All posts by jitu

১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব মানিবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সে সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসে আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করব, এরকম একটা কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামের শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে দশ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করব। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।

তিনি বলেন, গণতন্ত্র ত্রুটিমুক্ত করতে কাজ করছে আওয়ামী লীগ। যারা নির্বাচন বানচাল করতে হরতাল-অবরোধ করছে তারা গণতান্ত্রিক শক্তি নয়।

দাউদকান্দির শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিতের জন্য আবেদন

 

স্টাফ  রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রাক্কালে  কুমিল্লার  দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ঘোষিত নির্বাচন স্থগিত চেয়ে এলাকার বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবীগণ কুমিল্লা জেলা প্রশাসক ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক ৪টি লিখিত আবেদন করেছেন।

জানা গেছে, গত ৩ ও ৪ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার ভাগলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ভুঁইয়া (কমল) এবং চাঁদগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবী বদিউল আলম পান্না ও জাহাঙ্গীর আলম শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত চেয়ে পৃথক আবেদনে জানান, বিদ্যালয়ের বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মান্নান কমিটির কোন সদস্যকে অবহিত না করেই উপজেলা শিক্ষা অফিসারকে ম্যানেজ করে নতুন দাতা সদস্য তৈরী ও ফরম বিক্রি করছেন। উপজেলা শিক্ষা অফিসার ইতোমধ্যে আগামী ২১ ডিসেম্বরে তারিখে নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন।

উল্লেখ্য ,আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সময়ে সংসদ নির্বাচন ও এই বিদ্যালয়ের নির্বাচনী প্রচারণাকালে সংঘাতের সমূহ আশঙ্কা রয়েছে। আবেদনকারীগণ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে জনস্বার্থে বিদ্যালয়ের নির্বাচন স্থগিতের জন্য অনুরোধ করেছেন।

 

কুমিল্লার ১১ সংসদীয় আসনে ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪৮ জনের বাতিল

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ৭৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৪৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রবিবার ও সোমবার দুইদিন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ১১ টি আসনের ১২১ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনে বাতিল করা হয়েছে ৬ জন প্রার্থীর মনোনয়ন, বৈধ ঘোষণা করা হয়েছে ৬ জনের। কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনে বাতিল হয়েছে ৬ জনের, বাতিল ঘোষণা করা হয়েছে ৬ জন প্রার্থীর মনোনয়ন। কুমিল্লা – ৩ (মুরাদনগর) আসনে বৈধপ্রার্থী সংখ্যা ৬, বাতিল করা হয়েছে ৮ প্রার্থীর মনোনয়ন। কুমিল্লা -৪ ( দেবিদ্বার)আসনে বৈধ ১৩ জন, বাতিল করা হয়েছে একজন প্রার্থীর মনোনয়ন পত্র। কুমিল্লা -৫ (বুড়িচং ও বি পাড়া) আসনে বৈধ ৬ জন, বাতিল ৫ জন। কুমিল্লা- ৬ (সদর) আসনে মনোনয়নের বৈধতা পেয়েছেন ৫ জন, বাতিল করা হয়েছে ১ জনকে। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মনোনয়ন পত্র বৈধতা পেয়েছে ৬ জন, বাতিল হয়েছে ৪ জনের। কুমিল্লা ৮ (বরুড়া) আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছে ১১ জন, বাতিল হয়েছে ৪ জনের মনোনয়ন পত্র। কুমিল্লা-৯ ( লাকসাম ও মনোহরগন্জ) আসনে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ হয়েছে, ৩ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। কুমিল্লা -১০ (নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ) আসনে ৩ জন বৈধ, ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কুমিল্লা – ১১ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে ৫ জনকে, বাতিল করা হয়েছে ৬ জনকে।

১৯৮৫ জনের মনোনয়ন বাছাইয়ে টিকলো, বাতিল ৭৩১

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর ২৯টি দল ও স্বতন্ত্র মিলে ৩০০ আসনে দুই হাজার ৭১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আর যাচাই-বাছাই শেষে এক হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭৩১ জনের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তবে, কোনো দলের কতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বা কী কারণে বাতিল হয়েছে তা জানায়নি ইসি।

অশোক কুমার দেবনাথ বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আপিল করতে পারবেন। এ বিষয়ে আপিল শুনানি হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলে আজ বিকেল ৪টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ফের বুধবার (৬ ডিসেম্বর) থেকে সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

পাশাপাশি আগামী রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, বুধবার (৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধ পালিত হবে। আর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

নবম দফায় দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে সোমবার। সেই হিসাবে বুধবার থেকে শুরু হতে যাওয়া অবরোধটি দশম দফার অবরোধ।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মনোনয়ন বৈধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে যাচাই-বাছাই শেষে তার (সৈয়দ সায়েদুল হক সুমন) মনোনয়নটি বৈধ হিসেবে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ। এ সময় ব্যারিস্টার সুমন সেখানে উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে অনুভূতি প্রকাশকালে ব্যারিস্টার সুমন সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন- নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে মনোনয়ন বৈধ হওয়া। অনেকেই বিষয়টা নিয়ে টেনশনে ছিলেন। আপাতত টেনশন মুক্ত হওয়া গেছে। এখন মূল যুদ্ধ, মানুষের দ্বারে দ্বারে যাওয়া ও তাদের ভালোবাসা পাওয়া।

হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সুমন ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. মাহবুব আলী, জাতীয় পার্টির আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন, ইসলামী ঐক্যজোটের আবু ছালেহ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মো. মুখলেচুর রহমান, জাকের পার্টির সৈয়দ আবুল খায়ের, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল মুমিন ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের মো. রাশেদুল ইসলাম খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জামাল হোসেনের মনোনয়ন অবৈধ ঘোষিত হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

