All posts by jitu

চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সানা প্রসাদ কর্মকার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় কাজী বাপ্পী নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত সানা প্রসাদ কর্মকার ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মৃত সদানন্দ কর্মকার এর ছেলে। সোমবার (০৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে দশটায় উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মিয়াবাজারস্থ হোটেল টাইম স্কয়ার সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সানা প্রসাদ কর্মকার নিহত হন।

এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী চৌদ্দগ্রাম পৌরসভাধিন নাটাপাড়া এলাকার কাজী বাপ্পী গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। এ সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল সহ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল সহ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত অপর ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

একযোগে র‌্যাবের চার ব্যাটালিয়ন ও পাঁচ পরিচালককে বদলি

ডেস্ক রিপোর্ট:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার র‌্যাব মহাপরিচালক (ডিজি) হারুন অর রশিদের সই করা এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র‌্যাব-৮ এর অধিনায়ক, র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহমানকে র‌্যাব সদর দপ্তরের অপারেন্স উইংয়ের পরিচালক, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র‌্যাব-৩ এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌসকে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এবং র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরকে র‌্যাব-৫ এর অধিনায়ক হিসেবে বদলি হয়।

১৬ বছর পর মায়ের পোশাকে রুনার মেয়ে

ডেস্ক রিপোর্ট:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ বছর আগের এক ঘটনা স্মৃতিচারণ করে আবেগতাড়িত হয়েছেন দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। আজ থেকে ১৬ বছর আগে অর্থাৎ ২০০৮ সালে প্রথমবার বিমানে চড়ে ব্যাংককে যান তিনি।

সে সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী বন্যা মির্জা। ‘মামা-ভাগ্নে’ শিরোনামে ওই নাটকের শুটিং করতে গিয়ে ভিন্নরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন রুনা। যে নাটকের ব্যাংকক অংশের শুটিং করে পারিশ্রমিক হিসেবে পান ৫০০ ডলার। তখনকার সময়ে ১০০ ডলার সমান ছিল ৩৩০০-৩৪০০ বাথ।

যেই পারিশ্রমিক দিয়ে নিজের পাশাপাশি পরিবারের সবার জন্য এমনকি শিল্পীদের অনেকের জন্যই কেনাকাটা করে নিয়ে এসেছিলেন এই অভিনেত্রী। যেসবের মাঝে নিজের জন্য কেনা দামী দুটি টপ এখনও সযত্নে রেখে দিয়েছেন রুনা। আর সেই টপেই ১৬ বছর পর তার ১৪ বছরের মেয়ে রাজেশ্বরীকে সাজালেন তিনি।

সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে মেয়ে রাজেশ্বরীর দুটি ছবি শেয়ার করে পুরনো দিনের স্মৃতিচারণ করেন রুনা। যেখানে অভিনেত্রী বন্যা মির্জাকে মেয়ের ছবি দুটি উপহার হিসেবে দিয়েছেন তিনি।

ওই স্ট্যাটাসে রুনা খান লিখেছেন, জীবনে প্রথম অভিনয় দিয়া ডলার কামাইলাম। অভিনয়ের বিনিময়ে বাথও কামাইলাম প্রথম। পেমেন্ট আর খাওয়ার টাকা বাঁচিয়ে পুরো ৬০০ ডলারের কেনাকাটা করি। বাংলাদেশে আমার তৎকালীন পরিচিত, কাছের এমন একটি মানুষ ছিলো না যার জন্য আমি নিজের টাকায় এক বা একাধিক উপহার আনিনি। নিজের মা-বাবা থেকে শুরু করে অভিনয় জীবনের শুরুতে যে বাড়ীতে আশ্রিত ছিলাম সেই বাড়ীর সকল গৃহকর্মীদের জন্য পর্যন্ত উপহার কিনেছিলাম..!

অভিনেত্রী লেখেন, একদিন রবিনসনে হবে হয়তো। সুতির দুটো টপ বহুবার নেড়েচেড়ে দেখে রেখে দেই। তখন সেটা মহাদাম আমার কাছে, একেকটা ৯৯৯ বাথ! ঐ টাকায় ১০-১৫ জনের জন্য গিফট আনতে পারি, এটাই চিন্তা আমার। বন্যা আপা কাছে গিয়ে বললেন, সবার জন্যই তো উপহার নিয়েছিস, এ দুটো নিজের জন্য নে, দাম নিয়ে ভাবিস না। নিজে এত কষ্ট করে কাজ করছিস, নিজের শখ মেটাবি না..! আমি বললাম না গো, নিজের জন্য কিনলেও ১৯৯৮ বাথে ২টা না ২০টা জিনিস কিনবো! শুটিংয়ে কাজে লাগবে..! কিনলাম আর মনে-মনে বন্যা আপারে বইক্কা কিছু রাখলাম না.. !

সেই টপ দুইটি এখনও নিজের কাছে রেখে দিয়েছেন রুনা। পছন্দের সেই দুইটি জামা আজ অভিনেত্রীর মেয়ের পছন্দের তালিকাতে জায়গা করে নিয়েছে। বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী লেখেন, টপ দুটোর বয়স ১৬ বছর আর রাজেশ্বরীর বয়স ১৪ বছর। তার সবচেয়ে পছন্দের মধ্যে এই দুটো জামা। ১৯৯৮ বাথের টপ দুটো ছাড়া আর কিছুই নাই, টিকেনি!

বন্যা মির্জাকে ধন্যবাদ জানিয়ে সবশেষ রুনা লেখেন, তুমি ঠিক ছিলে, সাধ্যে থাকলে সস্তার চাইতে মান-শখ বেশী গুরুত্বপূর্ণ! তোমার কাছ থেকে আমি এটা শিখেছি। রাজেশ্বরীর ছবি আমি খুব কম পোস্ট করি। তোমাকে ঐ ট্রিপে কোন উপহার দেইনি। ১৬ বছর পর দিলাম। মেয়ের ছবি দুটো তোমার জন্য উপহার বন্যা আপা।

অবরোধ সায়েন্সল্যাব মোড়, শাহবাগে জড়ো হচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট:

দ্বিতীয় দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিবেন।

অপরদিকে, রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার বিকাল তিনটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এবং ঢাকা কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের হাজির হতে দেখা যায়।

এখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে হলভেদে ভাগ হয়ে শাহবাগ, চাঁনখারপুল, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস ভবন, শিক্ষাভবন মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা, ‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা উপস্থিত হন। এরপর একটি মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ করেন তারা। এর ফলে এলিফ্যান্ট রোড, মিরপুর রোড এবং ধানমন্ডি ২ নম্বর সড়কের যানচলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে শিক্ষার্থীরা গত ৬ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান, মহাসড়ক অবরুদ্ধ করার ঘোষণা দেন। যাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ হিসেবে ঘোষণা করেন।

হঠাৎ কোটা-শিক্ষক আন্দোলন নিয়ে বৈঠকে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

সারাদেশে ছড়িয়ে পড়েছে চলমান কোটাবিরোধী আন্দোলন। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে শিক্ষার্থীদের সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ছে রাজধানী ঢাকা। পাশাপাশি সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এমতাবস্থায় বৈঠকে বসেছেন সরকারের ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী।

সোমবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ বৈঠকে অংশ নিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরই পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন তিনি।

জনদুর্ভোগের কর্মসূচি পরিহার করা উচিত : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছেন। সরকারের পক্ষ থেকে ফের আপিল করা হয়েছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ পরিহার করা দরকার।

সোমবার (৮ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সরকারি চাকরিতে নিয়োগে কোটা বণ্টন পদ্ধতি নিয়ে ফের অসন্তোষ বেড়েছে। এ পদ্ধতি সংস্কারের দাবিতে সাড়ে পাঁচ বছর পর আবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনে উত্তাল সারাদেশ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই অবস্থান নিয়ে দাবি-দাওয়া জানাচ্ছেন আন্দোলনকারীরা। এতে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

শিক্ষার্থীদের প্রধান দাবি—২০১৮ সালের কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র পুনর্বহাল করা হোক। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতেও কোটা বাতিলের দাবি জানাচ্ছেন তারা।

এদিকে, মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে অহিদুল ইসলাম তুষার উচ্চ আদালতে ২০২১ সালে রিট মামলা করেন। এ মামলার শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণা করেন।

ওইদিন থেকেই ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী আন্দোলনে নামেন। তারা ২০১৮ সালে কোটা বাতিল করে দেওয়া পরিপত্র পুনর্বহালের দাবি জানান।

মাহিন-সাদিয়ার নেতৃত্বে কুবির মডেল ইউনাইটেড নেশনস

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন ২০২৪-২৫ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী হাছিন মাহতাব মাহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী কাজী সাদিয়া মোহনাফ।

আজ সোমবার (৭ জুলাই) সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র প্রক্রিয়ায় এই কমিটি ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ক্লাবের প্রেস ও পাবলিকেশন বিভাগের পরিচালক সৈয়দা সাবরিনা আলম।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশন ২০১৭ সালের ২২শে নভেম্বর প্রতিষ্ঠিত হয় । সংগঠনটিতে ২টি কূটনীতির খেলা, ২টি জাতীয় মডেল ইউনাইটেড নেশনস (MUN) এবং ৫টি অন্তঃক্লাব মডেল ইউনাইটেড নেশনস সফলভাবে আয়োজিত হয়েছে । শিক্ষার্থীদের ডিপ্লোমেটিক , নেগোসিয়েশন এবং অন্যান্য স্কিল সরাসরি ডেভেলাপ করতে সংগঠনটি সর্বদা কাজ করে আসছে । প্রতিটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মেলনে, সম্মানের সাথে প্রতিনিধিত্ব করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই ক্লাবের সদস্যরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনাইডেট নেশনস এর নব নির্বাচিত সভাপতি হাছিন মাহতাব মাহিন জানান,”
আমি বিশ্বাস করি, আমাকে ঈশ্বর যা দিয়েছেন তার সর্বোত্তম ব্যবহার করতে হবে। এত বছর ধরে বিভিন্ন ক্লাবে কাজ করার সময় আমাকে একটি উক্তি মনে করিয়ে দেয়, “যখন অন্যরা খোঁজে তারা কী নিতে পারে, একজন সত্যিকারের রাজা খোঁজেন তিনি কী দিতে পারেন।” এবং অবশ্যই, বিশাল ক্ষমতার সাথে আসে বিশাল দায়িত্ব। পরবর্তী ১ বছরে, এটি আমার দায়িত্ব এবং আমার একটি দল আছে, যা দক্ষতা এবং উদ্যমে ভরপুর, চ্যালেঞ্জগুলির সাথে মোকাবিলা করার জন্য।”

ক্লাবের সাধারণ সম্পাদক জানান কাজী সাদিয়া মোহনাফ , ” আমি সম্মানিত বোধ করছি CoUMUNA এর সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হওয়ায়। একজন সহযোগী সদস্য থেকে সাধারণ সম্পাদক পর্যন্ত, অবশেষে বলতে পারি যে আমি অনেক দূর এসেছি এবং আমি এটি করতে পেরেছি। আমি সবার সাথে প্রভাবশালী উদ্যোগগুলোতে নেতৃত্ব দেওয়ার এবং একসাথে কাজ করার সুযোগের অপেক্ষায় আছি।”

পদার্থ বিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী ও ক্লাবের প্রেস ও পাবলিকেশনের পরিচালক সৈয়দা সাবরিনা আলম জানান, ” মডেল ইউনাইটেড নেশনস কমিটির প্রেস ও পাবলিকেশন বিভাগে থাকার সুযোগ পাওয়া একটি বিশাল সম্মান। আমি এই যাত্রার জন্য অত্যন্ত আগ্রহী।

আজকের বিশ্বে প্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা হল সঠিক, নিরপেক্ষ এবং নৈতিক তথ্য প্রদান করা। এই কমিটির লক্ষ্য হল বৈশ্বিক সংলাপে অবদান রাখা এবং বিভিন্ন কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করা।

আমি নতুন প্রকল্প গুলোতে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহী, যা শান্তি, বোঝাপড়া এবং সহযোগিতাকে উন্নীত করবে। যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমার সহকর্মীদের সাথে একসাথে কাজ করার জন্য আমি উন্মুখ। আমাদের লক্ষ্য অর্জনে এবং উচ্চ মান স্থাপনে আমরা একসাথে কাজ করব। এই সুযোগের জন্য ধন্যবাদ।

রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক ছাত্র-ছাত্রী সংসদের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী

সালাউদ্দিন সোহেল :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক   ছাত্রদের সমন্বয়ে গঠিত প্রাক্তন ছাত্রছাত্রী সংসদের উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরণ  কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ই জুলাই)  সকালে ঐতিহ্যবাহী রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গনে চলমান শিক্ষার্থী ও শিক্ষকদের মাজে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়৷

ছাত্র-ছাত্রী সংসদের সদস্য সচিব মাওলানা বজলুর রহমানের সঞ্চালনায় ও সংগঠনের সদস্য আমির হোসেন,ইসমাইল হোসেন,মোস্তফা কামাল ,মোজাম্মেল, জয়নাল আবেদীন,পলাশ,শামীম হোসেন রবি,ওয়ালিউল্লাহ,মাহমুদুল হাসানের পরিচালনায় এবং রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে, বৃক্ষ রোপণ ও বিরতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমেদ (চেয়ারম্যান ৪ নং ইউনিয়ন পরিষদ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডাক্তার মাহবুবুর রহমান,  সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড এর ম্যানেজার  রতনপুর বাজার আউটলেট  মাওলানা আব্দুল ওহাব, মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা, এলাকার গন্যমান্য ব্যক্তি,  বিভিন্ন এলাকা থেকে আগত সাবেক ছাত্র, ও মাদ্রাসার বর্তমান শিক্ষার্থীরা।

এই দিনে ব্রাজিল ৭-১ গোলে হেরেছিল

ডেস্ক রিপোর্ট:

বেশ কয়েক বছর অনেকটাই ছন্দ ছাড়া ব্রাজিল। গতকাল (৭ জুলাই) উরুগুয়ের সঙ্গে হেরে কোপা থেকে বিদায় নিয়েছে দলটি। আজ থেকে ১০ বছর আগে ৮ জুলাই, ২০১৪। মারাকানা স্টেডিয়ামে লড়াইয়ের জন্য প্রস্তুত স্বাগতিক হিসেবে ‘হট ফেভারিট’ ব্রাজিল। সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ জার্মানি। ম্যাচের আগে সবাই ধরেই নিয়েছে জার্মানদের উড়িয়ে দিয়ে ফাইনালে যাবে ব্রাজিল। তবে কে জানতো, সেই দিন ব্রাজিলের ইতিহাসের অন্যতম বিভীষিকাময় দিন হতে চলেছে।

খেলা শুরু! স্টেডিয়ামে দর্শকরা তখনও নিজেদের সিটে ভালোভাবে বসেননি জোয়াকিম লোর শিষ্যরা প্রথম থেকেই মরিয়া গোলের জন্য। ম্যাচের ১১ মিনিট চলছে। জার্মানির হয়ে প্রথম গোল করেন টমাস মুলার।

চোখের সামনেই হলো ৫টি গোল! তাও আবার ম্যাচের ২৯ মিনিটের মধ্যে। জার্মানি ৫, ব্রাজিল ০! বিশ্বকাপ ইতিহাসেই কোনো সেমিফাইনালের প্রথমার্ধে ৫ গোল হয়নি।

২৩ মিনিটে মিরোস্লাভ ক্লোসা দ্বিতীয় গোল করার পরই পাশের গ্যালারিতে গায়ে হলুদ জার্সি, গালে জাতীয় পতাকা আঁকা এক তরুণীকে দেখা যায় হাউমাউ করে কাঁদতে। পরের ৭ মিনিটের মধ্যে জার্মানি আরও ৩ গোল করে ফেলার পর সেই কান্না সংক্রামক হয়ে ছড়িয়ে পড়েছে গোটা মারাকানা স্টেডিয়ামে।

পাসিং ফুটবল দলগতভাবে কীভাবে খেলতে হয়, সেটাই যেন ব্রাজিলকে শেখাচ্ছিল জার্মানরা। বিশেষকরে, টনি ক্রুসের দ্বিতীয় গোলটি। ২৬ মিনিটে, ব্রাজিলের ডিফেন্ডারের থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে জার্মানরা। সেই গোলটি খুব সহজেই ৬ নম্বর জার্সির সামি কাদিরা করতে পারতেন। কিন্তু তিনি নিঃস্বার্থভাবে বলটি পাস দেন ক্রুসকে। বল পেয়ে ভুল করেননি ক্রুস।

জার্মানির সেই বিজয়ী দলের খেলোয়াড় ম্যাটস হামেলস পরে জানিয়েছিলেন, তারা ইচ্ছা করেই বিরতির পর আর কোনো জাদুকরী খেলা খেলতে চাননি। তারা শুধু চেয়েছিলেন ম্যাচটি শেষ করতে।

ম্যাটস হামেলস বলেন, ‘আমরা শুধু চেয়েছি খেলায় মনোযোগী থাকতে। খেলার মধ্যে সেলেসাওদের কোনোভাবেই অপমান করতে চাইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, খেলার মধ্যে সিরিয়াস থাকতে হবে। তবে ব্রাজিলকে অপমান করা হয়, এমন কিছু থেকে বিরত থাকব। খেলার মধ্যে জয়-পরাজয় থাকবে। তবে প্রতিপক্ষকে সম্মান দেখাতে হবে। আমরা সে কাজ করেছি। দ্বিতীয়ার্ধের পর আমরা কোনো জাদুকরি খেলা দেখাইনি।’

৯০ মিনিটের খেলা শেষে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৭-১। খেলার শেষে জার্মানিরা সেলেসাওদের সান্ত্বনা দিয়েছিল। বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির জয়টি ছিল সর্বকালের সবচেয়ে বড় জয়।

মারা গেছেন টাইটানিক সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ

ডেস্ক রিপোর্ট:

চলচ্চিত্র দুনিয়ায় আবারও একটি দুঃসংবাদ। বর্ষীয়ান প্রযোজক জন ল্যান্ডিউ মারা গেছেন। যিনি বিজ্ঞান কল্পকাহিনি মূলক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ এবং ‘টাইটানিক’ -এর মতো দুর্দান্ত হলিউড চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

অস্কারজয়ী এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোটা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন। প্রযোজকের ছেলে জেমি ল্যান্ডিউ এক বিবৃতিতে বলেছেন, তার বাবা আর পৃথিবীতে নেই।

এছাড়াও হলিউডের অনেক তারকাও জন ল্যান্ডোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা তার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। অ্যাভাটার তারকা জো সালদানা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, ‘আপনার বুদ্ধি এবং সমর্থন আমাদের অনেককে এমনভাবে নিজেদের জনপ্রিয় হতে সাহায্য করেছে। যেগুলোর জন্য আমরা সর্বদা কৃতজ্ঞ থাকব। আপনার উত্তরাধিকার আমাদের অনুপ্রাণিত করবে এবং আমাদের জার্নিতে এগিয়ে যেতে সাহায্য করবে।’

প্রসঙ্গত, জন ল্যান্ডিউ তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৮০ সালে। সেই সময় তিনি প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। তবে তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে জন চলচ্চিত্র প্রযোজক হওয়ার জার্নি শুরু করেছিলেন।

তিনি বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে হাই বাজেটের চলচ্চিত্র নির্মাণ করেন। একইসঙ্গে তারা ১১ বার অস্কার মনোনয়নও জিতেছে। মৃত্যুকালে জন ল্যান্ডাউ তার ছেলে জেমি ল্যান্ডো এবং জোডি এবং তার স্ত্রী জুলিকে রেখে গেছেন।