Tag Archives: মনোনয়ন

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন চিত্রনায়িকা নিপুণ

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন চিত্রনায়িকা নিপুণ।

মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

জানা গেছে, নিপুণ আক্তার চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম ১ ঘণ্টায় ১৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

বেলা সোয়া ১১টার দিকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবার প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আর তৃতীয় তলায় রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।

নির্বাচন বিধি অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে। তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র সদস্যরা বিজয়ী হওয়ায় সংরক্ষিত মহিলা আসনগুলো নিয়েও তুমুল আলোচনা চলছে।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মনোনয়ন বৈধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে যাচাই-বাছাই শেষে তার (সৈয়দ সায়েদুল হক সুমন) মনোনয়নটি বৈধ হিসেবে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ। এ সময় ব্যারিস্টার সুমন সেখানে উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে অনুভূতি প্রকাশকালে ব্যারিস্টার সুমন সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন- নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে মনোনয়ন বৈধ হওয়া। অনেকেই বিষয়টা নিয়ে টেনশনে ছিলেন। আপাতত টেনশন মুক্ত হওয়া গেছে। এখন মূল যুদ্ধ, মানুষের দ্বারে দ্বারে যাওয়া ও তাদের ভালোবাসা পাওয়া।

হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সুমন ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. মাহবুব আলী, জাতীয় পার্টির আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন, ইসলামী ঐক্যজোটের আবু ছালেহ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মো. মুখলেচুর রহমান, জাকের পার্টির সৈয়দ আবুল খায়ের, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল মুমিন ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের মো. রাশেদুল ইসলাম খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জামাল হোসেনের মনোনয়ন অবৈধ ঘোষিত হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

কুমিল্লা -১ আসনে মনোনয়ন পেলেন ইঞ্জিঃ আব্দুস সবুর

জাকির হোসেন হাজারী:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিঃ আব্দুস সবুর কুমিল্লা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রবিবার বিকেল ৪টার পর রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কুমিল্লা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এবার এই আসন থেকে মনোনয়ন পাননি।
কুমিল্লা জেলার দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হয়েছে।

একসময় বিএনপির আধিপত্য ছিল । তবে ২০০৩ সালে আওয়ামী লীগে যোগদান করে ২০০৮ সালে প্রথম নির্বাচিত হন। পরে ২০১৪ ও ১৮ সালে টানা তিনবার এই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন।

এবার নির্বাচনের দলীয় মনোনয়ন নিয়ে আলোচনায় থাকা সুবিদ আলীসহ অন্যান্যদের টপকে মনোনীত হলেন ইঞ্জিঃ আব্দুস সবুর ।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর বুয়েটের ছাত্র সংসদের জিএস ছিলেন। টানা দুইবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে ইঞ্জিঃ আব্দুস সবুর মনোনয়ন পাওয়ার খবরে দাউদকান্দি ও তিতাস উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছসিত। সন্ধ্যার পর দাউদকান্দি পৌরসদর, গৌরীপুর বাজার, বাসস্ট্যান্ড, ইলিয়টগঞ্জ উত্তর, জিংলাতুলিসহ বিভিন্ন এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।

রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন চূড়ান্ত: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ রংপুরের ৩৩টির, রাজশাহীতে ৩৯টিসহ মোট ৭২টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল দশটা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।

তিনি বলেন, আজকে আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সংসদ সদস্য কয়েকজন বাদ পড়ছেন, এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে বাদ পড়ছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

বিদ্রোহীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমরা দেখি কারা বিদ্রোহী হয়, তারপর সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমনও হতে পারে আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না।

এর আগে সকালে মনোনয়ন বোর্ডের সভার শুরতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনকে স্বচ্ছ করার জন্য যা যা দরকার আমরা সেগুলো করেছি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন চলাকালীন সময় আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসক সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। তফসিল ঘোষণার পর থেকে কোনো অফিসার বদলি করা, এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি, এগুলো নির্বাচন কমিশনারের অনুমতি ছাড়া করা যাবে না। যদি নির্বাচন কমিশন চায় তখন সেটা পরিবর্তন করা যায়, তাছাড়া করা যাবে না।

দেবিদ্বার পৌরসভায় মেয়র পদে লড়তে ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় তথ্যমতে, আবুল কাশেম দেবিদ্বার পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তিনি ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচন ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন।

এ বিষয়ে আবুল কাশেম ওমানী বলেন, পৌরবাসী আমাকে পছন্দ করেন। তাদের চাপে আমি মেয়র প্রার্থী হয়েছি। এর আগে জনগণ আমাকে ভোট দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। কিন্তু ভাইস চেয়ারম্যান হওয়ার পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। আশা করছি এবার নির্বাচিত হয়ে প্রত্যাশাগুলো পূরণ করতে পারবো। বিশেষ করে ভাইস চেয়ারম্যান পদে থেকে তৃণমূলের মানুষের জন্য তেমন কাজ করা সম্ভব হয় না এবং করার সুযোগও খুব কম।

ইউএনও নিগার সুলতানা বলেন, ভাইস চেয়ারম্যান পদ থেকে আবুল কাশেম পদত্যাগ করেছেন। জেলা প্রশাসকের পরামর্শে পদত্যাগপত্রটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে পদক্ষেপ নিবে।

উল্লেখ্য, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলার সদর ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ ও সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর ২১ বছর পর গত ৩১ মে দেবিদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ আগামী ১৭ জুলাই। এ পৌরসভায় ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ জন এবং নারী ভোটার ২২ হাজার ৮৯ জন।

কুমিল্লা-৫ আসনে মনোনয়ন প্রত্যাহার করায় দল থেকে জাপা নেতা বহিষ্কার

 

ডেস্ক রিপোর্টঃ

দলীয় নেতাকর্মীদের না জানিয়ে গোপনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করায় ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির (জাপা) আহবায়ক মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ জুন) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে বহিষ্কার করেন। একইসঙ্গে দলটির কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যেকোনো পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে থাকার প্রতিশ্রুতিতে জসিম উদ্দিনকে কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দেয়া হয়। কিন্তু তিনি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে অমান্য করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওবায়দুল কবীর মোহন বলেন, ‘কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে প্রার্থী জসিম উদ্দিন টাকার বিনিময়ে বিক্রি হয়ে আত্মগোপনে আছেন। প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন কাউকে না জানিয়ে। এ জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।’

জেলা কমিটি বিলুপ্তের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ূন কবির মুনশী বলেন, ‘প্রার্থীর অপকর্মের দায় তো আমরা নিতে পারি না। জসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাইনি। সে ব্যক্তিগত সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছে। এ বিষয়ে আমরা কিছুই জানি না।’

বহিষ্কারের বিষয়ে জানতে জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিনকে একাধিকবার মোবাইলে ফোন করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ২৪ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য থাকলেও চারদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন জাপা প্রার্থী মো. জসিম উদ্দিন। ২০ জুন বিকেল সোয়া ৪টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসানের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনটি জমা দেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন। এ আসন থেকে মাত্র দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সূত্র-জা:নি