Tag Archives: কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ৭ হাজার টাকায় সারা মাস সুখ!

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি নির্যাতনের ভিডিও ভাইরাল! প্রধান কারারক্ষীসহ দুজন বরখাস্ত

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে প্রকাশ্যে ভয়াবহ বন্দি নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনা একটি ভিডিও ইউটিউব ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এবং কারা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে।

কারা অধিদপ্তর সূত্র জানায়, ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের দুর্গাপুর গ্রামের আবদু মিয়ার ছেলে শাহজাহান বিলাস (কয়েদি নম্বর ৭১৫১/এ) ডাকাতি ও হত্যা মামলার ৫৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২৬ বছর ধরে তিনি কুমিল্লা কারাগারে বন্দী। সম্প্রতি তিনি ১২ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া গাঁজা, নগদ ৬০০ টাকাসহ কারারক্ষীদের হাতে ধরা পড়েন। এর পর তাকে কারাভ্যন্তরে কেস টেবিলের সামনে ডেকে জিজ্ঞাসাবাদ করেন জেল সুপার শাহজাহান আহমেদ।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বন্দি বিলাসের দুই হাত পিঠমোড়া করে বেঁধে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হচ্ছে। দীর্ঘ সময় ধরে চলা এই নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে ফের কারাগার সেলে পাঠানো হয়।

বন্দি নির্যাতনের বিষয়টি ভাইরাল হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও কারা অধিদপ্তরের কর্মকর্তাদের নজরে আসে। পরে তাদের নির্দেশে এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার শফিকুল ইসলাম খানকে। সদস্য দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেল সুপার ইকবাল হোসেন ও ফেনী জেলা কারাগারের জেলার শাহাদত হোসেন মিঠু।

এদিকে তোলপাড় সৃষ্টি করা ভিডিওটি ভাইরাল করার অভিযোগে গত বৃহস্পতিবার কুমিল্লা কারাগারের প্রধান কারারক্ষী মোহাম্মদ শরীফ ও কারারক্ষী অনন্ত চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়ার পর গতকাল কারারক্ষী অনন্ত চন্দ্র দাস আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দি নির্যাতনের ব্যাপারে জানতে চাইলে কুমিল্লার জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, গত ১২ এপ্রিল বন্দি বিলাসের ওয়ার্ডে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা, সিগারেট ও নগদ টাকা জব্দ করা হয়। পরে তাকে কেস টেবিলে ডেকে এনে মাদক ধ্বংস ও জব্দ করা টাকা সরকারের কোষাগারে জমা দেওয়ার কথা বললেই সে উচ্ছৃঙ্খল আচরণ করে। এ জন্য তাকে লঘু শাস্তি দেওয়া হয়।

 

কুমিল্লা কারাগারে বন্দিদের কাছে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন কারারক্ষী রোমান

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাদকসহ কারারক্ষীকে ডিউটিতে প্রবেশ করার মুহুর্তে আটক করেছে কারাকর্তৃপক্ষ। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

আটককৃত কারারক্ষী রোমান ভূঁইয়া (২৪) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী বাজারের হাপানিয়া গ্রামের শাহাজাহান ভূঁইয়া ও রহিমা বেগমের ছেলে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদ এ কথা নিশ্চিত করেছেন।

কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের জেলার মো.আসাদুর রহমান জানান, বুধবার ভোর ৫টা ৫৮ মিনিটে সিফট পরিবর্তনের সময় ডিউটিতে আসে কারারক্ষী রোমান ভূঁইয়া। তার কারারক্ষী নং ২৩৩২২। কারাগারের ভিতরে প্রবেশ করার মুহুর্তে চেক করার সময় তার কাছে প্যান্টের ভিতর বিশেষ ব্যবস্থায় পায়ের সাথে লাগানো দুটি মোবাইল ফোন পাওয়া যায়। কারাবিধি অনুযায়ী এটি বিশেষ অপরাধ। পরে সাথে সাথে তাকে আটক করা হয়। আটক করার পর তার রুমে তল্লাশী করলে তার ব্যবহৃত ট্রাঙ্কের ভিতর থেকে ৪ প্যাকেট গাজা ও আরো ৫টি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ৫শ টাকা পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে টাকার বিনিময়ে বন্দিদের কাছে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদ এ কথা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নীতি জিরোটলারেন্স । সে যেই হোক আমাদের নজরে আসলে আমরা অবশ্যই প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিব। সিনিয়র জেল সুপার আরো বলেন, আমি পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি অবগত করেছি। আর কারাগারের পক্ষ হতে তার বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কারাগারের সূত্র মতে, কারারক্ষী রোমান ভূঁইয়া ১৯৯৭ সালের ৭ আগষ্ট জন্ম গ্রহন করেন এবং ২০১৮ সালের ১ জুলাই কারারক্ষী হিসেবে চাকুরীতে যোগদান করেন।

উল্লেখ্য, বর্তমান সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ ২০২০ সালের ২৬ জানুয়ারি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে যোগদান করার মাত্র তিন মাসের মাথায় একই অপরাধে ঐ বছরের ৬ এপ্রিল তারিকুল ইসলাম শাহিন নামে অপর এক কারারক্ষীকে মাদকসহ কারাগারের অভ্যন্তরে আটক করে আইনের হাতে সোর্পদ করেছিলেন।

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চান্দিনা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত

 

শরীফুল ইসলাম,চান্দিনাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরিতলা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

চান্দিনা থানার এসআই মো. সালাউদ্দিন শামীম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (৪ ডিসেম্বর) গভীর রাতে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার মহারং গ্রামের মো. শাহ আলম এর ছেলে মামুন (২৭), পশ্চিম বেলাশ্বর গ্রামের মবিন মিয়ার ছেলে কাদু (২৪), চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলী গ্রামের ছিদ্দিক আলী মোল্লার ছেলে খলিল (৪৫)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃতদের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ৭ হাজার টাকায় সারা মাস সুখ!

 

অনলাইন ডেস্ক;
প্রতিবেশীর মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে ২৭ দিন জেলে থেকে পরে জামিনে বের হয়েছেন ডা.আসিফ (ছদ্মনাম)। বললেন জেলখানার কিছু অনিয়মের কথা। ডা.আসিফ জানান, আমি সুস্থ থাকলেও টাকার বিনিময়ে কারাগারের হাসপাতালে খুব আরাম-আয়াশে ছিলাম। কিন্তু সত্যিকারের যেসব অসুস্থ কয়েদী-হাজতি রয়েছেন তারা ঘুষ দিতে পারেন না বলে হাসপাতালে সুযোগ-সুবিধা পান না।
অনুসন্ধানে জানা যায়, কারাগারের হাসপাতালের সুযোগ সুবিধা পেতে প্রতি মাসে একজন কয়েদীকে ৭ হাজার টাকা দিতে হয়। যার মধ্যে দায়িত্বরত চিকিৎসক পান ৫ হাজার টাকা এবং কারাগারের অভ্যন্তরে সুপারভাইজার পান ২ হাজার টাকা। যারা কারাগারের দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত আসামি, তারাই মূলত সুপারভাইজার হিসেবে পরিচিত। এসব সুপারভাইজার মেচ হিসেবে পরিচিত। খুবই ক্ষমতাশীল হয় মেচরা। তাদের ইচ্ছের বিরুদ্ধে গেলেই কঠিন সমস্যায় পড়তে হয় কারাবন্দীদের।

চান্দিনার কুটুম্বপুরের হৃদয় জানান, মাদক মামলায় তিন মাস জেল খেটে বের হয়েছেন সম্প্রতি। হৃদয় জানান, কারাগারের ভেতর টাকা হলে সবই পাওয়া যায়। কারাগারের বাইরে যত শৃঙ্খলা কারাগারের ভেতর ততই বিশৃঙ্খলা। যাদের টাকা আছে তারা এখানে সর্বোচ্চ সুবিধা পান। হৃদয় বলেন, আমি তিন মাসে কারাগারের ভেতর দেখেছি একটি সিগারেটের জন্য এক কয়েদী আরেক কয়েদীর রাতভর পা টিপে দেয়। শরীর ম্যাসেজও করে দেয়।

ময়মনসিংহ জেলা থেকে আবদুল আজিজ এসেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ছেলেকে দেখতে। তিন ঘন্টা পর তার সিরিয়াল এসেছে। ছেলের সঙ্গে মিনিট দশেক কথা বলে কারাগার থেকে বের হয়ে আবদুল আজিজ বলেন, দশ টাকার টিকেট কেটে অপেক্ষা করেছি তিন ঘন্টা। আর আমার বহু পরে এসে একশ টাকার বিনিময়ে চার-পাঁচজন লোক তাদের লোকের সঙ্গে দেখা করে গেল। আফসোস নিয়ে আবদুল আজিজ বলেন, বাড়তি টাকা দিতে পারিনি বলে তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছে।

কুমিল্লার বরুড়ার বেলায়েত হোসেন বলেন , আমি এসেই আমার পরিচিত এক কারারক্ষীকে পাই। যাকে ১০০ বা ৫০ টাকা দেই। উনি সব ম্যানেজ করে ১০ থেকে ১৫ মিনিটেই আমাকে দেখার সুযোগ করে দেয়। আমি দিনে দু-তিন বারও দেখা করতে পারি। আমার ভাইকে গত ছয় মাসে ধরে এভাবেই দেখছি।

এমন আরো বহু অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে কারাগারের বাহিরে গিয়ে অপেক্ষা করে দেখা যায়, দর্শনার্থী যারা আসেন তারা কারারক্ষীদের ম্যানেজ করার জন্য মরিয়া হয়ে উঠেন। কারা ফটকের সামনে দাঁড়ানো দুজন কারারক্ষীকে দেখা যায়। অপরিচিত কাউকে প্রবেশ করতে দেয়া হয় না। এর মাঝেই নাম পরিচয় জানানো ছাড়াই চার-পাঁচজনকে দেখা যায় হাসতে হাসতে কারাগারে প্রবেশ করতে। পরে জানা যায় তারা বিভিন্ন রাজনৈতিক দলের লোক। কারারক্ষীদের ম্যানেজ করা আছে বলেই তাদের পথ আটকায় না মূল ফটকের কারারক্ষীরা। অথচ শতাধিক দর্শনার্থী ফটকের পাশে দাঁড়িয়ে থাকলেও কারারক্ষীদের অনুমতি না থাকায় দীর্ঘ সময় বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

নাম না প্রকাশ করার শর্তে একজন কারারক্ষী জানান, প্রতি মাসে ডিসি একবার কারাগার পরিদর্শনে আসেন। যেদিন তিনি কারাগার পরিদর্শনে আসবেন, তার আগের দিন কয়েদীদের কোনো ধরনের অভিযোগ-অনুযোগ না জানানোর জন্য হুঁশিয়ার করা হয়। কারা অভ্যন্তরে পরিপাটি করে সাজানো হয় যেন ডিসি কোনো অনিয়ম না দেখেন।

এসব অভিযোগের বিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে সব সময় তৎপর। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।