All posts by jitu

মেয়র পদে উপ-নির্বাচন: আলোচনায় এক ডজন প্রার্থী

ইমতিয়াজ আহমেদ জিতু:

আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর পর এই পদটি শূন্য ঘোষণা করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের রেশ কাটতে না কাটতেই আবারও কুমিল্লা মহানগরের রাজনীতিতে ভোটের উৎসব শুরু হচ্ছে। ইভিএমে এ ভোট অনুষ্ঠিত হবে জানা গেছে।

নৌকার মনোনয়ন পেতে কেন্দ্রে লবিংয়ে ব্যস্ত একাধিক প্রার্থী। সূত্রমতে, দলীয় মনোনয়ন চাইতে পারেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা , দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম সিকদার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. জহিরুল হক সেলিম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ তানিম, মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুসিকের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী, জেলা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার এবং মেয়র রিফাতের স্ত্রী অধ্যাপিকা ফারহানা হক শিল্পী।

এদিকে বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত থাকলেও বহিষ্কৃত দুই নেতা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। তারা হলেন দুই বারের নির্বাচিত কুসিক মেয়র মনিরুল হক সাক্কু ও বিগত নির্বাচনে ভোটে অংশগ্রহণ করে সবাইকে চমকে দেওয়া যুবদল নেতা নিজাম উদ্দিন কায়সার।

উল্লেখ্য যে, কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়তন প্রায় ৫৩ দশমিক ৮৪ বর্গ কিলোমিটার । এই সিটিতে ২৭টি ওয়ার্ড রয়েছে যেখানে ১০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এর আগে এখানে কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা নামে দুটি পৌরসভা ছিল। ২০১১ সালের ১০ জুলাই বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয় এক অধ্যাদেশ জারি করে প্রশাসন পৌরসভা দুটিকে একটি সিটি কর্পোরেশনের মর্যাদা দেয়। বর্তমানে কুমিল্লা সিটিতে প্রায় ২ লাখ ৩০ হাজার ভোটার রয়েছে।

২০১২ সালে কুমিল্লার প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯ হাজার ৩০৬ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হক সাক্কু ।তিনি মোট ৬৫ হাজার ৭৭৭ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আফজল খান পেয়েছেন ৩৬ হাজার ৪৭১ ভোট।২০১৭ সালের ৩০ মার্চ কুসিকের নির্বাচনে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। ধানের শীষ প্রতীকে সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট এবং নৌকা প্রতীকে আঞ্জুম সুলতানা সীমা পেয়েছিলেন ৫৭ হাজার ৮৬৩ ভোট। ২০২৩ সালের কুসিকের তৃতীয়বারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথমবারের মত মেয়র নির্বাচিত হন নৌকা প্রতিকের প্রার্থী আরফানুল হক রিফাত। কারচুপির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন সাক্কু।ওই নির্বাচনে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট এবং মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

বিগত ২০২৩ সালের ১৩ ডিসেম্বর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।এরপর থেকে প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিপিএলে যোগ দিলেন পাকিস্তানের বাবর-রিজওয়ান

ডেস্ক রিপোর্ট:

জমে উঠতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাড়ছে তারকাদের ভিড়। বিগ ব্যাশ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া থেকে এসেছেন অ্যালেক্স রস। প্রতিনিয়ত আসছে নতুন নতুন তারকা দলে ভেড়ানোর খবর। এবার পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের শেষে যুক্ত হয়েছেন বিপিএলের সবচেয়ে আলোচিত দুই নাম। পাকিস্তানের দুই নামী ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান এসেছেন বিপিএলে মাতাতে।

বাবর আজমের দলের সঙ্গে যুক্ত হওয়ার খবর জানা গিয়েছিল আগের দিনেই। নিউজিল্যান্ড সফর শেষ করে বিশ্রামের সুযোগ পাননি সাবেক পাকিস্তান কাপ্তান। তাসমান পাড় থেকে সরাসরি ঢাকার ফ্লাইট ধরেছেন এই পাকিস্তানি ব্যাটার। রাতেই রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন। রংপুরের পরবর্তী ম্যাচ থেকেই একাদশে দেখা যেতে পারে বাবরকে, এমনটাই জানিয়েছিলেন সোহেল ইসলাম।

রংপুরের হেডকোচ জানিয়েছিলেন, ‘(বাবরের) ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবে সে। আপনারা জানেন যে, বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে, সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা।’

এদিকে রাতেই মোহাম্মদ রিজওয়ানের দলে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের ফেসবুক পেইজে টিম হোটেলে রিজওয়ানের ছবি প্রকাশ করেছে তারা। যদিও পাকিস্তানের এই ব্যাটার আজ ফরচুন বরিশালের বিপক্ষে আজ মাঠে নামবেন কিনা তা নিয়ে নিশ্চিত করা যায়নি কিছুই।

গুগলে চাকরি পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিক সরকার

ডেস্ক রিপোর্ট:

বিশ্বসেরা টেক জায়ান্ট কোম্পানি গুগলের তাইওয়ান শাখায় টেস্ট ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক শিক্ষার্থী অভিক সরকার।

অভিক সরকার ২০১২-১৩ শিক্ষাবর্ষের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের চতুর্থ আবর্তনের শিক্ষার্থী।

অভিকের সাথে কথা বলে জানা যায়, গত ১৯ জানুয়ারি গুগল থেকে জব অফার লেটারটি আসে। যদিও এর আগে মৌখিকভাবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছিল কর্তৃপক্ষ। ডকুমেন্ট প্রসেসিং শেষ করে আগামি মে (সম্ভাব্য) মাসে চাকরিতে যোগদানের কথা রয়েছে তার।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিক বলেন, আমি গত দেড় বছর ধরে এ প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করে আসছি। একবার বাদ পড়ে আবার আবেদন করি। এরপর আবার সকল প্রক্রিয়ার পর ভাইভাতে সিলেক্ট হই। এরপর ২ মাস ভাইভা চলে। এরপর তারা আমাকে সিলেক্ট করেন। গুগলের মতো ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠানে চাকরি করা আমার স্বপ্ন ছিল। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ থেকে ভাবতাম যদি এমন টেক জায়ান্ট কোম্পানির কন্ট্রিবিউটর হতে পারতাম। সাহস করে এগিয়ে যাই। এখন আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছি।

শিক্ষার্থীর সাফল্যের অভিভূত হয়ে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, আমি অভিকের ফোনটা পেয়ে যখন খবরটা শুনি তখন কাঁপছিলাম। মানুষের এমন বড় কোম্পানি তে যাওয়ার স্বপ্ন থাকে। অভিকের সেটা বাস্তবায়ন হয়েছে। মানুষের সফলতার পেছনে প্রথম অবদান থাকে বাবা মায়ের তারপর শিক্ষকের। সুতরাং আমার কাছে এটা অন্যরকম আনন্দের। অভিক বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে, ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করবে।

নির্বাচন পরবর্তী সহিংসতা, রূপগঞ্জে এডভোকেটের চেম্বার ভাংচুর

 

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় তায়েবুর রহমান নামে এক এডভোকেট এর অফিস ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার ভোলোবো ইউনিয়নের আতলাপুর বাজারে।

এডভোকেট তায়েবুর রহমান জানান, আতলাপুর বাজারে ’ল হেল্প সেন্টার’ নামে তার একটি আইনি পরার্মশ কেন্দ্র রয়েছে। গত ইউ,পি নির্বাচনে আমি নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলাম। উক্ত চেম্বারে সাধারন মানুষের আইনি পরামর্শের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যকলাপও পরিচালনা করে আসছিলাম। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান ভূইয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন। সেই নির্বাচনে আমি শাহজাহান ভূইয়াকে সর্মথন করি। আর এ কারনে স্থানীয় নৌকার সর্মথক সজিব, রফিকুল ও রকির নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসী দল আমার অফিস ভাংচুর করেছে। দুর্বিত্তরা আমার অফিসের সাটার ভেঙ্গে ভেতরের চেয়ার, টেবিল ও অন্যান্য আসবারপত্র ভেঙ্গে চলে যায়। অফিস ভাংচুরের সময় আমি নারায়নগঞ্জ জজ কোর্টে কর্মরত ছিলাম। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, উক্ত ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লা নগরীতে কাচ্চি ডাইনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে কাচ্চি ডাইনকে বিএসটিআইয়ের মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.
সোমবার (২২ জানুয়ারি)  সকালে  বিএসটিআই ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে  নগরীর নজরুল এভিনিউ রোডের কাচ্চি ডাইন প্রতিষ্ঠানে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বোরহানী, ফিরনী ও বাদাম শরবত প্রস্তুত, মোড়কজাত ও বিক্রয় করায় ”ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮” এর ৪১ ধারায় ২৫ হাজার টাকা  জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানকে বিএসটিআই হতে গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত টিস্যু (ব্র‍্যান্ড: কাচ্চি ডাইন) পণ্য প্রস্তুত, মোড়কজাত করায় ‘বিএসটিআই আইন-২০১৮’ এর ২৭ ধারা অনুযায়ী ২৫  হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের  সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে  এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের পরিদর্শক  আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার  মো: শাহিদুল ইসলাম।

১০ মার্চের মধ্যে হতে পারে কুসিকের মেয়র পদে নির্বাচন

স্টাফ রিপোর্টার:

জাতীয় সংসদ নির্বাচনের পর কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র জানায়, আগামী মার্চ থেকে কয়েক ধাপে উপজেলা নির্বাচন করতে চায় ইসি। এর বাইরে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদেও নির্বাচন করতে হবে। রোজার আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে এই নির্বাচন করা হতে পারে। চলতি সপ্তাহে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

চলতি বছর উপজেলা পরিষদ নির্বাচনসহ আরও কিছু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে। সারা দেশে উপজেলা পরিষদ আছে ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। একাধিক ধাপে এই নির্বাচন করা হয়। এবারও ধাপে ধাপে এই নির্বাচন করার চিন্তা করছে ইসি।

এর আগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ওই বছরের মার্চ থেকে শুরু হয়ে পাঁচ ধাপে ৪৫৫টি উপজেলা পরিষদের নির্বাচন শেষ হয়েছিল জুনে। এর মধ্যে মার্চেই চারটি ধাপের ভোট হয়েছিল। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট হয় দলীয় প্রতীকে। বিএনপি এই নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম। ক্ষমতাসীন আওয়ামী লীগও এবার দলীয়ভাবে প্রার্থী না দেওয়ার কথা ভাবছে। এটি হলে এবারের নির্বাচন হবে মূলত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। এখন ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে। এ ছাড়া আগামী মার্চের মধ্যে অল্প কিছু বাদে প্রায় সব কটি উপজেলা নির্বাচন উপযোগী হবে।

এসএসসি পরীক্ষার মধ্যে এই নির্বাচন করা ঠিক হবে কি না, তা নিয়ে আলোচনা আছে ইসিতে। এসএসসি পরীক্ষার সময় কুমিল্লা সিটি করপোরেশন এবং স্থানীয় সরকারের কিছু উপনির্বাচন করা হতে পারে।

কিন্তু ১৫ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হচ্ছে মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। ১১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সাধারণত এসএসসির মতো পাবলিক পরীক্ষা এবং রমজান মাসে নির্বাচন করা হয় না। অন্যদিকে মে-জুন থেকে শুরু হবে বর্ষাকাল। সব মিলিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সুবিধাজনক সময় হবে এপ্রিলের শেষ থেকে মে মাস পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্চের দ্বিতীয় সপ্তাহে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে ভোট করার চিন্তা করছে ইসি। উপজেলা পরিষদের প্রথম ধাপও রোজার আগে করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়। তবে এসএসসি পরীক্ষার মধ্যে এই নির্বাচন করা ঠিক হবে কি না, তা নিয়ে আলোচনা আছে ইসিতে। এসএসসি পরীক্ষার সময় কুমিল্লা সিটি করপোরেশন এবং স্থানীয় সরকারের কিছু উপনির্বাচন করা হতে পারে।

২০২২ সালের জুনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন আরফানুল হক। গত ১৩ ডিসেম্বর তাঁর মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী, শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে এই পদে নির্বাচন করতে হবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ  বলেন, উপজেলা পরিষদ এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া গেছে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। তিনি বলেন, রোজার আগে উপজেলার প্রথম ধাপের নির্বাচন করা হতে পারে। কারণ, এরপর বর্ষা চলে এলে কিছু এলাকায় ভোট করতে সমস্যা হতে পারে। এ বিষয়ে এ সপ্তাহের মধ্যে ইসি সিদ্ধান্ত নিতে পারে।

সূত্র: প্র.আ।

কেরানীগঞ্জে ৪ হাজার হতদরিদ্রের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

 

স্টাফ রিপোর্টার:

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ঢাকার কেরানীগঞ্জে চার হাজার হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতে কম্বল পেয়ে হাসি ফুটেছে দরিদ্রদের মুখে।

রবিবার বেলা ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে বসুন্ধরা রিভারভিউ এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ কে এম নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ যে কোনো দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সরকারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপও অসহায় মানুষকে সহযোগিতা করে। তিনি বলেন, মহামারি করানোর সময় বসুন্ধরা গ্রুপের মানবিক কার্যক্রম মনে রাখার মতো। তারা হাসপাতাল নির্মাণ করে সাধারণ জনগণের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছিল। বসুন্ধরা গ্রুপের এ মানবিক কার্যক্রমগুলোকে আমি শ্রদ্ধা জানাই। তিনি আরও বলেন, কেরানীগঞ্জকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে। তাদের ১০ কোটি টাকা অর্থায়নে পুলিশের স্মার্ট নজরদারির আওতায় এসেছে কেরানীগঞ্জ। শুধু তাই নয়, কেরানীগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বসুন্ধরা গ্রুপকে আমরা পাশে পেয়েছি। প্রতি বছরের মতো এবারও তারা কেরানীগঞ্জে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করল।

বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী আবদুল কাদেরের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কম্বল নিতে সকাল থেকে কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে এসে ভিড় করেন বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষ। কম্বল পেয়ে খুশি ৮০ বছর বয়সী সমেদন খাতুন। তিনি বলেন, এখন অনেক শীত পড়ে। শীতবস্ত্রের অভাবে রাতে অনেক কষ্ট করেছি। এ কম্বল পেয়ে একটু আরামে ঘুমাতে পারবো। আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পরিবারকে ভালো রাখেন। দক্ষিণ কেরানীগঞ্জের হাজারীবাগ থেকে আসা ৭৪ বছর বয়সী বিমলা বলেন, শীত এলেই অপেক্ষায় থাকি কবে বসুন্ধরার কম্বল পাব। গত কয়েক বছর বসুন্ধরার কম্বল দিয়েই শীত পার করছি। আজও খবর পেয়ে সকাল থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি। এবারও কম্বল পেয়ে আমি ভীষণ খুশি। ভগবান বসুন্ধরার আরও উন্নতি দিক। কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীরবাগর এলাকার ৮৭ বছর বয়সী বাচ্চু মিয়া বলেন, আমারেও একটা কম্বল দিসে। প্রত্যেক বছরই কম্বল পাই। জানি না আগামী বছর বাঁচি কি না। তবে সব সময় দোয়া করবো, বসুন্ধরার মালিকসহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, গরিবদের আরও বেশি বেশি দেওয়ার ক্ষমতা দান করুক।

স্থানীয়রা বলেন, বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ সমাজের অন্য বিত্তবানদের জন্য অনুকরণীয়। বসুন্ধরার এ মহৎ উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের মালিকপক্ষ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

জোট নিরপেক্ষ আন্দোলনের-সাউথ সামিটে যোগ দিতে উগান্ডায় পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন‌্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ ৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে রওনা হয়ে শুক্রবার বিকেলে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

ন্যামের প্রাক-শীর্ষ সম্মেলন সেশনে যোগদানরত পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এসময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক মো. এমদাদুল ইসলাম চৌধুরী মন্ত্রীর সঙ্গে রয়েছেন।

জাতিসংঘের পরে বিশ্বের বৃহত্তম রাষ্ট্রজোট হিসেবে ১৯৬১ সালের সেপ্টেম্বর বেলগ্রেডে গঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান ১২০ সদস্য রাষ্ট্রের পাশাপাশি ২০ পর্যবেক্ষক রাষ্ট্র ও ১০ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ বৈঠক এবং ১৯৬৪ সালে জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে সৃষ্ট উন্নয়নশীল ৭৭ দেশের গ্রুপ ও চীনের শীর্ষ পর্যায়ের দক্ষিণ সম্মেলন– এই দুই বহুপাক্ষিক সম্মেলনে যোগদান শেষে মন্ত্রীর আগামী ২২ জানুয়ারি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

জবাবদিহিতার আওতায় আনা হবে জনপ্রতিনিধিদের : স্থানীয় সরকারমন্ত্রী

উপজেলা প্রতিনিধি:

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা জনগণের সবচেয়ে কাছাকাছি থাকার ফলে মানুষের সমস্যাগুলো তারা সবচেয়ে ভালোভাবে জানার সুযোগ পান। সেই সমস্যা সমাধানে তারা আন্তরিক হলে অনেক উন্নয়ন স্থানীয় পর্যায়েই সম্ভব। তাই সরকারের এই শাসনামলে জনপ্রতিনিধিদের অধিকতর ক্ষমতায়ন করে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তবে সেই সাথে অনিয়ম করলে জনপ্রতিনিধিদের যথোপযুক্ত জবাবদিহিতার আওতায় আনা হবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম মনোহরগঞ্জের পোমগাঁও এ নিজ বাড়িতে এক বিনিময় সভায় এসব কথা বলেন।

মো. তাজুল ইসলাম এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করায় ধন্যবাদ জানিয়ে বলেন, লাকসাম মনোহরগঞ্জ এর রাস্তাঘাট, স্কুল-কলেজসহ অসংখ্য অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে নৌকা প্রতীকে ভোট দেওয়ার ফলে। ভবিষ্যতেও লাকসাম মনোহরগঞ্জবাসীর আকাঙ্ক্ষা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যেন পূরণ করতে পারেন সেই দোয়া চান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, নির্বাচন বানচাল করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে। দেশে একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকায় দেশের মানুষ এর সুফল ভোগ করছে।

মন্ত্রী লাকসাম মনোহরগঞ্জের উন্নয়নে কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে সবার সাথে আলোচনা করে প্রকল্প নেওয়া হবে বলেও জানান। তিনি বলেন, মানুষ যাতে সুশাসন ও ন্যায়বিচার পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

এর আগে টানা দ্বিতীয়বার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হওয়ায় মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা গ্রহণ করেন মন্ত্রী।