Tag Archives: পেঁয়াজ

কুমিল্লা চকবাজারে মাইকিং করে ৮৫ টাকায় পেঁয়াজ বিক্রি

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় বাজার নিয়ন্ত্রণে মাইকিং করে ৮৫ টাকায় কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। একদিনের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা কম পাওয়ায় লাইন ধরে পেঁয়াজ কিনছেন ক্রেতারা।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর চকবার এলাকায় এই চিত্র দেখা গেছে।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। কোথাও কোনো সংকট নেই। দু-একদিনের মধ্যে দাম আরও কমবে। যার কারণে সকাল থেকে মাইকিং করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

ব্যবসায়ীরা আরও জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিলে যার লাগবে এক কেজি, সে কিনেছে এক বস্তা। এতে বাজারে প্রভাব পড়েছে। আর এরই সুযোগ নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। এখন দেশি পেঁয়াজ ওঠা শুরু হয়েছে। আশা করি দাম আরও কমবে।

কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন বলেন, আমার ঘোষণা দিয়েছিলাম ১০০ টাকার নিচে পেঁয়াজ বিক্রি করবো। নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় দামও কমেছে। এখন কারো অতিরিক্ত পেঁয়াজ কেনার প্রয়োজন নেই। আগামী সপ্তাহে পেঁয়াজের দাম আরও কমবে। প্রতিদিনই ৫-১০ টাকা করে কমতে থাকবে। আমরা কুমিল্লার মানুষকে কথা দিয়েছিলাম কম দামে পেঁয়াজ খাওয়াবো। সেই কথা রাখতে পেরেছি।

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে নগরীর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। এর পরদিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নগরীতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে অংশ নেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকনসহ অন্যান্য নেতারা।

এসময় আতিক উল্যাহ খোকন ঘোষণা করেন বুধবার (১৩ ডিসেম্বর) থেকে সবাইকে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হবে। প্রয়োজনে মাইকিং করে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি হবে। এ ঘোষণার পরই বুধবার মাইকিং করে ৮৫ টাকায় কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

দুই দিনে পেঁয়াজের দাম কমেছে ৪০-৫০ টাকা

ডেস্ক রিপোর্ট:

নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করায় এবং ক্রেতারা পেঁয়াজ কেনা কমিয়ে দেওয়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে পেঁয়াজের দাম কমেছে ৩০-৫০ টাকা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানী কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজের বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি মুড়িকাটা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা, পুরান পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকা, রাজশাহীর পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে।

এই একই বাজারে গত দুই দিন আগে প্রতি কেজি নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৪০ টাকা, পাবনার পেঁয়াজ বিক্রি হয়েছিল ২০০ টাকা, রাজশাহীর পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৯৬ টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৮০ টাকা দরে।

পেঁয়াজের দাম কমার কারণ জানতে চাইলে আব্দুল মান্নান নামের এক বিক্রেতা বলেন, বাজারে মুড়িকাটা পেঁয়াজ আসতে শুরু করেছে। নতুন এই পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এছাড়া পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারাও পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছিলেন। পেঁয়াজ যেহেতু পচে যায়, বেশিদিন রাখা যায় না। পেঁয়াজের দাম কমার এটিও একটি কারণ।

পেঁয়াজের দাম কমায় ব্যবসায়ীদের লোকসান হচ্ছে বলেও জানান তিনি।

আব্দুল মান্নান বলেন, দাম যখন বেশি ছিল তখন পেঁয়াজ কিনেছি। ক্রেতা না থাকায় সব বিক্রি করতে পারিনি। এখন দাম কমায় লোকসানে বিক্রি করতে হচ্ছে। ১৮০ টাকা কেজিতে পেঁয়াজ কিনে ১৫০-১৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে। লেবার খরচ দেওয়ার পর প্রতি কেজিতে লোকসান হচ্ছে ৩০-৩২ টাকা।

একই কথা বলেন আনিস নামের আরেক বিক্রেতা। তিনি বলেন, ১৮৮ টাকা করে পেঁয়াজ কিনে ১৭০ টাকায় বিক্রি করতে হচ্ছে। লোকসান হলেও বিক্রি করতে হবে৷ নইলে নষ্ট হয়ে যাবে। মুড়িকাটা পেঁয়াজ আসায় বাজারে দাম কমছে।

পেঁয়াজের দাম কমায় স্বস্তি প্রকাশ করলেও সন্তুষ্ট নন ক্রেতারা। তারা জানান, প্রতি কেজি পেঁয়াজ ৩০-৪০ টাকা হলে ভালো হতো। বাজারে প্রতিটি জিনিসেরই দাম বেশি৷

এদিকে পেঁয়াজের নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযান পরিচালনা করতে দেখা যায়। মঙ্গলবার সকালেও কারওয়ান বাজারে অভিযান চালায় একটি টিম। এ সময় বাড়তি দামে পেঁয়াজ বিক্রি, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ দেখাতে না পারা ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম বলেন, পেঁয়াজের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আজ ঢাকা মহানগরে ভোক্তা অধিদপ্তরের তিনটি টিম কাজ করছে। তারই অংশ হিসেবে আমি কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করলাম। এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দেখলাম, তারা পেঁয়াজ কোথা থেকে নিয়ে আসছেন, কোথায় বিক্রি করছেন এ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য সংরক্ষণ করছেন না। মূল্য তালিকাও দৃশ্যমান স্থানে প্রদর্শন করছেন না। এজন্য তিনজন ব্যবসায়ীকে ১৫ হাজার করো মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়েছে জানিয়ে তিনি আরো বলেন, যখন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো, তখন কোনো লেবার খরচ বাড়েনি। তারপরও অতি মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী এর দাম বাড়িয়ে দিয়েছে। তাদের আমরা মনিটরিং করছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় তিনি আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সরবরাহও বেড়েছে। আশা করি বাজার স্বাভাবিক হয়ে যাবে।

পেঁয়াজের বাজার অস্বাভাবিক বৃদ্ধির পর প্রতিদিন সারাদেশের বাজারে অভিযান পরিচালনা করে আসছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১১০ টাকার পেঁয়াজ বেড়ে দাঁড়িয়েছে ২৫০ টাকা। এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকায় হতাশ প্রকাশ করেছে ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।

ফেসবুকে আগামী ৭ দিন পেঁয়াজ কেনা বন্ধের ডাক

ডেস্ক রিপোর্ট:

প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ায় দেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ২৪ ঘণ্টা পার না হতেই এক লাফে ভারতীয় পেঁয়াজের দাম হয়েছে দ্বিগুণ। দেশি পেঁয়াজের কেজি ২৪০ এ এসে ঠেকেছে। উচ্চমূল্যে পেঁয়াজ কিনতে গিয়ে নাভিশ্বাসে সাধারণ ক্রেতারা। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগামী ৭ দিন পেঁয়াজ কেনা বন্ধের ডাক দিয়েছেন তারা।

‘আগামী সাতদিন পেঁয়াজ বর্জন’ শীর্ষক ইভেন্ট খোলা হয়েছে ফেসবুকে। এ ইভেন্টে এখন পর্যন্ত ৩২ হাজার মানুষ আগ্রহ দেখিয়েছেন। ক্রমেই বেড়ে চলেছে এর সংখ্যা।

ইভেন্টের চাওয়া প্রসঙ্গে বলা হয়, ‘সবাই মিলে সাতদিনের জন্য পেঁয়াজ কেনা বন্ধ করি। যেহেতু এটা পচনশীল পণ্য, তাই ব্যবসায়ী এবং মজুতদাররা অটোমেটিক লাইনে চলে আসবে (সিন্ডিকেট ভেঙে যাবে)।’

এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অভ্যন্তরীণ বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে তারা আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি করবে না।

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা শুক্রবার (৮ ডিসেম্বর) বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হলে রাজধানী ঢাকাসহ সারা দেশের খুচরা বাজারে পেঁয়াজের দাম হুহু করে বাড়তে থাকে। ফলে রোববার এসে খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি দাঁড়ায় ২২০ থেকে ২৪০ টাকা।

অন্যদিকে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। অনলাইন শপ চাল ডাল ডটকম, স্বপ্ন, ডেইলি শপসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মেও পেঁয়াজের দাম রাখা হচ্ছে ২১৯ টাকা।

এ অবস্থায় পেঁয়াজের দাম বাড়তি হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকার দোকানগুলোতে পেঁয়াজ কেনা ও বিক্রির পরিমাণ অনেকটাই কমে গেছে। কারণ এত বেশি দাম হওয়ায় সাধারণ ক্রেতারা পেঁয়াজ কিনছেন অল্প পরিমাণে।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর ভারত প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করে দেয়, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলা হয়েছিল। তার আগেই দেশটি পেঁয়াজ একেবারে রপ্তানি বন্ধ করে দিল।

আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছি না: কৃষিমন্ত্রী

আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছি না: কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পেঁয়াজ ও আলুর দাম বেঁধে দিলেও সরকার তা বাস্তবায়ন করতে পারছে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছি না, আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছি না। এ নিয়ে সমালোচনা করেন, আমরা মেনে নেবো। কারণ, এটা আমাদের দুর্বল দিক। কিন্তু আমাদের সবল দিকগুলোও দয়া করে মিডিয়াতে তুলে ধরবেন।

কৃষিমন্ত্রী বলেন, সব বিবেচনায় এ বছর চাল উৎপাদন, বিতরণ এবং মানুষের খাদ্য নিরাপত্তায় আমরা একটা ভালো অবস্থায় রয়েছি। আমি সাংবাদিক বন্ধুদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি, এ ব্যাপারগুলোও যেন গণমাধ্যমে তুলে ধরা হয়।

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ নিয়ে সরকার হাল ছেড়ে দিয়েছে কি না- জানতে চাইলে ড. আব্দুর রাজ্জাক বলেন, মোটেই হাল ছেড়ে দেইনি। আমরা এখনো যথেষ্ট তৎপর রয়েছি। উৎপাদনের পার্টটা হলো আমাদের কৃষি মন্ত্রণালয়ের। বাজার মনিটর করার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। তারপরও আমি দায়িত্ব এড়াতে পারি না। কেবিনেট সিস্টেমে সব মন্ত্রী এটার জয়েন্ট রেনপনসিবিলিটি, সব সময়ই এটা।

তিনি জানান, আমরা চেষ্টা করছি। কোল্ড স্টোরেজের মালিকরা খুবই অসহযোগিতা করছে। তারা ঠিকমত সরবরাহ করছে না, এটা বড় অন্তরায়। নানাভাবে আমাদের কর্মকর্তারা মাঠ লেভেলে তাদের চাপ সৃষ্টি করলে সাপ্লাই-ই দেয় না, বন্ধ করে চলে যায়। এ ধরনের কিছু ব্যাপার রয়েছে। তা সত্ত্বেও প্রচেষ্টা অব্যাহত আছে।

জুলাই থেকে এ পর্যন্ত এই মরা কার্তিকেও চাল আমদানি করতে হয়নি জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এদিক দিয়ে আমরা খুব একটা ভালো অবস্থায় আছি। গত বোরো মৌসুমে চাল সংগ্রহের যে টার্গেট নির্ধারণ করেছিলাম সেটি অর্জিত হয়েও দুই লাখ টন বেশি সংগ্রহ করতে পেরেছি। এ মুহূর্তে বাজারে চালের দামে নিম্নমুখী ট্রেন্ড রয়েছে। এটা সম্ভব হয়েছে বাজারে চালের দাম কম, সরকারি দাম বেশি, যেজন্য মিলাররা আমাদের চাল দেওয়ার জন্য খুবই আগ্রহী। এখনো তারা চাল দিতে চাচ্ছে।

আব্দুর রাজ্জাক আরও বলেন, একজন মানুষের জীবনধারণের জন্য যে খাদ্য প্রয়োজন তার ৬৫-৭০ ভাগই খরচ হয় চাল কিনতে। অর্থাৎ ৭০ ভাগই খরচ হয় চাল কেনার জন্য। কাজেই চালটা কিন্তু খাদ্যের প্রথম ও প্রধান উপাদান। পেঁয়াজের দাম আলুর দাম কতটুকু সেটা আমি ওইভাবে বলতে চাই না। তবে চাল নিয়ে কোনো সমস্যা নেই। মানুষের যে খাদ্য নিরাপত্তা, ন্যূনতম যে খাবারটা সেটা কিন্তু কিনতে পারছে।

কৃষিমন্ত্রী জানায়, পেঁয়াজ আমাদের দেশে পর্যাপ্ত উৎপাদন হয়, কিন্তু পেঁয়াজ খুবই পচনশীল পণ্য। এপ্রিল-মে মাসে পেঁয়াজ তোলা হয়, তারপর দুই মাসের বেশি থাকে না। পেঁয়াজ পচে যায়, শুকিয়ে যায়। এজন্য পেঁয়াজ নিয়ে আমাদের সমস্যা। নভেম্বর-ডিসেম্বরে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। গত বছর যথেষ্ট পেঁয়াজ উৎপাদন হয়েছিল, চাষিরা বিক্রি করতে পারেনি। আলুরও একই অবস্থা, রাস্তায় ফেলে দিয়েছে। এবার পরিস্থিতি উল্টো। উৎপাদন কম হওয়ার সুযোগে কোল্ড স্টোরেজ মালিক ও আড়তদাররা ব্যাপকভাবে মুনাফা করছে। এতো লাভ করা উচিত না। ২০ টাকা খরচ হয় না, বিক্রি করছে ৪০-৫০ টাকায়।

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনা হয়েছে জানিয়ে ড. রাজ্জাক জানান, ওভাবে পেঁয়াজ রাখলে ৫ শতাংশও পচে না। এ প্রযুক্তি যদি আমরা নিয়ে যেতে পারি আগামী দুই বছরের মধ্যে বিদেশ থেকে কোনো পেঁয়াজ আমদানি করতে হবে না। নতুন জাত বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন, হেক্টরপ্রতি ৪০-৫০ টন উৎপাদন হয়। আগামী দিনে বাংলাদেশে পেঁয়াজেরও কোনো সমস্যা থাকবে না।

কৃষিমন্ত্রী জানায়, পেঁয়াজ কেন আমদানি করতে দেইনি, আমরা চেয়েছি গত বছর কৃষকরা দাম পায়নি এ বছর তারা দাম পাক, এটা আমাদের নীতি ছিল। আপনারা সমালোচনা করেন আমি সেটা মাথা পেতে নিচ্ছি। আমাদের লক্ষ্য হলো পেঁয়াজে স্বনির্ভরতা অর্জন। সেজন্য সাময়িক একটু কষ্ট হয়েছে, মানুষ বেশি দামে কিনেছে, কিন্তু চাষিদের আমরা উৎসাহিত করছি, স্থানীয়ভাবে আমরা পেঁয়াজ উৎপাদন করবো। আমাদের ওপর প্রচণ্ড চাপ ছিল ভারত থেকে আমরা কেন আমদানি করছি না। কিন্তু আমরা তাদের কথা শুনিনি। আমরা চেয়েছি যে বাজারে দাম যা আছে থাক আমাদের কৃষকরা উপকৃত হোক, যেন সামনের বছরও তারা পেঁয়াজ চাষ করে।

তিনি আরও জানান, শীতকাল আসছে, পর্যাপ্ত সবজি হবে। সব সবজির দামই কমে আসবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি। আরও অন্যান্য খরচ বেড়ে গেছে। দেশে মুদ্রাস্ফীতি আছে। এসব বিবেচনায় এ মুহূর্তে সবজি ও অনেক খাদ্যপণ্যের দাম বেশি।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: জাগোনিউজ২৪

সুয়াগাজী বাজা‌রে অতি: মূল্যে সার, পেয়াজ, চাল বিক্রি: অর্থ জ‌রিমানা

স্টাফ রিপোর্টার;
কু‌মিল্লার সদর দ‌ক্ষিণ উপ‌জেলার সুয়াগাজী বাজা‌র এলাকার নিত‌্যপ‌ণ‌্য ও সা‌রের দোকা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করেছে কুমিল্লা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে অত‌ি‌রিক্ত মূ‌ল্যে সার বিক্রয় করায় মেসার্স রহমান ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ক্রয় ভাউচার সংরক্ষণ না ক‌রে এবং মজু‌দের লাই‌সেন্স না নি‌য়ে ই‌চ্ছেমত মজুদ ক‌রে ও নি‌জের মন ম‌তো দাম নির্ধারণ ক‌রে পেয়াজ, চাল ও চি‌নি বিক্রয় করায় মেসার্স মা‌য়ের দোয়া স্টোর‌কে ৩০ হাজার টাকা একই অ‌ভি‌যো‌গে মেসার্স আল আ‌মিন স্টোর‌কে ২০ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠান‌কে ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়।

এছাড়াও আজ উক্ত এলাকার দুধ, মু‌দি, ফল, মাছ, মাংস ও সবজির দোকা‌নেও তদার‌কি করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার লঙ্ঘণ না করার নি‌র্দেশনা দেওয়া হয়।

এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন এবং সদর দ‌ক্ষিণ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার প্রয়োজনীয় পরামর্শ ও দিক নি‌র্দেশনা দি‌য়ে সহ‌যো‌গিতা ক‌রেন।

পেঁয়াজ

 

তাছলিমা আক্তার

 

পেঁয়াজ তুমি বড়ই নিঠুর

মন বুঝ না কারো

যতই বলি দামটা কমাও

বাড়াও তুমি আরো।

 

তুমিই বল দেশের মানুষ

কত বিপদে আজ!

রাগ করে কী বাড়িয়ে দিলে

তোমার তেজ আর ঝাঁজ?

 

এমন আর করো নাগো

ও গৃহিনীর সই,

তুমি যদি এমন কর

গৃহিনী যাবে কই?

 

তোমার গুনের কত বাহার

রান্নার রং আর স্বাদে

ব্যাচেলরের ঝালমুড়িটা

তোমায় ছাড়া কাঁদে।

 

রাগ করোনা ওগো পেঁয়াজ

তোমায় দুষছি বলে,

বোবা তোমার মুখটি নেই

শব্দটি নাই গলে।

 

আর কাউকে বলি যদি

দিবে হাজার যুক্তি,

তাইতো তোমায় দোষটি দিয়ে

পাচ্ছি নিজে মুক্তি।।