Tag Archives: চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতা শাকিল হত্যা মামলার ২ আসামী আটক

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতার ট্রাক হোটেলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর ইউনিয়নের লালারপোল রাস্তার মাথায় অবস্থিত ট্রাক হোটেল জোনাকী-২-এ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় হোটেলটির দারোয়ান রাজু আহম্মেদ (২০) কে হাতেনাতে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাক হোটেল জোনাকী-২ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কালিকাপুর ইউনিয়ন সহ সভাপতি আরিফুর রহমান-এর মালিকানাধীন।

মাদক উদ্ধারের ঘটনায় হোটেলটির মালিকানা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা ‘ক’ সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেল তল্লাশি চালিয়ে দারোয়ান রাজু আহম্মেদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক তুন্তু মনি চাকমা বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জোনাকী-২ হোটেলের দারোয়ান রাজু আহম্মেদকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান পরিচালনা করা হলেও মূলত হোটেলের কর্মচারী বা দারোয়ানরাই আটক হচ্ছে। হোটেলের মালিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আরিফুর রহমান বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।

স্থানীয়রা আরও দাবি করেছেন, আরিফুর রহমানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে পুরো এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা প্রশ্ন তুলেছেন—একই হোটেলে একাধিকবার অভিযান, ইয়াবা উদ্ধার ও আটক হলেও মালিক কেন বারবার দায়মুক্ত থাকছেন?

এলাকাবাসীর ভাষায়, ছোট কর্মচারী ধরা পড়বে, মামলা হবে কিন্তু প্রভাবশালীরা থেকে যাবে আড়ালে। এভাবে মাদক নির্মূল হবে না। আমরা চাই আইনের চোখে সবাই সমান হোক।

এ ঘটনায় আটককৃত দারোয়ান রাজু আহম্মেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লায় জমা রাখা হয়েছে।

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতা কর্তৃক বিধবাকে শ্বাসরোধে

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতা কর্তৃক বিধবাকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, পরিবারকে এলাকা ছাড়ার হুমকি

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পরিচয়ে বিধবাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা ও এলাকা ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মারধরের ঘটনায় ভুক্তভোগী মাফিয়া বেগম বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের পরানপুর গ্রামের ছাত্রলীগ নেতা মহিন উদ্দিনের দীর্ঘদিন ধরে এমন কর্মকান্ডে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। রোববার মামলার স্বাক্ষীদেরও হুমকি-ধমকি দেয়ার অভিযোগ উঠেছে মহিন উদ্দিনের বিরুদ্ধে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বিধবা মাফিয়া বেগম ও ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন পরানপুর গ্রামে পাশাপাশি বাড়ির বাসিন্দা। মহিন উদ্দিন ও তার পিতা আবদুল বারেক মাফিয়া বেগমের স্বামী মরহুম মোসলেম মিয়ার রেখে যাওয়া সম্পত্তির লোভে দীর্ঘদিন যাবত জোরপূর্বক জবর দখলের পাঁয়তারা করছে।

মাফিয়া বেগমের দুই ছেলে প্রবাসে অবস্থান করায় এবং বাড়িতে উপযুক্ত পুরুষ লোক না থাকায় মহিন উদ্দিন গং মানসিক হয়রানীসহ জুলুম অত্যাচার করে আসছে। ইতোপূর্বে মহিন উদ্দিন গং মোসলেম মিয়ার জায়গা থেকে জোরপূর্বক অন্যায়ভাবে গাছ কেটে নেয়। এতে বাধা দেয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখে। স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক বসলেও মহিন উদ্দিন গং সিদ্ধান্ত মানে না।

গত ২২ মার্চ দুপুরে পূর্ব বিরোধের জের ধরে ও পরিকল্পিতভাবে মহিন উদ্দিন গং বাড়ির উঠানে পেয়ে মাফিয়া বেগমকে এলোপাতাড়িভাবে মারপিট ও গলা টিপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এছাড়াও তারা মাফিয়া বেগমের পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। পরে স্থানীয় লোকজন আহত মাফিয়া বেগমকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ৫ আগস্টের আগে মহিন উদ্দিন নিজেকে কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পরিচয় দিয়ে মানুষকে হুমকি-ধমকি, কাঁকড়ি নদীর মাটি বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এছাড়া মহিন উদ্দিনের দাদা মুক্তিযোদ্ধা ও চাচা পুলিশ হওয়ায় কাউকে পাত্তা দিতো না। তাকে আইনের আওতায় আনতে দাবি করেছে ভুক্তভোগী মাফিয়া বেগমসহ আরও অনেকে।

অভিযোগ অস্বীকার করে মহিন উদ্দিন বলেন, আমি কখনো ছাত্রলীগ করিনি। মাফিয়া বেগমের সাথে গাছ কাটা নিয়ে বিরোধ। আমাকে সামাজিকভাবে হেয় করতেই পাশের ঘরের দাদি মাফিয়া বেগম অপপ্রচার করছে।

রোববার বিকেলে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, ‘ভুক্তভোগী মাফিয়া বেগম আদালতে মামলা করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতাকে রক্তাক্ত জখম করলো আরেক ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নে মাটি ব্যবসার নিয়ন্ত্রনকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারী জাহিদ বিন শুভ’র মাথা ফাটিয়ে দিয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মির্জা আলী হোসেন। শুভ বর্তমানে ফেণীর একটি হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন পদুয়ার রাস্তার মাথায় নাহিদ ইটভাটায় মাটি প্রদানকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এসময় আলী হায়দার লোকজন নিয়ে শুভ’র মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থ্য়া স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনি সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শুভ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় পরিবার।

চৌদ্দগ্রামে ছাত্রলীগ নেতা শাকিল হত্যা মামলার ২ আসামী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতে যাওয়ার পথে হত্যার শিকার ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শাকিল হত্যা মামলার দুই আসামীকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটককৃতরা হলো, উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের বাবুল মিয়ার ছেলে পরান টিপু ও একই ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের লিয়াকত উল্যাহর ছেলে রহমত উল্যাহ রবিন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইন্সপেক্টর অপারেশন ত্রিনাথ সাহা তথ্যটি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর (সোমবার) সকালে আলকরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলার স্বাক্ষী ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শাকিলকে পূর্ব শত্রুতার জের ধরে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে কুলাসার গ্রামের আব্দুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী। শাকিল একই গ্রামের ছালেহ আহাম্মদ প্রকাশ বতুর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক। ঘটনার দিন ফেনী থেকে কুমিল্লার আদালতে স্বাক্ষী দিতে যাচ্ছিলো সে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় আসলে তাকে গাড়ী থেকে নামিয়ে সন্ত্রাসীরা মাইক্রোবাসে করে অপহরণ করে ফেনীর শর্শদী দীঘির পাড়ে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা শাকিলকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক হওয়ায় ফেনীর একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে হাসপাতালে নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।