Tag Archives: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপিতে যোগ দিলেন সামরিক বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা

বিএনপিতে যোগ দিলেন সামরিক বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তা

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপিতে যোগ দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ২৫ জন কর্মকর্তা।

রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা দলে যোগ দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপিতে যোগ দেওয়া মধ্যে রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ১৯ কর্মকর্তা। এ ছাড়া নৌবাহিনীর অবসরপ্রাপ্ত দুজন এবং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত চার কর্মকর্তা।

বিএনপি জানিয়েছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর কমান্ডো, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব,) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) বজাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) গনিউল আজম ও লেফটেন্যান্ট (অব.) ইমরান।

নৌ বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও কমডোর (অব.) মোস্তফা সহিদ।

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব,) আকতার হাফিজ খান ও স্কোয়াড্রন লিডার (অব.) শফুকুল ইসলাম।

অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের : মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত- এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছে। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের।

তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগাচ্ছে, উল্টো বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সারের দাম নিয়ে মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সারের দাম বাড়ানোর মধ্যে দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে আইএমএফ এর শর্ত পূরণে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের দাম বৃদ্ধি।’

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন – সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় সরকার: মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার দখলদারিত্বের সরকার। তারা নির্বাচিত নয়। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় তারা।’ মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার রাষ্ট্রের যে আত্মা সেই আত্মার মূল চরিত্রকে ধ্বংস করে ফেলেছে। গণতান্ত্রিক আত্মাকে তারা নষ্ট করে ফেলেছে। তারা তাদের কথা বলবে না। নিজেদের অভিযোগগুলো বলবে না, লিখবে না। সাংবাদিকরা যেন না লিখে সেজন্য এই ডিজিটিাল নিরাপত্তা আইনের মতো আইন করা হচ্ছে। ঠিক একইভাবে অন্যান্য আইন দিয়ে প্রতিপক্ষকে দূরে রেখে নির্বাচনে পার হয়ে যেতে চায়।’

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে নাগরিকদের প্রতিহত করা হচ্ছে। যেন কেউই রুখে দাঁড়াতে না পারে, তাদের অন্যায়ের প্রতিবাদ করতে না পারে। তারা তাদের মতো করে এখনো রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এ থেকে পরিত্রাণের একমাত্র পথ এদেরকে সরাতে হবে। এর কোনো বিকল্প নেই। এটা দেশের দাবি, জনগণের দাবি।’

ডয়েচে ভেলের প্রতিবেদন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘র‌্যাবের ঘটনা নিয়ে একটা ভিডিও গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে নাফিজ নামে একজন সাক্ষ্য দিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একটাই লক্ষ্য নাগরিকদের কথা বলতে দেওয়া হবে না, নাগরিকদের অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে না।’

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, আলোকচিত্রী শফিকুল ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুতফর রহমানসহ আরও অনেকে।