Tag Archives: রংপুর

রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন চূড়ান্ত: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ রংপুরের ৩৩টির, রাজশাহীতে ৩৯টিসহ মোট ৭২টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল দশটা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।

তিনি বলেন, আজকে আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সংসদ সদস্য কয়েকজন বাদ পড়ছেন, এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে বাদ পড়ছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

বিদ্রোহীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমরা দেখি কারা বিদ্রোহী হয়, তারপর সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমনও হতে পারে আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না।

এর আগে সকালে মনোনয়ন বোর্ডের সভার শুরতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনকে স্বচ্ছ করার জন্য যা যা দরকার আমরা সেগুলো করেছি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন চলাকালীন সময় আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসক সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। তফসিল ঘোষণার পর থেকে কোনো অফিসার বদলি করা, এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি, এগুলো নির্বাচন কমিশনারের অনুমতি ছাড়া করা যাবে না। যদি নির্বাচন কমিশন চায় তখন সেটা পরিবর্তন করা যায়, তাছাড়া করা যাবে না।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১৭ জন আটক

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১৭ জন আটক

ডেস্ক রিপোর্ট:

রংপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবু।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের মিছিল করার জন্য সমবেত হন। এ সময় পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বললে কয়েকজন কর্মী তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করতে দলীয় কার্যালয়ের ফটকের ভেতরে ঢুকে প্রথমে ফজলে রাব্বী বাবুকে আটক করে নিয়ে যায়। পুলিশের কাজে বাধা দেওয়ায় পরে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনকে আটক করে।

আটকের সময় মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামু গণমাধ্যমকর্মীদের জানান, তাদের কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই। হরতালের সমর্থনে মিছিল করার জন্য দলীয় কার্যালয়ের সামনে জড়ো হলে সেখান থেকে পুলিশ তাদের তিনজনকে আটক করেছে।

এদিকে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন গণমাধ্যমকে জানায়, রোববার সকালে বিএনপির ৩০-৪০ জন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা মারমুখী হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের চেষ্টা করে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপির রংপুর মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজনকে আটক করা হয়। এরপর দলীয় কার্যালয়ের ভেতরে তল্লাশি চালিয়ে কিছু ইটপাটকেল উদ্ধার করা হয়েছে।

এছাড়া শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের সকলের বিরুদ্ধে নাশকতাসহ সহিংসতা করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি।

এদিকে গতকাল শনিবার বিএনপি-জামায়াতসহ গণতন্ত্র মঞ্চ হরতালের সমর্থনে মিছিল বের করার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত মিছিল করেনি। তবে আজ রোববার মিছিল করবে বলে দলটির একটি সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে সকাল সাড়ে ১০টায় হরতালবিরোধী শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

উল্লেখ্য, বিএনপি গতকাল (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছিল। সেই সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়ে পণ্ড করে দিয়েছে, এমন অভিযোগ এনে আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে মহাসমাবেশে পুলিশের বাধা ও নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামীও হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। একই দিনে গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলোও হরতাল আহ্বান করেছে।

হারুনকাণ্ডে আরও ৫ দিন সময় পেল তদন্ত কমিটি

হারুনকাণ্ডে আরও ৫ দিন সময় পেল তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট:

হারুনকাণ্ডে তদন্ত কমিটি রিপোর্ট জমা দিতে আরও ৫ কার্যদিবস অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তদন্ত কমিটি সময় বাড়ানোর আবেদন করেছিল। বুধবার বেলা ১১টার দিকে ডিএমপি কমিশনার সময় বাড়ানোর অনুমতি দিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজকে সময় বাড়ানোর আবেদন অনুমোদন দেয়া হয়েছে। তদন্ত শেষ করে রিপোর্ট দিতে অতিরিক্ত ৫ দিন সময় দেয়া হয়েছে।

এদিকে এডিসি সানজিদাকে রংপুর বদলি করার খবরের সত্যতা নেই বলে জানিয়েছেন ফারুক হোসেন। তিনি জানায়, আজ পর্যন্ত এমন কোনো অর্ডার হয়নি। এডিসির বদলি বিষয়ে কোনো আদেশের কপি পাই নাই।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ থানায় ধরে নিয়ে পেটানোর অভিযোগে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ কমিটিকে দুই দিনের মধ্যে তদন্ত করে ডিএমপি কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়। পরবর্তীতে গতকাল মঙ্গলবার তদন্তের সময় বাড়ানোর জন্যে আবেদন করে কমিটি। তার পরিপ্রেক্ষিতেই আজ আরও পাঁচদিন সময় বাড়ানো হলো।

উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ ওঠে।

আহত ব্যক্তিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।