Tag Archives: মেঘনা নদী

মেঘনা নদীতে

মেঘনা নদীতে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার ৪ দিন পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের আবু তাহেরের ছেলে মো. হকসাব (৩৪) ও তার বড় ভাই মো. এরশাদ (৩৬)। তারা পেশায় জেলে ছিলেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল এবং দুপুরের দিকে নিমতলী এলাকার মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিখোঁজ জেলেদের খোঁজে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে টহল দেওয়ার সময় হকসাবের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে মরদেহটি উদ্ধার করে আমতলী ঘাটে নিয়ে আসা হয়। গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে রহিম মাঝির ট্রলারটি ডুবে গেলে হকসাবসহ ১৬ জন জেলে নিখোঁজ হন। দুপুরের দিকে স্থানীয়রা তার বড় ভাই এরশাদের মরদেহও উদ্ধার করেন।

এর আগে রোববার সকালে স্থানীয় জেলেরা ১০ জনকে জীবিত উদ্ধার করে, এবং অন্য একটি ট্রলার আরও দুইজনকে উদ্ধার করে। এখনো রহিম মাঝির ট্রলারের দু’জন নিখোঁজ রয়েছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা বলেন, বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের দাফন সম্পন্ন হয়েছে, আরেকজনের দাফনের প্রস্তুতি চলছে।

নোয়াখালীতে মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ১, উদ্ধার ৬

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালী হাতিয়ায় বালুবাহী বলগেটের ধাক্কায় মাছধরা নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৬ জেলে জীবিত উদ্ধার হলেও মৃদুল চন্দ্র দাস (২৫) নামে এক জেলে নিখোঁজ হন।

গতকাল রবিবার রাতে উপজেলার নলচিরা ঘাটের পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মৃদুল নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রামের হরি বন্দু দাসের ছেলে।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানান, গতকাল রাতে তারা ‘বেহুন্দি জাল’ বসানোর জন্য নদীতে অবস্থান করছিল। তখন পশ্চিম দিক থেকে আসা একটি বলগেট তাদের নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে যায়।

নৌকায় থাকা ৭ মাঝি মাল্লার মধ্যে ৬ জন সাঁতারে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। রাতের অন্ধকারে তাকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, নিখোঁজে জেলের খোঁজে সকাল থেকে স্বজনরা নদীতে তল্লাশি করছে। নৌপুলিশের একটি টিম নদীতে অবস্থান করছে।

এ বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত কুমার সাহা বলেন, ‘নিখোঁজ জেলের সন্ধানে কাজ করছে নৌপুলিশের একটি টিম। নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। ইতোমধ্যে ধাক্কা দেওয়া বলগেটটি শনাক্ত করা হয়েছে। নিখোঁজ জেলের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদপুরে ৩০ মণ পাঙাশের পোনা জব্দ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার ও লালপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১ হাজার ২০০ কেজি (৩০ মণ) পাঙাশ মাছের পোনা ও তিনটি মাছ ধরার ফাঁদ (চাঁই) জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনে বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে আনন্দবাজার ও লালপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ আনুমানিক ১ হাজার ২০০ কেজি পাঙাশের পোনা ও ৩টি পাঙাশ মাছের পোনা ধরার ফাঁদ (চাই) জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাঙাশের পোনা ধরার সঙ্গে জড়িত ব্যক্তিরা নদীর পাড়ে নৌকা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা পাঙাশের পোনা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় এবং চাঁইগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১৩ থেকে কোস্টগার্ড ১৫ মণ জাটকা জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যবৃন্দ। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বলেন, জাটকা নিধন রোধে কোস্টগার্ড গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আনুমানিক ১৫ মন (৬০০ কেজি) জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদের উপস্থিতিতে এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।