All posts by jitu

রিমান্ড শেষে কারাগারে জো বাইডেনের ভুয়া উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডের ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় ৮ দিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এ আদেশ দেন।

এদিন হাসান সারওয়ার্দীকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন মীর।

অপরদিকে তার জামিন চেয়ে আবেদন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুনানিতে এহসানুক হক সমাজী বলেন, তিনি একজন সিনিয়র সিটিজেন, তিনি এই মামলায় পরিস্থিতির শিকার। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। তার পক্ষে তিনটি আবেদন দিয়েছি। একটি জামিনের একটি ডিভিশনের এবং একটি চিকিৎসার জন্য। যেই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা জামিনযোগ্য। আইনে তাই বলা আছে। তার বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই, কোনো প্রমাণ নেই। তার জামিন দিলে তিনি পলাতক হবেন না। আদালতের নির্দেশ অনুযায়ী হাজির হবেন। ন্যায়বিচারের স্বার্থে তাকে জামিন দেবেন। এটা তার অধিকার।

এর আগে গত ৩১ অক্টোবর সাভার থেকে হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন ১ নভেম্বর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফিসহ হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেফতারের পর গত ৩০ অক্টোবর মিয়ান আরেফিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এজাহারে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর পূর্ব ঘোষিত মহাসমাবেশ উপলক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশ থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কাকরাই মোড় থেকে আরামবাগ মোড় পর্যন্ত পুলিশেরর সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ সরকারি স্থাপনা ও সরকারি গাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। এতে পুলিশের ৪১ সদস্য আহত ও এক সদস্য নিহত হন। একপর্যায়ে বেলা ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেন।

এজাহারে বলা হয়, বিএনপির ওই কর্মকাণ্ডের পর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে আসামি মিয়ান আরেফি, হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মীসহ কিছু সংবাদ মাধ্যমের উপস্থিতিতে আসামি মিয়ান আরেফি নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় প্রদান করেন। বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তার সরকারের কাছে সুপারিশ করেছেন বলে বক্তব্য দেন তিনি। সেখানে আসামি মিয়ান আরেফি তার বক্তব্যে দাবি করেন যে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার দিনে ১০ থেকে ১৫ বার যোগাযোগ হয় এবং মার্কিন সরকারের সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। এই আসামি আরও দাবি করেন যে, তিনি মার্কিন দূতাবাসের সঙ্গে কথা বলেছেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরকেও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।

এজাহারে অভিযোগ করা হয়, হাসান সারওয়ার্দী এবং ইশরাক হোসেন তাকে (মিয়ান আরেফি) মিথ্যা বক্তব্য দিতে সহযোগিতা করেন এবং তার বক্তব্য সমর্থন করে বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে উসকানি দেন। মিয়ান আরেফি অন্যান্য আসামিদের সহায়তায় সরকারের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে সারা দেশে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেন।

ফের ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ডাকা তৃতীয় দফার দেশব্যাপী অবরোধ কর্মসূচি শেষ হবে আগামীকাল শুক্রবার ভোর ৬টায়। চতুর্থ দফায় রোববার থেকে আবারও ৪৮ ঘন্টার দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার বাদ জুমা নিহতদের স্মরনে দোয়া ও মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।

এদিন সারাদেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হবে। শনিবার বিরতি দিয়ে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালে এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ সব অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতেই থাকবে। বিজয় না হওয়া পর্যন্ত জনগণ এবার ঘরে ফিরবে না। এই আন্দোলনের বিজয় সুনিশ্চত।

রিজভী আরও জানান, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারাদেশে গ্রেফতার করা হয়েছে ৩৬৫ জনকে। মামলা ১৩টি ও আসামি করা হয় ১ হাজার ৫৬৩ জনেরও অধিক নেতাকর্মীকে।

নোয়াখালীতে বিএনপি নেতাকর্মিদের গণগ্রেপ্তার ও হয়রানির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী নোয়াখালীতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মিদের গণগ্রেপ্তার ও থানায় থানায় গায়েবি মামলা দায়ের করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক এডভোকেট আবদুর রহমান। বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর বিএনপিসহ অপরাপর সমমনা রাজনৈতিক দল ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণার পর থেকে নোয়াখালীর প্রতিটি উপজেলায় নির্বিচারে বিএনপি ও জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মিদের গণগ্রেপ্তার শুরু করে পুলিশ প্রশাসন। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ৩২১ জন এবং জামায়াতে ইসলামীর ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার প্রায় সকল থানায় গায়েবি মামলা দায়ের করা হয়েছে। আগের দিন ধরে এনে পরে দিন মিথ্যা ঘটনা সাজিয়ে ওই ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। গত ২৮ অক্টোবর থেকে গতকাল বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন থানায় ২২ মামলা দায়েরের তথ্য তারা পেয়েছেন। এসব মামলায় এজাহারভূক্ত আসামি করা হয়েছে ৬৪৮ জনকে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে এক হাজার ২৭১ জনকে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি ও জামায়াতের নেতাকর্মিরা আদালতে মামলার হাজিরা দিতে এসেও গ্রেপ্তারের শিকার হচ্ছেন। গতকাল বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালথ প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছে সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক ওরফে কামালকে। ঘরে ঘরে তল্লাশি অভিযানের নামে জনমনে চরম ভীতি ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে পুলিশ। কোন সভ্য দেশে এই অবস্থা চলতে দেওয়া যায় না।আবদুর রহমান বলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে ঢাকার ভাটারা থানায় একটি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। উক্ত মামলার এজাহারে তার নামও নেই। কারো জবানবন্দিতেও তার নাম আসেনি। অথচ তাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করে রাখা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। লিখিত বক্তব্যে অভিলম্বে মো. শাহজাহানের মুক্তি দাবি করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ বি এম জাকারিয়া, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সমন্বয়ক রবিউল হাসান পলাশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব নুরুল আমিন, মাহমুদ হাসান সাকিল, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সদস্য এডভোকেট মো.ইমাম হোসেন কাওছার প্রমুখ।

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে উম্মে হাফসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পশ্চিম পাড়া মিয়াজী বাড়ী সংলগ্ন শাহী জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মো: আলমগীর মিয়াজীর চতুর্থ কন্যা। হাফসার মৃত্যুতে তার মা-বাবা সহ পরিবারের লোকজন শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। স্বজনদের গগনবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করে নিহত হাফসার চাচা মো: মনির হোসেন মিয়াজী বলেন, ‘চার বছর বয়সী হাফসা বৃহস্পতিবার সকালে খেলার ছলে বাড়ির পাশের মসজিদের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোাঁজাখুঁজি করে। কিছুক্ষণ পর তাকে মসজিদের পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

কবিতা: অল্পজ্ঞানী

ইয়াছিন আরাফাত:

অল্পজ্ঞানী বাচাল স্বল্পভাসী যারা
যা জানে না,তা না জেনে,শুনে তর্ক করে তারা;
নিজেদেরকে মনে করে সেরা।
আসলে কিছু তো জানিস না বেডা,
নিজেকে মনে করিস পন্ডিতের মেডা,
তখনই বুঝবি যখন ধরে মাথা করে দিবে নেডা।

কাউকে জ্ঞান দেওয়ার আগে কর জ্ঞান অর্জন,
না হলে তোমার কথার সাথে তোমাকেও করে দিবে বর্জন,
তখন কিন্তু দেখবে না স্বজন কিংবা পরঃজন।

তাই কোনো কথা বলবে না গড়া মন,
সম্মান আছে যা তা যেতে কতক্ষণ?
যদি না করেন সংরক্ষণ
এই বসুধা জয় করে ফিরে আসবে, এমন নয় যে তুমি কৃষ্ণ কিংবা রাম লক্ষণ।
ততক্ষণ যুদ্ধ করবে, জয়ী হও নি যতক্ষণ
যতক্ষণ শ্রত্রুর প্রাণ করনি বক্ষণ।
তোমার আচরণে যদি প্রকাশ পায় অজ্ঞান,
প্রকাশ করেও লাভ নেই তোমার ঐ মনগড়া জ্ঞান।
সম্মান আছে যা তা যেতে কতক্ষণ?

কবিতা: আম্মু

ইয়াছিন আরাফাত:

এই যে আম্মু,পরিণত বয়সেও
সহ‍্য কর আমার বাচ্চাদের মতো আচরণ,
কারণে, অকারণে, প্রসঙ্গে, অপ্রসঙ্গে, বিরক্ত করি,
কখনো কর না’তো বারণ।

তোমার সত্যবাদীতা, ধর্য, ক্ষমা, নিরহংকারী ভাব চেষ্টা করি হৃদয়ে করতে ধারণ।
আমি তোমার থেকে শিখি, কিভাবে হতে হয় অত্যন্ত ক্ষুদ্র বিষয়ে যতœবান ও অতি সাধারণ।
তুমি জান,কিভাবে অন‍্যরে চরম দুঃখেও খোঁজে দিতে হয়, জীবনে বেঁচে থাকার সুখের কারণ।

 

নোয়াখালীতে রড বোঝাই ট্রাকে আগুন

নোয়াখালী প্রতিনিধি:

বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি রড বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়ননের আমিনবাজার এলাকায় লক্ষীপুরগামী ট্রাকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমিন বাজার এলাকায় লক্ষীপুরগামী রড বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে চালক ও হেলপারের কোন ক্ষতি হয়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ট্রাকে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো ক্উকে আটক করা যায়নি। তবে গত ২৪ ঘন্টায় ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রিমান্ড শেষে কারাগারে বিএনপির খসরু-স্বপন

ডেস্ক রিপোর্ট:

পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় ৬ দিনের রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও ডিবির পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৩ নভেম্বর তাদের ৬ দিনের রিমান্ড দেন আদালত। ২ নভেম্বর গুলশানের একটি বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আটক করা হয়।

গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন-স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন।

সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর কারাগারে

ডেস্ক রিপোর্ট:

বাস পোড়ানোর মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর গাউছিয়া মার্কেটের পাশে যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় এ মামলা করা হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম তার জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শনিবার ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

জানা যায়, ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটের পাশে যাত্রী ছাউনীর সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় ওই বাসের চালক বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

ড. মুহাম্মদ ইউনূসের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে করা শ্রম আইন লঙ্ঘনের মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আগামী ১৬ নভেম্বর (বৃহস্পতিবার)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৪ মিনিটে তৃতীয় শ্রম আদালতের জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানার এজলাস কক্ষে এই তারিখ ঘোষণা করেন।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়। ড. ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নেন অইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। শুনানি শুরু হয় দুপুর ১টা ১০ মিনিটে।

এ সময় ড. মুহাম্মদ ইউনূসসহ বাকি ৩ বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহানও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০১১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে বাদী হয়ে ড. মুহাম্মদ ইউনুসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এতে ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহানকে বিবাদী করা হয়।

মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইন ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।