Tag Archives: বুড়িচং উপজেলা

বাস্তবত ইউনিয়ন পরিষদের সদস্যরাই অবহেলিত- এমপি হাশেম খান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান বলেছেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা তৃনমুল সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন। সমাজের অবহেলিত মানুষগুলো তাদের কাছে গিয়ে দুঃখ কষ্টের কথা বলেন। কিন্তু বাস্তবত ইউনিয়ন পরিষদের সদস্যরাই অবহেলিত। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তাই ইউনিয়ন পরিষদ সদস্যদের সকল দাবী সংসদে উত্থাপন করা হবে।

শনিবার দুপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখা নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাকশীমূল ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ লিটন রেজা, সিনিয়র সহ-সভাপতি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ষোলনল ইউনিয়ন পরিষদের মেম্বার বাদল খাঁ ও সাংগঠনিক সম্পাদক মোকাম ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির হোসেন।

উক্ত সম্মেলনে কুমিল্লা জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও বুড়িচং উপজেলা শাখার সদস্যদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মন্ডল, সর্দার নাজমুল সাকিব সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া ও কুমিল্লা জেলার সদস্য সচিব মোতাহাব হোসেনসহ অন্যান্য অতিথি ও সদস্যগণ।

কুমিল্লায় চালের বস্তা থেকে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লায় চালের বস্তা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় পিকআপসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ বাজার এলাকার হাইওয়ে পুলিশের চেক পোস্টে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চরনল গ্রামের মৃত জয়নাল মিস্ত্রির ছেলে মাদক ব্যবসায়ী নূরুজ্জামান (৩০), বাগেরহাট জেলার সদর উপজেলার পশ্চিমবাগ গ্রামের আব্দুর রশিদের ছেলে পিকআপ চালক সাইদুল ইসলাম (২৮) ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার যশপুর গ্রামের রুহুল আমিন এর ছেলে পিকআপ হেলপার নূর ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়- চলমান করোনাকালিন দেশব্যাপী কঠোর লকডাউনে মহাসড়কে গণপরিবহন বন্ধ নিশ্চিত করতে ইলিয়টগঞ্জ এলাকায় চেকপোস্ট করছিল ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। দুপুর অনুমান আড়াইটার দিকে ঢাকাগামী একটি পিকআপে তল্লাসী চালায় হাইওয়ে পুলিশ। এসময় ৫টি চালের বস্তায় ১০ কেজি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।

পিকআপ চালক সাইদুল ইসলাম জানায়, নিমসার বাজার থেকে চালের ওই বস্তাগুলো গাড়িতে উঠায় নূরুজ্জামান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) মিঠুন বিশ্বাস জানান- ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে মহাসড়কে আমাদের নিয়মিত চেকপোস্টে অভিযান চলছিল। এসময় ওই পিকআপে চালের বস্তা দেখে সন্দেহ হওয়ায় তল্লাসী করে চালের ওই বস্তাগুলো থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আমার সাথে ছিলেন ফাঁড়ির (টিএসআই) বজলু হকসহ অন্যান্য সদস্যরা। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুড়িচং-দেবীদ্বার উপজেলার দুঃখ :কুমিল্লার ফুসফুস খ্যাত গোমতি নদী

 

ইয়াসমীন রীমা:

কুমিল্লার খরস্রোতা গোমতি নদী এখন মাটিখেকো সিন্ডিকেটের কবলে পড়ে মৃতপ্রায়। কুমিল্লা জেলার বুড়িচং ও দেবীদ্বার উপজেলায় চরের জমি হারিয়ে পেশা পরিবর্তন করেছে অনেক কৃষক। বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি কুমিল্লা জেলা, সংগঠক এবিএম আতিকুর রহমান বাশার বলেন,“একদশকের বেশি সময় ধরে আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি জিরো পয়েন্ট থেকে দাউদকান্দি উপজেলার কলাতিয়া পর্যন্ত ৯০ কিলোমিটার দীর্ঘ নদীর প্রায় ৪ হাজার একর চরের জমিসহ নদীর বাঁধের ভেতরে কৃষকের ব্যক্তিমালিকানাধীন ফসলী জমি থেকে জোরপূর্বক মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলন চলছে।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের নজরধারীর অভাবেই মাটি কাটা ও বালু উত্তোলনের মহাযজ্ঞ চলছে।

বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর স্বেচ্ছসেবীর সংস্থা,সেন্টার ফর লাইব্রেরীর জসিমউদ্দিন মাষ্টার জানান, কংশনগর ,বাবুরবাজার, কামালখাড়া, শিমাইলখাড়া, কাড়ারখাড়া, কহেতরা,পূর্বহারা, রামনগর, নানুয়ারবাজার , মিথিলাপুর,বাহেরচর,শ্রীপুর,গোবিন্দপুর,কোমাল্লা,মালাপাড়া,মনোয়ারপুর, হাসনাবাদ, রামচন্দ্রপুর, কুসুমপুর, এবদারপুর, বাজেহুরা, মীরপুরসহ প্রায় ৫০টি স্পট বালু ও মাটিখোকোদের দখলে এবং দেবীদ্বার উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান বলেন, জাফরগঞ্জ, কালিকাপুর, খলিলপুর, পুরাতন বাজার, বড় আলমপুরসহ প্রায় ৩৫টি স্পট একাধিক সিন্ডিকেটের আওতায়।”

কুমিল্লা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন,“গত পাঁচ বছরে দখলদারের কারনে দুটি উপজেলায় কৃষি জমি হ্রাস পেয়েছে সাড়ে ৫’শ একর এবং প্রায় ১ হাজার কৃষক তাদের পেশা পরিবর্তন করেছে। ১,০০০ হেক্টর জমিতে চাষাবাদে সম্পৃক্ত ছিলো ৫ হাজার কৃষক।”

কুমিল্লা জেলা প্রশাসন সূত্র জানায়,বালুমহাল ইজারা দেওয়ায় অনেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সুযোগ নেয়। নদী রক্ষায় গত চৈত্রমাসেই(১৪২৮বাংলা) ইজারা বাতিল হয়েছে। সরকারের নির্দেশনায় চলতি বছরে ইজারা দেয়া হয়নি।

মাটি খেকো সিন্ডিকেটের তান্ডব:
দেবীদ্বার উপজেলার চরবাকর, লক্ষীপুর, কালিকপুর, বড় আলমপুর, শিবনগরসহ আশপাশ এলাকা ঘুরে দেখা যায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পাড়ে ছোট ছোট টিনশেড ঘর করে পাহারাদার বসানো হয়েছে। প্রশাসনের লোকদের ওপর নজর রাখাই তাদের কাজ। ভেকু মেশিন দিয়ে মাটি কাটার পর তা শ্রমিকদের মাধ্যমে ট্রাকে তোলা হয়। সে মাটি চলে যায় ইটভাটায়। নদীর প্রস্থ গড়ে ৬৫ মিটার হলেও কোথাও কোথাও মাটি কাটার কারণে প্রস্থ প্রায় ১৫০ মিটার এবং তার অধিক। নদী ও জমি একসাথে মিশে যাওয়ায় বোঝার উপায় নেই কোনটি জমি আর কোনটি নদী। মাটি বোঝাই ট্রাক্টর চলাচলের কারণে নদীর প্রতিরক্ষা বাঁধে নির্মিত ব্রিজ ও পিলার হুমকির মুখে পড়েছে।

বুড়িচং উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়–য়া বলেন, মূলনদী দখল ছাড়াও বুড়িচং উপজেলায় চর দখল এবং বালু উত্তোলনকারী অবৈধ দখলদারের সংখ্যা প্রায় ২৩৫জন এবং দেবীদ্বার উপজেলায় প্রায় ১১৬জন। তিনি বলেন, “রাজনৈতিক পরিচয়ে বালু উত্তোলনসহ মাটি কেটে বিক্রি করছেন প্রভাবশালীরা। তাই অনেক সময় আমাদের পক্ষে বাঁধা দেওয়া সম্ভব হয়ে উঠে না।”

বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের জমির মালিক রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বলেন, এখানে মাটি কাটার সাথে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে। প্রথমত: জমির মাটিগুলো এমন গভীরভাবে খনন করা হয়, যাতে পাশের জমিটি বর্ষায় নদীতে ভেঙে পড়ার জোরালা সম্ভাবনা থাকে। এ কারণে বাধ্য হয়ে জমির মালিকরা ইটভাটার কাছে মাটি বিক্রি করে দিচ্ছেন। দ্বিতীয়ত: হলো বেশি মুনাফা। এ পাড়ের জমির মাটি বিক্রি করলে তা খুব সহজে নদীতে মিশে যায়। দেখা গেলো এ পাড়ের জমিটি নদীতে মিশে যাওয়ার কারণে ওই পাড়ে একই কৃষক আরও তিনগুণ বেশি জায়গার মালিক হয়ে যায়। প্রতিবছরই জমির দাম বাড়তে থাকে ফলে পরের বছর বেশি লাভের আশায় আবার মাটি বিক্রি করছে ভূমি মালিকরা। এভাবে মাটি বিক্রি চলতেই থাকে।

