Tag Archives: এসআই

চাঁদপুরে ভুয়া ডিবি পরিচয়ে ৫ যুবক আটক

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরে সড়কে সাধারণ মানুষকে অবরুদ্ধ করে চাঁদাবাজির সময় ডিবি পুলিশের পরিচয় দেওয়া পাঁচ যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৫ মে) দিনগত রাত ১০টার দিকে সদর উপজেলার রামপুর ইউনিয়নের মধুরোড রেল স্টেশনের পাশে চাঁদাবাজিকালে তাদেরকে আটক করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন।

তিনি বলেন, খবর পেয়ে পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থলে আটক করে রেখেছিলেন।

আটকরা হলেন জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গোবিন্দিয়ার ইলিয়াস কাজীর ছেলে নাজির হোসেন (৩৬), শাহরাস্তির উয়ারুকের ফকির বাড়ীর তাজুল ইসলামের ছেলে মহিবুল ইসলাম (৩০), মতলব দক্ষিণের গোবিন্দিয়া পিংড়ার মিলন খানের ছেলে দিদার খান (৪২), একই উপজেলার ভাঙ্গারপাড় এলাকার সোহরাব উদ্দিনের ছেলে শরিফুল্লা প্রধানিয়া (৪০) এবং সদরের মান্দারি এলাকার মৃত ওসমান গনির ছেলে খোকন সর্দার (৪০)।

স্থানীয়রা জানান, এর আগেও এই পাঁচ যুবক অটোরিকশা নিয়ে এসে গোয়েন্দা পুলিশের নাম ব্যবহার করে সবাইকে বোকা বানিয়ে তল্লাশির নামে হয়রানি করতেন। এছাড়া প্রতারণার মাধ্যমে চাঁদাবাজিও করেছেন।

বুধবার কয়েক জায়গায় এরা লোকজনকে হয়রানি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এরপর মধুরোড রেল ষ্টেশন এলাকায় কয়েকজনকে তল্লাশিকালে অনেকের সন্দেহ হয়। পরে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়।

মধুরোড স্টেশন এলাকার ব্যবসায়ী অলী আহমদ বেপারী বলেন, রেলস্টেশনের ক্যান্টিনের পাশে পাকা রাস্তার ওপর (চাঁদপুর-থ-১১৪২২৫) সিএনজি চালিতে অটোরিকশা নিয়ে ওৎ পেতে ছিলেন পাঁচ যুবক। তাদের গায়ে প্রেস অ্যাণ্ড এন্টি-করাপশন লেখা কটি গায়ে দিয়ে এখানে এসে অবস্থান নেন। তাদের আচার আচরণে সন্দেহ হলে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেওয়া হয়।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক মীর বলেন, আটক পাঁচজনের প্রেস এণ্ড এন্টি-করাপশন লেখা কটি গায়ে দিয়ে সাধারণ লোকজনকে অবরুদ্ধ করছিলেন। স্থানীয়রা জানিয়েছে তারা ডিবি পুলিশের পরিচয় দিয়েছে। পরে লোকজন তাদেরকে আটক করে আমাদেরকে জানায়। বর্তমানে অটোরিকশাসহ তারা থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

বুড়িচংয়ে গান বাজিয়ে গলায় ফাঁস দিয়ে এসএসসি’র পরীক্ষার্থীর আত্মহত্যা!

কুমিল্লা প্রতিনিধি:

‘সে আমারে আমার হতে দেয় না’ মোবাইলে এমন গান বাজিয়ে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিল বুড়িচং উপজেলার ফকির বাজার স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মোঃ সাকিবুল হাসান।

(২৬ ফেব্রুয়ারি ২০২৪) সোমবার বিকেলে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পশ্চিম পাড়া প্রবাস ফেরত মাহবুব হোসেন মিস্ত্রির বাড়িতে ঘটনাটি ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম ও ইউপি সদস্য আলহাজ্ব ফয়েজ আহমেদ। খবর পেয়ে সন্ধ্যায় বুড়িচং থানার এসআই জামশেদ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,এবছর ফকিরবাজার স্কুল এন্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ওই দিন পরীক্ষা না থাকায় সকালে অনিক মাস্টারের কাছে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরে আসে সাকিবুল হাসান। ওই দিন সোমবার সাকিবুল হাসানের মা পাখি আক্তার ও বাবা মাহবুব হোসেন কুমিল্লা কোটবাড়ি ছোট আলমপুর এক আত্মীয় বাড়িতে দাওয়াতে চলে যায়। বিকেলে তাদের বাড়িতে তার মামা রুবেল মিয়া ঘরের দরজা বন্ধ থাকায় তাকে অনেক ডাকাডাকি করে। ঘরের ভিতরে গানের আওয়াজ শোনা যায় কিন্তু তার কোনো সাড়াশব্দ না শুনে স্থানীয় মানুষকে জানান।

অনেক চেষ্টার পর দরজা না খুলতে পেরে পূর্ব-ভিটার বিল্ডিং ঘরের টিনের চাল কেটে দেখতে পায় সাকিবুল হাসান তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়রা বুড়িচং থানাকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা আরো জানান,সাকিবুল হাসানের লাশ তীরের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল আর নিচে তার খাটের বিছানায় মোবাইলে ‘সে আমারে আমার হতে দেয় না’ এমন একটি গান বাজতে ছিল। তবে তার মৃত্যুর আসল কারণ পরিবার সহ স্থানীয়রা বলতে পারে নাই। তার এমন মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

তার মৃত্যুতে মা পাখি আক্তার -বাবা মাহবুব হোসেন ও তার বোন মিনহাজ আক্তার, নানী মোমেনা বেগম সহ আত্মীয় স্বজনের আহাজারী কোনো মতেই থামছে না। পুলিশ জানান, মৃত্যুর কারণ জানান জন্য তাদের তদন্ত চলমান রয়েছে এবং লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নোয়াখালীতে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালালো ৪ জুয়াড়ি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াডি আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে। তবে তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেন তিনি। এরপর তাদের পুলিশের সিএনজি চালিত অটোরিকশায় ওঠানো হয়। ঘটনাস্থল থেকে তাদের থানায় নেয়ার সময় চার আসামি হ্যান্ডকাপসহ চর হাসান ভূঁইয়ার হাটে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেনের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জুয়াডিদের পালিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি।