Tag Archives: কমিশন

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: কুমিল্লায় সিইসি

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: কুমিল্লায় সিইসি

স্টাফ রিপোর্টার:

নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। জাতির প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কমিশন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় নির্বাচনকে সামনে রেখেই নির্বাচন কমিশন তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে সিইসি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এই সভার আয়োজন করা হয়।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোটার তালিকা হালনাগাদের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে, সকাল সাড়ে ৯টায় সিইসি এএমএম নাসির উদ্দিন কুমিল্লার সার্কিট হাউসে পৌঁছান।

মতবিনিময় সভা শেষে, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিইসি কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেন। বুধবার তিনি ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করবেন বলে জানানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি সম্পন্ন: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ভোটার এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

দেশে নির্বাচনের পরিবেশ আছে মন্তব্য করে কমিশনার বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই- এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয়। সংবিধান অনুযায়ী যথা সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

ইসি আনিছুর বলেন, রাজনৈতিক বিষয়ে কিছুই করার নেই। দায়িত্বের বাইরে আমরা কিছুই করতে পারব না। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব, লেবেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায়, তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতে ২০২২ সালে আমাদের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে অধিকাংশ দল সাড়া দিয়েছে। যে দল অংশগ্রহণ করেনি তার মহাসচিবকে প্রধান নির্বাচন কমিশনার নিজ স্বাক্ষরে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা তো রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারব না এবং এটি আমাদের ম্যান্ডেটরি না।