All posts by jitu

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা ৩ দিনের সংঘর্ষে আহত ৩০

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা ৩ দিনের সংঘর্ষে আহত ৩০

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা তিন দিন ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের প্রকাশ্য মহড়া দেখা গেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার শুরু হওয়া সংঘর্ষ শনিবার বিকেল পর্যন্ত চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সকাল থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত তরুণরা প্রতিপক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। কারও হাতে ধারালো অস্ত্র, আবার গুলির ঘটনাও দেখা গেছে। সংঘর্ষের সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড়ের তরুণদের মধ্যে কথাকাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত। পরে তা বড় আকার ধারণ করলে স্থানীয়রাও জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা নয়ন গ্রুপ ও স্বপন গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে অংশ নেয়। দফায় দফায় হামলা, পাল্টা ধাওয়া ও গুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি পক্ষ থানায় অভিযোগ করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

কুমিল্লার দাউদকান্দিতে ইয়াবাসহ বাসযাত্রী আটক

কুমিল্লার দাউদকান্দিতে ইয়াবাসহ বাসযাত্রী আটক

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ আল জাবের তুষার (২৮) নামে এক বাসযাত্রীকে আটক করেছে পুলিশ ।

রবিবার দুপুরে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশীকালে তাকে আটক করা হয়।

আটক মোঃ আল জাবের তুষার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শৌলা গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে। বর্তমানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশী চালায়। ওই সময় ঢাকাগামী একটি বাস থামালে তুষার নামের ওইলোক বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধরে তল্লাশী করে তার পেন্টের পকেটে থাকা ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আব্দুল বারি বলেন, তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পর্নোগ্রাফি মামলায় শিদলাই কলেজের শিক্ষক গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পর্নোগ্রাফি মামলায় শিদলাই কলেজের শিক্ষক গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পর্নোগ্রাফি মামলায় শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ নাজমুল হুদা কে গ্রেফতার করা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দির পর কারাগারে পাঠানো হয়েছে ।

সিআইডি সূত্রে জানা যায়, দীর্ঘ তদন্তে তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় গত ১৯ এপ্রিল ২০২৬ কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২১ জনাব দিদারুল আলম এর আদালতে হাজির করা হলে আসামি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, ঢাকা রমনা থানার একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ২০২১ সাল থেকে ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং পর্নোগ্রাফি সংশ্লিষ্ট কার্যকলাপে জড়িত রয়েছেন।

যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- ববি হাজ্জাজ

 

স্টাফ রিপোর্টারঃ

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা বলেন।

নিয়োগপত্রের দাবিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষকদের ৭ জনের একটি প্রতিনিধি দল আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাত সদস্যের এই প্রতিনিধি দল তাদের নিয়োগটি দ্রুত সম্পন্ন এবং বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সাক্ষাতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।

তিনি আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহবান জানান।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

মেধাস্বত্ব সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে- শিক্ষা মন্ত্রী

মেধাস্বত্ব সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে- শিক্ষা মন্ত্রী

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী তরুণ। গবেষণার ক্ষেত্রে এই তরুণদেরকে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে মেধাস্বত্বের অংশীদারিত্ব বৃদ্ধি করতে হলে আমাদের দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’কে কাজে লাগাতে হবে।

আজ ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মেধাস্বত্ব সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। আমরা চাই আমাদের মেধাস্বত্ব তালিকা আরো দীর্ঘতর হোক। এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি, মেধাবীদের অনুপ্রেরণার জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া, মেধাস্বত্ব ও উদ্ভাবনী বিষয়ে প্রতিবছর মেলার আয়োজন করা যায়। এজন্য সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আরও বলেন, আমাদের তরুণদের উদ্ভাবনী প্রতিভাকে কাজে লাগাতে হলে বিশ্ববিদ্যালয়গুলোর ‘গবেষণা ও উন্নয়নে’ আরো গুরুত্ব প্রদান করা প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র নির্বাচনী ইশতেহারে শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির ৫% বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিদুস সামাদ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাদ আনোয়ার, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব আলোচনায় অংশগ্রহণ করেন। ইউজিসির সচিব ড. মো: ফখরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

দাউদকান্দিতে সরকারি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

দাউদকান্দিতে সরকারি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে সরকারি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে অধিকাংশ ব্যবসায়ী কাঠ বিক্রি বন্ধ রেখেছেন।

রবিবার (২৬ এপ্রিল) উপজেলার গৌরীপুর বাজারে সাপ্তাহিক কাঠ বাজার অনেকটাই ফাঁকা দেখা যায়।

