Tag Archives: কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে নবীন বরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে নবীন বরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস) উদ্যোগে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। তিনশো পঞ্চাশের অধিক তরুণ বিতার্কিক ও বিতর্কে আগ্রহীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার (১৪ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্বপ্নচূড়া রিসোর্টে সকাল ১০টায় সিওইউডিএস এর সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহাম্মেদ বাঁধনের সঞ্চালনায়
কর্মশালাটি শুরু হয়ে বিকাল সাড়ে ৫টায় শেষ হয়।

এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমাদের সাংগঠনিক একটি রুটিন ওয়ার্ক হলো বিতর্ক কর্মশালা। নতুন বিতর্কিকদের বিতর্ক বিষয়ে একটি সম্যক ধারনা দিতেই আজকের এই কর্মশালার আয়োজন। এর মাধ্যমে নতুনরা বিতর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে।

এছাড়াও বছরজুড়ে বিতার্কিকদের নিয়ে আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকি। যা শিক্ষার্থীদের একজন দক্ষ বিতার্কিক হয়ে উঠতে সাহায্য করে।’

কর্মশালায় উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহবুব দীপু। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাজিব হোসেন সানি, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান।

এসময় প্রশিক্ষকবৃন্দ বিতর্ক কি ও কেন, বিতর্কের ধরন ও বিতর্ক কেন করব, সংসদীয় বিতর্ক ও বর্তমান বিতর্কের প্রেক্ষাপট, বিতর্কে তথ্য উপাত্ত সংগ্রহ ও বিতর্কের প্রায়োগিক দিক সম্পর্কে আলোচনা করেন।
উল্লেখ্য, কর্মশালা শেষে একটি প্রদর্শনী বিতর্কের মধ্যদিয়ে তরুণ বিতার্কিকদের বিতর্ক সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয় এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) সভাপতি জান্নাতুল ফেরদৌস বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কুমিল্লায় প্রশাসনের হস্তক্ষেপে একই দিনে দুটি বাল্যবিয়ে বন্ধ

কুমিল্লায় প্রশাসনের হস্তক্ষেপে একই দিনে দুটি বাল্যবিয়ে বন্ধ

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় একই দিনে একই গ্রামে দুটি বাল্যবিয়ে বন্ধ করেছেন প্রশাসন। পৌরসভার বাগমারা গ্রামে ওই দুই বাড়িতে দুটি বিয়ের আয়োজন চলছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান শনিবার এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনেদের একজন নবম শ্রেণি এবং অপরজন সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। উভয়ের বর প্রবাসী। বরের একজনের বাড়ি উপজেলার বড় ঘারমোড়া এবং অন্যজনের বাড়ি একই উপজেলার বিজয়নগর গ্রামে। শুক্রবার পুলিশসহ দুই বিয়ে বাড়িতে যান নির্বাহী ম্যজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ে দুটি বন্ধ করে উভয় অনুষ্ঠান আয়োজক পরিবারকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। এছাড়া ভবিষ্যতে বাল্যবিয়ে দেবে না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা আদায় করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান জানান, বাল্যবিয়ের খবর পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তা বন্ধ করি। মেয়ে দুটি একজন নবম শ্রেণিতে ও আরেকজন সপ্তম শ্রেণিতে পড়ে। আর বর দুজনই প্রবাসী। কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে তা বন্ধ করা হয়।

কুমিল্লার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কুমিল্লার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। মৃত্যুর বিষয়টি মঙ্গলবার দুপুরে কুমিল্লা কারাগারের সিনিয়র জেলা সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নিহত কয়েদি মোতালেব (৫০) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের আলী আহমেদের ছেলে। তার বন্দি নম্বর ৮৫০২/এ। বন্দি মোতালেব ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ১৪ জুলাই থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসে।

কারা সূত্রে জানা গেছে, সোমবার (৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে নিহত কয়েদি মোতালেব ACS (Acute Coronary Syndrome / জটিল হার্টের অসুখ) রোগে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসক প্রাথমিকভাবে দেখে হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দেন। তারপর কারা কর্তৃপক্ষ মোতালেবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে আইসিইউতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২:৫০ মিনিটে মারা যায় মোতালেব।

এই বিষয়ে কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, হঠাৎ মোতালেব অসুস্থ হয়ে পড়ায় আমরা তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মঙ্গলবার সকালে মোতালেবের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় পরকীয়ার জের, স্বামী দেশে ফেরার পরই গৃহবধূর লাশ উদ্ধার

কুমিল্লায় পরকীয়ার জের, স্বামী দেশে ফেরার পরই গৃহবধূর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে পরকীয়ার জের ধরে প্রবাসী স্বামী দেশে ফেরার ১৫ দিন পরই তাসলিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার পেরিয়ে ইউপির উত্তর শাকতলী গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শাকতলী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত সিরাজুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সাইফুল ১০ বছর আগে বিয়ে করেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কাদঘর গ্রামের তাসলিমা আক্তারকে। সাইফুল- তাসলিমা দম্পতির ৯ বছরের এক ছেলে ও ৬ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

গত ১৫ দিন আগে সাইফুল দুবাই থেকে বাড়িতে আসেন। আসার পর থেকে সাইফুল তার স্ত্রীর সঙ্গে একই বাড়ির নুরুল ইসলাম বুলুর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুর রহিমের সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে বলে দাবি করেন। এ নিয়ে গত কয়েক দিন যাবৎ স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চরম আকার ধারণ করে।

বুধবার ৪টার দিকে তাসলিমার ছেলে মোহাম্মদ সামির ঘরে প্রবেশ করে মাকে সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করলে স্বামী সাইফুলসহ পরিবারের লোকজন এসে তাকে সিলিং থেকে নামায়।

নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার কুমিল্লার রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার কুমিল্লার রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় এক দিনের সফরে এসে ধর্মীয় ও পর্যটন স্থান পরিদর্শন করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার তিনি কুমিল্লায় আসেন।

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা কুমিল্লায় আসলে তাঁকে স্বাগত জানান কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মো: মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ভারতীয় হাই কমিশনের অতিথিবৃন্দ।

মঙ্গলবার সকালে তিনি কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন।

হাই কমিশনার আশ্রমটি ঘুরে ঘুরে দেখেন এবং নির্মাণাধীন নতুন মন্দির পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্রমে এক ঘন্টার ঊর্ধ্বে অবস্থান করেছেন। আশ্রমের পক্ষ থেকে মহারাজ বিশে^শ^রা নন্দ, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শান্তি রঞ্জন ভৌমিক ও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিনি অনাথ আশ্রম, ছাত্রাবাস, লাইব্রেরী, সাধু নিবাস, আশ্রমের ভিতরে পুকুর এবং অস্থায়ী ঠাকুর মন্দির পরিদর্শন করেন। হাই কমিশনার প্রণয় ভার্মা মহারাজসহ আশ্রম কর্তৃপক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

দুপুরে হাই কমিশনার প্রণয় ভার্মা সঙ্গীতজ্ঞ উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট শচীন দেববর্মণের বাড়ি ঘুরে দেখেন। বিকেলে কুমিল্লা কোটবাড়ি শালবন বৌদ্ধ বিহার পরিদর্শন করে ঢাকা ফিরে যান।

মুরাদনগরে সরকারি খাল দখল করে পাকা বাড়ি ও দোকান নির্মাণ

মুরাদনগরে সরকারি খাল দখল করে পাকা বাড়ি ও দোকান নির্মাণ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুরে গ্রামে সরকারি খাল ভরাট করে পাকা বসতবাড়ি ও দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পয়নিস্কাশনের একমাত্র খালটি দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ে দুই শতাধিক পরিবার। বিষয়টি স্থানীয় ভূমি অফিসে অভিযোগ করার পর গত জুলাই মাসে ৫জন দখলদারের বিরুদ্বে ৫কার্য দিবসের মধ্যে খালের মাটি সরিয়ে নিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য নোটিশ প্রেরণ করে ইউনিয়ন ভূমি অফিস। এই নোটিশ দিয়েই যেন দায় মুক্ত ভূমি কর্তারা।

 

মুরাদনগরে সরকারি খাল দখল করে পাকা বাড়ি ও দোকান নির্মাণ

বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে দখল হওয়া খালটি পরিদর্শন করে উচ্ছেদ মামলাসহ দ্রুত সময়ের মধ্যে খালটি পুনরুদ্ধার করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর পূর্বপাড়া এলাকায় নিমাইজুরী খালের উপ-শাখা নবীপুর মৌজার পূর্বপাড়ায় বিএস ১নং খাস খতিয়ানের ৪০১০ দাগের প্রায় ১একর আয়তনের খালটি দফায় দফায় ভরাট করে পাকা বসতবাড়ী, বাগানবাড়ী ও দোকান নির্মাণ করেছে একটি দখলদার চক্র। পয়নিস্কাশনের একমাত্র খালটি দখল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। তাদের অভিযোগের ভিত্তিতে গত জুলাই মাসে তৎকালীন এসিল্যান্ড নাজমুল হুদার নির্দেশে খালটির দখলদার বিল্লাল হোসেন, কবির হোসেন, সিরাজুল ইসলাম, সহিদ উল্লাহ, আনু মিয়ার বিরুদ্ধে একটি নোটিশ জারী করে ইউনিয়ন ভূমি অফিস। নোটিশে ৫কার্য দিবসের মধ্যে খালের মাটি সরিয়ে না নিলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা বলা হলেও ৬০দিন অতিবাহিত হওয়ার পরও দখলদারদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ। ভূমি অফিসের এই নিরবতায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মুরাদনগরে সরকারি খাল দখল করে পাকা বাড়ি ও দোকান নির্মাণ

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, এই খালটি পুনরুদ্ধার করার জন্য আইনানুগ কার্যক্রম শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে খালটি দখল মুক্ত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূঞা জনী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আমরা মুরাদনগর উপজেলায় দখল হয়ে যাওয়া সকল খাল উদ্ধারের জন্য কার্যক্রম হাতে নিয়েছি। যথাযথ প্রক্রিয়ায় অচিরেই তা বাস্তবায়ন করা হবে।

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সুবর্ণপুর এলাকা থেকে গাঁজাসহ মোঃ আলম (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর বিকালে সুবর্নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

কুমিল্লার সুবর্ণপুর থেকে গাঁজাসহ একজন আটক

আটক হওয়া মাদক কারবারি কুমিল্লার কাটাবিল এলাকার মোঃ মোন্তাজ মিয়ার ছেলে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা সদরে বিদেশী পিস্তল ও গুলি সহ নারী গ্রেফতার

কুমিল্লা সদরে বিদেশী পিস্তল ও গুলি সহ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন সহ এক নারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত নারী সেতারা আক্তার (২৪), নগরীর ৪ নং ওয়ার্ডের দৌলতপুর ছায়াবিতান এলাকায় বাসিন্দা।

এ সময় মোঃ দাউদ (৩০) নামে একজন পালিয়ে যায়।

শনিবার বেলা সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

তিনি জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদে কোতয়ালী মডেল থানার একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ছায়া বিতান এলাকার একটি ভাড়া ঘরের ভেতর তল্লাশী করে পিস্তল গুলি ও ম্যাগজিনটি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধ একজন নারীকে গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের চার দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের চার দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে সনজিত চন্দ্র দেবনাথ (৬৫) নামে এক ব্যটারী চালিত অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর পোস্ট অফিস এলাকার সড়কের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে দেবপুর ফাঁড়ি পুলিশ।

নিহত সঞ্জীবচন্দ্র দেবনাথ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের মৃত অধর দেবনাথের ছেলে।

এর আগে ২৫ শে সেপ্টেম্বর সোমবার রাত ৯ টায় ব্যটারী চালিত অটোরিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় সনজিত চন্দ্র দেবনাথ।

শুক্রবার দুপুরে স্থানীয়রা রামপুর পোস্ট অফিস এলাকায় ইদ্রিস মিয়ার পুকুরে একটি মরদহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়।

পুলিশ কর্মকর্তা রুহুল আমিন জানায়, বিকেল তিনটায় পুকুর থেকে মরদহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা নিহতের পরিচং নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল হাসনাত জানায়, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাদিমুড়া শরণার্থী ক্যাম্পে

নাঙ্গলকোটে ৫ কেজি গাঁজাসহ রোহিঙ্গা আটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ৫ কেজি গাঁজাসহ মো. জলিল (২৭) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গড্ডা-লাকসাম সড়কের পেরিয়া ইউপির মূন্সীর কলমিয়া গোলাপের চা দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুড়া শরণার্থী ক্যাম্পের পিং সিদ্দিকের ছেলে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জলিলকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি একজন রোহিঙ্গা নাগরীক। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।