Tag Archives: বাস

দূরপাল্লার বাসগুলোতে স্কট দিচ্ছি: র‍্যাব

ডেস্ক রিপোর্ট:

দূরপাল্লার বাসগুলোতে স্কট সেবা দিচ্ছে র‌্যাব। সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

খন্দকার আল মঈন জানান, আজকের অবরোধ উপলক্ষে দেশব্যাপী ৪৬০টি টহল দল দিয়েছি। আমরা সম্মিলিত টহল দিচ্ছি ও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন দূরপাল্লার পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আমরা সমন্বয় করছি। দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময়ে স্কট দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে দিচ্ছি।

গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন,গত শনিবারে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা বেশ কয়েক জন ঢাকা, গাজীপুর, সাভার এবং কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় যেখানে বিপুল পরিমাণে গার্মেন্টস রয়েছে সেখানে পরিদর্শন করেছি। সেখানে পরিদর্শন পরবর্তীতে আমরা কিন্তু যারা গার্মেন্টস সেক্টরকে নষ্ট করার জন্য সহিংসতা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর বার্তা দিয়েছি।

তিনি জানায়, যারা গার্মেন্টস শ্রমিক কিংবা কর্মী না বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট, গার্মেন্টসে অরাজকতা করে বা উস্কে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চাই এমন কয়েকজনকে আমরা আটক করেছি। আমাদের এই কঠোর বার্তার কারণে এবং যারা পিছন থেকে উস্কে দিচ্ছিলেন তাদের আটকের ফলে গার্মেন্টস সেক্টরে কিছুটা শান্তি বিরাজ করছে। গার্মেন্টস শ্রমিক ও কর্মীরা নিরাপদে কাজ করছেন।

বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাংলামোটর মোড়ে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এর আগে আজ সকালে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সবুজ (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হন। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন।

এছাড়া উত্তরা হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ককটেল বিস্ফোরিত হয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হন। এর বাইরে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনকারীদের বিক্ষোভ-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অন্যদিকে গতকাল শনিবার (৪ নভেম্বর) রাতে রাজধানীতে ৫টিসহ সারা দেশে ৯টি বাসে আগুন ও ভাঙচুরের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আওয়ামী লীগের একটি কার্যালয়ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জমায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে।

এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ। সেদিন দুপুরের দিকে বিএনপির সমাবেশে আসা লোকজনের সঙ্গে কাকরাইল মোড়ের কাছে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ শুরু হয়। পুলিশ সেখানে হস্তক্ষেপ করার পর এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয় এবং বেশকিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপস্থিত সাংবাদিকদেরও ব্যাপক মারধর করা হয়। এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও উপুর্যুপরি টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপির সমাবেশ ভণ্ডুল করে দেয়। এর ফলে সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়, পুলিশের বহু সদস্যকে পিটিয়ে আহত করা হয় এবং পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে কয়েকটি অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দেওয়া হয়।

সমাবেশ বানচালের প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর বিএনপি হরতাল পালন করে। হরতালের দিন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে আছেন।

হরতালের পর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। ওই কয়েকদিনে মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার অভিযান এখনো অব্যাহত রেখেছে পুলিশ। সবশেষ গ্রেপ্তার করা হয় বিএনপির জ্যেষ্ঠ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে। এছাড়া গত কয়েকদিনে সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হকসহ বিএনপির জাতীয় পর্যায়ের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

১২ ঘণ্টায় সারা দেশে ১০ বাসসহ ১২ জায়গায় আগুন

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ রোববার ভোর ৬টা থেকে। এই কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার সন্ধ্যা ৭টা থেকে আজ রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ১২টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এর মধ্যে রাজধানীতে সাত জায়গায় আগুন লাগানো হয়েছে। ১০টি বাস, একটি রাজনৈতিক দলের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে।

আজ রোববার (৫ নভেম্বর) সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত অবরোধের আগের রাতে ১২টি স্থান থেকে আগুনের সংবাদ পাওয়া গেছে। ঢাকা শহরে সাতটি, নারায়ণগঞ্জ ও গাজীপুর দুটি, সিরাজগঞ্জে একটি, বরিশালের চরফ্যাশনে একটি, রংপুরের পীরগঞ্জে একটি ঘটনা ঘটে।

তিনি জানান, ঢাকাসহ সারা দেশে ৯টি বাসে আগুন, সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন এবং একটি জায়গায় গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়া হয়েছে।

রাজধানীতে যাত্রী বেশে বাসে উঠে আগুন দিল দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। আনুমানিক সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

বুধবার (১ নভেম্বর) এ তথ্য জানান ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ইমরুল।

তিনি বলেন, আজ আনুমানিক সন্ধ্যা ৬টায় শ্যামলী স্কয়ারের সামনে আউটগোয়িংয়ে ওয়েলকাম পরিবহনের একটি বাসে যাত্রীবেশে উঠে আগুন লাগিয়ে নেমে যায় দুর্বৃত্তরা। সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কুমিল্লার বুড়িচংয়ে জনতা পরিবহনের বাসচাপায় ২ যুবকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিউ জনতা পরিবহনের বাসচাপায় মোটরসাইকেলে থাকা ২ যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুড়িচংয়ের শরিফপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল বাতেন (৩০) এবং বরুড়ার পোমতলা গ্রামের মোখলেস মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জগামী নিউ জনতা পরিবহনের একটি বাস ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি।