Tag Archives: কুমিল্লা

কুমিল্লা-১ দলীয় বিভাজন ভুলে আব্দুস সবুরের পক্ষে একাট্টা সবাই

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস ) আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দলের সবাই এক হয়ে কাজ করছেন। এ আসনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সর্বস্তরে গ্রহনযোগ্য হওয়ায় উচ্ছাসপূর্ণ পরিবেশ বিরাজ করছে এলাকায়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে নৌকা প্রতিকের পক্ষে প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে সবাই। আর এতে প্রার্থীর বিজয় নিশ্চিত বলে দাবি করছেন কর্মীরা।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়ার অনুসারীরা নানা বিতর্কে জড়িয়ে পড়েন। নির্বাচনের পর পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে সখ্যতা গড়ে দলে বিভাজনের রাজনীতি শুরু করেন। সেখানে দলের জন্য ত্যাগী নেতাদের পাশে ছায়া হয়ে থেকেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর । তাকে প্রার্থী হিসেবে পেয়ে এবার আশায় বুক বেধেছে এলাকার মানুষ। সবাই মিলে নৌকাকে জয়ী করতে বদ্ধপরিকর।

সরেজমিন দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। এখানকার আওয়ামী লীগের মধ্যে আগের যে বিভাজনের রাজনীতি ছিল , তা ভুলে সবাই ইঞ্জিনিয়ার সবুরের পাশে থাকার ঘোষণা দিয়েছে।

এ আসনে ১২জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে ছয়জনের মনোনয়ন বাতিল এবং একজনের স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা । এখন প্রতিদ্বন্ধিতায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জাতীয় পার্টি থেকে আমির হোসেন ভূঁইয়া, জাকের পার্টি মাওলানা ওবায়দুল হক, তৃণমূল বিএনপির সুলতান জিসান আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক গণমুক্তি জোটের মোহাম্মদ জসিম উদ্দিন ভূইয়া।

তবে নির্বাচনী মাঠ ঘুরে জানা গেছে, প্রতিদ্বন্দ্বি যিনিই হোন না কেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষেই জনজোয়ার তৈরি হয়েছে। এবার নৌকার মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সাংসদ মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া, তাঁর ছেলে উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিষ্টার মহিউদ্দিন আহমেদ।

ব্যারিষ্টার মহিউদ্দিন আহমেদ বলেন, একটি দল থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে। তবে আমরা সবাই সব অভিমান ভুলে নৌকাকে বিজয়ী করার লক্ষে কাজ করছি।

আর দাউদকান্দি তিতাসের জনগনের কাছে ইঞ্জিঃ আব্দুস সবুর সাবেক মন্ত্রী মরহুম আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারে প্রতিচ্ছবি হয়ে থাকবেন বলে এলাকায় মানুষের মুখে মুখে। আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার দাউদকান্দিতে যখন মন্ত্রী ছিলেন, উন্নয়ন যাই করেছে, কিন্তু কোন মানুষের ক্ষতি করেছে এমন নজির নেই।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মোঃ শাহজালাল ও ভিপি সালাউদ্দিন রিপন বলেন, ইঞ্জিঃ আব্দুস সবুর নৌকা প্রতিক পাওয়ায় এই আসনের আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারন মানুষ উজ্জিবিত হয়েছে। সবাই তার পক্ষে একাত্মতা প্রকাশ করে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ৭ জানুয়ারী ভোট বিপ্লবের মাধ্যমে নৌকাকে বিজয়ী করতে আমরা সবাই নিরলস কাজ করব।

মনোনয়ন ঘোষনার পর দলের সবাই একাট্টা হয়ে কাজ করছে জানিয়ে তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল ও পরিবার। আওয়ামী লীগের সভানেত্রী যাকেই মনোনয়ন দিয়েছেন সব দ্বিধাদ্বন্দ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেন, সংগঠনের ভেতর কোনো গ্রুপিং নেই। আমি দাউদকান্দি তিতাসের নেতা-কর্মী ও সাধারন মানুষের সমর্থন ও ভালবাসা পেয়েছি। নেতা-কর্মী ও সাধারন ভোটাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

আল্লাহ সহায় হলে এবং নেতা-কর্মীদের ভালবাসায় আগামী নির্বাচনে বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ । তিনি আরও বলেন, আচরনবিধি যাতে লঙ্ঘিত না হয় সে ব্যাপারে সকলকে সচেতন থেকেই প্রতিক বরাদ্দের পর আমাদেরকে নির্বাচনী প্রচারনা চালাতে হবে।

কুমিল্লার ৫ আসনে ২৮ জনের মনোনয়ন বৈধ, ২৬ জনের বাতিল ও ৯ জনের স্থগিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ১১ টি আসনের মধ্যে  রবিবার ০৫ টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। মোট ৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাইয়ে মনোনয়ন বৈধতা পেয়েছে ২৮ জন। বিভিন্ন কারণ দেখিয়ে মোট ২৬ জনের মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। স্থগিত রাখা হয়েছে ৯ জনের মনোনয়ন পত্র ।

বাতিলের তালিকায় এসব আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রয়েছে। এর মধ্যে ১০ জন আওয়ামী লীগের হেভি ওয়েট স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানা গেছে,  কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র  প্রার্থী ব্যারিষ্টার নাইম হাসানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সবুর সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-০২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র আবদুল মজিদ, শাহ আলম খন্দকার ও জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলামসহ ০৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আওয়ামীলীগ স্বতন্ত্র শফিকুল আলমের মনোনয়ন যাচাই বাছাইয়ের ফল স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমদ মেরি সহ ০৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, রফিকুল ইসলাম ও রুহুল আমিন সহ ০৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়েছে ০৩ জনের মনোনয়ন পত্র। বৈধতা পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন সহ ০৩ জন।

কুমিল্লা- ০৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খন্দকারের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগের স্বতন্ত্র আবুল কালাম আজাদসহ ০৫ জন মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফলাফল স্থগিত রাখা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলসহ ০৮ জন বৈধতা পেয়েছেন।

কুমিল্লা-০৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবু জাহের, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর খান চৌধুরী সহ ০৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেমসহ ০৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লায় ভূমিকম্পের আতঙ্কে দোতলা থেকে লাফ দিল দুই শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লায় ভূমিকম্পের সময় আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া রহমতিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছে- উপজেলার বদরপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মো. সায়েম (১৬) এবং বদরপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. মুনতাসির (১৯) ।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, অত্র মাদ্রাসার দুই শিক্ষার্থী ভূমিকম্পের সময় আতঙ্কে মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দেয়। এ সময় পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলে আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছে।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, এমন কোনো বিষয় আমাদেরকে কেউ জানায়নি।

কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি, পদদলিত হয়ে আহত ৫০ শ্রমিক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে একটি পোশাক কারখানা থেকে হুড়াহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে জেলার চৌদ্দগ্রামে আমির শার্টস গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ ভূমিকম্পে ভবন কেঁপে উঠলে আমির শার্টস গার্মেন্টসের শ্রমিকরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন। এ সময় কারখানার প্রধান ফটক বন্ধ থাকায় গুজব ছড়িয়ে পড়ে ভবনটি ধ্বসে পড়েছে। এতে অন্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে প্রধান ফটকের তালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় পদদলিত হয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আমির শার্টস গার্মেন্টসের এইচআর কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ভূমিকম্পের সময় আমি নিজেই মাইকিং করছিলাম কেউ যেন আতঙ্কিত না হয়। এ সময় কেউ একজন বলে উঠলো ভবনে ফাটল ধরেছে। এ সময় শ্রমিকরা আতঙ্কিত হয়ে বের হতে গিয়ে পদদলিত হয়ে ২০-২৫ জনের মতো আহত হয়েছে। আমরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চৌদ্দগ্রাম উপজেলা স্টেশন কর্মকর্তা দিদারুল আলম জানান, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এর সংখ্যা এখনি বলা যাচ্ছে না।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু জানায়, আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা কমিউনিটি হেলথের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা সোলাইমান বাদশা জাগো নিউজকে বলেন, কারখানায় আহত হওয়া মোট ৭৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, এখানে যাদের নিয়ে আসা হয়েছে এদের অধিকাংশই ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমরা চিকিৎসা দিচ্ছি। এরই মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

কুমিল্লার ১১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২১ জন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ১১টি আসনের বিপরীতে ২২টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা প্রদান করেন তারা।

বৃহস্পতিবার রাত ৯টায় এতথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ১১ জন, স্বতন্ত্র প্রার্থী ৩০ জন, তরিকত ফেডারেশন থেকে ৫ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে ৬ জন, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট ২ জন, জাতীয় পার্টি থেকে ১১ জন, ইসলামী ঐক্যজোট থেকে ৫ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন দল থেকে ১জন, জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে ২ জন, জাকের পার্টি থেকে ১০জন, গণফোরাম থেকে ৩জন, তৃণমূল বিএনপি থেকে ৪জন, গণফ্রন্ট থেকে ৪ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ১ জন, বাংলাদেশ পিপলস পার্টি থেকে ১ জন, বাংলাদেশ কংগ্রেস থেকে ৫জন, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ৪ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে ২ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে ২ জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে ২জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে ২জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ১ জন ও জাসদ থেকে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এর মধ্যে কুমিল্লা- ১ (দাউদকান্দি-তিতাস) আসনে মনোনয়ন জমা পড়েছে ১২ টি, কুমিল্লা- ২ (হোমনা-মেঘনা) আসনে ১২ টি, কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনে ১৪টি, কুমিল্লা-৪ (দেবিদ্বার) ১৪টি, কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে ১১টি, কুমিল্লা- ৬ (সদর উপজেলা, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে ৬টি, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১০টি, কুমিল্লা -৮ (বরুড়া) আসনে পড ১৫টি, কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ৯টি, কুমিল্লা- ১০ (লালমাই নাঙ্গলকোট ও সদর দক্ষিণ) আসনে ৭টি, এবং কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) আসনে পড়েছে ১১টি।

মুরাদনগরে কুপিয়ে আহতের ২০দিন পর প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে বাসায় ডুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে
আহত করার ২০দিন পর দুবাই প্রবাসীর স্ত্রী সুমি বেগম মারা গেছে। মঙ্গলবার
ভোরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি
মৃত্যুবরন করেন। নিহত সুমি বেগম(৪১) দুবাই প্রবাসী ইউনুছ মিয়ার স্ত্রী।

একাধিক সুত্রে অর্থের বিনিময়ে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটেছে
বলে নিশ্চিত করলেও হামলার তিন সপ্তাহে পেছনের মূলহোতা এবং এরসাথে জড়িত
আর কাউকে গ্রেফতার বা হামলার রহস্য উদঘাটন করেত পারেনি পুলিশ। এই নিয়ে
জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা যায়, গত (০৮ই নভেম্বর) বুধবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের
রহিমপুর গ্রামের জিয়ার বাঁধ এলাকায় সুমি বেগম নামের এক দুবাই প্রবাসীর
স্ত্রীকে বাসায় ডুকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে
সন্ত্রাসীরা।

এসময় তার শোর-চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে শরীরের
বিভিন্নস্থানে কোপানো ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে
প্রেরণ করেন। সুমি বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
ছিলেন। এঘটনায় হামলাকারীদের একজন রহিমপুর গ্রামের মৃত আলী আজগর
ভান্ডারীর ছেলে জাবেদ (৩১)কে আটক ও হামলায় ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধারসহ
তাকে কারাগারে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ। ভিকটিম সুমি বেগম বাদী
হয়ে থানায় মামলা দায়ের করে ছিলেন।

এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সুমি
বেগমের মৃত্যুর খবর পেয়ে সুরতহাল করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এখন এটি হত্যা মামলা হবে। দ্রুত
রহস্য উদঘাটন করা হবে এবং ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাষ বলেন, টাকার বিনিময়ে
হামলার ঘটনা ঘটে থাকলে তদন্তের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় আনা
হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

চৌদ্দগ্রামে ৩৮৫ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার মিরশানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলো: উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল গফুর এর ছেলে মো: হাশেম (২৬) ও একই গ্রামের মো: মিলন এর ছেলে এমরান হোসেন সাইফুল (৩১)।

এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটো-রিকসা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (২৬ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, ‘গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আটককৃত হাশেম ও সাইফুল এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

২৫ বছর পর কুমিল্লায় শহিদুল্লাহ হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া শহিদুল্লাহ হত্যা মামলার ৪ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এই ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। সোমবার সাড়ে ১২ টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৩ এর বিচারক রোজিনা খান এই রায় দেন

নিহত মো: শহিদুল্লাহ বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামের মৃত মাওলানা আব্দুল মজিদের ছেলে

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা বরুড়া উপজেলার পরানপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইউছুফ, বনি আমীন, ইউছুফের ভাতিজা সোলায়মান, ইউছুফের শ্যালক আবদুল হক এবং ইউসুফের বড় বোন রজ্জবী বিবি।

মামলার এজাহারে জানা যায় ১৯৯৮ সালে ২৫ই মে দুপুরে শহিদুল্লাহ তার জমিতে ধানের চারা রোপণ করতে যায়। তখন শহিদুল্লার সাথে আসামীদের বাকবিতণ্ড হয়। পরে রাতের বেলা শহিদুল্লাহকে তার দোকান থেকে ডেকে নিয়ে আসামীরা কুপিয়ে জখম করে। এইসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় শহিদুল্লাহ।

এই ঘটনায় ২২ই মে নিহত আসামীর ভাই আমানুল্লাহ বাদী হয়ে মামলা করলে পুলিশ ১৫ জনের নামে চার্জশিট প্রদান করে। ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পর দীর্ঘ ২৬ পর ৪ জনের ফাঁসিসহ ১জনকে যাবজ্জীবন প্রদান করে।

নিহতের ছেলে আইনজীবী নাসিরউদ্দিন জানান, আমার বাবাকে যখন হত্যা করে তখন আমি ৫ম শ্রেনীতে পড়ি। আমার একটা ইচ্ছা ছিল আমি বড় হয়ে আইনজীবী হবো। আজকে আমি আমার বাবার হত্যামামলা পরিচালনা করেছি। আদালতে রায়ে আমি অনেক খুশি।

কুমিল্লা জেলা ও দায়রা আদালত -৩ এর এপিপি নুরুল ইসলাম বলেন দীর্ঘ ২৫ বছর পর এই বহুল আলোচিত হত্যামামলার আসামীদের আজ সাজা হয়েছে। সব চেয়ে বড় কথা নিহতের ছেলে আইনজীবী হয়ে এই মামলায় আমাকে সহযোগীতা করেছে। আমরা আদালতের এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।

বুড়িচংয়ে মোটরসাইকেল-সিএনজি অটোর সংঘর্ষ: কলেজ ছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং -গোবিন্দপুর – রামপুর পোষ্টাফিস সড়কে সোমবার সন্ধ্যায় মোটর সাইকেল ও সিএনজির সংঘর্ষে মোটর সাইকেল আরোহী অনিক রহমান ( মোজাম্মেল) (১৬) নামের এক কলেজ ছাত্র নিহত হয়। তার সঙ্গে থাকা আপন চাচাত ভাই একই কলেজের ছাত্র রাফি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দপুর বাজার এলাকায়।

প্রত্যক্ষ দর্শী স্থানীয় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার ও অন্যান্য সূত্র জানায় সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং – গোবিন্দপুর – রামপুর সড়কের গোবিন্দপুর এলাকায় একটি মোটর সাইকেল ও বুড়িচং গামী একটি যাত্রী সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মোটর সাইকেল আরোহী দুই জন মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কুমিল্লা রেফার করে। কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করলে রাতে চিকিৎসাধীনে অনিক রহমান (১৬) বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দপুর গ্রামের কুয়েত প্রবাসী আলী আক্কাসের একমাত্র পুত্র সন্তান।

তার সঙ্গে থাকা অপর আহত রাফি (১৬) তার আপন চাচাত ভাই আবুল হাশেমের ছেলে এবং একই কলেজের একই শ্রেণির ছাত্র। এঘটনার খবর পেয়ে কুয়েত প্রবাসী আলী আক্কাস মঙ্গলবার সকালে বিমান যোগে বাংলাদেশ আসে এবং দুপুর ৩ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কলেজ ছাত্র অনিক রহমান কে দাফন করা হয়।

কুমিল্লার সেই বিচারকের সাজার রায় ৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সোহেল রানার সাজার রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য আগামী ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওই দিন পর্যন্ত হাইকোর্টের সাজার রায় স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে বিচারকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রাফিউল ইসলাম ও ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ।

এর আগে গত ১২ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার সাজার রায় ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একই সঙ্গে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম তিনি তার খাস কামরায় এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইকোর্টের সাজার আদেশের পর জামিন আবেদনের পাশাপাশি চেম্বার আদালতের কাছেও একটি আবেদন নিয়ে যান বিচারক সোহেলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তখন চেম্বার আদালত তার খাস কামরায় বসেই সাজা স্থগিত করে আদেশ দেন।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে আদালত অবমাননার দায়ে বিচারক মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ। কিন্তু ৩ ঘণ্টা পর দুপুরে হাইকোর্টের একই বেঞ্চ তাকে জামিন দেন।

এ ঘটনায় তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে কিছুটা চাঞ্চল্য তৈরি হলেও আইনের দিক থেকে এখানে কোনো ব্যত্যয় হয়নি বলে জানান আইনজীবীরা।

বিচারকের আদালত অবমাননার প্রেক্ষাপট

মামলার নথি থেকে জানা যায়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামুন চৌধুরী ও রিয়া আক্তার দম্পতির বিরুদ্ধে ২০১৭ সালের ২৭ মার্চ কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়। মামলার কার্যক্রমের বৈধতা নিয়ে মামুন-রিয়া দম্পতির করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৪ নভেম্বর হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে মামলার কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

২০১৯ সালের ৬ মার্চ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এ স্থগিতাদেশ সত্ত্বেও কুমিল্লার তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা গত ১০ এপ্রিল সংশ্লিষ্ট মামলায় অভিযোগ গঠন করেন।

উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে মামলার কার্যক্রম চালানো এবং অভিযোগ গঠন করায় বিচারক সোহেল রানার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ করেন আসামি মামুন চৌধুরী।

গত ১৪ আগস্ট হাইকোর্ট এক আদেশে বিচারক সোহেল রানাকে তলব করেন। উচ্চ আদালতের আদেশ অমান্য করার বিষয়ে অবস্থান ব্যাখ্যা করতে ২১ আগস্ট তাকে হাইকোর্টে হাজির হতে বলা হয়। ধার্য তারিখে তিনি হাইকোর্টে হাজির হন। পরবর্তী সময়ে জবাব দাখিল করেন। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় গত ২৮ আগস্ট সোহেল রানার প্রতি আদালত অবমাননার স্বপ্রণোদিত রুল দেন হাইকোর্ট। পাশাপাশি ৯ অক্টোবর তাকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

আদালত অবমাননার রুলের পর গত ৩১ আগস্ট বিচারক সোহেল রানা কুমিল্লার সেই মামলার অভিযোগ গঠনের আদেশ প্রত্যাহার করেন। হাইকোর্টের ধার্য তারিখে হাজির না হয়ে তিনি সময়ের আবেদন জানান। হাইকোর্ট আজ ১২ অক্টোবর পরবর্তী তারিখ ঠিক করেন।

সে অনুযায়ী বিচারক সোহেল রানা আজ হাইকোর্টে হাজির হন এবং আদালত অবমাননার বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তার ক্ষমা প্রার্থনা গ্রহণ না করে হাইকোর্ট কারাদণ্ড দেন এবং জরিমানা করেন।

সূত্র: ঢাকাপোষ্ট