Tag Archives: ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক পানে এক তরুণের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক পানে এক তরুণের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা বসে না থেকে কাজ করে খেতে বলায় অভিমানে আত্মহত্যা করেছেন শান্ত মিয়া (১৮) নামের এক তরুণ।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শান্ত মিয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার পশ্চিম পাড়ার শাহ আলমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শান্তকে বসে না থেকে কাজ করে পরিবারের দায়িত্ব নিতে বলে তার বাবা বকা দেন। এতে শান্ত অভিমান করে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুদিন চিকিৎসার পর আজ শান্ত মারা যান।

ওসি আসলাম হোসাইন জানান, স্বজনরা থানায় এসেছেন। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত বীর মুক্তিযোদ্ধা

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত বীর মুক্তিযোদ্ধা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাসের ধাক্কায় সৈয়দ শফিকুর রহমান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা শরীফপুর এলাকার বাসিন্দা।
সরাইল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানায়, নিহত শফিক জেলা শহর থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে তার ছেলের দোকানে যাচ্ছিলেন। পথে বিশ্বরোড মোড়ে নেমে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় কুট্টাপাড়ায় সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া জেলায় গাড়ি চাপায় মিজানুর রহমান (২৭) নামের এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উজানিসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মিজান জেলার নাসিরনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সাদু মিয়ার ছেলে। এই ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সারোয়ার হোসেন বলেন, আখাউড়া উপজেলার ধরখার থেকে একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সদরের উদ্দেশে ছেড়ে আসে। পথে উজাননিসার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান।

তিনি আরও বলেন, এ সময় স্থানীয়রা অটোরিকশার চালকসহ আহত আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে কোন গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া মেয়ের বাড়ি যাওয়ার পথে নিহত মা

ব্রাহ্মণবাড়িয়া মেয়ের বাড়ি যাওয়ার পথে নিহত মা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় রিপা বেগম (৫০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপা বেগমের দুই ছেলে আকছির (১৯) ও আপন (১৫) আহত হয়েছেন। এরমধ্যে আকছিরের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সড়কের সুলতানপুর যুব উন্নয়ন অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপা বেগম সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিনপাড়ার মাহফুজ মিয়ার স্ত্রী।

নিহতের ছেলে আহত আপন জানায়, মায়ের সঙ্গে বোনের শ্বশুরবাড়ি সদর উপজেলার চিনাইরে যাচ্ছিলেন তারা দুই ভাই। তারা কাউতুলী থেকে সিএনজিতে ওঠেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সড়কে সুলতানপুরে যুব উন্নয়ন অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা রিপা বেগম নিহত হন। আহত অবস্থায় তাদের দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে রাখা আছে।

৩ বছর পর কসবা সীমান্তহাট চালুর উদ্যোগ, পর্যবেক্ষণে দুই দেশের প্রকৌশলী দল

 

ডেস্ক রিপোর্টঃ

৩ বছরের বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সংস্কার কাজের জন্য ভারত-বাংলাদেশের যৌথ প্রকৌশলী দল হাটটি পরিদর্শন করেছে।

এসময় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্বে ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আমিনুল এহসান খান। আর ভারতীয় তিন সদস্যের ইঞ্জিনিয়ারিং টিমের নেতৃত্ব দেন অনুরাগ সেন।

এর আগে ২০২০ সালের মার্চ থেকে করোনা মহামারির কারণে অনির্দিষ্টকালের জন্য কসবা সীমান্ত হাটের কার্যক্রম বন্ধ করে দেয় দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটি। সম্প্রতি হাটটি খোলার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় হাটের ভেতরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কারের জন্য প্রাক্কলন করতে দুদেশের ইঞ্জিনিয়ারিং টিম হাট পরিদর্শন করে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান জানান, সপ্তাহের মধ্যে হাটের ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে প্রাক্কলন করা হবে। এরপর সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে হাটটি উন্মুক্ত করে দেওয়া হবে ক্রেতা-বিক্রেতাদের জন্য।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীর থেকে মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীর থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় সুমন সাহা (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) সকালে জেলা শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন শহরের কালাশ্রীপাড়া এলাকার অশোক সাহার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়েছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মরদেহটি নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলানো ছিল। ওই ব্যক্তির শরীরে থাকা গেঞ্জিতে লেখা ছিল ‘বাবার হক আমি পাইলাম না, আমার মেয়েরা যেন সেই হক পায়’।

ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় পুলিশের পৃথক মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা করেছে পুলিশ। বিস্ফোরণ ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে সদর মডেল থানার দুই এসআই বাদী হয়ে মামলাগুলো করেন।

জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার বিকালে জেলা শহরের টিএ রোড ও পাওয়ার হাউস রোডে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। মিছিল শেষে তারা কান্দিপাড়ায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহীনুর রহমান ও কৃষক দলের যুগ্ম আহবায়ক কাউসারের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়।

শনিবার রাতে শহরের কান্দিপাড়ায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটির নেতারা পাল্টা হামলার প্রস্তুতি নেয়। এই খবরে পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা উল্টো তাদের ওপর হামলা করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে মামলা করে।

সোমবার (১২ জুন) সকালে শহরের লোকনাথ দিঘীর মাঠ থেকে নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় একপক্ষ আনন্দ মিছিল বের করার ঘোষণা দেয়। একই সময় ও স্থানে আওয়ামী সরকারের দুর্নীতি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা। এমন পরিস্থিতিতে নতুন কমিটি তাদের কর্মসূচির স্থান পরিবর্তন করে শহরতলীর বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় আয়োজন করে। সকাল থেকে নেতা-কর্মীরা মিছিলে অংশ নিতে বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। এই খবরে পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় হামলা করে। এ সময় প্রায় অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ হয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছুড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুটি মামলার একটিতে ৪৯ জনের নাম উল্লেখস আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। অপর মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিলে পদবঞ্চিতরা হামলা করে। পরে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। পরে অনেকটা আকস্মিকভাবে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে সদ্য সাবেক আহ্বায়ক ফাজিল চৌধুরীর অনুসারীরা ও পদবঞ্চিতরা কমিটি মেনে নিতে পারেননি। কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। শুক্র ও শনিবার এ ঘটনায় নতুন কমিটির আহ্বায়ক শাহীনুর রহমান ও কৃষক দলের আহ্বায়ক ভিপি শামিমসহ কয়েকজন নেতার বাড়িতে পদবঞ্চিতরা হামলা ও ভাঙচুর চালান।

সোমবার লোকনাথ ট্যাংক এলাকায় দুই গ্রুপ আলাদা কর্মসূচির ডাক দেয়। এতে কোনো পক্ষই পুলিশের অনুমতি পায়নি। তাই নতুন আহ্বায়ক কমিটি স্থান পরিবর্তন করে নেতৃবৃন্দদের নিয়ে আনন্দ মিছিল করার জন্য বিরাসার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। এ ঘটনার খবর পেয়ে সদ্য সাবেক কমিটির আহ্বায়ক ফাজিল চৌধুরী ও পদবঞ্চিতরা একই স্থানে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও লাঠিপেটা করে ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে বেশ কয়েক দিন ধরে একে অপরের ওপর হামলা চালাচ্ছে। শহরের পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে গত দুই দিনে ছাত্রদলের সাতজনকে আটক করা হয়েছে। তবে আজকের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটিতে পদ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১০টার দিকে জেলা শহরের কান্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানায়, গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। কমিটিতে শাহিনুর রহমানকে আহবায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্যসচিব করা হয়। কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ ফেটে পড়েন।

এর প্রতিক্রিয়ায় পরদিন শুক্রবার পদঞ্চিতরা বিক্ষোভ ও নেতাদের বাড়িতে হামলা চালায়। সে সময় কৃষকদলের আহ্বায়ক ভিপি শামীম ও নতুন কমিটির আহ্বায়ক শাহিনুর রহমানসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ ২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ মে) দিবাগত গভীর রাতে উপজেলা সদরের দশদোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আইয়ূবপুর গ্রামের মৃত জিলানীর ছেলে মো. নূরে আলম (৩২) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দামদরোদী গ্রামের নিরঞ্জন দাসের ছেলে রনি দাস (২৪)।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম জানান, দশদোনা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চালক নূরে আলম নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রনিকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই মারা যান নূরে আলম। অপরদিকে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় মারা যান আহত রনি।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।