ফসলের সঙ্গে জীবিকা উদ্বাস্ত :
কুমিল্লার দুঃখ বলে খ্যাত গোমতি নদীটি ১৯৬৭সালে গতি পরিবর্তনের ফলে নদী থেকে প্রায় ৩০ ফুট উচুঁতে জেগে ওঠা চরগুলোতে প্রতি শীত মৌসুমে লালশাক, ফুলকপি, বাঁধাকপি, লাউ, সীম-কলা ও গোল আলু, মিষ্টি আলু, কাচা মরিচ, ধনে পাতা, শস্য, খিরা আখসহ বিভিন্ন কৃষিপন্য চাষে ভাগ্য বদল হয়েছে এ অঞ্চলের অনেক কৃষকের। তারা এ চর থেকে এক ফসল ঘরে তুলেই ব্যস্ত থাকতে হতো আরেকটি ফসল রোপনের। এখন আর এ নদীকে কেন্দ্র করে কৃষকের ভাগ্য বদলের অর্থনীতির চাকা তেমন ঘুরছে না। গত ১০বছর যাবত নদীর মাটি দখল করে ভূমি খেকোরা থামিয়ে দিয়েছে সে চাকা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে বহুবার গিয়েছেন রঞ্জিত দাস। তার পিতামহের নামে গোমতিপাড়ে ৩৩নং দাগের জমিটির ব্যাপারে। অফিসের কর্মচারীরা এই নামে এই দাগের কোনো জমির হদিশ দিতে পারেনি কেউ। অথচ দলিল মজুদ রয়েছে তার কাছে। হতাশ হয়ে ফিরেছে রঞ্জিত দাস। শিমপুরে পৈতৃকভিটায় রঞ্জিতরা থাকতেন আর পাড়ের ১১ শতক জমিতে বাপ-দাদারা ফসল ফলিয়ে জীবিকা উর্পাজন করতেন। খাস জমির নাম করে একদল ভূমিদস্যু তার জমিতে মাটি কাটার মেশিন চালিয়ে মাটি উজার করে নিয়ে গেছে। গত চারবছরে মাটি নিতে নিতে ফসলি জমির অবস্থা হয়েছে জলাভূমি। রঞ্জিত দাসকে হুশিয়ারি করা হয়েছে ভুলক্রমে না যেতে। এলাকার মেম্বার ও চেয়ারম্যান রীতিমতো ভূমিদস্যুদের দোসর। ক্ষমতাশীল আস্থাভাজন জয়নাল আবেদিন বলেন,“এটা আমার পৈতৃক সম্পত্তি তাদের পূর্বপুরুষের ভূমি বলতে কিছুই নেই এখানে।” শিমপুর গ্রামের সবচেয়ে পুরনো কৃষি গেরস্থালী রঞ্জিতের পরস্পরম্পার রংশধররা। বেঁচে থাকার তাগিদে গোমতিপাড়ের বানাসুয়া বাজারে হাসঁমুরগী বিক্রি করে। দিন শেষে বাড়ি ফেরার পথে দখল হয়ে যাওয়া মাটি উজার করা জমির বুকটা যেনো রঞ্জিতের চোখের জলে ভরাট হতে চায়।

বুড়িচং উপজেলার গোবিন্দপুর সমবায় সমিতির সাধারন সম্পাদক আবদুল খালেক বলেন, নদী তীরবর্তী ২০ হাজার কৃষকের আয়-রোজগারের উৎস ছিল গোমতী চরের শাকসবজি। প্রায় একলাখ মানুষের ভরণপোষণ চলত চরের জমিতে চাষবাদ করে। কোনোপ্রকার ওষুধ, কীটনাশক ও সার ছাড়া বছরে ২০কোটি টাকার শাকসবজি উৎপাদন হতো চরের জমিতে। এছাড়া অত্র এলাকার বেড়িবাঁধে প্রচুর কাঁঠাল ফলন হতো। আম, জাম, কলা, পেঁপে ও তালের সমাহার ছিল বাঁধ জুড়ে। মাটির উর্বরতা শক্তি নষ্ট হওয়ায় এ চরে বর্তমানে বছরে মাত্র দুই কোটি টাকার শাকসবজি উৎপাদন হচ্ছে। ফল আগের চেয়ে কম ধরছে। ফলের আকার ও গুণাগুণ নষ্ট হয়ে গেছে। শাকসবজি উৎপাদন করতে ব্যাপকহারে কীটনাশক ও সার ব্যবহার করতে হচ্ছে কৃষকদের।”
দেবীদ্বার উপজেলার কৃষক কামাল হোসেন বলেন, “গত পাঁচ বছর যাবত অটোরিকশা চালাই এবং চাষে ফলন ভালো হয়না। প্রশাসনের লোকজন এসে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ বন্ধ থাকে । তারা চলে গেলে আবার শুরু হয় মাটি কাটা।”

পরিবেশগত সংঘাত সৃষ্টি:
অপরিকল্পিতভাবে মাটি কেটে নেয়ার ফলে নদীর পাড়ের গাছপালা উজার হচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশ। রাতদিন মাটিবাহী ট্রাকের দাপটে অতিষ্ঠ নদীর দু‘পাড়ের বাসিন্দারা। নদী পাড় এলাকার ভুক্তভোগী শাহ আলম, আবদুল করিম চরের কৃষক আবুল মিয়া ও ময়নাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ট্রাক্টরের বালুতে বাড়িঘর অন্ধকার হয়ে যায়।”

এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি বলেন,“ গোমতি নদীর মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের কারণে ধূলাবালিতে ক্ষতিগ্রস্থ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ যাবত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা অবশ্য ব্যবস্থা গ্রহন করবো।”

এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাঈদ বলেন,“ বর্তমানে যারা বালু তুলছে তারা সবাই অবৈধভাবে দখল ও বালু তোলার নামে অসহায় কৃষকের ফসলী জমি জোর করে কেটে নিয়ে যাচ্ছে । গত তিন মাসে বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত শতাধিক অভিযান পরিচালিত হয়েছে মোট ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১৫জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত সকল যানবাহন রাষ্ট্র্যের অনুকূলে বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করা হবে।”

দেবীদ্বার উপজেলার এসি ল্যান্ড মো: গিয়াসউদ্দিন আহমেদ জানান, “গোমতি নদীর বালু মহাল জলমহাল ইজারা ও রাজস্ব আদায়সহ বালু ব্যবস্থাপনা আইন ২০১০ মোবাইল কোর্ট কার্যকরের মাধ্যমে তত্ত্বাবধান করেন জেলা প্রশাসন আর পানি উন্নয়ন বোর্ড নদীর গতিপথ ও বাঁধসহ আনুষাঙ্গিক রক্ষণাবেক্ষন করেন। সর্বপরি চরের অনন্ত ৬০ হাজার কৃষকের পরিবেশ, সামাজিক এবং বাস্তুসংস্থানগত সমস্যা রোধ জরুরি।”

স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল লতিফ বলেন,“ গোমতি নদীর বিভিন্ন অংশের বালু মহাল জেলা প্রশাসন ইজারা দিয়ে থাকেন কোন কোন শর্তে ইজারা দেয়া হয়েছে সেটা আমাদের জানা নেই তবে বছরে শুস্ক মৌসুমের প্রায় চারমাস যে পরিমান মাটি কাটা হয় বৃষ্টির মৌসুমে পলি জমে তার সিকি ভাগও পূরণ হয়না। ফলে ধীরে ধীরে নদীর প্রশস্ততা বেড়ে বাঁধও হুমকির মুখে পড়ছে।”

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ বলেন,“বছরের পর বছর এই বাণিজ্য চলছে। নদী দখল, নদী ভরাট এই দুটি একই সূত্রে গাথাঁ। নদীর চর অবৈধ দখল রোধ করা যেমন সময়ের দাবী তেমনি ভুয়া দলিল দস্তাবেজের মাধ্যমে যে সকল ভূমি দস্যু ক্ষমতার অপপ্রয়োগ করেন। তাদের চিহিৃত করে শাস্তির আওতায় আনাও সময়ের দাবি।”

 

বুড়িচংয়ে অসহায় হিন্দু পরিবারের মাঝে কুটির শিল্পের কাজের জন্য বাঁশ বিতরণ

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামে সাদা মনের মানুষ নামে একটি সংগঠনের উদ্যোগে গ্রামের অসহায় অসচ্ছল হিন্দু পরিবারের মাঝে কুটির শিল্পের কাজের জন্য বাঁশ বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারী) বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের ইউনাইটেড ষোলনল সাদা মনের মানুষ নামে একটি সংগঠনের উদ্যােগে আগানগর গ্রামের ২০টি অসচ্ছল অসহায় হিন্দু পরিবারের মাঝে কুটির শিল্প কাজের জন্য বাঁশ বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবলীগের নেতা, সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ মোবারক হোসেন খন্দকার, ইউনাইটেড ষোলনল সাদা মনের মানুষ পরিবারের সকল সদস্যবৃন্দ।

দুর্ঘটনার কবলে কুবির মাইক্রোবাস, নিহত ১

 

শাহাদাত বিপ্লব, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিতে থাকা একজন নিহত এবং চালকসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাইতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা-চ ৫১০০৮৩ নম্বরের মাইক্রোবাসটি কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে বুড়িচং উপজেলার কোরপাই নামক স্থানে সামনের একটি চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ছিটকে পড়ে গুরতর আহত হলে তাদের ইস্টার্ন মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎসক আহম আলী নামের একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত আহম আলী জেলার চান্দিনা উপজেলার মহরমপুর গ্রামের বাসিন্দা। মাইক্রোবাস চালক সাইফুল এবং সিএনজি চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন বলেন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস ঢাকায় যাচ্ছিলো, এ সময় মাইক্রোবাসটির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। এঘটনায় হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য সংস্কারের জন্য একজন বিশেষজ্ঞকে আনার জন্য মাইক্রোবাসটি ঢাকা যাচ্ছিল। এমন সময় দুর্ঘটনা ঘটে। আমরা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেছি। উভয় পক্ষ বসে একটা সমাধান করা হবে।’

দাউদকান্দিতে মাইক্রোবাসে করে মাদক পরিবহনকালে আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাইক্রোবাসে করে ফেন্সিডিল পরিবহনকালে ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ২য় গোমতি সেতুর টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক থেকে ৬৮২ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালি থানাধীন সুবর্ণপুর গ্রামের মোঃ শাহজাহান ভূইয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন ভূইয়া উরফেসবুজ (২৫) ও কুমিল্লার বুড়িচং উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ লোকমান হোসেন (৩২)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ওমানে বুড়িচংয়ের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার : পরিবারের দাবী অর্থের জন্য হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ওমান পুলিশ। প্রায় ৮ বছর যাবত ওমানে একটি কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করে সে।

নিহত যুবক কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামের ফরিদ মিয়ার ছেলে দুলাল (৩৭)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুলাল গত ৮ বছরেও বাংলাদেশে আসেনি।দেশের বাড়ির লোকজনের পারিবারিক অবস্থা সচ্ছল থাকার কারণে কেবল ঈদের সময় বাড়িতে কিছু টাকা পাঠাত।আর রোজগারের সব টাকাই সেখানে জমা করতো। নতুন বছরের জানুয়ারি মাসেই একেবারে দেশে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিল।কিন্তু দেশে আর ফেরা হলোনা তার।

গত ৮ নভেম্বর ওমানের ইবরাতে তার কক্ষের বাইরে একটি জানালার পাইপে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো এবং মাটিতে দুই পা স্পর্শ করা অবস্থায় দুলালের মৃতদেহ উদ্ধার করে ওমান পুলিশ। ছবিতে দেখা গেছে, দুলাল যেন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার এক পায়ে জুতা রয়েছে, আরেকটি জুতা একটু সামনে উল্টে পড়ে আছে। দুলালের এ ছবি কেউ দেখলে কোনভাবেই বিশ্বাস করবে না, এটা আত্মহত্যা! যেমনি বিশ্বাস করছেন না, তার পরিবার। তাদের দাবী তার দীর্ঘদিনের উপার্জিত ও সঞ্চিত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে দুলালকে কেউ হত্যা করে সহজেই তার কক্ষের পাশে সাধারণভাবে ঝুলিয়ে রেখেছে। দুলালের বাবা-মা, ভাইসহ পরিবারের সবাই দুলালের মৃত্যর সঠিক কারণ উদঘাটনের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন।

নিহত দুলালের পরিবার জানায়, ২০১২ সালের শেষ দিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে যায়। সেখানে আল মোবারক নামের একটি কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করতো। কোম্পানীটি ওমানের সালালা শহরে অবস্থিত। তবে কোম্পানীর শ্রমিকরা থাকতো ইবরা নামের অন্য একটি শহরে। সেখানে একটি কক্ষে দুলালসহ ৮জন বাঙালি বসবাস করতো। কাজের প্রয়োজনে কোম্পানী তাদের পুরো ওমানের বিভিন্ন শহরে পাঠাতো।

সাম্প্রতিক সময়ে করোনার প্রভাবে তারা ৮ জন অনেকটা আইসোলেশনের মতোই কক্ষে থাকতো। দুলালের সহকর্মী কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি এলাকার আবুল কালাম মোবাইল ফোনে জানায়, প্রতিদিনের মতো গত ৮ নভেম্বর ওমানের স্থানীয় সময় দুপুর ১টায় সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বেশ কিছুু সময় পরে পাশের কক্ষের এক নাইজেরিয়ান শ্রমিকের চিৎকারে সবাই বাইরে গিয়ে দেখে দুলালের লাশ কক্ষের বাইরের জানালার পাইপের সাথে গামছা দিয়ে ঝুলানো। তবে তার দুই পা মাটিতে লাগানো ছিল।

ঘটনাটি কোম্পানীর লোক মারফত পুলিশ খবর পেয়ে ৫/১০মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে এবং লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর পুলিশ দুলালের কক্ষের বাকী ৭ জন বাংলাদেশী ও পাশের একটি কক্ষের ৪ পাকিস্তানি শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে। একই সময় প্রথম দেখা নাইজেরিয়ান ও কোম্পানীর একজন সুপারভাইজারকে থানায় নিয়ে গিয়ে আঙ্গুলের ছাপ,স্বাক্ষর ও আকামা জব্দ রেখে ছেড়ে দেয়। দুলালের সাথে কারো কোন ঝগড়া, লেনদেন বা শত্রুতাও ছিলনা বলে ফোনে জানায় দুলালের সহকর্র্মী আবুল কালাম।

নিহত দুলালের বড় ভাই আওয়াল হোসেন জানান, ঘটনার পর সে দুলালের কোম্পানীর মালিকের সাথে মোবাইলে কথা বলেছেন। ওই মালিক জানিয়েছেন,পুলিশ তাকে (কোম্পানীর মালিক) জানিয়েছে দুলাল আত্মহত্যা করেছে। তবে কেন সে আত্মহত্যা করেছে সেটা সে জানেন না। মালিক আরো বলেছেন,যত দ্রুত সম্ভব দুলালের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবেন।

দুলালের বড় ভাই আওয়ালসহ তার বাবা ফরিদ মিয়ার দাবী, অর্থের লোভেই দুলালকে কেউ হত্যা করতে পারে। যেভাবে লাশের পা মাটিতে লেগে আছে তাতে একটি মানুষ ফাঁসিতে না ঝুলে মরতে পারেনা। কেউ তাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে।

নিহত দুলালের পরিবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে ওমানের বাংলাদেশী দুতাবাসের সহযোগিতায় সুষ্ঠু তদন্তপূর্বক দুলালের মৃত্যু রহস্য উদঘাটনের দাবী এবং দ্রুত দুলালের লাশ দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় শাড়ি পাচারকালে আটক ৭ জন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি পাচারকালে হাতেনাতে ৭ জন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে ব্যাটারী চালিত অটোরিক্সায় করে ভারতীয় শাড়ি পাচার করার সময় উপজেলার ছয়গ্রাম বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি ব্যাটারী চালিত অটোরিক্সাও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মোঃ আজাদ মিয়ার ছেলে মোঃ সাকিল (২২), লরীবাগ গ্রামের মোঃ ওয়াসেদ মিয়ার ছেলে পারভেজ আলম (২৬), একই গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে মোঃ খলিল মিয়া (২৮), ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর (টাকই) গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ মিরাজ (১৯)।

এছাড়াও সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার উপজেলার দক্ষিণ কলাহুরা গ্রামের শাহজাহানের ছেলে মোঃ বিল্লাল হোসেন (১৯) এবং নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের মোঃ রোজআলী মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (১৯)।

এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

 

কুমিল্লার বুড়িচংয়ে মোটরসাইকেল দুঘর্টনায় দুই ছাত্রলীগ নেতা নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় মোটরসাইকেল দুঘর্টনায় প্রাণ গেল সজল ও সোহাগ নামের দুই যুবকের।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়া তারা দুইজন হেল্প ফর হিউম্যান কুমিল্লা মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

বিস্তারিত আসছে——–