার বন্যা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। আজও পানি কিছুটা বেড়েছে। মনোহরগঞ্জ উপজেলার অনেক দুর্গম এলাকা রয়েছে যেগুলোতে নৌকা ছাড়া যাওয়া একেবারেই অসম্ভব। আমাদের কাছে নৌকার প্রচুর সংকট রয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে পাঠিয়ে সেসব এলাকায় ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন একটা মানুষও অভুক্ত না থাকে। তবে আমাদের আরও অনেক সহায়তা দরকার। আমি অনুরোধ করবো, বিত্তশালীরা বানভাসি মানুষের জন্য এগিয়ে আসুন। পুরো উপজেলার প্রায় সব সড়ক পানির নিচে। পুকুর-দিঘি থেকে শুরু করে মাছের ঘের- সব কিছুই প্লাবিত হয়েছে। মানুষের দুর্ভোগ এখন অবর্ণনীয়।

মনোহরগঞ্জে রান্না খাবার পৌঁছে দিচ্ছে ছাত্রদল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মনোহরগঞ্জে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্যদ্রব্যসহ ওষুধপত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে উপজেলা ছাত্রদল।

সোমবার (২৬ আগস্ট) দিনব্যাপী মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে শুকনো খাবার ছাড়াও ছিল রান্না করা খিচুড়ি।

ছাত্র দলের মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ওমর ফারুক মোল্লার নেতৃত্বে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতাকর্মীরা মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে ঘুরে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন, অসহায় বানভাসী মানুষের খোঁজ খবর নেন এবং এবং সামনে দিনগুলোতে দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।

‘মানুষে দিলে খাই, না দিলে পেট মাটি দিয়ে পড়ে থাকি’

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

স্যারগো আমার নামটা দিয়েন, অংকুরকালে স্বামী হারাইছি, তিন ছেলে ও দুই মেয়ে সংসার করে চলে গেছে। আমি একা থাকি, মানুষে দিলে খাই, না দিলে পেট মাটি দিয়ে পড়ে থাকি। এভাবে বলছিলেন কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি (নদীর পূর্ব পাড়) গ্রামের ষাটোর্ধ রেজিয়া বেগম। শুধু রেজিয়া বেগম নয় গ্রামের আরও অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, কুমিল্লার গোমতীর তীরবর্তী তিতাস উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিতাস উপজেলার ভিটিকান্দি, কলাকান্দি ও নারান্দিয়া ইউনিয়নের বন্যার পানি নামতে শুরু করেছে। উজানেন ঢল ও ভারি বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যার পানি যত কমছে, ততই স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। স্রোতে ভেঙে গেছে বিভিন্ন গ্রামে রাস্তা ও সড়ক। অনেক সড়ক এখনো পানির নিচে। কিছু বাড়িঘরেও পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন অনেক মানুষের।

ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের পঞ্চার্ধো জুলেখা বেগম সাথে। তিনি বলেন, ‘স্বামী মারা গেছেন তিন বছর। ছেলে মেয়েরা এতো পানি দেখেনি কখনো, বাড়ী ঘরে এখনো বন্যার পানি থই থই। পাঁচ মেয়ে ও এক ছেলে নিয়ে কোনো রকমে বেঁচে আছি। আজ তিনদিন ভাত চোখে দেখিনি। মানুষের দেয়া চিড়া মুড়ি বিস্কুট খেয়ে বেঁচে আছি।

রতনপুর গ্রামের স্ত্রী সেলিনা আক্তার বলেন ‘স্বামী মারা যাওয়ার পর থেকে তিন মেয়ে এক ছেলে নিয়ে কোনো রকমে দিন চলতো। জমি বর্গা বা পোষানি নিয়ে আউশ ধান করেছিলাম। বন্যার পানিতে সব নিয়ে গেছে।

ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহম্মেদ বলেন, ‘বন্যায় আমার ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি বরাদ্দের দশ কেজি করে দুই টন চাল বিতরণ করেছি। যা ক্ষতির তুলনায় অনেক কম।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সুমাইয়া মমিন বলেন, ‘উপজেলায় পানি কমতে শুরু করেছে। কত কিলোমিটার সড়ক ও কয়টি সেতু ও কালভার্টের ক্ষতি হয়েছে তা কয়েকদিন পর জানা যাবে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে । বাসাবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে। আর ক্ষতিগ্রস্ত সব এলাকার ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী হচ্ছে। বরাদ্দ মোতাবেক পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবাইকে দেয়া হবে।’

রবিবার (২৫ আগস্ট) থেকে পরিস্থিতির আরও উন্নতি হয়। ফলে বেশিরভাগ বাড়িঘর থেকে পানি নেমে যায়। তবে কয়েকটি বাড়িঘরে অনেকে পানিবন্দি আছেন। পানির স্রোতে রতনপুর প্রাথমিক বিদ্যালয় সড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ আছে। এলাকার পানি ধীরগতিতে নামছে।

গত ১৯ আগস্ট থেকে বন্যা দেখা দেওয়ায় উপজেলার ভিটিকান্দি, কলাকান্দি ও নারান্দিয়া ইউনিয়নের ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়। বন্যার পানি বেড়ে পরিস্থিতির আরও অবনতি ঘটে। পরবর্তীতে জোয়ারের পানির বেগ কমায় এবং বৃষ্টি কম হওয়ায় পানি কমতে থাকে।

একদিনেই ১১ লাখ কিউসেক পানি ছাড়লো ভারত, নতুনভাবে যেসব জেলা প্লাবিত হতে পারে

ডেস্ক রিপোর্ট:

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার এ গেট গুলো খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি (১ কিউসেক মানে প্রতি সেকেন্ডে ২৮.৩২ লিটারের সমান)।।

এদিকে এ গেট খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপদজনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে।

ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় এলার্ট রয়েছে। প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাত ১০৯ গেটের সবকটি খুলে না দিল ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।

এদিকে ২০ আগস্ট থেকে দেশের ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। সেগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এসব জেলার ৭৭টি উপজেলা আক্রান্ত হয়েছে। মোট ৯ লাখ ৭৯ হাজার ৯০১টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫০ লাখ ৯৩ হাজার ৫৩০।

ফারাক্কার ১০৯ গেট খুলে দিল ভারত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কা বাঁধের ১০৯টি দরজা খুলে দিয়েছে ভারত। প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় সোমবার এই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদসহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি পেয়েছে। যে কারণে পানির চাপ সামলাতে ফারাক্কা বাঁধের সব দরজা খুলে দেওয়া হয়েছে। ফলে একদিনে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি প্রবেশ করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পে যে পরিমাণ পানি আসছে, সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারাক্কা বাঁধে পানির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে পানি বেশি হওয়ায় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলেছেন, পানি না ছাড়া হলে ফারাক্কা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

দেশটির ওই সংবাদমাধ্যম বলেছে, ফারাক্কা বাঁধ প্রকল্পের পানি বিপৎসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে। এদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে পানি ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। বন্যার আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলায়। বিহার, ঝাড়খণ্ড-সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় গঙ্গায় হু হু করে পানি বাড়ছে।

ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ বলছে, প্রতিবেশি দুই রাজ্য—বিহার, ঝাড়খণ্ডে বন্যা দেখা দেওয়ায় ফারাক্কা বাঁধে পানির চাপ রয়েছে। তবে নেপালের পাহাড় থেকে এখনও কোনও পানি নেমে আসায় কিছুটা স্বস্তি রয়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় বিপৎসীমা থেকে ৭৭ দশমিক ৩৪ মিটার ওপরে পানি প্রবাহিত হওয়ায় গেট খুলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফিডার ক্যানেলে পানির পরিমাণও বাড়ানো হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধের অবস্থান। বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ১৯৬২ সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই বাঁধের কাজ শেষ হয় ১৯৭০ সালে। ফারাক্কা বাঁধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৭৫ সালের ২১ এপ্রিল।

নাঙ্গলকোটে বৃদ্ধকে পৌঁছে দিয়ে ফেরার পথে বন্যার পানিতে এক জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে নৌকায় করে অসুস্থ বৃদ্ধকে পৌঁছে দিয়ে ফেরার পথে বন্যার পানিতে ডুবে সিরাজুল হক (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ডুবুরিদল। সিরাজুল উপজেলার ঢালুয়া ইউপির গোরকমুড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লার নাঙ্গলকোটের নদীঅঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যায়। গতকাল রবিবার বিকেলে গোরক মুড়া থেকে নৌকা দিয়ে অসুস্থ এক বৃদ্ধকে নদী পার করতে যান সিরাজুল হক। এরপর ফেরার পথে পানির স্রোতে নৌকা উল্টে নিখোঁজ হন সিরাজুল। পরে সন্ধ্যার পর থেকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।

স্থানীয় এক ব্যক্তি জুবায়ের হোসেন বলেন, নিখোঁজ হওয়ার পর আমাদের স্পিডবোটের খুব প্রয়োজন ছিল তাকে উদ্ধার করার জন্য। আমরা স্পিডবোট না পাওয়াতে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে চাঁদপুর থেকে একদল ডুবুরি এনে আজ দুপুর ১২টার দিকে খোঁজাখুঁজি করে সিরাজুল হকের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই এলাকার অনেক পানি হওয়ায় তাদের বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে কিন্তু তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আসছে না।

ব্রাহ্মণপাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, ৭০ হাজার পরিবার পানিবন্দি

স্টাফ রিপোর্টার:

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গোমতী ও সালদা নদীর বেড়িবাঁধ ভেঙে উপজেলার সবকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে প্রায় ৭০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা গেছে, গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্রথমে বুড়িচং উপজেলা প্লাবিত হয়। অল্প সময়ের মধ্যেই ব্রাহ্মণপাড়া উপজেলায়ও বন্যার পানি ঢুকে পড়ে। এছাড়া শশীদল ইউনিয়নের সালদা নদীর বেড়িবাঁধ ভেঙে বন্যার পানি আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এই দুই নদীর বাঁধ ভেঙে পুরো উপজেলায় বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করে।

বন্যার কারণে ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের ও রাস্তাঘাট সবকিছু পানিতে তলিয়ে গেছে। স্থানীয়দের অনেকেই জীবন বাঁচাতে তাদের ঘর তালাবদ্ধ করে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন তারা। একই সঙ্গে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।

উপজেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা থেকে ড্রাম এনে ভেলা তৈরি করে উদ্ধার কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। বন্যাদুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার ও নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম জানিয়েছেন, গোমতী ও সালদা নদীর বেড়িবাঁধ ভেঙে পুরো উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ৭০ হাজার পরিবারের মধ্যে প্রায় ৮ হাজার পরিবারকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা দিনরাত বন্যাদুর্গতদের সাহায্যে কাজ করছে।

হাসানুল হক ইনু আটক

ডেস্ক রিপোর্ট:

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে। সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান জোনের উপ-কমিশনার জিয়াউদ্দীন আহমেদ।

তিনি জানান, ইনুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে।

হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন।

সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।

১৪ দল নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এসব মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার জাসদের পক্ষ থেকে দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু এবং কেন্দ্রীয় সহসভাপতি লোকমান আহমেদসহ কয়েকজনের নামে হত্যা মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ জানানো হয়।

জাসদ কেন্দ্রীয় কমিটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, অত্যন্ত সুস্পষ্ট ও দৃঢ়তার সঙ্গে বলতে চায় যে, দেশে দীর্ঘদিনের দ্বি-মেরুকৃত বিভাজিত রাজনীতিতে হাসানুল হক ইনু বা দলগতভাবে একটি রাজনৈতিক পক্ষের।

এদিকে একটি রাজনৈতিক মেরুতে অবস্থানে থাকলেও কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শুরু থেকেই এই আন্দোলন ও আন্দোলনকারীদের বিপক্ষে কোনো বক্তব্য, বিবৃতি এবং অবস্থান গ্রহণ করেননি।

মির্জার বালু উত্তোলন, তলিয়ে গেছে মুছাপুর রেগুলেটর

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের যোগসাজশে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে ডাকাতিয়া নদী এলকা থেকে ৫০ কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এর ফলে উজানের পানির চাপে তলিয়ে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মছাপুর রেগুলেটর।

সোমবার (২৬ আগস্ট) বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং চলমান বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আনোয়ার হোসাইন পাটোয়ারী। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

স্থানীয়রা জানায়, ২০০৪ সালে ডাকাতিয়া নদীর মুখে প্রায় শত কোটি টাকা ব্যয়ে মুছাপুর রেগুলেটেরর নির্মাণ কাজ শুরু করা হয়। এর কাজ শেষ হয় ২০০৯ সালের দিকে। এতে কোম্পানীগঞ্জের মুছাপুর, চরপাবর্তী, চরহাজারী ইউনিয়ন নদী ভাঙ্গা এবং অতিরিক্ত জোয়ারের পানি থেকে রক্ষা পায়। সোমবার সকালের দিকে প্রথমে রেগুলেটরে একটু ফাটল দেখা দেয়। এরপর সকাল ১০টার দিকে রেগুলেটরের মাঝ খানের অংশ ভেঙ্গে যায়। একপর্যায়ে পুরো রেগুলেটর ভেঙ্গে ডাকাতিয়া নদীতে তলিয়ে যায়।

এর আগে, গত ২৪ আগস্ট নোয়াখালীর বন্যার পানি নামাতে কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটরের তিন মিটার বাই তিন মিটার আয়তনের ২৩টি গেটের সবগুলো গেট খুলে দেওয়া হয়। ফলে কোম্পানীগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়। কিন্তু মুছাপুর রেগুলেটর ভেঙ্গে যাওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎকন্ঠা দেখা গেছে।

মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, গত ৪বছর ধরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী, ইউপি সদস্য জাহাঙ্গীর ও তার ছোট ভাই জলদস্যু জালাল মুছাপুর রেগুলেটর এলাকার ডাকাতিয়া নদী থেকে অন্তত ৫০ কোটি টাকার বালু উত্তোলন করে। ওই বালু উত্তোলনের ফলে আজ মুছাপুর রেগুলেটর ভেঙ্গে তলিয়ে যায়। তিনি অভিযোগ করে আরও বলেন, বালু উত্তোলনের টাকার ভাগ পেত জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বকুল ও তার ছেলে তাশিক মির্জা কাদের। সাবেক চেয়ারম্যান শাহীন এ ঘটনায় জড়িতদের তদন্তপূর্ব আইনের আওতায় আনার দাবি জানান।

অভিযোগে বিষয়ে জানতে অভিযুক্তদের ফোনে কল করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাদরে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, বালু উত্তোলন বন্ধে একাধিকবার সেখানে অভিযান চালানো হয়েছে। তিনি দাবি করেন তার যোগসাজশে বালু উত্তোলনের বিষয়টি সত্য নয়।