Tag Archives: চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রীসহ নিহত ৩; শিশুসহ আহত ১১

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনা ওমামা জোয়ার্দার (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে। গত রবিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার বড় গোবিন্দপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত কিশোরী ওমামার বড় ভাই মামুন জোয়ার্দার আহত হয়েছে।

ওমামা জোয়ার্দার (১৪) মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোনটাকা গ্রামের জাহাঙ্গীর জোয়ার্দার এর মেয়ে।

আহত মামুন জোয়ার্দার জানান, নোয়াখালী থেকে ঢাকায় বেড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওয়ানা দেই। চান্দিনার গোবিন্দ পুর এলাকায় সড়কের মাঝ দিয়ে একজন বৃদ্ধ লোক হঠাৎ দৌড় দেয় তাকে বাঁচাতে আমার মোটরসাইকেলটি ব্রেক করলে পেছনে থাকা আমার ছোট বোন মহাসড়কে ছিটকে পড়ে যায়। এসময় পেছন দিক থেকে বাস এসে আমার বোন কে পিষে দেয় । পরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু

 

শরীফুল ইসলাম, চান্দিনা:

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার মো. ইসরাফিল এর মৃত্যু হয়েছে । শনিবার (১৯ জুন) ভোর সাড়ে ৫টায় কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল সাতক্ষীরা সদর উপজেলার ট্রাকচালক মশিউর রহমানের ছেলে। এ সময় মারাত্মক আহত হন পিতা মশিউর রহমানও।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের ছয়ঘড়িয়া বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল ঢাকামুখী একটি ট্রাক। ট্রাকটির পেছনে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অপর একটি পণ্যবাহী ট্রাক। এসময় আঘাতকারী ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন এর হেলপার ইসরাফিল। আহত অবস্থায় ট্রাকটিতে আটকে যান চালক মশিউর রহমান।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহত ট্রাকচালককে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার কারণে আঘাতকারী ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতেই ঘটনাস্থলেই মারা যান হেলপারের। আর মারাত্মক আহত অবস্থায় আটকে থাকেন চালক। আমরা হতাহত দুইজনকেই উদ্ধার করি। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহত চালককে হাসপাতালে পৌঁছে দেই।’

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) সালেহ আহম্মেদ বলেন, ট্রাকচালক পিতা নিজের ছেলেকেই হেলপার হিসেবে রেখেছিলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হচ্ছে।’

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২,

 

শরীফুল ইসলাম, চান্দিনা :
কুমিল্লার চান্দিনায় পণ্যবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকসহ ২ জন নিহত হয়েছেন। এতে আরো একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়য়ক সম্পাদক মোটরসাইকেল চালক নাজমুল (২০) ও একই উপজেলার কুটুম্বপুর গ্রামের আরোহী আব্দুল জলিল (৬০)। আহত ব্যক্তি হলেন উপজেলার বাতাঘাসী ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির হোসেন এর ছেলে ছোলেমান মিয়া (৪০)।

আহত যাত্রী ছোলেমান জানান, ‘আমি কুটুম্বপুর থেকে কুমিল্লা যাওয়ার জন্য দেড়শ টাকা ভাড়া ঠিক করে মোটরসাইকেলে উঠি। আমি মাঝে ছিলাম আর যে ব্যক্তিটি মারা গেছেন তিনি পিছনে ছিলেন।’

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত নাজমুল মহাসড়কে যাত্রী বহন করছেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে কুটুম্বপুর থেকে ২ যাত্রী নিয়ে কুমিল্লার উদ্দেশে রওয়ানা হন। মোটরসাইকেলটি মাধাইয়া বাজার এলাকায় অতিক্রম করার পরপর পণ্যবাহী কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আব্দুল জলিল নামে এক যাত্রী নিহত হন। আহতাবস্থায় নাজমুল ও ছোলেমানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমেকে পাঠালে পথিমধ্যে মৃত্যু হয় নাজমুলের।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন চার্জ (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনার পরপর হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 

চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের (কাদের চেয়ারম্যান) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কাঠেরপুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের (৬৫) চান্দিনা উপজেলার বানিয়াচং গ্রামের বাসিন্দা। তিনি এতবারপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল কাদের মটোরসাইকেল যোগে তার মেয়ের বাড়ি দেবীদ্বার উপজেলার আশরা গ্রাম থেকে চান্দিনা আসার পথে কাঠেরপুল এলাকায় অজ্ঞাতনামা একটি বাস ধাক্কা দিলে মারাত্মক আহত হন তিনি।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

 

শরীফুল ইসলাম, চান্দিনা:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় একজন পথচারীর মৃত্যু হয়। মঙ্গলবার (২১ মে) রাতে মহাসড়কের নাওতলা এলাকায় মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজের সামনে ওই দুর্ঘটনায় ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাড়ির এস আই মো. রিপন আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ।এখনো নিহতের পরিচয় পাওয়া যায় নি।

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ নিহত ৩; আহত ৬

 

শরীফুল ইসলামঃ

কুমিল্লার চান্দিনায় বিদেশ থেকে আসা যাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬জন।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪ টা ৪০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে।

নিহতরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাদুয়ারা গ্রামের হাজী আয়েজ উল্লাহর ছেলে দুবাই প্রবাসী আব্দুল মান্নান (৪০), তার বড় ভাই আবুল কাশেম (৪২) এবং লক্ষীপুর জেলার বাবুল মিয়ার ছেলে রাকিব হোসেন (২০)।

এ ঘটনায় আহত হয়, নিহত আব্দুল মান্নান এর ভাতিজা সালাউদ্দিন (২৫), স্ত্রী হাসিনা বেগম (৩৪), মেয়ে হাফসা, তাকিয়া ও তানহা এবং লক্ষীপুর চাটখিল উপজেলার পরকোট গ্রামের হারুনুর রশিদ এর ছেলে গাড়ি চালক নূর হোসেন পারভেজ (২৮)।

মাইক্রোবাস চালক পারভেজ জানান, ভোরে মনোহরগঞ্জ থেকে তাদের নিয়ে বিমানবন্দর যাই। দুপুর ১টায় আব্দুল মান্নান দুবাই থেকে আসার পর তাদেরকে নিয়ে বাড়ি ফিরছিলাম। মহাসড়কের নূরীতলা এলাকায় পৌঁছার পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পর নিহত ৩ জনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২ জনকে আশঙ্কা জনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন: প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

শরীফুল ইসলামঃ
চান্দিনায় দুই মাইক্রোবাস ও বালিবাহী ট্রাকের সংঘর্ষে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের দুই জন ছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে ওই কলেজের ছাত্রী ও শিক্ষকরা মানববন্ধন করে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে তারা। পরে মহাসড়কে দুর্ঘটনা রোধে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া স্মারকলিপি গ্রহণ করেন। স্মারক লিপিতে ঘাতক চালককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সু-চিকিৎসা, চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের জন্য দুটি কলেজ বাস প্রদানসহ ৫ দফা দাবি করেন তারা। ছাত্রীদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন কলেজের ছাত্রী তাহমিনা আক্তার তামান্না, তন্নী চক্রবর্তী, নূর জাহান আক্তার।

এর আগে বুধবার (১০ অক্টোবর) দুপুর পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন গোবিন্দপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর দুইজন ছাত্রী নিহত হয়। নিহতরা হলো- দেবিদ্বার উপজেলার প্রেমু গ্রামের আব্দুল ওহাবের এর মেয়ে পপি আক্তার (১৮), একই গ্রামের মরিয়ম আক্তার মুনমুন (১৮)।

মানববন্ধন বন্ধনে নিহত ছাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন,  চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া, চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টা। স্মারকলিপি প্রদানের সময় ছাত্রীদের সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, সহকারী অধ্যাপক শ্রীধর বণিক, প্রভাষক মো. এনায়েত উল্লাহ্ ভূইয়া, মো. হেদায়েত উল্লাহ্, গৌতম কুমার দেব, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রীসহ নিহত ৩; শিশুসহ আহত ১১

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনা উপজেলায় দুই মাইক্রোবাস ও বালিবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ ৩ নারী নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও ১১জন।

বুধবার (১০ অক্টোবর) দুপুর পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার প্রেমু গ্রামের আব্দুল ওহাবের এর মেয়ে পপি আক্তার (১৮), একই গ্রামের মরিয়ম আক্তার মুনমুন (১৮)। তারা উভয়ই সে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। অপরজন হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের লাভলী আক্তার (২৮)।

আহতরা হলেন, কুমিল্লার ময়নামতি পরিজপুর এলাকার আব্দুল কাইয়ূম (৩৫), মনোহরগঞ্জ এলাকার মহিউদ্দিন (২৫), সামছুল হুদা (৪৫), মনোহরগঞ্জ উপজেলাধীন দূর্গাপুর গ্রামের রাফি (৫), রাহিমা (৫৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার রসুলপুর গ্রামের রাসেল (২৫) সহ আরও ৫ জন। তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

মাইক্রোবাস যাত্রী আহত সামছুল হুদা জানান, তিনি চান্দিনা বাস স্টেশন থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসে উঠেন। ওই মাইক্রোবাসে কলেজ ছাত্রীসহ আরও অন্তত ১০ জন ছিল। গোবিন্দপুর স্টেশনে পৌঁছার পর যাত্রী নামানোর জন্য গাড়িটি থামলে পিছনের একটি মাইক্রোবাস ওভারটেকিং করছিল। এসময় পিছন থেকে ছুটে আসা দ্রুতগামী বালুবাহী ট্রাক দুইটি মাইক্রোবাসকে পিছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ময়নামতি থানার উপ-পরিদর্শক (এস.আই) হারাধন চন্দ্র দাস জানান, একটি বড় মাইক্রোবাস চান্দিনা থেকে ক্যান্টনমেন্ট যাচ্ছিল অপরটি বিদেশী যাত্রী নিয়ে ঢাকা থেকে মনোহরগঞ্জ যাচ্ছিল। মাইক্রোবাসের যাত্রী নামানোর সময় পিছন থেকে ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে লাভলী আক্তার নিহত হয়। বাকিদের কুমিল্লা ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পপি আক্তার ও অন্য হাসপাতালে নেওয়ার পথে মুনমুন নিহত হয়। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসগুলো উদ্ধার করা হয়েছে তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।