Tag Archives: কুমিল্লায় ছাত্রলীগ নেতার বাড়িতে মসজিদের সোলার প্যানেল আর সরকারি গাছ

কুমিল্লায় ছাত্রলীগ নেতার হুমকির পর ভাংচুর হল আওয়ামী লীগ নেতার ভবন!

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে ছাত্রলীগ নেতার হুমকির পর আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন ভবন ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শনিবার লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কান্দিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি লাকসাম পৌর এলাকার নশরতপুর গ্রামে নিজের ক্রয়কৃত জায়গায় ভবন নির্মাণের কাজ শুরু করেন লাকসাম কান্দিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন। ২৬ ডিসেম্বর রাতে অজ্ঞাত ব্যক্তিরা নির্মাণাধীন ঘরের প্রায় ৬০ বর্গফুট দেয়াল ভেঙে ফেলে।

একই রাতে নির্মাণস্থলে রাখা ২৫ ব্যাগ সিমেন্ট পানিতে ফেলে দেয়। নির্মাণ কাজে ব্যবহৃত মোটর ও শ্রমিকদের যন্ত্রাংশ লুট করা হয়। এর আগেও প্রাচীর নির্মাণকালে বেশ কয়েকবার রাতের আঁধারে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন বলেন, ‘গত কয়েকদিন আগে লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন তাকে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে। এর আগেও বেশ কয়েকবার সে কাজ বন্ধ রাখতে বলে। বিষয়টি তিনি ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ্সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান। এরপরে রাতের আঁধারে কে বা কারা দেয়াল ভেঙে ফেলে। ২৫ ব্যাগ সিমেন্ট পানিতে ফেলে দেয়া হয়।

নির্মাণ কাজে ব্যবহৃত মোটর ও শ্রমিকদের যন্ত্রাংশ লুট করা হয়। ’

তিনি আরো বলেন, ‘তার বাড়ির পাশে জমি ক্রয় করায় সোহাগ বিভিন্ন সময় হুমকি দিয়েছে। সোহাগ আগে করত ছাত্রদল, এখন করে ছাত্রলীগ। নতুন আওয়ামী লীগের নিকট পুরাতন আওয়ামী লীগের দাম নেই!’

ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ্ বলেন, ‘বাউন্ডারি দেয়াল করলে সোহাগদের সমস্যা হতে পারে বলে তারা আপত্তি জানিয়েছিলো। এনিয়ে দুই পক্ষকে ডেকে সমাধান করে দিয়েছি। এখন মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের বাড়ির ভেতরে রাতের আাঁধারে ক্ষতি করার অভিযোগ পেয়েছি। সোহাগরা এর সাথে জড়িত কি না তা বলতে পারছি না। অপরাধীকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ করছি। ’

ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আমার প্রতিবেশী। তার সাথে আমার কোন সমস্যা হয়নি। ’ ব্যস্ততা দেখিয়ে সোহাগ ফোন রেখে দেন।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’

কুমিল্লায় ছাত্রলীগ নেতার ইভটিজিংয়ের শিকার মাদ্রাসার ছাত্রী

 

অনলাইন ডেস্কঃ

কুমিল্লার দেবিদ্বারে রাজামেহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব এর ইভিটিজিংয়ের শিকার সাহারপাড় দাখিল মাদ্রাসার ছাত্রী (১৬)। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখ দেবিদ্বার থানায় মাদ্রাসার ছাত্রী নিজেই বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করলেও ২ মাস অতিবাহিত হওয়ার পরও পুলিশ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের লোকজন। থানায় অভিযোগ করায় ওই ছাত্রলীগ নেতা মাহবুব ওই পরিবারের লোকদেরকে প্রতিনিয়ত হয়রানি ও হুমকি দিচ্ছে বলেও জানা গেছে।

ওই অভিযোগ থেকে জানা যায়- দেবিদ্বার উপজেলার চাটুলী গ্রামের মৃত সফিকুল ইসলামের কন্যা প্রতিদিনের মতো গত ৪ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখ সাহারপাড় দাখিল মাদ্রাসায় যাওয়ার সময় সকাল সাড়ে ১০টায় একই এলাকার একই বাড়ির সফিকুল ইসলামের পুত্র ও রাজামেহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব তার পথরোধ করে।

এ সময় জোড়পূর্বক শ্লীলতাহানিসহ অশালীণ কথাবার্তা বলে তার হাত ধরে টানা হেচড়া করে। পরে তার আত্ম চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে মাহবুব পালিয়ে যায়। যাওয়ার সময় ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। বর্তমানে ওই ছাত্রলীগ নেতা মাহবুব ও তার সন্ত্রাসীদের ভয়ে মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছে ছাত্রী।

এছাড়াও দুই জনের বাড়ি পাশাপাশি হওয়ার সুবাধে প্রায়ই রাতেই সুমিকে কুপ্রস্তাব দেয় ওই মাহবুব এবং বাগানে যাওয়ার জন্য নির্দেশ দেয়। এতেও কর্ণপাত না করে গত ১৬ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখ দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানায় অর্ভিযোগ করার পর ছাত্রলীগ নেতা মাহবুব ওই পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে। অভিযোগ দায়েরে ২ মাস অতিবাহিত হওয়ার পরও কোন ব্যবস্থা না নেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পরিবারটি।

এ বিষয়ে সুমির বড় বোন মাহমুদা জানান- মাহবুব আমার পরিবারটি ধ্বংস করে দিয়েছে। আমি স্বামী হারা সন্তান নিয়ে বসবাস করছি। আমি মাহবুবের বিচার দাবি করছি।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার এ প্রতিবেদককে জানান- ইভটিজিংয়ের ঘটনার বিষয়টি তদন্তের জন্য এসআই শাহাদাতকে দেয়া হয়।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন- আমার সাথে বাদীর যোগাযোগ ছিল না। তাই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে শীঘ্রই স্বাক্ষীদের নিয়ে বসে ব্যবস্থা গ্রহণ করবো।

কুমিল্লায় ছাত্রলীগ নেতার বাড়িতে মসজিদের সোলার প্যানেল আর সরকারি গাছ

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মসজিদের জন্য সরকারি বরাদ্দকৃত সোলার প্যানেল ল্যাম্পপোস্ট তুলে নিয়ে নিজের বাড়ির পাশে স্থাপন করেছেন ছাত্রলীগ নেতা আবুল খায়ের।

তিনি উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাজীপুরা গ্রামের ওমর আলীর ছেলে। আবুল খায়ের মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, হাজীপুরা মজুমদার বাড়ি মুরশিদিয়া জামে মসজিদের ল্যাম্পপোস্টের সোলার প্যানেলটি স্থাপনের তিনদিন পর তিনি খুলে নিয়ে যান। ১৬ সেপ্টেম্বর এই নিয়ে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের বাসিন্দা মসজিদ কমিটির সভাপতি মো. এনায়েত উল্লাহ মজুমদার।

মো. এনায়েত উল্লাহ মজুমদার বলেন, আবুল খায়ের লোকজন নিয়ে মসজিদের সোলার ল্যাম্পপোস্ট তুলে নিয়ে যায়। মসজিদের কমিটির লোকজন ও মুসল্লিদের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করি। আমরা মসজিদের সম্পত্তি ফেরত চাই। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হচ্ছে।

ল্যাম্পপোস্ট নিয়ে যাওয়ার বিষয়ে আবুল খায়ের বলেন, অভিযোগটি মিথ্যা। মসজিদের সামনে কাদা থাকার কারণে জনগণের স্বার্থে সোলার ল্যাম্পপোস্টটি তিন রাস্তার মুখে লাগানো হয়েছে। আমার নিজ বাড়িতে লাগানো হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। সোলার পানেলটি মসজিদের জায়গায় পুনরায় স্থাপন করা হবে।

এদিকে মনোহরগঞ্জ-খিলা রোডে উপজেলার তাহেরপুর ও শিকচাইল এলাকায় অবৈধভাবে অর্ধ শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে রুবেল হোসেন নামের আরেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। তিনি উপজেলার হাটিরপাড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক। গাছ গুলো তার বাড়ির উঠানে রয়েছে।

এ বিষয়ে রুবেল হোসেন বলেন, ‘রাস্তা চওড়া করতে গিয়ে কিছু গাছ কাটা পড়েছে। সেগুলো রাস্তায় পড়ে আছে। তিনি গাছ নেননি।’

খিলা ইউনিয়নের চেয়ারম্যান আল-আমিন ভূঁইয়া বলেন, ‘শুনেছি তহশিল অফিসের সাথে কথা বলে রুবেল গাছ নিয়েছে।’ এই বিষয়ে তিনি বিস্তারিত কথা বলতে রাজী হননি।

এই প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঠান মো.সায়েদুজ্জামান বলেন, ‘আমরা খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’