Tag Archives: উপদেষ্টা রিজওয়ানা

পুরনো বায়ুদূষণকারী বাস

পুরনো বায়ুদূষণকারী বাস তুলে স্ক্র্যাপ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা

পুরনো বায়ুদূষণকারী বাস তুলে স্ক্র্যাপ করা হবে: উপদেষ্টা রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকায় বায়ুদূষণের কারণে মানুষ অসুস্থ হবে এবং মৃত্যুবরণ করবে, এবং বাসগুলো দূষণ সৃষ্টি করবে—এটি চলতে দেওয়া হবে না। পুরনো বায়ুদূষণকারী বাসগুলো তুলে স্ক্র্যাপ করা হবে। কিছু মানুষের স্বার্থের কারণে ঢাকার সমস্ত বাসিন্দাকে বায়ুদূষণের শিকার হতে দেওয়া যাবে না। তিনি বাস মালিকদের দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক আলোচনা সভার পর তিনি এসব কথা বলেন। সভার বিষয় ছিল সড়ক পরিবহণ খাতে শৃঙ্খলা আনা, যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ।

রিজওয়ানা হাসান আরও বলেন, বায়ুদূষণ রোধে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স ঢাকার রাস্তার ধুলা নিয়ন্ত্রণ, ভাঙা রাস্তা মেরামত এবং আইন প্রয়োগে কাজ করবে। ধুলা, কালো ধোঁয়া, ইটভাটা এবং কলকারখানার দূষণ কমানোর জন্য কাজ করা হবে। এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আশুলিয়াকে ইটভাটামুক্ত এলাকা ঘোষণা করা হতে পারে। এয়ার পিউরিফায়ারের কর কমানোর জন্য এনবিআরকে অনুরোধ করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন, তবে আইন প্রয়োগে যেন মানুষ হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক ও সিটি কর্পোরেশনের প্রশাসকরা এবং বাস মালিক সমিতির নেতারা।

টেন্ডার সিন্ডিকেট ভাঙতে হবে

টেন্ডার সিন্ডিকেট ভাঙতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

টেন্ডার সিন্ডিকেট ভাঙতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট:

সরকারি প্রকল্প বাস্তবায়নে দরপত্র প্রক্রিয়ায় সিন্ডিকেট তৈরি হয়েছে এবং এটি ভাঙার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রয় প্রক্রিয়ায় ‘পিপিএ-২০০৬’ এবং ‘পিপিআর-২০০৮’ এর বিধি-বিধান প্রয়োগের সীমাবদ্ধতা চিহ্নিত করতে এবং সমাধানের উপায় নির্ধারণে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রিজওয়ানা হাসান জানান, সরকারি ক্রয়ে অনেক সমস্যা রয়েছে। দলীয় ও স্থানীয় প্রভাবমুক্তভাবে প্রকল্প বাস্তবায়ন করতে বেশ বাধার সম্মুখীন হতে হয়। সঠিক জায়গায় সংশোধন আনার মাধ্যমে সিন্ডিকেটের দৌরাত্ম্য কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যেতে পারে। তিনি জানান, টেন্ডারের সর্বনিম্ন দর গোপন থাকার কথা থাকলেও অনেক সময় তা প্রকাশ পায়, যার ফলে ঠিকাদাররা আর দর কমাতে চান না।

তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দূর করতে আজকের আলোচনা একটি শুরু মাত্র। প্রকল্পের ব্যয় এবং সময় বাড়ানোর ক্ষেত্রে অনেকেই লাভবান হন, এমন অনিয়ম বন্ধে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

নভেম্বর মাসে সেন্টমার্টিনে

নভেম্বর মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না: উপদেষ্টা রিজওয়ানা

নভেম্বর মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না: উপদেষ্টা রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট:

বন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলাচল করবে। তবে, নভেম্বর মাসে সেখানে রাত্রীযাপন করা যাবে না। শনিবার (৯ নভেম্বর) বিকেলে ভিকারুননিসা নূন স্কুলে অনুষ্ঠিত ‘ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পলিথিন শপিং ব্যাগ ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি জিনিসের বিকল্প রয়েছে। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করা উচিত।

তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের জন্য জুলাই-আগস্টের আন্দোলন, যা শুধু মানব সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল প্রাণী ও পরিবেশের জন্য হতে হবে। জলবায়ু সুরক্ষায় আমাদের জীবনযাপনের ক্ষেত্রে ভোগবাদ পরিহার করতে হবে। হর্ণমুক্ত বাংলাদেশ চাইলে আমাদের প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ অলিম্পিয়াডে দেশের ২৮৪টি প্রতিষ্ঠানের ১ লাখ ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। মার্চ মাস থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা নভেম্বরে এসে শেষ হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে জলবায়ু, পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা বাড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছরের অলিম্পিয়াডের স্লোগান ছিল, ‘আজকের তারুণ্য বাঁচাবে অরণ্য’।