All posts by jitu

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, ১ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। এর পরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আসলাম। তিনি একজন মুরগী ব্যবসায়ী ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোররাত ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। একটু দূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা শুনেছি দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কুমিল্লায় চালককে হত্যা : চাঁদপুরে কোটি টাকার মালামাল সহ ১ ডাকাত আটক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালককে হত্যা করে এক কোটি টাকার মালামাল সহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চাঁদপুরে মোঃ রুবেল (২৭) নামে এক ডাকাতকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

আটকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত সোমবার (১১ ডিসেম্বর) রাতের যেকোন সময় অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিন থানা এলাকার বাতাবাড়িয়া নামকস্থানে কাভার্ডভ্যান গাড়ীর চালক মোঃ আব্দুল কাদের (৫৩) কে পরিকল্পিতভাবে হত্যা করে তার মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে কাভার্ডভ্যান ভর্তি এক কোটি টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী ছিনতাই করে চাঁদপুর নিয়ে আসে।

পরে সোমবার (১১ ডিসেম্বর) দুপুর প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম এর নির্দেশনায় এসআই মোঃ আবদুছ ছামাদ আজাদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড পূর্ব শ্রীরামদী দাসপাড়া চাঁদপুর নুরীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে সেলিম চৌধুরীর অটো গ্যারেজের সামনে রাস্তার উপর চোরাই গার্মেন্টস পণ্য আনলোড করাকালে ঢাকা মেট্রো-ট-১৭-০৫৩৫ নম্বরের একটি কাভার্ডভ্যান এবং ছিনতাইকৃত গার্মেন্টস পণ্যের মালিক হিসাবে উপস্থিত মোঃ রুবেল (২৭) কে পেয়ে কাভার্ডভ্যানে থাকা গার্মেন্টস পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদকালে সে সন্তোষ জনক জবাব দিতে না পারায় তাকে আটক করে।

জব্দকৃত ৩২৮ কার্টুন গার্মেন্টস পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা এবং কাভার্ডভ্যানের মূল্য ৪৫ লক্ষ টাকা। আটকৃত আসামী রুবেল নোয়াখালী জেলার সুধারাম থানার বন্দেরহাট আলী একাব্বর মাস্টার বাড়ীর হুমায়ুন কবিরের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর থানার ৩৭নং ওয়ার্ডের নিমতলা এলাকায় বসবাস করছেন। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামীদের শনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।

পরবতীর্তে ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে জানা যায়, জব্দকৃত কভার্ডভ্যান গাড়ী চালক নিহত মোঃ আব্দুল কাদের (৫৩) গাজীপুর সদর উপজেলার বালিয়ারা এলাকার মৃত হামেদ শেখ এর ছেলে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায়, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/আবদুছ ছামাদ আজাদ এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত অভিযান পরিচালনা করেন।

দুই দিনে পেঁয়াজের দাম কমেছে ৪০-৫০ টাকা

ডেস্ক রিপোর্ট:

নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করায় এবং ক্রেতারা পেঁয়াজ কেনা কমিয়ে দেওয়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে পেঁয়াজের দাম কমেছে ৩০-৫০ টাকা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানী কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজের বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি মুড়িকাটা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা, পুরান পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকা, রাজশাহীর পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে।

এই একই বাজারে গত দুই দিন আগে প্রতি কেজি নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৪০ টাকা, পাবনার পেঁয়াজ বিক্রি হয়েছিল ২০০ টাকা, রাজশাহীর পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৯৬ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৮০ টাকা দরে।

পেঁয়াজের দাম কমার কারণ জানতে চাইলে আব্দুল মান্নান নামের এক বিক্রেতা বলেন, বাজারে মুড়িকাটা পেঁয়াজ আসতে শুরু করেছে। নতুন এই পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এছাড়া পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারাও পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছিলেন। পেঁয়াজ যেহেতু পচে যায়, বেশিদিন রাখা যায় না। পেঁয়াজের দাম কমার এটিও একটি কারণ।

পেঁয়াজের দাম কমায় ব্যবসায়ীদের লোকসান হচ্ছে বলেও জানান তিনি।

আব্দুল মান্নান বলেন, দাম যখন বেশি ছিল তখন পেঁয়াজ কিনেছি। ক্রেতা না থাকায় সব বিক্রি করতে পারিনি। এখন দাম কমায় লোকসানে বিক্রি করতে হচ্ছে। ১৮০ টাকা কেজিতে পেঁয়াজ কিনে ১৫০-১৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে। লেবার খরচ দেওয়ার পর প্রতি কেজিতে লোকসান হচ্ছে ৩০-৩২ টাকা।

একই কথা বলেন আনিস নামের আরেক বিক্রেতা। তিনি বলেন, ১৮৮ টাকা করে পেঁয়াজ কিনে ১৭০ টাকায় বিক্রি করতে হচ্ছে। লোকসান হলেও বিক্রি করতে হবে৷ নইলে নষ্ট হয়ে যাবে। মুড়িকাটা পেঁয়াজ আসায় বাজারে দাম কমছে।

পেঁয়াজের দাম কমায় স্বস্তি প্রকাশ করলেও সন্তুষ্ট নন ক্রেতারা। তারা জানান, প্রতি কেজি পেঁয়াজ ৩০-৪০ টাকা হলে ভালো হতো। বাজারে প্রতিটি জিনিসেরই দাম বেশি৷

এদিকে পেঁয়াজের নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযান পরিচালনা করতে দেখা যায়। মঙ্গলবার সকালেও কারওয়ান বাজারে অভিযান চালায় একটি টিম। এ সময় বাড়তি দামে পেঁয়াজ বিক্রি, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ দেখাতে না পারা ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম বলেন, পেঁয়াজের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আজ ঢাকা মহানগরে ভোক্তা অধিদপ্তরের তিনটি টিম কাজ করছে। তারই অংশ হিসেবে আমি কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করলাম। এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দেখলাম, তারা পেঁয়াজ কোথা থেকে নিয়ে আসছেন, কোথায় বিক্রি করছেন এ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য সংরক্ষণ করছেন না। মূল্য তালিকাও দৃশ্যমান স্থানে প্রদর্শন করছেন না। এজন্য তিনজন ব্যবসায়ীকে ১৫ হাজার করো মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়েছে জানিয়ে তিনি আরো বলেন, যখন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো, তখন কোনো লেবার খরচ বাড়েনি। তারপরও অতি মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী এর দাম বাড়িয়ে দিয়েছে। তাদের আমরা মনিটরিং করছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় তিনি আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সরবরাহও বেড়েছে। আশা করি বাজার স্বাভাবিক হয়ে যাবে।

পেঁয়াজের বাজার অস্বাভাবিক বৃদ্ধির পর প্রতিদিন সারাদেশের বাজারে অভিযান পরিচালনা করে আসছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১১০ টাকার পেঁয়াজ বেড়ে দাঁড়িয়েছে ২৫০ টাকা। এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকায় হতাশ প্রকাশ করেছে ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।

ডাঙ্কিতে যে নতুনত্ব নিয়ে আসছেন শাহরুখ খান

ডেস্ক রিপোর্ট:

এ বছর বলিউড অভিনেতা শাহরুখ খানকে একাধিক ছবিতে দেখা গেছে। তাই বলা হয় ২০২৩ ‘বাদশার’ বছর। ‘পাঠান’-এর হাত ধরে লকডাউন পরবর্তী সময়ে অক্সিজেন পেয়েছে বলিউডের বক্স অফিস। হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছে ‘পাঠান’।

‘পাঠানের’ পর ‘জওয়ানেও’সাফল্য পান তিনি। ‘পাঠানে’ সিক্রেট এজেন্টের চরিত্রের পর ‘জওয়ানে’ অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যায় শাহরুখকে। পরের ছবি ‘ডাঙ্কিতে’ নাকি সেনার পোশাকে দেখা যাবে ‘বাদশাকে’।

