All posts by jitu

কুমিল্লায় মাইকিং করে পেঁয়াজ বিক্রির ঘোষণা, ২ জনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীদের নিয়ে সভা করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভায় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে প্রয়োজনে মাইকিং ঘোষণা দেয় দোকান মালিক সমিতি।

কুমিল্লা দোকান মালিক সমিতির সম্পাদক আতিক উল্যাহ খোকন বলেন, বুধবার থেকে সবাইকে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হবে। তাহলে পেঁয়াজের দাম ১০০ টাকার নিচে নেমে আসবে। প্রয়োজনে মাইকিং করে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে। তবে কেউ যেন অবৈধ মজুদ না করতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, কুমিল্লা নগরীতে অন্তত ৩০টি দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়। পেঁয়াজের ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদে অমিল থাকায় দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও ৬০ জন ফিরে পেলেন প্রার্থিতা, বাতিল ৩৫

ডেস্ক রিপোর্ট:

মনোনয়ন বাতিলের বিপক্ষে নির্বাচন কমিশনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৬০ প্রার্থী। এদিন ৯৮ জনের শুনানি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি হয়েছে। শুনানিতে প্রার্থিতা বাতিল হয়েছে ৩৫ জনের।এছাড়া স্থগিত হয়েছে ৩ জন প্রার্থীর।

নির্বাচন কমিশনের শুনানিতে গত ৩ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোট ১৬৯ প্রার্থী। রোববার এ শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে শুনানিতে চার কমিশনার উপস্থিত ছিলেন।

ক্রমিক অনুসারে মঙ্গলবার ২০১ থেকে ৩০০ নম্বর পর্যন্ত আপিল শুনানি হয়। বুধবার ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের পালা আসবে। বৃহস্পতিবার ৪০১ থেকে ৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়ে নির্বাচন কমিশনে।

দাউদকান্দিতে ম্যাজিস্ট্রেট আসার খবরে কমলো পেঁয়াজের দাম

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দি পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত নামতে দেখেই পেঁয়াজের কেজি অন্তত ৮০ টাকা কমিয়েছেন বিক্রেতারা। রান্নায় অন্যতম প্রয়োজনীয় এ উপাদানটি আগে তারা ১৯০-২০০ টাকায় বিক্রি করছিলেন।

মঙ্গলবার দুপুরে বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয় বলে ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান।

এদিকে মেজিস্ট্রেট আসার খবরে পৌর বাজারের ভাই-ভাই বাণিজ্যালয়ে ক্রেতাদের উপচে পড়া ভীর ঠেলে সামনে গিয়ে দেখি ক্রেতারা পেঁয়াজ কিনছে কেজি প্রতি ১১০টাকা দরে।

কেজি প্রতি ১১০টাকায় পেঁয়াজ কিনে বেজায় খুশি ক্রেতারাও। কয়েকজন ক্রেতা জানান, গতকাল এবং আজ সকালেও কেজি প্রতি ২০০ টাকা দরে পেয়াজ বিক্রি হয়েছে। এখন ১১০ টাকা কেজি কিনেছি।

ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান, পৌরসভার বাজারে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানকে মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।”

তিনি বলেন, কোনো সিন্ডিকেটের খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দোকানে সঠিক মূল্যতালিকা টানানোর জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

আগামীকাল থেকে শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট:

আগামীকাল (বুধবার) থেকে দেশের কয়েক জেলায় শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল (বুধবার) থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশেই শীতের অনুভূতি বাড়তে পারে। এ ছাড়া, আগামী কয়েকদিন কুয়াশাও থাকবে। আজ মধ্যরাত থেকে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল থেকে কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মেসি-রোনাল্ডোর লড়াই দেখা যাবে সৌদিতে

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাবের বিপক্ষে খেলার খবর নাকচ করেছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি। কিন্তু সোমবার মায়ামি নিশ্চিত করেছে, সৌদি আরবে দুটি প্রীতি খেলতে যাচ্ছে তারা।

মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি সোমবার বলেছে, ২৯ জানুয়ারি সৌদি পাওয়ার হাউজ তথা নেইমারের আল হিলালের মুখোমুখি হবে তারা। ভেন্যু রিয়াদের কিংডম এরেনা। তার পর ১ ফেব্রুয়ারি একই ভেন্যুতে মেসিরা মুখোমুখি হবে আল নাসরের। এই ম্যাচেই মেসির সঙ্গে দেখা হবে রোনাল্ডোর।

সৌদি আরবে খেলার পর মায়ামি চলে যাবে হংকং। সেখানে চীনা অঞ্চলের প্রথম বিভাগ থেকে বানানো একটি দলের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটা হওয়ার কথা ৪ ফেব্রুয়ারি। তার পর তারা চলে যাবে যুক্তরাষ্ট্র। সেখানে ফেব্রুয়ারিতে শুরু হবে মেজর লিগ সকারের নতুন মৌসুম।

নাশকতাকারীদের দাঁড়ানোর সামর্থ্য নেই : পুলিশ মহাপরিদর্শক

ডেস্ক রিপোর্ট:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর সামর্থ্য নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নির্বাচনের দিনেও অবরোধ-হরতাল কর্মসূচির চ্যালেঞ্জ মোকাবিলা করার বিষয়ে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদারি চালাই। আপনারা দেখেছেন বিচ্ছিন্নভাবে তারা থেমে থাকা গাড়িতে আগুন দিচ্ছে। নাশকতামূলক কার্যক্রম করছে। কিন্তু নাশকতাকারীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দাঁড়ানোর মতো সাহস আছে বলে আমি মনে করি না। আমাদের সেই সামর্থ্য আছে এবং আমাদের সেই প্রস্তুতিও আছে। যেকোনো ধরনের নাশকতামূলক কাজ মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে দেশবাসীকে নির্বাচন উপহার দিতে দায়িত্ব পালন করার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনের দায়িত্ব দীর্ঘদিন ধরেই পালন করে আসছে। আমাদের আগামী যে নির্বাচন সে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সব ধরনের প্রস্তুতি বাংলাদেশ পুলিশ গ্রহণ করেছে। নির্বাচন উপলক্ষ্যে যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার তা গ্রহণ করেছি। আমাদের প্রশিক্ষণ ও সরঞ্জাম সবকিছুই রয়েছে। বি ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, আমরা আমাদের পরিকল্পনাও গ্রহণ করেছি। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সব ধরনের পরিকল্পনাই নেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যেসব কাজ করা দরকার সেসব দায়িত্ব আমরা পুঙ্খানুপুঙ্খ পালন করছি। আমরা আশ্বস্ত করতে চাই আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার বাংলাদেশ পুলিশ তা করতে প্রস্তুত রয়েছে।

আইজিপি বলেন, নির্বাচন কমিশন থেকে আমরা নির্দেশনা পেয়েছি। সন্ত্রাসী, অস্ত্রধারীদের বিরুদ্ধে আমরা সবসময়ই অভিযান করে থাকি। এখনো নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা তা করছি। প্রতিনিয়ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে।

প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব, শরিকদেরও করতে হবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব, শরিকদেরও করতে হবে। প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনের রেজাল্ট আনতে হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

দেশ, জাতির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি-জামায়াত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানুষকে জিম্মি করে রাজনীতি করে। বিএনপি-জামায়াতের কর্মসূচি মানেই যানবাহনে আগুন, সহিংসতা, চোরাগোপ্তা হামলা। গতকালও (সোমবার) বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে। আমরা বলতে চাই, সহিংসতা করে সন্ত্রাস করে নির্বাচন বানচাল করা যাবে না। তারা যদি মনে করে, সহিংসতা করবে আর সরকার বসে থাকবে তা হবে না। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থাকে নির্বাচনের বিপক্ষে যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আসার জন্য ইতোমধ্যে অনেকে বলেছেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক টেকনিক্যাল কমিটি ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে এবং নির্বাচন পর্যন্ত তারা থাকবে। ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি, আরব লীগ পর্যবেক্ষক পাঠাবে। পর্যবেক্ষক আরও আছে সেটা শিগগিরই জানা যাবে।

তিনি আরও বলেন, নির্বাচনে ইসি বলেছে সেনাবাহিনী কতদিন থাকবে। আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করার বিপক্ষে। বাংলাদেশের সংবিধানে নির্বাচনে তাদের কি ভূমিকা তা লিপিবদ্ধ আছে। তাদের টাস্কফোর্স হিসেবে নির্বাচন কমিশন যখন যেখানে প্রয়োজন দায়িত্ব প্রদানের অনুরোধ করবে। এ বিষয়ে আমরা আর বলতে চাই না।

ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে আছে, তাদের বলা হয়েছে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। বলপূর্বক বা ফ্রি স্টাইলের কোনো নির্বাচনের ভূমিকা কেও নেবে না। প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক যাকে বলে, সেটা গণতন্ত্রেরই বিষয়। তারা প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা করতে পারবে। সে সুযোগ তাদের দেওয়া হয়েছে। এতে আমাদের শরিকদের কারো কোনো আপত্তি থাকতে পারে কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি স্বতন্ত্র প্রার্থীরা থাকবে।

নির্বাচনে আওয়ামী লীগ কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকশনে বিনা প্রতিযোগিতায় কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই। প্রতিদ্বন্দ্বী যেই হোক তার সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা জাতীয় পার্টির সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আজও জাতীয় পার্টি নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। জাতীয় পার্টির মহাসচিবের সঙ্গে কথা হয়েছে। আমাদের আলোচনা অব্যাহত আছে।

জাতীয় পার্টিকে কোন আসন ছেড়ে দেওয়া হবে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা তাদের করতেই হবে। অপ্রতিদ্বন্দ্বিতা হিসেবে সিট ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিদ্বন্দ্বিতা করেই তাদের আসতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের বিজয়ী ঘোষণা করা হবে? প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব, শরিকদেরও করতে হবে। প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনের রেজাল্ট আনতে হবে।

আওয়ামী লীগের প্রার্থীরা তো স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে কথা বলছে– এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এখানে স্বস্তি-অস্বস্তির কোনো কিছু নেই। আমাদের সংসদীয় দলের প্রধান ও জোটের প্রধান যেটা বলেছেন, সেটার ব্যাপারে কারো কোনো অস্বস্তি থাকলে বিচার-বিবেচনা করার সুযোগ নেই। এটা অলরেডি সেটেল হয়ে গেছে।

তিনি বলেন, কাউকে সহিংসতা করতে দেওয়া হবে না। সে আওয়ামী লীগ হোক, স্বতন্ত্র হোক। কেউ গায়ের জোরে কিছু করতে পারবে না, সে সুযোগ নেই।

দল থেকে স্বতন্ত্র দাঁড় করানো গঠনতন্ত্র বিরোধী কি না– এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগেরটা আগে, আজকেরটা আজকে, আগামীকালেরটা আগামীকাল। পরিস্থিতি ও বাস্তবতার নিরিখে আমরা মূল্যায়ন করি। এটাই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা।

৪৭/১১ ধারা অনুযায়ী আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কোনো বিষয়ে কোনো জটিলতা দেখা দিলে বাস্তবতার পরিপ্রেক্ষিতে তিনি (প্রধানমন্ত্রী) ব্যবস্থা নিতে পারেন। দেশের সার্বিক গণতন্ত্র যেখানে সংকটের মুখে, বিএনপিসহ বিরোধী দল গণতন্ত্রের প্রতি, নির্বাচনের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আমাদের সভাপতির বিশেষ দায়িত্ব পালনের সুযোগও আমাদের গঠনতন্ত্রে রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, চাওয়া-পাওয়ার হিসাব তো এখনো হয়নি। আমরা পলিটিক্যাল বিষয়ে আলোচনা করেছি। কীভাবে নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে। নির্বাচনটা যাতে সুন্দরভাবে, পিসফুল পরিবেশে হয়, যেহেতু তারা পার্টিসিপেন্ট, সেজন্য তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সমন্বয়ের ব্যাপারে কথা হচ্ছে। এখানে অন্য কোনো বিষয় নেই। আরেকটা কথা বলা হচ্ছে, রওশন এরশাদ বিরোধী দলের নেতা। তাদের দলীয় অভ্যন্তরীণ যে সংকট সেটার সঙ্গে আমাদের কিছু নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশন অনেকের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। এখন নির্বাচন কমিশন যদি কাউকে দুর্নীতিবাজ মনে করে, সেটা তাদের ব্যাপার। এটা নিয়ে তারা মন্তব্য করবে। ইলেকশন করতে পারছে মানে এ লিগ্যালি পার্টিসিপেটরি। যদি দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়, অনুমতিপ্রাপ্ত কাউকে তো এই মুহূর্তে আপনি দুর্নীতিবাজ বলতে পারেন না।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী প্রমুখ।

র‍্যাবের ৪২২ টহল দল সারা দেশে মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সারা দেশে র‍্যাবের ৪২২ টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু মাত্র ঢাকায় ১৩০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৩০টি টহল দল সহ সারা দেশে ৪২২ টি টইল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

তিনি আরও জানান, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

ঘন কুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

ঘন কুয়াশায় চাঁদপুরের হাইমচরে ভোলা থেকে ঢাকাগামী দুটি লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় চাঁদপুরের হাইমচর উপজেলায় চর ভৈরবী এলাকায় মেঘনা নদীতে লঞ্চ এমভি সুরভী-৮ লঞ্চের সঙ্গে ভোলা টিপু- ১৪ লঞ্চের সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় সোহেল নামে এক যুবক নিহত হন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ওসমান আলি ফরাজি বাড়ির বাসিন্দা সেলিম ফরাজির ছেলে।

এম.ভি সুরভী-৮ লঞ্চের স্টাফ রাসেল বলেন, কাল রাতে টিপু-১৪ লঞ্চটি আমাদের লঞ্চকে ধাক্কা দেয়। এতে লঞ্চটির কেবিনে পেছনের অংশ ভেঙে যায়। এ ঘটনায় আমাদের লঞ্চে থাকা সোহেল নামে এক ব্যক্তি আহত হন। পরে তিনি মারা যান।

এ বিষয়ে হাইমচরের নীল কমল নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন খান বলেন, ৯৯৯ নাম্বারে এম.ভি সুরভী-৮ লঞ্চ থেকে আমাদের ফোন করা হয়। একটি অজ্ঞাতনামা লঞ্চ তাদের লঞ্চটি ধাক্কা দিয়ে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে যাওয়া জন্য তাদের ফোন করলে তারা জানায় এম.ভি সুরভী-৮ লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। তবে একজনের মৃত্যুর বিষয়টি আমার জানা নাই।

ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কাল সন্ধ্যা ৬টা সদর ঘাট থেকে ছেড়ে আসে টিপু-১৪ লঞ্চটি। রাত সাড়ে ১০টায় ভোলা ছাড়ে ঢাকাগামী লঞ্চ এমভি সুরভী-৮। চাঁদপুরের হাইমচরে টিপু-১৪ লঞ্চটি সুরভী-৮ লঞ্চটিকে ধাক্কায় দেয়। এ ঘটনায় এক যাত্রী আহত হন। পরে তার মৃত্যু হয়। সুরভী-৮ লঞ্চটি এবং নিহত সোহেলে মরদেহ এখন সদর ঘাটে আছে।

রাজধানীর গুলিস্তানে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠায় ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে খবর আসে কে বা কারা বাহন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। ওই খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সোয়া ১০টা নাগাদ আগুন নির্বাপণ করা হয়।

এর আগে সোমবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত রাজধানীতে বিভিন্ন গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে বাসে আগুন দেওয়ার সময় মোহাম্মদপুরে দুইজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। তারা যুবদল কর্মী বলে জানিয়েছে পুলিশ। ঢাকার বাইরেও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।