Tag Archives: অটোরিকশাচালক

ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ৪ মন্ত্রী ও এমপির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

সাবেক ৪ মন্ত্রী ও এমপির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক চার মন্ত্রী-এমপিসহ ৬৭ জনের বিরুদ্ধে অটোরিকশাচালক হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলার রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম-২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম এবং কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়ে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। ২৮ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিটন মিয়া নামে এক অটোরিকশাচালক।

নিহত লিটন উপজেলার কাটানিসার গ্রামের মোজাম মিয়ার ছেলে। হত্যার অভিযোগ দায়ের করার পর থানায় মামলা গ্রহণ করা হয়নি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে গত এক মাসে ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি হত্যা ও ১টি গুমসহ মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় ঋণের চাপে অটোরিকশাচালকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লায় ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় জামির হোসেন (৩৮) নামে এক অটোরিকশাচালক কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২২ অক্টোবর) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক জামির হোসেন ওই এলাকার মৃত আবু হানিফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল।

সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী জানান, অটোরিকশাচালক জামির হোসেন কিস্তিতে অটোরিকশা কেনেন। প্রতিমাসে তাকে মোটা অঙ্কের টাকা কিস্তি দিতে হয়। এ ছাড়া স্থানীয়ভাবেই কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন জামির। এসব ঋণের টাকা পরিশোধে তিনি ব্যর্থ হন। তাই ঋণের বোঝা সইতে না পেরে রোববার রাতে কীটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান জামির।

ওসি মাহমুদুল হাসান রুবেল জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।