বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টেন্ডার সিন্ডিকেট ভাঙতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১২, ২০২৪
news-image

টেন্ডার সিন্ডিকেট ভাঙতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট:

সরকারি প্রকল্প বাস্তবায়নে দরপত্র প্রক্রিয়ায় সিন্ডিকেট তৈরি হয়েছে এবং এটি ভাঙার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রয় প্রক্রিয়ায় ‘পিপিএ-২০০৬’ এবং ‘পিপিআর-২০০৮’ এর বিধি-বিধান প্রয়োগের সীমাবদ্ধতা চিহ্নিত করতে এবং সমাধানের উপায় নির্ধারণে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রিজওয়ানা হাসান জানান, সরকারি ক্রয়ে অনেক সমস্যা রয়েছে। দলীয় ও স্থানীয় প্রভাবমুক্তভাবে প্রকল্প বাস্তবায়ন করতে বেশ বাধার সম্মুখীন হতে হয়। সঠিক জায়গায় সংশোধন আনার মাধ্যমে সিন্ডিকেটের দৌরাত্ম্য কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যেতে পারে। তিনি জানান, টেন্ডারের সর্বনিম্ন দর গোপন থাকার কথা থাকলেও অনেক সময় তা প্রকাশ পায়, যার ফলে ঠিকাদাররা আর দর কমাতে চান না।

তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দূর করতে আজকের আলোচনা একটি শুরু মাত্র। প্রকল্পের ব্যয় এবং সময় বাড়ানোর ক্ষেত্রে অনেকেই লাভবান হন, এমন অনিয়ম বন্ধে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।