Tag Archives: কুমিল্লা

কুমিল্লার বুড়িচংয়ে জনতা পরিবহনের বাসচাপায় ২ যুবকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিউ জনতা পরিবহনের বাসচাপায় মোটরসাইকেলে থাকা ২ যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুড়িচংয়ের শরিফপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল বাতেন (৩০) এবং বরুড়ার পোমতলা গ্রামের মোখলেস মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জগামী নিউ জনতা পরিবহনের একটি বাস ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি।

নাঙ্গলকোটে মালবাহী ও সোনারবাংলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনে মালবাহী ও সোনারবাংলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বহু হতাহতের আশংকা রয়েছে।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ।

হঠাৎ বিদ্যুৎ চলে গিয়ে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনারবাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি দুমড়ে মুচড়ে গেছে।

লাকসাম র‍্যাবের ইনচার্জ জসিমউদ্দিন বলেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

কোচিং প্রাইভেটে ক্লান্ত শিক্ষার্থী-অভিভাবক, বৈষম্যের শিকার কম আয়ের পরিবারের সন্তানরা

 

মোঃ আবদুল আউয়াল সরকারঃ

সন্তানদের লেখাপড়া এখন স্কুল-কলেজের চেয়ে কোচিং-প্রাইভেট নির্ভরতা বেশি হয়ে দাঁড়িয়েছে। এতে অভিভাবকদের বাড়তি খরচের পাশাপাশি অধিক সময় লেখাপড়া করতে গিয়ে চরম মানসিক চাপে পড়ছে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের প্রতি আস্থাও কমছে সংশ্লিষ্টদের। শিক্ষকদের কোচিং বন্ধে সরকারের একটি নীতিমালা থাকলেও তার বাস্তবায়ন না থাকায় বাড়তি আয়ের জন্য ক্লাসের চেয়ে কোচিং-প্রাইভেটে পড়াতে বেশি মনোযোগী হন অনেক শিক্ষক। এ অবস্থায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকদের কোচিং-প্রাইভেট বন্ধে নীতিমালা অনুযায়ী কঠোর মনিটরিং এবং মানসম্মত শিক্ষক ও ক্লাস নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

অভিযোগে জানা গেছে, দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষকদের ক্লাস কার্যক্রমে সন্তষ্ট নন শিক্ষার্থী ও অভিভাবকরা। যে কারণে যথাসময়ে পাঠ্যবই ঠিকমতো বুঝতে ও শেষ করতে না পারায় পরীক্ষায় বসা নিয়ে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। অভিভাবকদেরও অনেকে কর্মব্যস্ত থাকা এবং অনেকে শিক্ষাগত অযোগ্যতার কারণে সন্তানদের বাসায় তেমন পড়ানোর সুযোগ পান না। যে কারণে বাধ্য হয়েই কোচিং বা প্রাইভেট শিক্ষকদের ওপর নির্ভর করেন। গ্রাম বা মফস্বল এলাকার চেয়ে শহর এলাকার নামি-দামি স্কুলের শিক্ষার্থীদেরই কোচিং-প্রাইভেট নির্ভরতা সবচেয়ে বেশি দেখা যায়। প্রয়োজনের বাস্তবতায় স্কুল-কলেজের মতোই অনেকটা বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একাডেমিক কোচিং সেন্টার গড়ে উঠেছে।

ভালো ফলাফল করার প্রতিযোগিতায় টিকে থাকতে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই ক্লাসের বাইরে কোচিং-প্রাইভেটে বেশি সময় দিচ্ছে। এক্ষেত্রে আর্থিক সক্ষমতা অনুযায়ী কোচিং-প্রাইভেট শিক্ষকদেরও মান নির্ভর করে। অপরদিকে স্বল্প আয়ের পরিবারের সন্তানদের এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হচ্ছে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকা বা এগিয়ে থাকতে গিয়ে মূল ক্লাস সময়ের বাইরে সমপরিমাণ বা তার চেয়েও বেশি সময় শিক্ষাকার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও দিশাহারা হয়ে যাচ্ছেন। অনেক শিক্ষার্থী পড়ালেখায় অতিষ্ঠ হওয়ার পাশাপাশি অসুস্থ হয়ে পড়ছেন বলেও খবর পাওয়া গেছে।

সম্প্রতি কুমিল্লার বিভিন্ন স্কুল এলাকায় গিয়ে দেখা যায়, ক্লাস শুরুর পর অপেক্ষারত অভিভাবকদের সঙ্গে আলাপ করে কোচিং সেন্টার বা প্রাইভেট ব্যাচ সংশ্লিষ্টরা নানা প্রচারপত্র নিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালান। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ নম্বরও তারা নোট করে নেন। এছাড়া ক্লাস শেষে শিক্ষার্থীদের ভিড়ের মধ্যেই কোচিং-প্রাইভেটের প্রচারপত্র বিলি নিয়ে রীতিমতো প্রতিযোগিতা লেগে যায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশেই অবস্থিত নানা কোচিং সেন্টারের বড় বড় সাইনবোর্ড-ব্যানারও টানানো থাকে।

দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, শিক্ষক যদি তার সব মেধা ও মনন যথাযথভাবে ক্লাসে প্রয়োগ করেন, তাহলে কোনো শিক্ষার্থীর প্রাইভেট-কোচিংয়ের প্রয়োজন পড়ে না।

তবে ক্লাসের অন্য সবাই কোচিং-প্রাইভেটে জড়িত থাকায় অনেকটা নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হচ্ছে তার সন্তান। তাছাড়া ক্লাস টিচাররাও শিক্ষার্থীদের ঠিকমতো না পড়িয়েই বা যথাযথ ধারণা না দিয়েই পরীক্ষায় অপেক্ষাকৃত কঠিন প্রশ্ন করায় বেশ বিপাকে পড়ছে কোমলমতি শিক্ষার্থী। এ অবস্থায় আসলে কোচিং-প্রাইভেটের বাইরে গিয়ে স্কুলের প্রতিযোগিতায় টিকে থাকা বেশ চ্যালেঞ্জের বিষয় মনে হচ্ছে বলেও ওই অভিভাবক জানান।

কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাসের বলেন,নিয়মিত ক্লাসে হাজির হলে শিক্ষার্থীরা দুর্বল বিষয়গুলোতে শিক্ষকের সহায়তা নিয়ে সবল হয়ে উঠতে পারে। তাছাড়া ক্লাসে শিক্ষার্থীরা প্রশ্ন জিজ্ঞাসা করতে, ব্যাখ্যা চাইতে পারে এবং সরাসরি শিক্ষকের কাছ থেকে শিখতে সক্ষম হয়। আমাদের শিক্ষকগণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং আমাদের কারিকুলাম অনুযায়ী শিক্ষা দানে দক্ষ। সুতরাং শিক্ষার্থীদের উচিত ক্লাসে উপস্থিত হয়ে খুব সহজেই নিজেদের বুদ্ধিমত্তা ও দক্ষতা বাড়ানোর এসব সুযোগ গ্রহণ করা। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা নিয়মিত আসেনা, অথচ কোচিং প্রাইভেটে ব্যস্ত থাকে। এ ব্যপারে অভিভাবক ও শিক্ষার্থী সবাইকে সচেতন হবে। নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। নিয়মিত ক্লাসে আসলে প্রাইভেট কোচিংয়ের প্রয়োজন হবেনা।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও বিয়ারসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে গাঁজা ও বিয়ারসহ মোঃ টিপু সুলতান (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ বরে সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল রাতে উপজেলার কোটবাড়ী বিশ্বরোড এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও ১০৮ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের মোঃ বলকিছ মিয়ার ছেলে।

রবিবার (১৬ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিয়ারসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নাঙ্গলকোট থেকে মোটরসাইকেলযোগে সাগরপাড়ের উদ্দেশ্যে রওনা, পথিমধ্যেই মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নাঙ্গলকোট থেকে মোটরসাইকেলযোগে সাগরপাড়ে ইফতার করার উদ্দেশ্যে বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র পাড়ে রওনা দেন যোবায়ের হোসেন। কিন্তু সাগর পাড়ে ইফতার করা হলো না তার। ইফতারের আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। শুক্রবার বিকালে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যোবায়ের হোসেন (২৫) নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির সরফাওতলী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত যোবায়ের হোসেনসহ প্রায় ৩০ জন বন্ধু প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ার হাট এলাকায় লরির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কাকা মাহমুদুল হাসান মাহমুদ বলেন, ২০টি মোটরসাইকেলযোগে বন্ধু-বান্ধব নিয়ে জুমার নামাজের পর চট্টগ্রাম পতেঙ্গা সি-বিচে ইফতার করার জন্য রওয়ানা দেয় যোবায়ের। বিকেল ৪টার দিকে বারাইয়ারহাট এলাকায় লরি মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়। সহপাঠীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার তিতাসে গানের ভলিউম বাড়ানো নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার তিতাসে ডেকসেটের ভলিউম বাড়ানো নিয়ে শুকতারা বেগম (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলা মংগলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজন তিতাস থানার ফর্মার ও তার বাবা জয়নাল আবেদীন ডোম বলে জানা গেছে। মামলা না করার জন্য রাজন ও জয়নাল নানান রকমের হুমকি ধমকি দিচ্ছেন শুকতারাকে হত্যার পর তারা আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে বলে জানান নিহতের পরিবার।

নিহতের ছেলে শাহনেওয়াজ (৯) ও শিশু মেয়ে মানছুরা (৩) বলে, তাদের বাবা রাজন ডেকসেটের ভলিউম বাড়িয়ে গান শুনছিলেন। তার মা ভলিউম কমিয়ে দিতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের বাবা প্রথমে মায়ের নাকেমুখে এলোপাথাড়ি কিল-ঘুসি; তার পর বেল্ট দিয়ে পিটিয়ে আহত করে।

নিহতের বাবা তারাজ মিয়া ও তার ভাই আলমগীর বলেন, আমাদের প্রতিবেশী রাজনের সঙ্গে শুকতারার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে মাদকাসক্ত স্বামী রাজন ও তার পরিবার মারধর করতো শুকতারাকে। বৃহস্পতিবার সকালে শুকতারার শাশুড়ি আমাকে বলেন- শুকতারাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু কোনো কারণ না বলেই চলে যান। পরে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি শুকতারা আর বেঁচে নেই।

এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে জয়নাল ও তার ছেলে রাজনের বিরুদ্ধে অনেক মৌখিক অভিযোগ আমি শুনেছি। ঘটনার পর থেকে জয়নালকে থানায় দেখা যাচ্ছে না। তাছাড়া কেউ মামলা করতে আসলে আমরা অবশ্যই মামলা নেব।

কুমিল্লায় এক লাখ টাকার জাল নোটসহ পেশাদার ব্যবসায়ী গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় এক লাখ টাকার জাল নোট জব্দ ও এক পেশাদার জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার পুলিশ। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবি।

এর আগে শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানার টিক্কারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই ব্যক্তির নাম সোহেল আরমান (৪০)। তিনি জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মো. খবির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জাল টাকা ব্যবসা সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।

কুমিল্লা ডিবির ওসি রাজেশ বড়ুয়া জানান, শুক্রবার সন্ধ্যায় শহরতলীর টিক্কারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করছিল ডিবির একটি টহল দল। এ সময় মোটরসাইকেলযোগে আসা সোহেলের দেহ তল্লাশি করে এক লাখ টাকার নতুন নোট পাওয়া যায়। এসব নোট যাচাই করে জাল নোট বলে প্রমাণিত হয়।

জিজ্ঞাসাবাদে সোহেল জানান, শরীফ নামে তার একজন সহযোগী রয়েছেন। এসব জাল টাকা তারা বিভিন্ন শপিংমল, বিকাশ, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ব্যবসায়িক লেনদেনে ব্যবহার করে থাকেন। জাল টাকাগুলো ঢাকা থেকে এনে এই ধরনের কার্যক্রম করে থাকেন তারা। তিনি দেশের বিভিন্ন স্থানে জাল টাকা ব্যবসার চক্রের সঙ্গে জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় জাল টাকা ব্যবসা সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক রবি

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে গাঁজাসহ মোঃ রবিউল আলম ওরফে রবি (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল রাতে উপজেলার আশ্রাফপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক যুবক সদর দক্ষিণ মডেল উপজেলার কনেশতলা গ্রামের আবু আহম্মেদের ছেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার বারপাড়া থেকে ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বারপাড়া থেকে ফেন্সিডিলসহ মোঃ আব্দুল করিম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল রাতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

আটক মোঃ আব্দুল করিম সদর দক্ষিণ উপজেলার বাউবন্দ গ্রামের আব্দুল রশিদের ছেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

কুমিল্লার চৌদ্দগ্রামে ড্রেনের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার একটি বাইপাস সড়কের ড্রেনেজ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়কের ড্রেনে তিনটি বিদ্যুতের খুঁটি রেখেই কাজ চলমান রয়েছে। এতে করে এলাকার পানি নিষ্কাশন ও ময়লা ড্রেন দিয়ে খালে যেতে বিঘ্ন ঘটবে। বিষয়টি নিয়ে এলাকায় চলছে ব্যাপক সমালোচনা। বিক্ষুব্ধ এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন।

কাজে অনিয়মের অভিযোগে স্থানীয়দের প্রতিবাদের প্রেক্ষিতে ১ বছরেরও বেশি সময় ড্রেনেজ নির্মাণকাজ বন্ধ ছিল। কয়েকদিন থেকে পুনরায় বিদ্যুতের খুঁটি রেখে একই কায়দায় নির্মাণকাজ শুরু হলে আবারও জনগণের আপত্তির কারণে কাজ বন্ধ রাখা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২২ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক পশ্চিম বাইপাস সড়কের ড্রেনেজ নির্মাণকাজের উদ্বোধন করেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। বাইপাস সড়কের ফালগুনকরা অংশের শ্রী লক্ষণ সূত্রধর ও আবু তাহের মাস্টারের বাড়ি সংলগ্ন ড্রেনে তিনটি বিদ্যুতের পিলার রেখেই কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফাতেমা ট্রেডার্স’। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে ড্রেনেজ নির্মাণকাজ বন্ধ ছিল। সম্প্রতি ড্রেনের মাঝে বিদ্যুতের তিনটি খুঁটি রেখেই নির্মাণকাজ আবারও শুরু করা হয়।

আজ বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটি রেখেই পুনরায় ড্রেনের নির্মাণকাজ চালু করা হয়েছে। এ সময় এলাকার জনগণ কাজে বাধা দেওয়ার জন্য সংঘবদ্ধ হন। এলাকাবাসীর দাবি, দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে ড্রেনের কাজ করা হোক। এ ছাড়া অনেকের বাড়ির সামনে রাস্তার পাশে সীমানা প্রাচীর সরানোর জন্য বারবার নির্দেশনা দিলেও সীমানা প্রাচীর সরাচ্ছে না কেউ কেউ। এতে করে রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের অগ্রগতি আশাব্যাঞ্জক নয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহীন শার হোসেন বলেন, ‘রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থার কাজ গত অর্থ বছরে শুরু হয়েছে। তবে এলাকার লোকজন বিদ্যুতের খুঁটি থেকে পূর্ব দিকে জায়গা না দেওয়ায় ড্রেনেজ কাজের বিলম্ব এবং ব্যাঘাত ঘটছে। এ বিষয়টি দেখার জন্য প্রকল্প পরিচালক নুর হোসেন কাজ পরিদর্শন করেন। খুঁটি রেখেই কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি। কিন্তু পৌরসভার পক্ষ থেকে জনগণের কল্যাণে বিদ্যুতের খুঁটিগুলো স্থানান্তর করতে দেরি হওয়ায় কাজ শেষ করতে কিছুটা বিলম্ব হচ্ছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফাতেমা ট্রেডার্সের’ কাজের তদারকিকে আছেন মো. মামুন নামে এক ব্যক্তি। জানতে চাইলে তিনি বলেন, ‘খুঁটি সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এতে আরো কিছু সময় লাগতে পারে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তিনটি খুঁটি সরিয়ে নেওয়ার জন্য ওয়াপদার আবাসিক প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে। প্রকৌশলী এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। আশা করছি দ্রুতই বিষয়টির সমাধান হবে।’