All posts by jitu

বিএনপির হাল ধরার কেউ নেই, তারা পথহারা পথিক : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলনে ব্যর্থ এবং নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা নিজেরাই মহাবিপদে আছেন। তাদের হাল ধরার কেউ নেই, তারা পথহারা পথিক।’

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের উন্নয়ন-অগ্রগতির পথে প্রধান অন্তরায় জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। দেশের উন্নয়ন-সমৃদ্ধিকে বাঁচাতে হলে যে কোনো মূল্যে এদেরকে রুখতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি নিজেরা বিপদে পড়েছে বলে গুজব ছড়ায়, দেশকে বিপদে ফেলার অপচেষ্টা করে। যতদিন শেখ হাসিনা আছেন, এদেশ ততদিন নিরাপদ থাকবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাই হয়েছে কৃষকদের হাতে। কৃষি বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। এটাকে গুরুত্ব দেওয়ার ফলে বৈশ্বিক সংকটেও কঠিন পরিস্থিতি সহজে মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘যারা এ দেশকে নিয়ে বেশি কথা বলেন, কথায় কথায় সরকারের সমালোচনা করেন, যারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, তারাই গণতন্ত্রের সমালোচনা করেন।’

হাতিয়াতে ২টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়াতে ট্রাক বোঝাই ২টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোরাই মালভর্তি আরও একটি ট্রাক পালিয়ে যায়।

আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার মুক্তা গাছা উপজেলার মুছাহে কালীর ছেলে ট্রাক চালক মো.শহীদুল ইসলাম (৪৫) ও সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাঘ পাচরা গ্রামের মৃত সফি উল্যার ছেলে হেলফার মো.শাহজান (৩৫)।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির-ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে ভাসানচর থেকে আসা একটি জাহাজ থেকে চোরাই কারবারিরা জনতা ঘাট থেকে দুটি কাভার্ডভ্যানে মাল বোঝাই করে। এরপর একটি কাভার্ডভ্যান অন্য একটি রাস্তা দিয়ে চলে যায়। অপর কাভার্ডভ্যানটি উপজেলার চানন্দী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম দিয়ে যাওয়ার পথে সড়কে থাকা ব্রীজ ভেঙ্গে আটকা পড়ে। পরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২টন কফিসহ কাভার্ডভ্যানটি জব্দ করে। একই সময়ে চালক-হেলপারকেও আটক করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চোরাই কারবারিরা ভারত অথবা বার্মা থেকে কফি পাউডার গুলো পাচারের উদ্দেশ্যে এখানে নিয়ে আসেন। তবে তারা এখন পর্যন্ত এর বৈধ কোনো কাগজ পত্র দেখাতে পারেনি।

রোজা-ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

ডেস্ক রিপোর্ট:

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী রোববার (২১ এপ্রিল)। এদিন থেকে যথারীতি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ও মাদরাসায় ক্লাস-পরীক্ষা শুরু হবে।

জানা গেছে, গত ২৬ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়। এর একদিন আগে ২৫ মার্চ কলেজগুলো ছুটিতে বন্ধ হয়েছিল। আর প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসায় ছুটি শুরু হয়েছিল ২২ মার্চ। প্রায় এক মাসের ছুটির পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে শিক্ষাঙ্গণ।

বছরের শুরুতে প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী— ১০ মার্চ থেকে প্রাথমিক ও মাদরাসায় এবং ১১ মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরুর কথা ছিল। শিখন ঘাটতি পূরণে মাধ্যমিকে ১৫ দিন ছুটি কমিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে রোজার শুরুতে প্রায় দুই সপ্তাহ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালু ছিল। আর রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট হলে দফায় দফায় বিভিন্ন সিদ্ধান্ত আসে। সর্বশেষ আপিল বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী—ছুটি সমন্বয় করে রোজায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার পক্ষে রায় দেন। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী— প্রাথমিক বিদ্যালয় ১০ দিনের ছুটি কমানো হয়।