একযোগে ৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ বিভাগের ৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সংস্থাটির উপ সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন আটটি বিভাগের প্রথম পর্যায়ে ৪৭ জন উপজেলা নির্বাহী অফিসাকে প্রস্তাবিত কর্মস্থলে বদলির সম্মতির জন্য অনুরোধ করা হয়েছে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘উল্লিখিত আটটি বিভাগের প্রথম পর্যায়ে ৪৭ জন উপজেলা নির্বাহী অফিসারকে প্রস্তাবিত কর্মস্থলে বদলির বিষয়ে নির্বাচন কমিশন সম্মতি প্রদান করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।

তাতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন। ইউএনওদের পাশাপাশি সব থানার ওসি পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয় ইসি।

সূত্র: যুগান্তর

দেবিদ্বারে হানাদার মুক্ত দিবস পালিত

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার:

কুমিল্লা দেবিদ্বারে ৪ষ্ঠা ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের রক্তঝরা এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে দেবিদ্বার মুক্ত হয়েছিল।

একাত্তরের ৩ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে হানাদারদের বিরুদ্ধে আক্রমণ চালালে পাকিস্তানী হানাদাররা এ রাতে পিছু হটে এবং দেবিদ্বার ছেড়ে পালালে ৪ ডিসেম্বর দেবিদ্বার শত্রুমুক্ত হয়।

সোমবার সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে কুমিল্লা- ৪ দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের উপস্থিতিতে উপজেলা আ’লীগ,উপজেলা প্রশাসন,থানা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তারা বঙ্গবন্ধু মোড়ালে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র ্যলী বের করা হলে র ্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বর ও গণকবরে এসে সকল শহীদদের স্বরনে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল (এমপি), কুমিল্লা জেলা উত্তর আ’লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী,পৌর মেয়র সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, থানা অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার. সাংবাদিক সহ আরো অনেকে।

আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারে প্রতিচ্ছবি হবেন আব্দুস সবুর : ব্যারিষ্টার মহিউদ্দিন মিন্টু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ মিন্টু বলেন, আব্দুস সবুর ভাই নৌকার মাঝি হয়েছেন। আমরা অত্যন্ত খুশি, দাউদকান্দি তিতাসবাসিও খুশি এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ । দাউদকান্দি তিতাসের জনগনের কাছে আব্দুস সবুর মরহুম আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারে প্রতিচ্ছবি হয়ে থাকবেন । আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার দাউদকান্দিতে যখন মন্ত্রী ছিলেন উন্নয়ন কি করেছে সেটার ফিরিস্তি নাইবা টানলাম, একজন মানুষ সবার উপকার করতে পারে না, কিন্তু আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার বৃহত্তর দাউদকান্দির কোন মানুষের ক্ষতি করেছে এমন নজির নেই।

রবিবার বিকালে দাউদকান্দির বলদাখাল রাঙ্গা বউ কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কুমিল্লা -১আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহ-সভাপতি মো: বশিরুল আলম মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসা: পারুল আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী, খলিল তালুকদার, উপ-দপ্তর সম্পাদক জাকির হাজারী, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ৩য় অবস্থানে ব্রাহ্মণপাড়ার মোশাররফ কলেজ, শিক্ষার্থীদের আনন্দ র‍্যালি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি’র ফল প্রকাশে জিপিএ-৫ প্রাপ্ত ও সেরা কলেজের তালিকায় স্থান করে নিয়েছে জেলার মফস্বলের শিক্ষা প্রতিষ্ঠান মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলেজটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার মানোন্নয়নে সব সময় এগিয়ে থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করতে সক্ষম হয়েছে।

এ বছর এ কলেজটি পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত তালিকায় কলেজটি কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলার মধ্যে ৩য় অবস্থানে রয়েছে।

এবার এইচএসসি’র ফল প্রকাশে মোশাররফ কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করায় গতকাল রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা কলেজ চত্ত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করে। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করে একই স্থানে এসে শেষ হয়।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর ২০২৩ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় থেকে ৬৫৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৫১ জন জিপিএ-৫ সহ ৬৫৫ জন পাশ করেছে। এছাড়া এ কলেজের কারিগরি (বিএম) শাখা থেকে ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই পাশ করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন শিক্ষার্থী।

ভালো ফলাফলের বিষয়ে অনুভূতি প্রকাশ করে কলেজটির অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, বলেন, কুমিল্লা জেলার এতদ্বঞ্চলে সাধারণ মানুষের কাছে শিক্ষার আলো ছাড়িয়ে দিতে কলেজটি বদ্ধ পরিকর।

এ কলেজটির প্রতিটি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এমনকি ম্যানেজিং কমিটির সদস্যরা সবাই মিলে বছরজুড়ে সচেষ্ট থাকে লেখাপড়ার মানোন্নয়নে। যে কারনে কলেজটি প্রতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে ভালো ফলাফল করতে সক্ষম হয়। আমাদের এমন ভালো ফলাফলের ধারাবাহিকতা রক্ষায় আমরা সব সময় অঙ্গিকারাবদ্ধ।

অধ্যক্ষ আলতাফ হোসেন আরও বলেন, এই সাফল্য অর্জনে কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী’র সার্বক্ষণিক দিকনির্দেশনায় ও সহযোগিতায় এই সাফল্য অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এছাড়া কলেজের একঝাঁক শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীদের প্রস্তুত করে গড়ে তোলার ফসল হচ্ছে এই ফলাফল। এসময় তিনি কলেজ প্রতিষ্ঠাতা, পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।