Tag Archives: নিহত

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত পোশাক ব্যবসায়ী

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত পোশাক ব্যবসায়ী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় স্বপন আহমেদ (৪০) নামে এক পোশাক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী রামচন্দ্রপুর (বাল্লক) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত স্বপন আহমেদ ওই এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে গার্মেন্টসের পোশাক ব্যবসা করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান।

স্বপন আহমেদের ভাই আক্তার হোসেন জানান, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কইখলা এলাকায় তার চাচাতো ভাই শাহজালালের সঙ্গে অভিযুক্ত সালাউদ্দিনের মধ্যে পুরনো বিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে দুপুরের দিকে সালাউদ্দিন ও তার ভাই আবুল হোসেন, আনোয়ার হোসেন, উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জহির উদ্দিন, মো. রহমতুল্লাহ, রবিউল হাসান এবং আনোয়ার হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে হামলা চালায়। হামলার সময় শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও তার চাচাতো ভাই স্বপন আহমেদ লুকিয়ে গেলে হামলাকারীরা তাদের খুঁজে বের করে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বপন আহমেদকে মৃত ঘোষণা করেন। মোফাজ্জলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত স্বপনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, “উপজেলার রামচন্দ্রপুর বাল্লক এলাকায় প্রতিপক্ষের হামলায় স্বপন আহমেদ নিহত হয়েছেন এবং মোফাজ্জল হোসেন গুরুতর আহত। আমি ঘটনাস্থলে রয়েছি।”

ছাত্র আন্দোলনে নিহত দাউদকান্দির শিক্ষার্থী

ছাত্র আন্দোলনে নিহত দাউদকান্দির শিক্ষার্থী রিফাত ও দিনমজুর বাবুর লাশ উত্তোলন

ছাত্র আন্দোলনে নিহত দাউদকান্দির শিক্ষার্থী রিফাত ও দিনমজুর বাবুর লাশ উত্তোলন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রিফাত(১৬) ও দিনমজুর বাবুর(২৩) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে শনিবার(২৬অক্টোবর) দুপুরে সুকিপুর কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। রিফাত উপজেলার বারপাড়া ইউনিয়নের সুকিপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। সুন্দলপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।

গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন । ওনদিন রাতেই মারা যায় রিফাত। পরদিন রিফাতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিল পরিবার।

গত ৫আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেলে দাউদকান্দি মডেল থানার সামনে দিনমজুর মো.বাবু মিয়া(২৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত বাবু তুজারভাঙ্গা গ্রামের গ্রামের অটোরিকশা চালক আব্দুল মান্নানের ছেলে।

এঘটনার ১৩দিন পর ১৮ আগষ্ট রিফাত হোসেনের মামা পরিচয়ে জনৈক আব্দুর রাজ্জাক ফকির বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একইদিন থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত দিনমজুর বাবুর প্রতিবেশি লিটন আহম্মেদ পাভেল বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এরপর গত ১ সেপ্টেম্বর রিফাত হত্যার ঘটনায় কুমিল্লার আদালতে আরেকটি হত্যা মামলা করা হয়। আদলাতে করা মামলার বাদি নিহত রিফাতের মা নিপা বেগম। তিনটি মামলাই সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ আব্দুস সবুর, উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী, পৌর মেয়র নাইম ইউসুফ সেইনসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের চার শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয় কতৃক নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রেদওয়ান ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক হারুন উর রশিদ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেদওয়ান ইসলাম বলেন, আমরা আদালতের নির্দেশে আইনি কার্যক্রম পরিচালনার জন্য লাশ উত্তোলন করে কুমিল্লা মর্গে পাঠাবো। ময়নাতদন্তের পর আবার মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। আর আসলে সেদিন কি ঘটেছিল ময়নাতদন্তের প্রতিবেদনের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে দাউদকান্দির দেলোয়ার নিহত

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে দাউদকান্দির দেলোয়ার নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দক্ষিণ আফ্রিকায় আপিংটন শহরে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী।

মঙ্গলাবার(২২অক্টোবর) বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী দেলোয়ার প্রধান (৪২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব কাউয়াদি গ্রামের গ্রামের মৃত লাল মিয়া প্রধানের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে দেলোয়ার সবার ছোট।

বুধবার(২৩অক্টোবর) সকালে দেলোয়ার প্রধানের গ্রামের বাড়ীতে গিয়ে দেখা যায়, ‘সন্ত্রাসীদের গুলিতে দেলোয়ার নিহত হওয়ার খবর জানার পর তার বাড়িতে শোকের মাতম চলছে। তার বৃদ্ধ মা মমতাজ বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। উঠানে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা বসে আছেন।

বড় ভাই রশিদ প্রধান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন দেলোয়ার । আমার আরেক ভাই মিজান ওখানে থাকে, সে দেলোয়ারকে নিয়েছে। এর মধ্যে দেলোয়ার কয়েকবার দেশে এসেছিল। ওইখানে দেলোয়ার আলাদা নিজে দোকান দিয়েছিল। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আফ্রিকান এক যুবক আমার ভাইয়ের দোকানে বাইরে থেকে সদাই কিনতে টাকা দেয়। ভাই দোকান থেকে সদাই নিয়ে তার হাতে দেয়ার সময় আমার ছোট ভাইয়ের পেটে গুলি করে দেয়। এতে কয়েকফুট দুরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আমার ভাই দেলোয়ার।

পরিবার থেকে জানা যায়, ২০১০ সালে পাশের তিতাস উপজেলার নাগেরচর গ্রামে বিয়ে করেন দেলোয়ার। বিয়ের দুই বছর পর দক্ষিণ আফ্রিকা যায় দেলোয়ার। বার বছরের আল জামি নামে এক ছেলে গৌরীপুরের ভয়েজার স্কুলে ৬ষ্ট শ্রেণীতে পড়ে। ছেলেকে লেখা পড়া করানোর জন্য গৌরীপুর বাজারে ভাড়া বাসায় থাকতেন স্ত্রী শাবানা বেগম।

শাবানার ছোট বোন খালেদা আক্তার বলেন, রাত দুইটার সময় দুলাভাইয়ের মারা যাওয়ার খবর পেয়ে অজ্ঞান হয়ে যায় আমার বোন। রাতেই বোনকে নিয়ে আমাদের বাড়ী নাগেরচর চলে যাই। তিনি জানান, আমার আপন ভাই এবং দুলাভাইয়ের বড় ভাইয়ের মাধ্যমে আমরা খবর পাই।

নিহতের মা মমতাজ বেগম ছেলের মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, এবিষয়ে এখনো কেউ জানায়নি, খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রানা(৩০) নামে ট্রাক চালক নিহত ও অপর ট্রাক চালক শরিফ আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর বেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় পানসি হোটেল ও গাংরা রাস্তার মাথায় পৃথক ২টি দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রানা চট্টগ্রাম শহরের হালিশহর থানার সবুজবাগ এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। আহত শরিফ ভোলা জেলার চকমারিয়া গ্রামের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাড়ির থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকামুখী কাভার্ডভ্যান(চট্টমেট্রো-ট-১১-৬১৬২) সামনে থাকা অপর অজ্ঞাতনামা গাড়িতে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ রানা নিহত হন।

অপর ঘটনায় গাংরা রাস্তার মাথায় ভোর বেলায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান(ঢাকামেট্রো-ট-১১-৬১৪৩)কে অপর কাভার্ডভ্যান(চট্টমেট্রো-ঢ-১১-৫৩৪১) স্বজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক শরীফ গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত মোহাম্মদ রানার লাশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

লেবাননে ইসরাইলি হামলায়

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৩

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৩

ডেস্ক রিপোর্ট:

লেবাননজুড়ে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবাননের বেশ কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিকভাবে পরিচালিত এই বিমান হামলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

লেবাননের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলার পাশাপাশি টায়ার এবং জেজিনকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা চালানো হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননের জাহলে এবং পশ্চিম বেকা জেলায়ও বিমান হামলা চালানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেববাইন শহরে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও, মারজায়ুন জেলার খিয়াম শহরেও বিমান হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, টাউলিন শহরে বিমান হামলার ফলে তিনজন নিহত হয়েছেন।

টায়ার জেলায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় কানা শহরে ১০ জন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে লেবাননের সংবাদ সংস্থা জানিয়েছে।

পূর্ব লেবাননের জাহলে জেলার রিয়াক শহরে চালানো হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরাইল গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার কথা বলে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এ পর্যন্ত ১৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যা মামলায় দাউদকান্দিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত শিক্ষার্থী রিফাত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বুধবার (৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের তথ্য জানান।

জানা যায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় । পরে কুমিল্লা এবং ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে নিয়ে আসলে রাতে মারা যায় রিফাত। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় এবং কুমিল্লার আদালতে পৃথক দু’টি হত্যা মামলা করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, রিফাত হত্যার আসামি মোখলেসুর রহমানকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আবদুল্লাহ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে

মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, ৬০ জন জেলেকে অপহরণ

মিয়ানমারের নৌ বাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, ৬০ জন জেলেকে অপহরণ

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের নৌ বাহিনী বাংলাদেশি একটি ফিশিং ট্রলারে গুলি চালিয়েছে। এ ঘটনায় মো. ওসমান নামে এক জেলে নিহত হয়েছেন এবং আরও দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ৬০ জন মাঝি-মাল্লাসহ চারটি ফিশিং ট্রলার অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি জানান, মিয়ানমার নৌ বাহিনীর গুলিতে একজন জেলে নিহত হওয়ার পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন। তবে মিয়ানমারের নৌ বাহিনী অপহৃত ৪০ থেকে ৫০ জন জেলেকে ট্রলারসহ বাংলাদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে এবং তারা বর্তমানে বাংলাদেশের জলসীমার দিকে রওনা হয়েছেন।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের ট্রলার মালিকদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মৌলভীর শিল নামক মোহনায় এই ঘটনা ঘটে। নিহত জেলে মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। গুলিবিদ্ধদের পরিচয় এখনও জানা যায়নি। নিহত ও আহতরা সবাই শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকানাধীন ট্রলারের জেলে।

অপহৃত চারটি ট্রলারের মালিকদের মধ্যে রয়েছেন মিস্ত্রীপাড়ার মুসলিম মিয়ার ছেলে মতিউর রহমান, মৃত আলী হোছনের ছেলে আবদুল্লাহ এবং তার ভাই আতাউল্লাহ, উত্তরপাড়ার ছৈয়দ মাঝির ছেলে মো. আছেম। ট্রলারগুলোতে মোট ৬০ জন মাঝি-মাল্লা ছিলেন।

ট্রলার মালিক সাইফুল জানান, বুধবার সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের নৌ বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে গুলি চালায়, যার ফলে তার ট্রলারের চারজন জেলে গুলিবিদ্ধ হন, তাদের মধ্যে একজন মারা যান। এরপর পাঁচটি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার তার ট্রলারটি ছেড়ে দেওয়া হয় এবং নিহত ও আহত জেলেদের নিয়ে সেটি শাহপরীর দ্বীপের দিকে রওনা দেয়।

অন্য একটি ট্রলার মালিক মতিউর রহমান জানান, অপহৃত ট্রলারসহ মাঝি-মাল্লাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিহতকে নিয়ে ট্রলারটি ঘাটে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ঘটনাটি সত্য। তবে ঘটনাস্থলটি বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন হওয়ায় তাদের কাছে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।

কোস্টগার্ডের শাহপরীর দ্বীপের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গুলিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। তারা ট্রলারটির ঘাটে আসার অপেক্ষায় আছেন।

চট্টগ্রামে তেলবাহী জাহাজে

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, কুমিল্লার এক নাবিক নিহত

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, কুমিল্লার এক নাবিক নিহত

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমটি বাংলার সৌরভ’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় ৬০ বছর বয়সী সাদেক মিয়া নামে এক নাবিক নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সাদেক মিয়া কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ছিলেন এবং তিনি জাহাজের ক্রু ছিলেন। আগুন লাগার পর তিনি পানিতে ঝাঁপ দেন, কিন্তু তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, রাত পৌনে ১টার দিকে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের ‘মেটাল শার্ক’ নামের দ্রুতগতির নৌযান প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট ব্যবহার করে ৩৬ জনকে উদ্ধার করা হয়।

এদিকে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করা বিএসসি’র তেলবাহী জাহাজ ‘এমটি বাংলার জ্যোতি’তে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন।

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২ হাজার ছাড়িয়েছে

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২ হাজার ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট:

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ১২৭ জন শিশু ও ২৬১ জন নারী রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এই হামলায় এত প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে।

ইসরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের বাইরে বিশাল বিস্ফোরণ ঘটেছে। হামলার লক্ষ্য স্পষ্ট না হলেও, ধারণা করা হচ্ছে রাজধানীর দাহিয়েহ এলাকার হিজবুল্লাহর ঘাঁটিকে টার্গেট করা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর আক্রমণে তাদের দুই সেনা নিহত হয়েছে। এছাড়া ইসরায়েল আরও ২০টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সীমান্তের কাছে তাদের সেনারা হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলের দুই সপ্তাহের হামলা ও আক্রমণে লেবাননের ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে নিহত ইসরায়েলের ৮ সেনা

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে নিহত ইসরায়েলের ৮ সেনা

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের আটজন সৈন্য নিহত হয়েছেন। এছাড়া আরও সাতজন সৈন্য আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর মতে, নিহতদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের সদস্য। এই খবরটি প্রকাশ করেছে বিবিসি।

লেবাননে আক্রমণ শুরু করার পর এটিই প্রথম ঘটনা যেখানে এতসংখ্যক ইসরায়েলি সেনা একসঙ্গে নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ ইরানের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছে।

ইসরায়েল আরও বলেছে, যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার মতো পরিস্থিতি তৈরি হয়, হিজবুল্লাহ তাদের অত্যাধুনিক অস্ত্রগুলো প্রতিরোধের জন্য ব্যবহার করবে। কিন্তু মার্কিন ও ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, গত দুই সপ্তাহে এই সশস্ত্র গোষ্ঠীর অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে।

এছাড়া হিজবুল্লাহর শীর্ষ নেতা শেখ হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে এবং ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করেছে। তবে হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করেছে।

হিজবুল্লাহ আরও বলেছে, বুধবার দুইবার মুখোমুখি লড়াই হয়েছে এবং এটি যুদ্ধের প্রথম পর্যায়। ইসরায়েল বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। বুধবার (২ অক্টোবর) ইসরায়েলি বাহিনী ফের বিমান হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলি হামলাকে তিনি সমর্থন করবেন না। ইরান ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যার প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে। তবে বাইডেন বলেছেন, যদি সেই হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হয়, তাহলে তিনি তা সমর্থন করবেন না।

গত মঙ্গলবার ইসরায়েলে ইরান হামলা চালানোর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে।