Tag Archives: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ৩

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বিপুলাসার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে উপজেলার বিপুলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

নিহতরা হলেন মনোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়নের শাকচাইল গ্রামের বাসিন্দা সাইমা মুন্তাহা (২২), রুহুল আমিন (৬৫) ও সেফালী আক্তার (৫৫)।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ  এ তথ্য নিশ্চিত করে বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস মহাসড়কের বিপুলাসার এলাকায় ওভারটেক করতে গিয়ে ব্যাটারিচালিত মিশুক পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

এদিকে ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় সংবাদপত্র পরিবহন সংস্থা চাঁদনী পরিবহনের মাইক্রোবাসচালক লিটন নিহত হয়েছেন।

নিহত লিটন ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মৃত কবিরুল ইসলামের ছেলে।

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ৩

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা ও মেডিকেলের ছাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। রোববার (৩ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- জেলার হোমনা উপজেলার মনিপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের পুত্র গ্যাস লাইন নির্মাণ শ্রমিক আব্দুস ছাত্তার (৩০), দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার স্বপ্ন পেন্নাই গ্রামের বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভূইয়া (৬৭) ও সাভার এনাম মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী রেজিয়া সুলতানা রশনী (২২)।

জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্ট্যান্ড এলাকায় পথচারী আব্দুস ছাত্তার মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কালো রংয়ের মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খরব পেয়ে চান্দিনা থানা পুলিশ, হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ি ও ময়নামতি ক্রসিং থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সরওয়ার বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশের সীমানা অনুযায়ী ঘটনাস্থলটি ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অধীনে হওয়ায় আমরা তাদের কাছে মরদেহ হস্তান্তর করি। তবে দুর্ঘটনার সাথে সাথে মাইক্রোবাসটি দ্রুত স্থান ত্যাগ করায় গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

এদিকে শনিবার (২ নভেম্বর) রাতে শান্তি পরিবহনের একটি বাস খাগড়াছড়ি থেকে ঢাকা যাচ্ছিল। রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বারপাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই রেজিয়া সুলতানা রশনী নিহত হন। তিনি খাগড়াছড়ি বেড়ানো শেষে সাভার ফিরছিলেন। এ সময় আহত চারজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে রবিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর দিঘিরপাড় রাবেয়া সিএনজি পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান চাপা দিলে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভূইয়া (৬৭) নিহত হয়েছেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।