প্রথমবারের মতো বলিউড পরিচালক রাজকুমার হিরানি এবং শাহরুখ একত্রে কাজ করেছেন। রাজকুমার হিরানি সব সময় একটু অন্য ধরনের ছবি করেন। তার ছবিতে কমেডি যেমন থাকে, তেমন সেই কমেডির ছলেই দেওয়া হয় কঠিন বার্তা। ‘মুন্না ভাই এমবিবিএস’ থেকে শুরু করে ‘পিকে’ হোক বা ‘শালা খড়ুস’ কিংবা ‘থ্রি ইডিয়েটস’ সবটাতেই একদম অন্য রকম একটা ছাপ আছে পরিচালকের ছবিতে। শাহরুখের সঙ্গে এতদিন তিনি কাজ করেননি, কারণ শাহরুখের মতো চরিত্র তিনি ভাবেননি।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে- রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে নতুন রূপে ধরা দেবেন শাহরুখ। ‘জওয়ান’ এবং ‘পাঠান’— দুই ছবিতেই অ্যাকশন রূপে বড়পর্দায় হাজির হয়েছিলেন শাহরুখ। তবে এই ছবিতে তিনি কিন্তু দিক পরিবর্তন করেছেন। ‘ডাঙ্কি’ যে পুরোপুরি কমেডি ছবি হতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। ছবির প্রেক্ষাপট পাঞ্জাব এবং অভিভাসন। সেখানে তরুণ প্রজন্মের মধ্যে উন্নত জীবনের আশায় লন্ডনে যাওয়ার প্রবণতাকে তুলে ধরা হয়েছে। ছবিতে শাহরুখের চরিত্রটি লন্ডনে যাওয়ার জন্য মরিয়া। বাদশার সঙ্গে এ সফরে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল। বিশেষ চরিত্রে রয়েছেন বোমান ইরানি। সিনেমা বিশেষজ্ঞদের অনুমান এ ছবি বক্স অফিসে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতোই সাফল্য পাবে।

আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের এ বছরের তৃতীয় ছবি ‘ডাঙ্কি’।

তিন ফরম্যাটেই অধিনায়ক থাকছেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন, আসর শেষে তিনি আর অধিনায়কত্ব করবেন না। তবে আনুষ্ঠানিকভাবে এখনো বিসিবিকে কিছু বলেননি তিনি। যে কারণে বিসিবি বলছে এখনও সব ফরম্যাটের অধিনায়ক সাকিবই।

আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এখানে আবার বিবেচনার পার্টটা আসে না। এখনও সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে। যেটা নিউজিল্যান্ড সিরিজ সেই সিরিজের জন্যই তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। ইমপ্যাক্ট সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে আপনারা জানেন। লং টাইমের মধ্যে সে এখনো আমাদের অধিনায়ক, সব ফরম্যাটের।’

‘আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক। তো এখন সামনের ফরম্যাটগুলোই সে অধিনায়ক থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন কিন্তু এখনো উঠেনি। আমরা জানি সে এখনো অধিনায়ক। আমরা চাই বাকিগুলোই সে অধিনায়ক থাকুক।’-যোগ করেন জালাল।

সাকিব সবসময় খেলবে না, যে কারণে আরো দুইজন অধিনায়ক প্রস্তুত রাখা হচ্ছে। জালাল বলেন, ‘একটা সময় আসবে অবশ্যই সাকিব আর খেলা চালিয়ে যাবে না। হয়ত কোনো ফরম্যাট কমিয়ে দিবে। আমাদের হাতে শান্ত আছে, আমরা যাদের সম্ভাব্য অধিনায়ক বলি শান্ত আছে, মিরাজ আছে। আমাদের কাছে মনে হয়, বোর্ডের কাছে মনে হয় বাংলাদেশকে সামনে থেকে লিড করার মতো সক্ষমতা তাদের দুজনেরই আছে।’

কুমিল্লায় মাইকিং করে পেঁয়াজ বিক্রির ঘোষণা, ২ জনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীদের নিয়ে সভা করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভায় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে প্রয়োজনে মাইকিং ঘোষণা দেয় দোকান মালিক সমিতি।

কুমিল্লা দোকান মালিক সমিতির সম্পাদক আতিক উল্যাহ খোকন বলেন, বুধবার থেকে সবাইকে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হবে। তাহলে পেঁয়াজের দাম ১০০ টাকার নিচে নেমে আসবে। প্রয়োজনে মাইকিং করে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে। তবে কেউ যেন অবৈধ মজুদ না করতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, কুমিল্লা নগরীতে অন্তত ৩০টি দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়। পেঁয়াজের ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদে অমিল থাকায় দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও ৬০ জন ফিরে পেলেন প্রার্থিতা, বাতিল ৩৫

ডেস্ক রিপোর্ট:

মনোনয়ন বাতিলের বিপক্ষে নির্বাচন কমিশনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৬০ প্রার্থী। এদিন ৯৮ জনের শুনানি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি হয়েছে। শুনানিতে প্রার্থিতা বাতিল হয়েছে ৩৫ জনের।এছাড়া স্থগিত হয়েছে ৩ জন প্রার্থীর।

নির্বাচন কমিশনের শুনানিতে গত ৩ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ১৬৯ প্রার্থী। রোববার এ শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে শুনানিতে চার কমিশনার উপস্থিত ছিলেন।

ক্রমিক অনুসারে মঙ্গলবার ২০১ থেকে ৩০০ নম্বর পর্যন্ত আপিল শুনানি হয়। বুধবার ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের পালা আসবে। বৃহস্পতিবার ৪০১ থেকে ৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়ে নির্বাচন কমিশনে।

দাউদকান্দিতে ম্যাজিস্ট্রেট আসার খবরে কমলো পেঁয়াজের দাম

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দি পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত নামতে দেখেই পেঁয়াজের কেজি অন্তত ৮০ টাকা কমিয়েছেন বিক্রেতারা। রান্নায় অন্যতম প্রয়োজনীয় এ উপাদানটি আগে তারা ১৯০-২০০ টাকায় বিক্রি করছিলেন।

মঙ্গলবার দুপুরে বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয় বলে ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান।

এদিকে মেজিস্ট্রেট আসার খবরে পৌর বাজারের ভাই-ভাই বাণিজ্যালয়ে ক্রেতাদের উপচে পড়া ভীর ঠেলে সামনে গিয়ে দেখি ক্রেতারা পেঁয়াজ কিনছে কেজি প্রতি ১১০টাকা দরে।

কেজি প্রতি ১১০টাকায় পেঁয়াজ কিনে বেজায় খুশি ক্রেতারাও। কয়েকজন ক্রেতা জানান, গতকাল এবং আজ সকালেও কেজি প্রতি ২০০ টাকা দরে পেয়াজ বিক্রি হয়েছে। এখন ১১০ টাকা কেজি কিনেছি।

ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান, পৌরসভার বাজারে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানকে মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।”

তিনি বলেন, কোনো সিন্ডিকেটের খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দোকানে সঠিক মূল্যতালিকা টানানোর জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

আগামীকাল থেকে শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট:

আগামীকাল (বুধবার) থেকে দেশের কয়েক জেলায় শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল (বুধবার) থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশেই শীতের অনুভূতি বাড়তে পারে। এ ছাড়া, আগামী কয়েকদিন কুয়াশাও থাকবে। আজ মধ্যরাত থেকে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল থেকে কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মেসি-রোনাল্ডোর লড়াই দেখা যাবে সৌদিতে

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাবের বিপক্ষে খেলার খবর নাকচ করেছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি। কিন্তু সোমবার মায়ামি নিশ্চিত করেছে, সৌদি আরবে দুটি প্রীতি খেলতে যাচ্ছে তারা।

মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি সোমবার বলেছে, ২৯ জানুয়ারি সৌদি পাওয়ার হাউজ তথা নেইমারের আল হিলালের মুখোমুখি হবে তারা। ভেন্যু রিয়াদের কিংডম এরেনা। তার পর ১ ফেব্রুয়ারি একই ভেন্যুতে মেসিরা মুখোমুখি হবে আল নাসরের। এই ম্যাচেই মেসির সঙ্গে দেখা হবে রোনাল্ডোর।

সৌদি আরবে খেলার পর মায়ামি চলে যাবে হংকং। সেখানে চীনা অঞ্চলের প্রথম বিভাগ থেকে বানানো একটি দলের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটা হওয়ার কথা ৪ ফেব্রুয়ারি। তার পর তারা চলে যাবে যুক্তরাষ্ট্র। সেখানে ফেব্রুয়ারিতে শুরু হবে মেজর লিগ সকারের নতুন মৌসুম।