জানায়, চলতি বছর বার্ষিক দুই কোটি ৪০ লাখ টাকায় উপজেলার গৌরীপুর হাট-বাজার ইজারা নেন তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের আরিফ সরকার নামের এক ব্যবসায়ী। এর সাথে ভ্যাট ও আয়কর শতকরা ১৫ টাকা ও ১০ টাকা যুক্ত হয়। এ বাজারে প্রতি রবিবার সাপ্তাহিক কাঠবাজারসহ প্রতিদিনই অন্যান্য বাজার বসে। সরকারি বিধিমোতাবেক টোল আদায়ের নিয়ম থাকলেও বাজারের কোথাও টোলের চার্ট না থাকায় ইজারাদারের লোকজন যেভাবে খুশি খাজনা আদায় করছেন। নতুন বছরের শুরুতে গত সপ্তাহে আগের তুলনায় অতিরিক্ত খাজনা আদায়ের কারণে এসপ্তাহে অর্থাৎ আজ রবিবার প্রায় ২০/২৫ জন কাঠ ব্যবসায়ী বাজারে আসেননি বলে ব্যবসায়ীরা জানান।

বাতাকান্দি গ্রামের কাঠ ব্যবসায়ী মনির হোসেন বলেন, ১৫ বছর যাবৎ গৌরীপুর বাজারে কাঠ ব্যবসা করি, খাজনা ১৫০ টাকা থেকে দেয়া শুরু, কোন সপ্তাহ কম বেশি খাজনা দেই। আমার ছোট দোকান, গত সপ্তাহে ২৫০০ টাকা দিতে হয়েছে। আজকে বাজারে অনেক ব্যবসায়ী আসেনি বেশি খাজনা দিতে হয় বলে। আমি ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাই, তাই আসছি।

ভ্যান চালক আবু মুছা বলেন, প্রতি সপ্তাহের রবিবারে কাঠের ভাড়া টানতে আসমানিয়া কদমতলী থেকে গৌরীপুর বাজারে আসি। আজ বাজার অনেকটাই খালি দেখছি, অনেক ব্যবসায়ী আসেনি।

২৫ বছর যাবত এই বাজারে ব্যবসা করছেন গজারিয়া উপজেলার বৈসারচর ও বাসারচর গ্রামের দুলাল মিয়া ও সিপন মিয়া। তারা বলেন, আমাদের বড় দোকান ৩০০ টাকার খাজনা থেকে শুরু করে গত বছর ৫০০০ হাজার টাকা পর্যন্ত খাজনা দিয়েছি। এবছর নয় হাজার টাকা দিতে হচ্ছে। প্রতি সপ্তাহে দোকান বসালেই ভাড়া, লেবার ও খাজনা মিলে আমাদের ২৫/৩০ হাজার টাকা খরচ হয়। বিক্রি হোক বা না হোক এই খরচ ঠিকই দিতে হয়। আমরা এক প্রকার জিন্মি, কোন কিছু বলতে পারিনা। বাপদাদার এই পেশা বদল করে অন্য পেশা হয়তো খুঁজে নেব , কিন্তু এমন চলতে থাকলে গৌরীপুর বাজার তার ঐতিহ্য হারাবে।

এবিষয়ে গৌরীপুর হাট-বাজারের ইজারাদার আরিফ সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ সংকটের কারণ ও করনীয় : ড. খন্দকার মারুফ হোসেন

 

নিজস্ব প্রতিবেদক :

বর্তমানে দাউদকান্দি, মেঘনা উপজেলা থেকে শুরু করে সারা দেশেই তীব্র বিদ্যুৎ সংকট চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সমস্যার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে।

এমন কথা বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফহোসেন।

ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে সারা দেশে বিদ্যুৎ সংকটের বাস্তব কারন সমূহ তুলে ধরেন এবং এই সংকটে তার নির্বাচনী এলাকা কুমিল্লার মেঘনা, দাউদ কান্দির জনগনসহ দেশবাসীকে ধৈর্য্য ধারণের আহবান জানান। ড. মারুফ বিদ্যুৎ সংকটের কারনসমূহ উল্লেখ করে বলেন,

প্রথমত, আমাদের বিদ্যুৎ উৎপাদন অনেকটাই গ্যাসনির্ভর, বিশেষ করে আমদানিকৃত খঘএ, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং ডলার সংকটের কারণে এই গ্যাস সরবরাহ ঠিকমতো হচ্ছে না। দ্বিতীয়ত, ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে, আর দেশের কিছু বিদ্যুৎকেন্দ্র কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ আছে।

এদিকে প্রচণ্ড গরমে হঠাৎ করে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় গ্যাস সরবরাহ অনেক কম। পাশাপাশি বৈদেশিক মুদ্রার সংকটের কারণে কয়লা ও তেল আমদানিও কমে গেছে, যা বিদ্যুৎ উৎপাদনে আরও চাপ তৈরি করেছে।

মূলত এই সংকট হঠাৎ করে তৈরি হয়নি; এটি দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার ফল। আগের সরকারগুলোর সময় থেকেই এসব দুর্বলতা তৈরি হয়েছে। বর্তমান সরকার নতুন, মাত্র আড়াই মাস হলো দায়িত্ব নিয়েছে, তাই এত বড় সংকট দ্রুত সমাধান করা তাদের জন্য কঠিন।

তবে ইতোমধ্যে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করার জন্য একটি যৌথ কমিটি গঠন করেছে, যাতে দ্রুত কার্যকর সমাধান বের করা যায়। ভারতের সঙ্গে কিছুদিন সম্পর্ক স্বাভাবিক না থাকায় আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ কম ছিল। পরিস্থিতি উন্নত হলে এবং আদানির বিদ্যুৎ আবার নিয়মিত পাওয়া গেলে মে মাস থেকে সংকট কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবেও খঘএ আমদানি ব্যাহত হয়েছে, যা এই সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। এমন বৈশ্বিক অস্থিরতা ও সংকটের সময় দেশবাসীকে চরম ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান বিএনপি নেত ড. খন্দকার মারুফ হোসেন।

সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ প্রয়োজন : মাহদি আমিন

 

নিজস্ব প্রতিবেদক :

সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বিরোধী দলকে মত প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

শুক্রবার( ২৪ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান মাহদী আমিন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সত্যতা যাচাই করা জরুরি।

কারণ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অনেক সময় আংশিক ভিডিও বা ছবি ছড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালায়।

তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের পরও অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষাকে রাজনৈতিক কৌশল হিসেবে ধারণ করে তারা যে জনমানস থেকে বিচ্ছিন্ন, তা সোশ্যাল মিডিয়া হাইপের বিপরীতে নির্বাচনী ফলাফলেই প্রমাণিত। সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে নামে-বেনামে, নিজ বা ভিন্ন পরিচয়ে, ধারাবাহিকভাবে আপত্তিকর শব্দ চয়ন এক ধরনের গুপ্ত স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন মাহদী আমিন।
বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, গঠনমূলক রাজনীতির স্বার্থে এখন প্রয়োজন সংযত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক আলোচনার সংস্কৃতি গড়ে তোলা।

বিরোধী দলের মনে রাখা প্রয়োজন, মতভিন্নতা থাকতেই পারে কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি।

তিতাসে রাজনৈতিক সমীকরণ: আওয়ামী চেয়ারম্যানের বাড়িতে বিএনপি এমপির দাওয়াত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামিলীগ নেতা ইউপি চেয়ার ম্যানের বাড়ীতে বিএনপির এমপির দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, আওয়ামী লীগের এক প্রভাবশালী চেয়ারম্যানের বাড়িতে বিএনপির এমপি দাওয়াত গ্রহণ করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) কুমিল্লা – ২( হোমনা তিতাসের) বিএনপির এমপি সেলিম ভুইয়া উপজেলা ও বিভিন্ন ইউনিটের দলীয় নেতৃবৃন্দের দলবলসহ মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর এর বাড়ি শাহপুরে দাওয়াত খেয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তিতাসে দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ নেতা জাহান্গীর চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিরাজমান। সেই প্রেক্ষাপটে দুই ভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের এমন ঘনিষ্ঠতা অনেকের কাছেই বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে, জাহাঙ্গীর চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতাদের নির্যাতনের অভিযোগ রয়েছে।

এমন অভিযোগ তোলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশ্ন তুলছেন, যে চেয়ারম্যানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, তার সঙ্গেই এমপির কেন এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক?

এদিকে, স্থানীয়দের মধ্যে আরেকটি আলোচনা জোরালো হয়েছে যে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার প্রভাবেই কি তিতাসে নতুন কোনো সমঝোতার ইঙ্গিত মিলছে? কেউ কেউ এটিকে ভবিষ্যৎ স্থানীয় সরকার নির্বাচনী কৌশলের অংশ হিসেবেও দেখছেন।

তবে সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

এ বিষয়ে তিতাসবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—
এই দাওয়াত কি শুধুই ব্যক্তিগত সৌজন্য, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ?

ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন : বিএনপি সমর্থীত নীল প্যানেল জয়ী

 

শেখ ফরিদ উদ্দিন :

ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচনে (২০২৬ — ২০২৭)  বিএনপি সমর্থীত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ( নীল প্যানেল) এর সম্পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে।

গত ২২ ও ২৩ এপ্রিল  অনুষ্ঠিত ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মুজিবুর রহমান ভুইয়া। এ সময় তিনি সভাপতি মোঃ মিজানুর রহমান ( দুলাল) ও সাধারণ সম্পাদক লায়ন আশরাফ হোসেন খানের  নেতৃত্বে মোট ২৩ সদস্য বিশিষ্ট বিএনপি সমর্থীত ( নীল প্যানেল) এর নব নির্বাচিত কার্যকরি কমিটির নামের তালিকা পাঠ করে শোনান এবং তাদের নির্বাচিত বলে ঘোষণা করেন।

মোট কাষ্টিং ভোট ২৪৪৮ এর মধ্যে নির্বাচিত সভাপতি মিজানুর রহমান ( দুলাল) পেয়েছেন মোট ১৮৫৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতে ইসলামীর সমর্থীত প্যানেলের গোলাম নুর পেয়েছেন ৫৯৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত লায়ন আশরাফ হোসেন খান পেয়েছেন মোট ১৯০০ ভোট এং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতে ইসলামী সমর্থীত মোঃ মঈনুদ্দিন পেয়েছেন ৫৪৮ ভোট।

একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সভাপতি এডভোকেট মিজানুর রহমান ( দুলাল) ও সাধারণ সম্পাদক লায়ন আশরাফ হোসেন খান তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় গনতন্ত্রের বিজয়। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তোলা, গনতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিঃস্বার্থভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তারা সকলের সহযোগিতা কামনা করেন।