Tag Archives: শ্রমিক

চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি:

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের চান্দিনার বেলা শহর এলাকায় ডেনিম প্রসেসিং প্লান্টের শ্রমিকরা অবরোধ করেন।

শ্রমিকরা জানায়, গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতনসহ ওভারটাইমের টাকা না দেওয়ায় বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

নিলুফা আক্তার নামে এক শ্রমিক জানান, আমরা পেটের দায়ে গার্মেন্টসে কাজ করি। মাস শেষে যদি বেতন না পাই সংসার চালাব কী দিয়ে, খাব কী? আজ আমাদের বেতন না দিলে আমরা মহাসড়ক থেকে যাব না। যতবার আমাদের বেতন বকেয়া পড়েছিল, ততবার আমাদের মহাসড়কে অবস্থান নিতে হয়েছে।

এদিকে প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী ও অন্যান্য যানবাহনের যাত্রী ও চালকদের।

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, জেলা প্রশাসনসহ আমরা শ্রমিকদের বুঝিয়েছি। শিগগিরই এ বিষয়ে সমাধান হবে।

ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে ফের আন্দোলনে শ্রমিকরা, উত্তপ্ত গাজীপুর

ডেস্ক রিপোর্ট:

ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় আন্দোলনরত কারখানা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শ্রমিকরা মহাসড়কে কাঠ, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকেই শ্রমিকরা গাজীপুর মহানগরের নাওজোড় ও চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়কে আন্দোলন শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, কারখানা শ্রমিকদের ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। সকাল ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়কে শ্রমিকরা সড়ক বন্ধ করে আন্দোলন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এর কিছু সময় পর গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এসময় আন্দোলনরত শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে কাঠ, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলে পুলিশ টিয়ার শেল ছুঁড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, সকালে চান্দনা এলাকায় একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে এরপরই নাওজোর এলাকাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ভাঙচুর করে এবং সড়কে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে নাওজোড় এলাকায় শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা কোনো অ্যাকশনে যেতে চাচ্ছি না শ্রমিকরাও চাচ্ছে না। আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করছে। বিক্ষোভে উত্তেজিত শ্রমিকরা দুই বাসে আগুন লাগিয়ে দিয়েছে। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-টাংগাইল মহাসড়কে মিছিল বের করে মহাসড়ক অবরোধ করে রাখে।

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ি ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারসেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসে আগুন ধরিয়ে দেন তারা। শ্রমিকরা সংগঠতি হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নিয়েছে। পুলিশ, বিজিবি, র‍্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বর্তমানে কোনাবাড়ি কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ইব্রাহিম খান জানান, কোনাবাড়িতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। শ্রমিকরা যেন কোনো সহিংসতা না করে সেজন্য সড়কে আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩ জন গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট:

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শনিবার (৪ নভেম্বর) সপ্তম দিনের মতো সড়কে নেমে অবরোধের চেষ্টা করছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এক ভ্যানচালকসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয় তলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ভ্যানচালক আমিরুল (৪৫), শামীম (২৪) ও তার খালাতো ভাই তাইজুল ইসলাম (২৫)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ছয় তলা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হতে থাকে। পরে শ্রমিকরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা গলির ভেতরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ গুলি ছোড়ে। এ সময় এক ভ্যানচালক গুলিবিদ্ধ হন। এছাড়া আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ তিনজনকেই স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ভ্যানচালক আমিরুল ইসলাম বলেন, আমি বাইপাইল থেকে ১২০ টাকা ভাড়ায় একজনকে নিয়ে ছয়তলায় যাই। সেখানে গিয়ে শ্রমিক আন্দোলনের মুখে পড়ি। এসময় পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুড়লে আমি গুলিবিদ্ধ হই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।

আমিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় রড মিস্ত্রি সোহেল বলেন, আমি দেখলাম ভ্যানচালক গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। পরে আমিসহ কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসি।

গুলিবিদ্ধ তাইজুল ইসলাম বলেন, আমার মা নিউ এইজ কারখানায় চাকরি করেন। তিনি সকালে কারখানায় চলে যান। পরে আমি আমার মায়ের খোঁজে সড়কে বের হই। সড়কে মায়ের জন্য অপেক্ষা করছিলাম আর মোবাইলে কথা বলছিলাম। এসময় আমি ও আমার খালাতো ভাই গুলিবিদ্ধ হই। পরে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. জয় ভট্টাচার্য বলেন, সকালে তিনজন আমাদের হাসপাতালে আসেন। তারা স্প্লিন্টারের ইনজুরি নিয়ে এসেছেন। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সকালে শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করা হলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা রাবার বুলেট ছুড়েছি। কিন্তু কাউকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি।

সৌদি আরবে দুপুরে সূর্যের নিচে শ্রমিকদের কাজ করা নিষিদ্ধ ঘোষণা

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবে বেসরকারি খাতের শ্রমিকদের জন্য দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সূর্যের নিচে কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মের মাসগুলোতে দিনের কিছু নির্দিষ্ট সময় এ নিয়ম মানা হবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতি থেকে এ সিদ্ধান্ত জানা গেছে।

এতে বলা হয়েছে, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে শ্রমিকরা দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাজ করা থেকে বিরত থাকবেন।

বেসরকারি খাতে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা, স্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ, স্বাস্থ্যকর ও নিরাপদ কাজের পরিবেশ প্রদান করতে সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে ব্যবসায়ীদের সিদ্ধান্তটি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এর ফলে উন্নতি ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কেউ এই নিয়ম লঙ্ঘন করলে নির্ধারিত নম্বর ১৯৯১১ বা মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে।

এদিকে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতেও একই ধরনের সিদ্ধান্ত কার্যকর করেছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘোষণা করেছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সূর্যের নিচে শ্রমিকদের জন্য কাজ করা নিষিদ্ধ।