Tag Archives: গড়তে

দেশকে নতুনভাবে গড়তে

দেশকে নতুনভাবে গড়তে আরও আন্তরিক হতে হবে: ফখরুল

দেশকে নতুনভাবে গড়তে আরও আন্তরিক হতে হবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে। সবশেষ ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। এখন দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক ও ঐক্যবদ্ধ হতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাংবাদিক মাহফুজ উল্লাহ নিরলসভাবে লড়াই করেছেন। ২০১৪ সালের নির্বাচনের পর সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া, চব্বিশের গণঅভ্যুত্থানের ভিত্তি রচনায়ও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বছরের পর বছর অনেকেই সাংবাদিক নেতা হয়েছেন। তবে সাংবাদিকদের কল্যাণে তারা কতটা কাজ করেছেন, তা জাতি প্রত্যক্ষ করেছে। অনেক সাংবাদিক নেতা ক্ষমতাসীনদের সঙ্গে থেকে নিজেদের আয়-রোজগারের চেষ্টা করেছেন। কিন্তু সাংবাদিক মাহফুজ উল্লাহ এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন। তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

এই আলোচনাসভায় অংশগ্রহণকারীরা মাহফুজ উল্লাহর অবদানকে স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেন।