Tag Archives: বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে ১৩২ রানে হারলো টাইগাররা

 

স্পোর্টস ডেস্কঃ

প্রথম ম্যাচে ২০৯ রানের পুঁজি নিয়েও লড়েছিল বাংলাদেশ। তবে এবার আর লড়াই হলো না। টাইগারদের হেসেখেলেই হারালো ইংল্যান্ড।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের পর ব্যাটাররাও দিয়েছেন ব্যর্থতার পরিচয়। বাংলাদেশ হেরেছে ১৩২ রানের বিশাল ব্যবধানে। এতে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে বাকি থাকতেই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।

লক্ষ্য ছিল ৩২৭ রানের। বাংলাদেশের দরকার ছিল দারুণ শুরু। কিন্তু হলো তার উল্টোটা। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরলেন লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত।

স্যাম কারানের ওভারের চতুর্থ বলে লিটন (১ বলে ০) ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন। এর পরের বলে শান্তও মারেন গোল্ডেন ডাক (১ বলে ০), উইকেটরক্ষক জস বাটলারকে দেন ক্যাচ।

অভিজ্ঞ মুশফিকুর রহিম হাল ধরবেন কি, ৫ বলে ৪ করে স্যাম কারানকে তৃতীয় উইকেট উপহার দেন, তিনিও উইকেটরক্ষক বাটলারের ক্যাচ।

একে একে সাজঘরের পথ ধরেছেন টপ অর্ডারের তিন ব্যাটার। ইংলিশ পেসার স্যাম কারানের তোপে ২.২ ওভার হতেই ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। দায়িত্ব পড়ে অভিজ্ঞ তামিম ইকবাল আর সাকিব আল হাসানের কাঁধে।

দলের চরম বিপদের মুহূর্তে হাল ধরেছিলেন সাকিব আর তামিম। তাদের ১১১ বলে গড়া ৭৯ রানের লড়াকু জুটিটি ভেঙে যায় তামিম আউট হলে। ৬৫ বলে ৪ বাউন্ডারিতে ৩৫ করে তামিম হন মঈনের শিকার।

তামিম ইকবালের পর ফিফটি করে আউট সাকিবও। ৫৯ বলে ৫ বাউন্ডারিতে ৫৮ রান করে সাকিব হন আদিল রশিদের শিকার। ১২২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। টাইগারদের সিরিজ বাঁচানোর স্বপ্ন বলতে গেলে শেষ তখনই। কেননা তখন ওভারপ্রতি দরকার বেড়ে দাঁড়িয়েছে দশের কাছাকাছি।

হারের ব্যবধান কমানোর মিশনে দাঁড়িয়ে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি আফিফ হোসেন আর মাহমুদউল্লাহ রিয়াদ। আফিফ ২৩ আর মাহমুদউল্লাহ ৩২ করে হন আদিল রশিদের শিকার। রশিদের চতুর্থ উইকেট মেহেদি হাসান মিরাজ (৭)। শেষ পর্যন্ত ৪৪.৪ ওভারে ১৯৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জেসন রয়ের সেঞ্চুরি আর জস বাটলারের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৩২৬ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসভাগ্য সহায় ছিল বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল।

ইংলিশদের ব্যাটিংয়ে পাঠিয়ে দুই প্রান্ত থেকে স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন তামিম। তবে সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম প্রথম চার ওভারে তেমন বিপদে ফেলতে পারেনি ইংল্যান্ডকে।

সপ্তম ওভারে এসে বাংলাদেশ সাফল্য পায় তাসকিন আহমেদের হাত ধরে। তাসকিনের বলে স্লিপে ক্যাচ দেন ফিল সল্ট (৭)। প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্ত নেন মাটিতে ঘেষা দুর্দান্ত এক ক্যাচ। ২৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর ডেভিড মালানকে নিয়ে ৫৪ বলে ৫৮ রানের ঝোড়ো জুটি গড়েন জেসন রয়। আগের ওয়ানডেতে বিপদের মুখে হার না মানা সেঞ্চুরি করে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন মালান। এবার অবশ্য ইংলিশ এই ব্যাটারকে ভয়ংকর হতে দেননি মেহেদি হাসান মিরাজ।

মিরাজের ঘুর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মালান, ফেরেন ১১ করে। এরপর জেমস ভিন্সকে দ্রুতই সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। ভিন্স ৫ করে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ হন।

টপঅর্ডারের চার ব্যাটারের মধ্যে তিনজনকেই ইনিংস বড় করতে দেয়নি বাংলাদেশ। কিন্তু ওপেনার জেসন রয় এরই ঠিকই দাঁড়িয়ে যান। দারুণ ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ডের ডানহাতি এই ব্যাটার।

৯৬ রানে ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। জস বাটলারের সঙ্গে চতুর্থ উইকেটে রয় গড়েন ৯৩ বলে ১০৯ রানের জুটি।

বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকালেন। জেসন রয় যতক্ষণ উইকেটে থাকবেন, রানের ফোয়ারা ছুটবেই। ক্রমেই ভয়ংকর হচ্ছিলেন। অবশেষে মারকুটে এই ব্যাটারকে ফেরান সাকিব আল হাসান।

সাকিবের ঘূর্ণি মিস করে এলবিডব্লিউ হন রয়। ১২৪ বলে ১৩২ রানের ঝোড়ো ইনিংসে ১৮টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান ইংলিশ ওপেনার।

রয় ফেরার ঠিক পরের ওভারেই তাসকিন আউট করেন উইল জ্যাকসকে (১)। শর্ট মিডউইকেটে সাকিব ধরেন ক্যাচ। ২০৮ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ।

কিন্তু জস বাটলার ঝড় তুলে সেখান থেকে অনেকটা এগিয়ে দেন দলকে। অবশেষে বাটলার ঝড় থামে মেহেদি হাসান মিরাজের দারুণ এক ফিরতি ক্যাচে। ৬৪ বলে ৫ চার আর ২ ছক্কায় ৭৬ রান করে ফেরেন বাটলার।

এরপর মঈন আলির ৩৫ বলে ৪২ রান আর শেষদিকে স্যাম কারানের ১৯ বলে ৩৩ রানের ক্যামিওতে ৭ উইকেটে ৩২৬ রানের পাহাড় গড়ে ইংলিশরা।

বাংলাদেশের বোলারদের সবাই খরুচে ছিলেন। তাসকিন আহমেদ ৬৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। মেহেদি মিরাজ ৭৩ রানে নেন দুটি।

স্যামসাংয়ের আয়োজনে কে-পপ কনসার্ট

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে অনুকরণীয় সম্পর্কের উদাহরণ হিসেবে কোরিয়া সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে, কোরিয়া সপ্তাহের ‘শোকেস কোরিয়া ২০২৩’ মেলায় স্যামসাংয়ের পৃষ্ঠপোষকতায় দেশের প্রথম কে-পপ কনসার্ট আয়োজিত হয়।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় জনপ্রিয় কে-পপ ব্যান্ড ও তায়কোয়ান্দো দলের এ মনোমুগ্ধকর পারফরমেন্স।

দু’দিনব্যাপী এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর সভাপতি মো. জসিম উদ্দিন; এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লি জাং কিউন।

অতিথিদের নিবন্ধন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়। পরে প্রধান অতিথি বেলা দেড়টায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুই দিনব্যাপী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ আয়োজনে কোরীয় পণ্য ও সেবা প্রদর্শন করতে প্রদর্শনীতে অংশগ্রহণ করে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান। অতিথি ও দর্শনার্থীদের সামনে কোরিয়ার সঙ্গীত ও সংস্কৃতি প্রদর্শনের অংশ হিসেবে কে-পপ কনসার্টের আয়োজন করা হয় স্যামসাংয়ের পক্ষ থেকে। বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজিত এই কে-পপ কনসার্টে ছেলেদের গ্রুপ ‘ট্যান’ ও মেয়েদের গ্রুপ ‘আইসিইউ’ অংশ নেয়। পাশাপাশি, কোরীয় মার্শাল আর্ট তায়কোয়ান্দো প্রদর্শন করে ‘নলজা’। আয়োজনটি স্যামসাংয়ের টাইটেল স্পন্সরে অনুষ্ঠিত হয়। এছাড়া, অনুষ্ঠানে কনজ্যুমার ইলেকট্রনিকস ও গ্যালাক্সি স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ প্রদর্শন করে স্যামসাং।

অনুষ্ঠানে স্যামসাংয়ের সদ্য উন্মোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৩ আলট্রা (২০০ মেগাপিক্সেল ক্যামেরা) প্রদর্শন করা হয়। এছাড়া, সেখানে স্যামসাংয়ের ফ্রেম ও সেরিফ টিভির মতো লাইফস্টাইল টিভির পাশাপাশি সর্বাধুনিক মডেলের টিভি, সদ্য উন্মোচিত বিস্পোক রেফ্রিজারেটর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রণের সুবিধাযুক্ত ওয়াশিং মেশিন প্রদর্শন করা হয়।

ক্রেতাদের আস্থা ও পছন্দের জায়গা থেকে স্যামসাং মোবাইল ও স্যামসাং টিভি ইন্টারব্র্যান্ড কর্তৃক সেরা ৫ গ্লোবাল ব্র্যান্ডের একটি এবং বাংলাদেশে সুপারব্র্যান্ডস হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বের নিদর্শন সমুন্নত রাখতে ভূমিকা রাখছে স্যামসাং। পাশাপাশি, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে গর্বিত অংশীদার হিসেবে পাশে রয়েছে স্যামসাং।

সৌদি আরবে ফেইসবুক লাইভে এসে বাংলাদেশি প্রবাসীর আ’ত্মহ’ত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের দাম্মামে ফেইসবুকে লাইভে এসে আ’ত্মহ’ত্যা করেছে বাংলাদেশি যুবক আরিফুল ইসলাম নয়ন।

তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের খানবাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম খান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের দাম্মামে ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফেসবুক লাইভে এসে আ’ত্মহ’ত্যা করেন তিনি।

স্থানীয়রা জানান, দক্ষিণ শ্রীপুর বাজারে তার একটি ফ্লেক্সিলোডের দোকান ছিল। গত ১০ মাস আগে ঋণ নিয়ে সৌদি আরবে চাকরির জন্য যান তিনি। কিন্তু ১০ মাসে আকামা না হওয়ায় বেতন পাননি তিনি। এ কারণে সংসার, ঋণের চাপে অসুস্থ হয়ে পড়েন নয়ন। সেই কারণ দেখিয়ে গলায় গামছা পেঁচিয়ে আ’ত্মহ’ত্যা করেন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, নয়নের আত্মহত্যার বিষয়টি শোনেছি। ঋণের চাপে আ’ত্মহ’ত্যা করেছে। তার পরিবারটি স্ত্রী ও দুই সন্তান নিয়ে এখন অসহায় হয়ে পড়েছে।

আর্জেন্টিনা ক্লাব থেকে ম্যাচ খেলার প্রস্তাব পেল বাংলাদেশি ক্লাব

স্পোর্টস ডেস্কঃ

কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আরও মজবুত হয় আর্জেন্টিনার। হাজার হাজার মাইল দূরত্বের দুই দেশের ভ্রাতৃত্বকে আরও গভীর করতে এবার অনন্য এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনার শীর্ষ সারির ক্লাব জিমনেসিয়া। বাংলাদেশের শীর্ষ এক ক্লাবের সাথে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে তারা।

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব জিমনেসিয়ার একজন পাড় সমর্থক সেবাস্তিয়ান গুবিয়া। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা গুবিয়া সঙ্গে নিয়ে এসেছেন ক্লাব জিমনেসিয়ার আমন্ত্রণপত্রও।

গুবিয়া বাংলাদেশে আসবেন জেনে তার কাছে একটি আমন্ত্রণপত্র দিয়েছে ক্লাব জিমনেসিয়ার প্রেসিডেন্ট। সুবিধামতো সময়ে বাংলাদেশের শেখ জামাল ক্লাবকে জিমনেসিয়ার মাঠে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিঠিতে। শেখ জামালের টিম ম্যানেজার নাভিল এলাহী খান বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনা ক্লাব থেকে এমন প্রস্তাব পাওয়া গর্বের।

পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের ওপর নির্ভরতা কমাতে আহ্বান জানালেন মমতা

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশের পদ্মার ইলিশের প্রতি বরাবরই টান রয়েছে পশ্চিমবঙ্গের বাঙালিদের। প্রতি বছর ইলিশের মৌসুমে পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতার বাঙালিরা বাংলাদেশের ইলিশবাহী ট্রাকের প্রবেশের জন্য অপেক্ষা করে থাকেন।

কিন্তু এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বাংলাদেশের ইলিশের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে রাজ্যে ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণাও দিয়েছেন।

বৃহস্পতিবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে দেওয়া বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন থেকে বাংলাদেশের ইলিশের ওপর থেকে আমাদের নির্ভরতা কমাতে হবে। সেই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়াতে নদী ও সমুদ্র থেকে খোকা ইলিশ (ইলিশের পোনা বা জাটকা) ধরা বন্ধ করতে হবে।’

সমুদ্রের বাসিন্দা ইলিশ প্রতি বছর বর্ষাকালে ডিম পাড়তে বঙ্গোপসাগরের সংলগ্ন বিভিন্ন নদীতে যায়। ডিমপাড়া শেষে আবার সমুদ্রে ফিরে আসে।

কয়েক বছর আগে বাংলাদেশের সরকার বছরের একটি নির্দিষ্ট ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে। যে সময়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি মা ইলিশের ডিম ছাড়ার চুড়ান্ত মৌসুম। নিষেধাজ্ঞা ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা— তা তদারকিতেও বাংলাদেশের সরকার ও প্রশাসন বেশ কঠোর।

বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও বঙ্গোপসাগরের উপকূল এবং সংলগ্ন যথেষ্টসংখ্যক নদী রয়েছে; সেসব নদীতে ডিম দিতে সাগর থেকে ইলিশও যায়; কিন্তু লাগামহীনভাবে মা ইলিশ ও জাটকা ধরার কারণে বাংলাদেশের ইলিশ উৎপাদনের ধারেকাছেও নেই পশ্চিমবঙ্গ।

ইতোমধ্যে জাটকা বা ইলিশের পোনা ধরা বন্ধে আইন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কিন্তু সেখানকার বাজারের ছবিতে সেই আইনের ছবি মেলে না। মাঝারি ও বড় ইলিশ বহুমূল্য হওয়ায় পশ্চিমবঙ্গের বাজারে দেদার বিক্রি হয় খোকা ইলিশ। দামে কম, আবার স্বাদেও প্রমাণ আকারের ইলিশের ছিটেফোঁটা পাওয়া যায়।

কিন্তু রাজ্যের বিভিন্ন জলাশয় থেকে যে ইলিশ হারিয়ে যাচ্ছে, তার প্রধান কারণ এই জাটকা আহরণ।

বৃহস্পতিবারের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেবল আইন করে খোকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না। মানুষকে সচেতন করতে হবে। আমরা চাইছি আমাদের খোকা ইলিশ ধরা বন্ধের অভিযানে মৎস্যজীবীরা এক হোন।’

‘তারা সচেতন হলে রাজ্যে খোকা ইলিশ ধরা বন্ধ হবে। ইলিশের বংশবৃদ্ধি, উৎপাদন বাড়বে এবং সেসঙ্গে কমবে মূল্যও।’

ইতোমধ্যে রাজ্যে ইলিশের উৎপাদন বাড়াতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারে একটি গবেষণাগার স্থাপন করা হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে একটি গবেষণাকেন্দ্র তৈরি করেছি। সেখানে এই রাজ্যে আরও বেশি করে ইলিশ উৎপাদন নিয়ে গবেষণা করা হচ্ছে। এই গবেষণাকেন্দ্রে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা হচ্ছে। তাই ভবিষ্যতে যাতে এই রাজ্যে প্রচুর ইলিশ উৎপাদিত হয়, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া হচ্ছে।’

ইলিশের পাশপাশি অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে পশ্চিমবঙ্গে মাছ চাষ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুধু ইলিশ নয়, আমাদের নদী ও জলাশয়ে অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছের চাষ বাড়াতে হবে। এতে একদিকে রাজ্যে মাছের উৎপাদন বাড়বে, সেই সঙ্গে বহু মানুষের কর্মসংস্থানও হবে।’

‘আমরা সবাই যদি সচেতন হই, তাহলে আমাদের আর ওপারের ইলিশের দিকে তাকিয়ে থাকতে হবে না।’

 সরি বলে ক্ষমা প্রার্থনা করলে বাংলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবেনা: হুইপ স্বপন  

 

নোয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেছেন, দয়া করে অহংকার করবেন না। এখন থেকে জনগণের দুয়ারে যান। ভুল মানুষ করে, ভুল ফেরেশতা করেনা। ভুল মানুষ করে, মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের দুয়ারে যান,তাদেরকে বুঝান তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমি বিশ্বাস করি বাংলার মানুষের কাছে যদি আমরা সরি বলে ক্ষমা প্রার্থনা করি বাঙলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবেনা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, আমাদের সৌভাঘ্য আমাদের একজন শেখ হাসিনা আছে। জননেত্রী শেখ হাসিনার থেকে বাঙালির কোন আপনর মানুষ নেই। বঙ্গবন্ধু যে ভাবে বাঙলার প্রত্যেকটি মানুষকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু বলে গেছেন বাঙলার প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটানের কথা বলে গেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রক্ত আদর্শের উত্তরাধিকারী। বঙ্গবন্ধুর কন্য এ রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতা ভোগ করার জন্য প্রধানমন্ত্রী হননি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেননা। তিনি বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেন। তার মত দক্ষ রাষ্ট্র নেতা, অভিজ্ঞ রাষ্ট নেতা পৃথিবীতে কম আছে। বাঙলার মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি নির্ঘুম রাত্রি যাপন করেন। বঙ্গবন্ধু কন্যা ছাড়া এ মুর্হূতে বাঙলার মানুষের মুখে হাসি ফোঁটাবে এমন কোন নেতা নেই। এজন্য আমাদের একজন নেতার উপর অভিমান করে দয়া করে সিন্ধান্ত নিতে ভুল করবেন না।

সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার রুহুল আমিন ও ফুয়াদ হোসেন।

সম্মেলন শেসে বেলা আড়াইটার দিকে নেতাদের সিদ্ধান্ত অনুযায়ীে সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি মমিনুল ইসলাম বাকের কে সভাপতি সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

তিতাসে ব্রাজিলের ৪০০ হাত পতাকার বিপরীতে আর্জেন্টিনার ৬০০ হাত পতাকার শোভাযাত্রা

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

সুদূর কাতারে শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর। তার উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শহর থেকে গ্রামে। প্রতিযোগিতায় নেমেছে প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা ও ব্যানার নিয়ে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা তিতাস উপজেলার শাহপুর গ্রামে আর্জেন্টিনার ৬০০ হাত দীর্ঘ পতাকা ও ৭০ ফুট ব্যানার নিয়ে শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। শোভাযাত্রাটি শাহপুর বড় ঘাট এলাকা থেকে বের হয়ে শিবপুর টু লালপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাহপুর বড় ঘাট এলাকায় এসে শেষ।

জানা যায়, শাহপুর গ্রামের আর্জেন্টিনার সমর্থক রিপন সরকার, মতিন মাস্টার, জসিম মেম্বার, শাহজালাল, হৃদয়, আল-মমিন, আলেক মোল্লা, মামুন, নাঈম ও সাগরসহ স্থানীয় অসংখ্য সমর্থকেরা দলটিকে ভালোবেসে ৬০০ হাত লম্বা এ পতাকাটি তৈরি করেছেন। এর আগে গত রবিবার একই গ্রামের ব্রাজিল সমর্থকেরা ৪০০ হাত দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রা করেছিলেন।

আর্জেন্টিনার সমর্থক রিপন সরকার বলেন, আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি আমার প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে ৬০০ হাত লম্বা পতাকা বানিয়েছি। ইনশাআল্লাহ এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।

সমর্থক আলেক বলেন, কাতার বিশ্বকাপে প্রিয় দলকে স্বাগত জানাতে আমাদের এই উদ্যোগ। এবং এই ৬০০ হাত দীর্ঘ পতাকাটি আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য উৎসর্গ করলাম।

আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত: জানালেন শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।’ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার লক্ষ্য ছিল ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, এই সুবর্ণজয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।’

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৮ এর নির্বাচন থেকে শুরু করে ২০২২ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এরমাঝে অনেক চড়াই-উৎরাই, খুন-খারাবি, অগ্নিসংযোগ থেকে শুরু করে অগ্নিসন্ত্রাস নানা কিছু ঘটেছে। তারপরও কিন্তু আমরা ক্ষমতায় ছিলাম বলে আজকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।’

রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশটা ছোট। রোহিঙ্গা শরণার্থী নিয়ে আমাদের যে সমস্যা, সেটা বিশ্বের কাছে তুলে ধরেছি। যেহেতু আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। তাদের ফেলে দিতে পারি না। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেষ্টা করছি।’

টাকার অভাবে বাংলাদেশ-আফগানিস্তান ‘এ’ দলের সিরিজ বাতিল

 

স্পোর্টস ডেস্কঃ

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে অর্থের যোগান দিতে না পারায় সফরটি বাতিল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দুটি চারদিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে অক্টোবরে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। অর্থের যোগান পেলে পরবর্তীতে সিরিজটি আয়োজন করতে চায় এসিবি।

দীর্ঘ বিরতির পর আবারও চালু হয় বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রম। চলতি বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলে সব্বির-সৌম্য সরকারের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা।

তারই ধারাবাহিকতায় অক্টোবরে আফগান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। যেখানে প্রধান কোচ হিসেবে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে যাওয়ার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। একদিনের ম্যাচ খেলার জন্য ‘এ’ দলের সঙ্গী হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।

সিরিজ বাতিল প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে একটু আর্থিক সমস্যা। তাদের ফান্ডে টাকা না থাকায় এ সিরিজটি স্থগিত করা হয়েছে। তবে আশা রয়েছে আগামীতে অন্য কোনো এক সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে। যখন নতুন সূচি পাবো তখন জানিয়ে দেয়া হবে।’

সিরিজ বাতিল হওয়ায় ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলবেন ক্রিকেটাররা।

দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির বহিঃপ্রকাশ: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

বিদেশিদের কাছে নালিশ আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসে সাহায্য চাওয়াই বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই। এমন নজির রয়েছে বিএনপির। তারা কথায় কথায় দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে, আর দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের অনুরোধ করে।

‘বিএনপি দেশকে পরনির্ভরশীল ও নতজানু হিসেবে দেখতে চায়, তাঁবেদার হয়ে থাকতে চায়। অন্যদিকে আওয়ামী লীগ চায় দেশকে মর্যাদাশীল, সমৃদ্ধ অবস্থানে উন্নীত করতে।’

বাংলাদেশের সীমানায় মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার শুরুতেই বাংলাদেশ মিয়ানমারের কাছে জবাব চেয়েছিল ও প্রতিবাদ জানিয়েছিল। সে দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

‘তখন মিয়ানমার জানিয়েছিল, মর্টার শেলটি ভুলক্রমে বাংলাদেশের সীমানায় গিয়ে পড়ে। ভবিষ্যতে তারা সতর্ক থাকবেন বলে বাংলাদেশকে জানিয়েছিলেন। আবারও একই ঘটনা ঘটায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আন্তর্জাতিক আইন ও প্রটোকলের আলোকে খতিয়ে দেখছে।‘

এ ঘটনা মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে তাদের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে ভুলক্রমে ঘটেছে, নাকি উস্কানিমূলক তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এদেশের প্রতি ইঞ্চি মাটি শেখ হাসিনার সরকারের কাছে নিজের অস্তিত্বের মতো। বাংলাদেশ চায় যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান। প্রধানমন্ত্রী গতকালও লন্ডনে এ বিষয়ে কথা বলেছেন।

ওবায়দুল কাদেরের মতে, নানান অপকর্মের জন্য দেশের মানুষ এখনো বিএনপির ওপর ক্ষুব্ধ। দলটি আবারও সন্ত্রাসের পথে হাঁটছে, উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশকে।

তিনি বলেন, বিএনপি নেতারা একদিকে বলছেন, তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। আবার যখন সুযোগ পান, তখন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন না করে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছেন।

‘তারা পুলিশকে আক্রমণের টার্গেট করে নিয়েছে। বিএনপিকে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’

এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিস্কি।

এসময় মিয়ানমারে বাংলাদেশে সড়ক উন্নয়নে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তারা বৈশ্বিক পরিস্থিতি ও দুই দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।