স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ থেকে মোছা আহম্মেদ উরফে মুন্না (২৯) নামের একজন কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
সোমবার গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আগ্নেয়াস্ত্র ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
আটককৃত আসামী কুমিল্লার কোতয়ালি থানধীন ভূবনগড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুন্না (২৯)।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী প্রাইভেটকার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ বিষয়ে তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

