Tag Archives: কসবা উপজেলা

৩ বছর পর কসবা সীমান্তহাট চালুর উদ্যোগ, পর্যবেক্ষণে দুই দেশের প্রকৌশলী দল

 

ডেস্ক রিপোর্টঃ

৩ বছরের বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সংস্কার কাজের জন্য ভারত-বাংলাদেশের যৌথ প্রকৌশলী দল হাটটি পরিদর্শন করেছে।

এসময় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্বে ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আমিনুল এহসান খান। আর ভারতীয় তিন সদস্যের ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্ব দেন অনুরাগ সেন।

এর আগে ২০২০ সালের মার্চ থেকে করোনা মহামারির কারণে অনির্দিষ্টকালের জন্য কসবা সীমান্ত হাটের কার্যক্রম বন্ধ করে দেয় দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটি। সম্প্রতি হাটটি খোলার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় হাটের ভেতরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কারের জন্য প্রাক্কলন করতে দুদেশের ইঞ্জিনিয়ারিং টিম হাট পরিদর্শন করে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান জানান, সপ্তাহের মধ্যে হাটের ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে প্রাক্কলন করা হবে। এরপর সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে হাটটি উন্মুক্ত করে দেওয়া হবে ক্রেতা-বিক্রেতাদের জন্য।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১,আহত ৮

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে সিরাজুল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮ যাত্রী।

রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল হকের বাড়ি কসবা উপজেলায়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেলে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী নিহত ও ৮ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

কসবা আড়াইবাড়ির অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী আর নেই

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, পীর সাহেব গোলাম সারোয়ার সাঈদী (৫২) আর নেই। শনিবার (২১ নভেম্বর) ভোররাত ৪টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (শনিবার) বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

মাওলানা গোলাম সরোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার, ওয়ায়েজ ছিলেন। গত কয়েক বছরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করে।