একইভাবে সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায়ও ছুটি কমিয়ে রোজার শুরুর দিকে প্রায় দুই সপ্তাহ ক্লাস চালু রাখে সরকার। তবে ছুটি শেষে সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার থেকে পুরোদমে চালু হচ্ছে।

ড্রোন হামলার পর ইসরায়েলকে ইরান যে হুমকি দিল

ডেস্ক রিপোর্ট:

শুক্রবার ড্রোন হামলার পর ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, যদি দেশটির পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়— তাহলে তার পরিণতি ভয়াবহ হবে।

পারমাণবিক স্থাপনা রক্ষণাবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত আইআরজিসি টিমের প্রধান জেনারেল আহমেদ হাকতালাব এক বার্তায় বলেছেন, ‘যদি জায়নবাদী শাসকগোষ্ঠী আমাদের পরমাণু স্থাপনা ও কেন্দ্রগুলোতে কোনো প্রকার ক্ষতি সাধনের পদক্ষেপ নেয়, তাহলে নিশ্চিতভাবেই আমরা তার প্রতিক্রিয়া জানাব এবং সেই প্রতিক্রিয়া হবে ভয়াবহ।’

ইসরায়েল যদি সত্যিই পরমাণু স্থাপনায় হামলা করে, তাহলে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন জেনারেল হাকতালাব।

‘ইসরায়েলের ভুয়া জায়নবাদী গোষ্ঠী যদি ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য পারমাণবিক স্থাপনা ও প্রকল্প কার্যালয়ে হামলা করে, তাহলে ইরানও তার পারমাণবিক ডকট্রিন ও নীতি সংশোধন করবে এবং পূর্বঘোষিত বিবেচন্য বিষয়গুলো থেকে সরে আসবে।’

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হন ১৩ জন। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদী এবং মোহাম্মদ হাদি হাজি রাহিমিও ছিলেন।

হামলার দায় এখন পর্যন্ত ইসরায়েল স্বীকার করেনি। তবে সাক্ষ্য-প্রমাণ যা পাওয়া গেছে,তাতে হামলাটি যে আইডিএফ করেছিল— তা পরিষ্কার।

গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন— এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

তারপর শনিবার রাত ও রোববার ইসরাইলকে লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র, জর্ডান ও আঞ্চলিক মিত্রদের সহায়তায় বেশিরভাগ ড্রোন-ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলের ৯টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সফল হয়েছে ইরান।

আকস্মিক এই হামলার পর ইরানকে পাল্টা জবাব দেওয় হবে বলে ঘোষণা করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও দ্ব্যর্থহীনভাবে আইডিএফের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।

তারপর আজ শুক্রবার গ্রিনিচ মান সময় দুপুর সাড়ে ১২ টার (বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টা) দিকে ইরানের তৃতীয় বৃহত্তম নগরী ইসফাহানে ড্রোন হামলা চালায় আইডিএফ। তবে হামলায় ব্যবহৃত ৩টি ড্রোনই ধ্বংস করে দিয়েছে ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা।

রাজধানী তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইসফাহানে ইরানি সেনাবাহিনীর বেশ বড় একটি বিমান ঘাঁটি ও বেশ কয়েকটি পরমাণু স্থাপনা রয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব রয়েছে ইরানের। সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে।

সূত্র : তেহরান টাইমস

মুম্বাইয়ের জয়ের পর জরিমানা গুনলেন হার্দিক পান্ডিয়া

ডেস্ক রিপোর্ট:

জয়ের জন্য পঞ্জাব কিংসের লক্ষ্য ছিল ১৯৩ রান। আইপিএলে যেভাবে রান হচ্ছে, তাতে এই রানকে বড় সংগ্রহ বলা যাবে না। তবে জাসপ্রীত বুমরাহ-জেরাল্ড কোয়েটজে জুটি নতুন বলে রীতিমতো আগুন ঝরালেন। তাতে মনে হয়েছিল মুম্বাইয়ের রান পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে পাঞ্জাব। তবে আশুতোষ ও শশাঙ্কের শেষের ঝড়ে ম্যাচ জমিয়ে তুলে পাঞ্জাব। হিসেব-নিকেষ করেই বোলিং করতে হয়েছে মুম্বাইকে, তাতে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি হার্দিক পান্ডিয়ার দল।

মুম্বাইয়ের জয়ের দিনে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন হার্দিক। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। স্লো ওভার রেটের কারণে মোট ১২ লাখ রুপি জরিমানা গুনছেন হার্দিক।

বিবৃতিতে আইপিএল কতৃপক্ষ বলেছে, ‘মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের স্লো ওভারে রেটের কারণে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে।’

‘হার্দিকের দল প্রথমবার এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী মন্থর বোলিং করলে জরিমানা করা হয়। সেই নিয়মে মুম্বাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’-আরো যোগ করা হয়।

প্রথম জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের জাতীয় পতাকার  নকশাদারদের অন্যতম , জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস (৭৮) মারা গেছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নম্বর কক্ষে রাত ১১টার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১-এর দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়।

১৯৭০ সালের সাত জুন ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশ গ্রহণের কথা ছিল। এই জন্য ছাত্রদের নিয়ে একটি জয়বাংলা বাহিনী, মতান্তরে ‘ফেব্রুয়ারি ১৫ বাহিনী’ গঠন করা হয়। ছাত্র নেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেন।

১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিবনারায়ন দাশের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাসের নকশা করা পতাকার মধ্যে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সংবলিত একটি প্রতিবেদন দিতে বলে পটূয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।

যারা নুন-ভাতের কথাও ভাবতে পারত না, তারা এখন মাছ-মাংসের চিন্তা করে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময় যারা নুন-ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তাও করতে পারত না, এখন তারা মাছ-মাংস ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কি না তা বিবেচনা করতে হবে।

শুক্রবার সকালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, এটা করতে পারলে জীবনেও কোনো খাদ্যের অভাব হবে না।

সরকার বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনও খাদ্যের অভাব হবে না।

সরকারপ্রধান বলেন, অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে বলেই দেশের মানুষ এখন ডাল-ভাত নয়, বরং মাছ-মাংসের দাম নিয়ে চিন্তা করে। যারা সমালোচনা করছেন তাদের এই বিষয়টিও মাথায় রাখা উচিত।

তিনি আরও বলেন, ’৭৫ পরবর্তী সময়ে যারা ছিল, তাদের মূল আগ্রহ ছিল ব্যবসা করা।

শেখ হাসিনা বলেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করবো। উদ্বৃত্ত থাকলে অন্যকে সাহায্য করবো।

ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট:

এবার ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের একটি স্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবর আল জাজিরার।

এদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের ইসফাহান বিমানবন্দরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কী কারণে ওই বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে যে ইসফাহান, শিরাজ এবং তেহরানসহ বেশ কয়েকটি শহরে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে যে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচিত নাতাঞ্জসহ ইসফাহান প্রদেশে বেশ কয়েকটি পারমাণবিক সাইট রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। গত শনিবার (১৩ এপ্রিল) ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে নজিরবিহীন হামলা চালায় ইরান।

সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে ১৩ জনকে হত্যার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেয় তেহরান। দামেস্কে গত ১ এপ্রিলের ওই হামলার পরপরই কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল তারা। মূলত ওই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

তবে ইরানের ছোড়া ড্রোন-ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। তবে এই হামলায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ইরানের হামলার পর থেকেই চাপে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে বিষয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে তার ওপর চাপ তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানিসহ বিভিন্ন দেশ থেকেই নেতানিয়াহুর ওপর চাপ দেওয়া হচ্ছিল। একই সঙ্গে তার জোট সরকারের মধ্য থেকে যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন তারা এই মুহূর্তে তার ওপর চাপ বাড়াচ্ছেন। তারা ইরানের বিরুদ্ধে সরাসরি এবং কঠোর প্রতিক্রিয়া চাচ্ছিলেন। এর মধ্যেই ইরানে ইসরায়েলের হামলার খবর পাওয়া গেল।

আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশ ন্যায্য মূল্যের ওষুধের দোকান সিলগালা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সরকারী নির্দেশনা অমান্য এবং বৈধ কাগজপত্র না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে ওষুধের দোকান সিলগালা করে দিয়েছে দাউদকান্দি উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এসে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মহিউদ্দিন ও জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার ওষুধের দোকান বন্ধের নির্দেশনা দেন। বুধবার সকালে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান দোকানটি বন্ধ করে দেয়।

এনিয়ে গতকাল বুধবার আজকের কুমিল্লা অনলাইন ভার্সনে ” বৈধ কাগজপত্র না থাকায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ করে দিলেন স্বাস্থ্য কর্মকর্তা ” শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার সকালে ওষুধের দোকান মালিক মোঃ মহিউদ্দিন প্রশাসনের নির্দেশনার কোনো কর্নপাত না করে দোকান খোলে বিক্রয় অব্যাহত রাখেন। বিকেলে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম দোকানটি সিলগালা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান সাথে ছিলেন।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে ন্যায্য মূল্যে ঔষধের দোকান পরিচালনার জন্য ২০১০ সালের মে মাস থেকে তিন বছরের জন্য মেসার্স সরকার মেডিকেল হলকে পরিচালনার জন্য দায়িত্ব দেয় জেলা সিভিল সার্জন কার্যালয়। গত দুই বছর আগে তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম শোভন সঠিক কাগজপত্র না পেয়ে দোকানটিকে বন্ধ করে দিয়েছিলেন। ওই সময় কয়েকদিন বন্ধ রাখার পর পুনরায় চালু করেন।

দোকান মালিক মহিউদ্দিন বলেন, ২০১০ সালের পর আর কোন টেন্ডার হয়নি, আগের টেন্ডারেই আমি চালাচ্ছিলাম ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তৌহিদ আল হাসান বলেন, আজকের কুমিল্লার অনলাইন ভার্সনসহ জাতীয় ও আঞ্চলিক দৈনিকে প্রকাশিত রিপোর্ট আমার দৃষ্টিতে পড়েছে। নির্দেশ অমান্য করায় আজ সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দোকানটি সিলগালা করা হয়েছে।

আবারও একসঙ্গে তাহসান-মিথিলা

ডেস্ক রিপোর্ট:

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় জুটি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা। ২০০৭ সালে বিয়ের পর আচমকাই ২০১৭ সালে নিজেদের বিচ্ছেদের খবর দেন এই দম্পতি। তাদের সেই বিচ্ছেদের খবর হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় ভক্তদের।

বিচ্ছেদের বছরখানেক বাদেই ওপার বাংলার নির্মাতা সৃজিত মুর্খার্জির গলায় মালা দেন মিথিলা। অন্যদিকে নতুন করে আর সংসার শুরু করেননি তাহসান। ব্যস্ত থেকেছেন নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়েই।

এরই মধ্যে বছর দুয়েক আগে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের লাইভ প্রোগ্রামে হাজির হন তাহসান-মিথিলা। তাদেরকে একসঙ্গে দেখে চমকে যান ভক্তরাও। এরপর আর এক ফ্রেমে দেখা মেলেনি এই দুই তারকার।

তবে নতুন খবর হচ্ছে, আবার একসঙ্গে হচ্ছেন তাহসান-মিথিলা! তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে! একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এই জুটি। সাত পর্বের এই সিরিজটির নাম ‘বাজি’। নির্মাণ করছেন ‘মাটির প্রজার দেশ’ খ্যাত নির্মাতা আরিফুর রহমান।

জানা গেছে, ওয়েব সিরিজটির কিছু ধাপের শুটিং হয়ে গেছে। একটি ফোরস্টার মানের হোটেলে মাস দুয়েক আগে হয়েছে শুটিং। তাহসান মিথিলা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী। সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন