All posts by jitu

দুই পুলিশ কমিশনারসহ ৫ এসপিকে প্রত্যাহারের নির্দেশ নির্বাচন কমিশনের

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনে প্রশাসন যেন পক্ষপাতমূলক আচরণ করতে না পারে সেই লক্ষ্যে বরিশাল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই কমিশনারসহ পাঁচ জেলার এসপিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি একজন জেলা প্রশাসক ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে সংস্থাটি।

রোববার (১০ ডিসেম্বর) সকালে ইসির উপ-সচিব মো. মিজানুর রহমানের সই করা এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বরিশাল ও সিলেটের দুই পুলিশ কমিশনারসহ হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের এসপিকে প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে ইসি।

স্বামীর খোঁজে পাকিস্তানি তরুণী বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট:

স্বামীর খোঁজে হবিগঞ্জের চুনারুঘাটে এসেছেন মাহা বাজোয়ার (৩০)। তিনি পাকিস্তানের লাহোরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে।

মাহার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে। শুক্রবার স্বামীর খোঁজে হবিগঞ্জে এসে তার স্বামী সাজ্জাদের ভাইয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহা।

এদিকে বিদেশি বধূ আসার খবরে আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

জানা যায়, ১০ বছর আগে দুবাইয়ে সাজ্জাদের পরিচয় হয় পাকিস্তানি মাহার সঙ্গে। পরে তারা বিয়েও করেন। কিন্তু একপর্যায়ে মাহাকে ডিভোর্স দেন সাজ্জাদ। কিন্তু সেই ডিভোর্স মেনে নেননি মাহা। স্বামীর সঙ্গে সংসার করতে চান। এ কারণে গত ১৭ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন মাহা। শুক্রবার রাতে তিনি উত্তর বড়াইল গ্রামে সাজ্জাদের বাড়িতে গিয়ে উঠেন।

সাজ্জাদের ভাই স্বপন মজুমদার জানান, ২০১৪ সালে পাকিস্তানের লাহোরে ওই পাকিস্তানি তরুণীকে বিয়ে করেন সাজ্জাদ। এর পর সাজ্জাদ তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে পুনরায় পাকিস্তান চলে যান। সাজ্জাদ ১৭ নভেম্বর পুনরায় দেশে ফেরেন; একই দিনে বাংলাদেশে ফেরেন মাহাও।

এ বিষয়ে সাজ্জাদের ভাই স্বপন জানান, দুবাইয়ের একটি নাইট ক্লাবে সাজ্জাদ চাকরি করতেন। সেখানেই মাহার সঙ্গে তার পরিচয়। পরে তারা বিয়ে করেন। একপর্যায়ে তাদের সংসারে ভাঙন ধরে। সাজ্জাদ দেশে ফিরলে মাহাও বাংলাদেশে এসে হাজির হন। এ মুহূর্তে সাজ্জাদ উপস্থিত নেই বাড়িতে। সে এলে এলাকার গণ্যমান্যদের নিয়ে বসে বিষয়টির সুরাহা করা হবে।

পাকিস্তানের ওই নারী বর্তমানে তার আতিথেয়তায় রয়েছেন বলেও স্বপন জানান।

হবিগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানায়, ২০১৮ সালে মাহা ও সাজ্জাদের তালাক হয়। কিন্তু মাহা তা মেনে নিচ্ছেন না। তিনি স্বামীর সঙ্গে সংসার করতে চান।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানায়, মাহা ভিসা নিয়ে বাংলাদেশ এসেছেন। কিন্তু এ দেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলি তিনি অনুসরণ করেননি। ওই নারী থানায় এসেছিলেন এবং পরবর্তীতে আবার আসবেন বলে চলে যান।

ইসরাইলগামী সব জাহাজে হুথির হামলার হুমকি

ডেস্ক রিপোর্ট:

ইসরাইলগামী সব জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। একই সঙ্গে ইসরাইলি বন্দরগুলোতে যাওয়া এবং সেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্কও করেছে গোষ্ঠীটি।

এর আগে চলতি মাসেই ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালান ইয়েমেনের ইরানসমর্থিত এই বিদ্রোহীরা। খবর রয়টাসের।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়তা যেটাই হোক না কেন, ইসরাইলগামী সব জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে শনিবার হুশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুথি আন্দোলন। একই সঙ্গে ইসরাইলি বন্দরগুলোতে যাওয়া ও সেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্কও করেছে গোষ্ঠীটি।

টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল এবং তাদের এই বর্বর হামলার মধ্যেই ইরানসমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি হুশিয়ারি আঞ্চলিক সংঘাতের ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে।

রয়টার্স বলছে, হুথিরা লোহিতসাগর এবং ওই সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে ইসরাইলি-সংযুক্ত বেশ কয়েকটি জাহাজ আক্রমণ চালানোর পাশাপাশি জব্দও করেছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করে থাকে। এ ছাড়া হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপও করেছে হুথিরা।

হুথি কর্মকর্তারা বলছেন, তাদের কর্মকাণ্ড ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের প্রদর্শন। অন্যদিকে ইসরাইল বলেছে, জাহাজে হামলা ‘ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ এবং এটি আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার জন্য হুমকি।

হুথি গেষ্ঠিীর একজন সামরিক মুখপাত্র বলেছেন, লোহিতসাগর এবং আরব সাগর থেকে সব জাহাজকে ইসরাইলি বন্দরগুলোর দিকে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যদি গাজা তার প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায়, তা হলে লোহিতসাগরে ইসরাইলি বন্দরগুলোর দিকে যাওয়া সব জাহাজ তাদের জাতীয়তা নির্বিশেষে আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

তাৎক্ষণিকভাবে এই আদেশ কার্যকর হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের কয়েকটি সামরিক চৌকিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি গোষ্ঠী। তবে ওই হামলায় ইসরাইলে কোনো ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

অবশ্য যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সেই সময় জানান, বুধবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ছোড়া একটি ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের আরলে বার্ক ডেস্ট্রয়ার। তবে এতে কোনো ক্ষতি কিংবা হতাহত হয়নি। এ ছাড়া ড্রোনটির লক্ষ্যবস্তুও পরিষ্কার ছিল না।

মূলত গত ৭ অক্টোবর হামাস-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দক্ষিণ লোহিতসাগরে ষষ্ঠবারের মতো ড্রোনে গুলি চালিয়েছে মার্কিন নৌবাহিনী। মধ্যপ্রাচ্যের জলসীমায় ইসরাইলি কয়েকটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক একের পর এক হামলার মাঝেই গত সপ্তাহে ওই হামলার ঘটনা ঘটে।

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শুরু

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন শুরু করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে, কর্মসূচি ঘিরে প্রেস ক্লাবের সামনে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিন সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবসহ কদম ফোয়ারা এবং মৎস্য ভবনসহ এর আশপাশের এলাকায় সতর্কাবস্থানে থাকতে দেখা গেছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে।

৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ছে হজের নিবন্ধনের সময়

ডেস্ক রিপোর্ট:

হজের নিবন্ধনের সময় আরও ২১ দিন বাড়ানো হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সময় বাড়িয়ে রোববার (১০ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে জানা গেছে।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে কোটা ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়।

আগামী বছর (২০২৪ সাল) হজে যেতে সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর। নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা রোববার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত সব হজযাত্রী নিবন্ধন করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বশেষ নিবন্ধনের ক্রমিক ৯১০০৯৬।

কিন্তু শনিবার পর্যন্ত পাঁচ শতাংশ হজযাত্রীও নিবন্ধিত হয়নি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম শনিবার জাগো নিউজকে বলেন, ‘হজের নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে। রোববার এ বিষয়ে নোটিশ জারি করা হবে।’

তিনি বলেন, ‘এরপর হয়তো আমাদের আর নিবন্ধনের সময় বাড়ানো সম্ভব হবে না। ওই সময় পর্যন্ত যারা নিবন্ধন করবেন, তারাই এবার হজ পালন করতে পারবেন।’

হজ এজেন্সি মালিকরা জানান, আগামী ৭ জানুয়ারি নির্বাচন, অনেকেই নির্বাচন নিয়ে ব্যস্ত। আর চলছে টানা অবরোধ ও হরতাল। বেশির ভাগ মানুষের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না। অন্যদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছিল, নিবন্ধন চলে এপ্রিল পর্যন্ত। কিন্তু এবার সৌদি সরকার হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনায় হজ চুক্তির আগেই হজের নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে। আগেভাগে নিবন্ধনের তথ্য অনেকে জানেনও না। তাই এবার নিবন্ধনে খুবই ধীরগতি।

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় বুড়িচংয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখায় ও বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আগামী মার্চ পর্যন্ত ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে দাম বেড়ে যায়।

পেঁয়াজের দাম বাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নির্দেশে শনিবার বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখায় পাঁচজন বিক্রেতাকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ছামিউল ইসলাম।

ছামিউল ইসলাম যুগান্তরকে বলেন, পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস (৮) নিহত হয়েছেন। সে উপজেলার দুর্গাপুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে ও দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম।

নিহতের খালাতো ভাই হৃদয়সহ স্থানীয়রা জানান, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার চিওড়া পাম্পের উত্তর পাশে সড়ক পার হওয়ার সময় জান্নাত ফেরদৌসকে একটি মোটর সাইকেল ধাক্কা দেয়। এতে জান্নাতুল ফেরদৌসের প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।

হেফাজতে ইসলামের সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে ইসি

ডেস্ক রিপোর্ট:

আগামী ২৯ ডিসেম্বর হেফাজতে ইসলামীর ডাকা সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

শনিবার (০৯ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম এ কথা জানান।

২৯ ডিসেম্বর হেফাজতে ইসলাম সমাবেশের ডাক দিয়েছে, তারা অরাজনৈতিক সংগঠন। এ বিষয়ে ইসির করণীয় জানতে চাইলে ইসি সচিব বলেন, বিষয়টি আমার পত্রিকার মাধ্যমে জেনেছি। বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। কমিশন যদি মনে আরও কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন আছে, তাহলে কমিশন সেটা করবে।

বিএনপি মানববন্ধনের কর্মসূচি দিয়েছে, বিষয়টিতে ইসি কিছু করণীয় আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দেখভাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ গ্রহণ করেছে তা সেখান থেকেই গণমাধ্যমকে জানতে হবে।

যেসব রাজনৈতিক দল নির্বাচনের বাইরে আছে, তারা যদি কোনো সভা সমাবেশ করে তাহলে সেটা ইসির এখতিয়ারের মধ্যে কি-না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে কোনো কার্যক্রম অবশ্যই নির্বাচনী পরিপন্থি হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে যে প্রচলিত বিধি-বিধান ও আইন আছে, তা সবার জন্য প্রযোজ্য হবে।

আওয়ামী লীগ নেতা ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য নির্বাচন কমিশন তবল করেছে, বিষয়টি সামনে আনা হলে ইসি সচিব বলেন, ঝালকাঠি-২ আসনের একজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন বিধায় রিটার্নিং অফিসার রিপোর্ট করেছেন, সেই ভিত্তিতে তাকে আগামী ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় সশরীরে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।

শিক্ষার্থীরা যেন পিছিয়ে না থাকে তা আমরা নিশ্চিত করতে চাই: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বের যে কোনো শিক্ষার্থীর চেয়ে এক বিন্দু পিছিয়ে না থাকে তা আমরা নিশ্চিত করতে চাই।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বিষ্ণুদী ফাজিল মাদ্রাসায় শিক্ষার আধুনিকায়নে চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা যে জায়গায় পৌঁছেছে, সেটির জন্য আমরা মুগ্ধ। শিক্ষকরা মাদ্রাসার শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে যেমন গড়ে তুলছেন। একইভাবে ধর্মীয় ও নৈতিক শিক্ষাসহ অন্যান্য সাধারণ শিক্ষার সঙ্গে প্রযুক্তিতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছেন।

দীপু মনি বলেন, দীর্ঘ ১৫ বছর আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সেবা করার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আল্লাহর রহমতে আগামীতে সুযোগ পেলেও আপনাদের সেবা করে যাব। আর মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং আধুনিকায়নের বিষয়ে শিক্ষকরাই সবচাইতে ভালো জানেন। কারণ শিক্ষকরাই সেটি বাস্তবায়ন করে আসছেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা নীতি প্রণয়ন করেন এবং যারা সিদ্ধান্ত নেন তারা অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেন ও অভিজ্ঞতা বিনিময় করেন। কিন্তু সেটি কতটুকু এবং কীভাবে বাস্তবায়িত হলো, তার ফলাফল কতটা ইতিবাচক, কোনো সমস্যা আছে কিনা, কি কি চ্যালেঞ্জ আছে, সেগুলো থেকে উত্তরণের জন্য কি করণীয় আছে সেগুলোর জন্য পরামর্শ দেওয়ার কাজগুলো শিক্ষকরা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

নাসুম আহমেদকে চড় মারা প্রসঙ্গে মুখ খুললেন পাপন

ডেস্ক রিপোর্ট:

গুঞ্জন আছে, সর্বশেষ বিশ্বকাপ চলাকালে নাসুম আহমেদের গায়ে হাত তুলেন চন্ডিকা হাথুরুসিংহে। এমন কাণ্ডে তদন্ত করার কথাও জানিয়েছিল পেশাদার ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ মিরপুরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমি জানি না (নাসুমকে চড় মারার ঘটনা)। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিনি একটা টিভিতে প্রচার করার আগে। কিন্তু এখানে বলা হয়েছে আমি জানি।’

নাসুমের সঙ্গে এমন কাণ্ড সামনে আসে দেশের এক টিভি চ্যানেলে সংবাদ প্রচারের পর। সেই প্রতিবেদনে দাবি করা হয়, এ ঘটনা প্রসঙ্গে অবগত আছেন পাপন। তবে বিসিবি সভাপতি এটাকে মিথ্যা বলেছেন।

পাপন বলেন, ‘আমাকে বলা হয়েছে। আমি গিয়ে আবার কোচকে শাসিয়েছি। এরকম কিছু। আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা আমি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন।’

‘সমস্যাটা হয়েছে এখানে একাধিক। আমি শুধু মিডিয়াকে দোষ দিচ্ছি না। আগে একটা সময় আমি আরও অনেক বেশি জড়িত ছিলাম এ সমস্ত ব্যাপারে। এই সাত-আট মাস আমি যখন এটা বন্ধ করেছি, আসলে বিসিবির যোগাযোগটাও বন্ধ হয়ে গেছে। বিসিবি থেকে কেউ কথা বলছে না। একেকজন হয়তো নিজের মত দিচ্ছে, কিন্তু বিসিবিকে প্রতিনিধিত্ব করছে না।’-যোগ করেন পাপন।