Tag Archives: সরাইল

ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ৪ মন্ত্রী ও এমপির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

সাবেক ৪ মন্ত্রী ও এমপির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক চার মন্ত্রী-এমপিসহ ৬৭ জনের বিরুদ্ধে অটোরিকশাচালক হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলার রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম-২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম এবং কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়ে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। ২৮ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিটন মিয়া নামে এক অটোরিকশাচালক।

নিহত লিটন উপজেলার কাটানিসার গ্রামের মোজাম মিয়ার ছেলে। হত্যার অভিযোগ দায়ের করার পর থানায় মামলা গ্রহণ করা হয়নি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে গত এক মাসে ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি হত্যা ও ১টি গুমসহ মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে তরুণের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার (০৭ এপ্রিল) রাত ১২টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার ঐ এলাকার আব্দুল হান্নানের ছেলে।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান কাশেম আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে কাশেম আলীকে রাস্তায় পেয়ে সাইফুল ইসলামের লোকজন লাঞ্ছিত করে।

এরপর সন্ধ্যায় আবার স্থানীয় বাজারে চেয়ারম্যান সাইফুলের লোকজন কাশেম আলীর লোকজনকে লাঞ্ছিত করার চেষ্টা করে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

এর জেরে সাইফুলের সহযোগীরা দেশীয় অস্ত্রসহ কাশেম আলীর লোকজনের বাড়িতে হামলা করে। এসময় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বল্লমের আঘাতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন।

এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।