Tag Archives: যুক্তরাষ্ট্র

ভয় দেখিয়ে লাভ নেই, নৌকা সারাজীবন উজান ঠেলে ঠেলে এগিয়ে গেছে: শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপিসহ বিরোধী দলের চলমান আন্দোলন এবং বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থানের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই। নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলে এগিয়ে গেছে।’

আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প (কাওলা-ফার্মগেট) অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে আন্দোলন-সংগ্রাম দেখে অনেকে একটু ঘাবড়ে যায়। তারপর নিষেধাজ্ঞা আসে। ভিসা নিষেধাজ্ঞা, ইত্যাদি ইত্যাদি। আমার স্পষ্ট কথা। এই মাটি আমাদের। কাজেই ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে। তবে বাংলাদেশ তো ছয় ঋতুর দেশ। এ জন্য আমরা দেখি কখনো বর্ষা, কখনো ঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো রৌদ্রোজ্জ্বল। আমরা বিভিন্ন সময় বিভিন্নটা দেখে আমাদের অভিজ্ঞতা আছে।’

উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদের বলতে চাই—আমি কবির ভাষায় বলব, মেঘ দেখে কেউ করিসনে ভয়/আড়ালে তার সূর্য হাসে/হারা শশীর হারা হাসি/অন্ধকারেই ফিরে আসে। মেঘের ঘনঘটা আমরা দেখি। তারপর ওই তো সূর্য ওঠে। কাজেই ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলে এগিয়ে গেছে। ঝড়ঝঞ্ঝা পাড়ি দিয়েই নৌকা আজকে তীরে ঠেকে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নৌকা মার্কা স্বাধীনতা দিয়েছে। নৌকা মার্কা অর্থনৈতিক উন্নতি দিয়েছে। নৌকা মার্কা ডিজিটাল বাংলাদেশ দিয়েছে। নৌকা মার্কাই স্মার্ট বাংলাদেশ আমাদের দেবে।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘অনেকেই নাকি গণতন্ত্র চোখে দেখে না। আর গণতন্ত্র উদ্ধার করবেন। যাদের জন্মই হচ্ছে অগণতান্ত্রিকভাবে, সংবিধান লঙ্ঘন করে, উচ্চ আদালত যাদের ক্ষমতা দখল অবৈধ ঘোষণা করেছে—তাদের হাতে গড়া দল কী গণতন্ত্র দেবে? তারা তো গণতন্ত্র দিতে জানে না। তারপরও তারা আন্দোলনের নামে অনেক সময় অনেক কথা বলে।’

সুধী সমাবেশে উপস্থিত সবার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে বলব আত্মবিশ্বাস রেখে জনগণের জন্য কাজ করলে জনগণের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। আমরা তা প্রমাণ করেছি। তার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। অগ্নি-সন্ত্রাস, খুন, হত্যা অনেক কিছু আমরা দেখেছি। কিন্তু সেইগুলি উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি সরকারি চাকরিজীবীরা পেনশন পায়, সাধারণ মানুষ অবসর ভাতা পায় না। তারা যখন বয়স্ক হয়ে যাবে, কর্মক্ষমহীন হয়ে যাবে, তখন তারা যাতে পেনশন পায় সেই জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছি। ১৮ বছরের পর থেকে এ স্কিমে যোগ দিতে পারে, ৪০ বছর পরে থেকে সেই টাকা তুলতে পারবেন। ভবিষ্যৎ আর অন্ধকারে থাকবে না। শুধু বর্তমানের উন্নয়ন না, ভবিষ্যৎ যাতে আলোক উজ্জ্বল হয় তার জন্য পেনশন স্কিম চালু করে দিয়েছি। যা আমাদের নির্বাচনী ওয়াদা ছিল। সেই ওয়াদা রক্ষা করতে পেরেছি।’

গণতান্ত্রিক স্থিতিশীলতায় দেশের এই উন্নয়ন উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আজকে বাংলাদেশের উন্নয়ন কেন হয়েছে। একটাই কারণ, ২০০৯ সাল থেকে গণতন্ত্র ও ভোটের অধিকার আমরা নিশ্চিত করে জনগণের ভোটে ক্ষমতায় এসে একটি গণতান্ত্রিক স্থিতিশীলতার পরিবেশ রাখতে পেরেছি। তার কারণেই আজকে বাংলাদেশের উন্নয়ন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রমুখ।

৩০ মিনিটের কারাবরণ শেষে জামিনে মুক্ত ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর দুই লাখ ডলারের বন্ডের বিনিময়ে জামিন দেয়া হয়েছে। তার আগে জর্জিয়ার আটলান্টায় অবস্থিত ফুলটন কাউন্টি জেলে আধা ঘন্টার কিছু সময় তাকে কারাবাস করতে হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে একটি গাড়িবহর যাত্রা করে বিমানবন্দরের উদ্দেশে। এ খবর দিয়েছে এএফপি ।

অন্য আসামীদের মতো ৭৭ বছর বয়সী ট্রাম্প স্বল্প সময়ের জন্য আত্মসমর্পণ করেন আদালতে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্ষমতাসীন বা সাবেক প্রেসিডেন্টের মধ্যে তার ক্ষেত্রেই প্রথম এমন ঘটনা ঘটলো।

আদালতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তার ছবি তোলা হয়। সেই ছবি প্রকাশ করেছে শেরিফ অফিস। এতে দেখায় যায় ট্রাম্প একটি গাঢ় নীল রঙের স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরেছেন। তাকে গ্রেপ্তারের পর সাংবদিকদের সঙ্গে কথা বলেছেন।

তিনি বলেছেন, এটা হলো আমেরিকার জন্য খুবই বেদনার দিন। এখানে যা ঘটেছে তা হলো ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা। আমি কোনো অন্যায় করিনি।

যুক্তরাষ্ট্রের শপিংমলে বন্দুকধারীর হামলায় নিহত ৯

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। টেক্সাসের ডালাসের উত্তরাঞ্চলের একটি শপিংমলে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির ইমার্জেন্সি সার্ভিস। খবর বিবিসির।

অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিংমল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, এক বন্দুকধারী শপিংমলের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

এদিকে ওই হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ বলছে, একজন ব্যক্তিই বন্দুক নিয়ে হামলা চালিয়েছে।

ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ওই হামলায় কমপক্ষে ৭ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্দুক হামলাকে ‌‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

ফনটাইন পেটন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, শপিংমলে তার কানে হেডফোন থাকার পরেও তিনি গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।

তিনি বলেন, লোকজন যখন শপিংমল থেকে বের হয়ে যাচ্ছিল তখন তারা বাইরে বেশ কয়েকজনের মরদেহ দেখতে পান। তিনি বলেন, আমি প্রার্থনা করছিলাম যেন এর মধ্যে কোনো শিশু না থাকে। কিন্তু বেশ কয়েকজন শিশুও নিহত হয়েছে বলে মনে হচ্ছে।

গান ভায়োলেন্স আর্কাইভ বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৯৮টি গোলাগুলির ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহের শুরুতে টেক্সাস পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি নয় বছর বয়সী এক শিশুসহ তার পাঁচ প্রতিবেশীকে গুলি করে হত্যা করে।

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে তা নির্ধারণ করবে জনগণ।’

সোমবার (১ মে) মার্কিন পররাষ্ট্র দফতরের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে উল্লেখ করে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয়। তবে নির্বাচনে জনমতের প্রতিফলন দেখতে চায় তারা।

প্যাটেল বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, যেখানে বাংলাদেশি জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং সেই সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে ওয়াশিংটন আরও মনোযোগী।

তিনি আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। জলবায়ু বলেন, অর্থনীতি বলেন ও মানবিক সহায়তা বলেন প্রভৃতি ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে দুই দেশ।

যাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে মেসিদের

 

স্পোর্টস ডেস্কঃ

দরজায় কড়া নাড়ছে আগামী বিশ্বকাপের বাছাই পর্ব। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই মাঠে গড়াবে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার যাত্রা শুরু করবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে নামার আগে জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যদিও প্রতিপক্ষ কারা এখনো ঠিক হয়নি। খবর টিওয়াইসি স্পোর্টস

বাছাইপর্বে চলতি বছরই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২১ সালের পর কোপা আমেরিকার ফাইনালের পর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।

২০২৬ বিশ্বকাপে ৪৮ দল অংশ নেয়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টি দল বিশ্বকাপে সুযোগ পেত আর পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হতো।

বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৩ সালের ম্যাচ (লাতিন আমেরিকা)

সেপ্টেম্বর, ২০২৩
(প্রথম রাউন্ড)

উরুগুয়ে–চিলি
কলম্বিয়া–ভেনিজুয়েলা
ব্রাজিল–বলিভিয়া
প্যারাগুয়ে–চিলি
আর্জেন্টিনা–ইকুয়েডর

(দ্বিতীয় রাউন্ড)
পেরু–ব্রাজিল
ভেনিজুয়েলা–প্যারাগুয়ে
বলিভিয়া–আর্জেন্টিনা
চিলি–কলম্বিয়া

অক্টোবর, ২০২৩
(তৃতীয় রাউন্ড)

কলম্বিয়া–উরগুয়ে
ব্রাজিল–ভেনিজুয়েলা
বলিভিয়া–ইকুয়েডর
আর্জেন্টিনা–প্যারাগুয়ে
চিলি–পেরু

(চতুর্থ রাউন্ড)
উরুগুয়ে–ব্রাজিল
পেরু–আর্জেন্টিনা
ভেনিজুয়েলা–চিলি
ইকুয়েডর–কলম্বিয়া
প্যারাগুয়ে–বলিভিয়া

নভেম্বর, ২০২৩
(পঞ্চম রাউন্ড)

কলম্বিয়া–ব্রাজিল
ভেনিজুয়েলা–ইকুয়েডর
বলিভিয়া–পেরু
আর্জেন্টিনা–উরুগুয়ে
চিলি–প্যারাগুয়ে

(ষষ্ঠ রাউন্ড)
উরুগুয়ে–বলিভিয়া
পেরু–ভেনিজুয়েলা
ব্রাজিল–আর্জেন্টিনা
প্যারাগুয়ে–কলম্বিয়া
ইকুয়েডর–চিলি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভন্ডদের আখড়া: সজীব ওয়াজেদ জয়

 

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ‘ভন্ডদের আখড়া’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। টেনেসিতে দুজন কৃষ্ণাঙ্গ নেতাকে রাজ্যের আইনসভা থেকে বহিষ্কারের ঘটনার একটি রিপোর্ট দেখিয়ে ফেইসবুক পোস্টে এই মন্তব্য করেন জয়।

সজীব ওয়াজেদ বিষয়টি প্রসঙ্গে বিবিসির একটি সংবাদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়ে স্ট্যাটাসে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের আইনসভার সদস্যরা (একই অভিযোগে) ভোট দিয়ে দুই সংখ্যালঘু আইনপ্রণেতাকে বহিষ্কার করেছে আর একজন শ্বেতাঙ্গকে রেখে দিয়েছে। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভণ্ডদের আখড়া ছাড়া আর কিছুই নয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ মানবাধিকার প্রতিবেদনেও বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল।

দুই বছর আগে র‌্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার। র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ডয়চে ভেলের সাম্প্রতিক ভিডিও প্রতিবেদন নিয়েও প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

 

ইসলাম গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ধর্মযাজক

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ফাদার হিলারিয়ন হেগি নামে যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট ধর্মযাজক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম রেখেছেন সাইদ আব্দুল লতিফ।

মিডেল ইস্ট মনিটর সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ব্লগপোস্টে ইসলাম গ্রহণের বিষয়টি নিজেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক এই ক্যাথলিক ধর্মযাজক। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী এই পুরোহিত পূর্বে একজন রাশিয়ান অর্থোডক্স ছিলেন। ২০০৩ সালের দিকে তিনি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চে যোগদান করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পরের অনুভূতির বর্ণনাও দিয়েছেন তিনি। নিজের এ সিদ্ধান্তকে তিনি ‘ইসলামে প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন। এটি যেন তার কাছে ‘নিজের বাড়িতে আসার’ মতো ঘটনা। অর্থাৎ আবদুল লতিফের মাধ্যমে মানুষের রুহের জগতের কথা বোঝাতে চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি পবিত্র কুরআনের সুরা আরাফের ১৭২ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছেন।

আয়াতটিতে বলা হয়েছে- ‘হে নবী! লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা যখন তোমাদের রব বনী আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করিয়েছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন: আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল- নিশ্চয়ই তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি৷ এটা আমি এ জন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো, আমরা তো এ কথা জানতাম না।’

নিজের ব্লগ পোস্টে হিলারিয়ন হেগি আরও বলেছেন, অনেক আগে থেকেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। কয়েক দশক ধরে পর্যবেক্ষণের পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ: ডোনাল্ড ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ। নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওপর ইউক্রেন ‘পূর্ণ কর্তৃত্ব’ জোরদার করেছে বলেও উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব গ্লেন বেক-কে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, কিয়েভকে আমরা সম্ভবত দেড় হাজার কোটি ডলার দিয়েছি। কিন্তু ইউরোপ তেমন কিছুই দেয়নি। আসলে আমেরিকার ওপর ‘পূর্ণ কর্তৃত্ব’ জোরদার করেছে ইউক্রেন।

রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আরটি জানিয়েছে, সাক্ষাৎকারে গত বছরের অক্টোবরে নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার বিষয়েও কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। বিপরীতে ইউক্রেন ও তার মিত্রদের দায়ী করছে রাশিয়া।

তবে ট্রাম্প বলছেন, ওই হামলার মূল অপরাধী (রিয়াল কালপ্রিট) হতে পারে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ওই হামলা হয়েছে— এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে ট্রাম্প বলেন, হামলার পেছনে রাশিয়াকে দায়ী করা বাজে অভিযোগ। তা ছাড়া সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ফ্লোরিডায় এক ক্যাম্পেইনে তিনি বলেন, আবারও হোয়াইট হাউসে যেতে পারলে কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন তিনি।

নিজের শাসনামলে বহুল বিতর্কের জন্ম দেওয়া ট্রাম্প বলেন, আমি আক্ষরিক অর্থেই কাজ শুরু করার কথা বলছি— যেদিন আমি দায়িত্ব নেব, সেদিন থেকে নয়; বরং আমি জিতেছি— সেই রাত থেকেই (যুদ্ধ বন্ধের উদ্যোগ নেব)।

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে লড়ার আভাস বাইডেনের

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেবেন, তবে তা এখনি নয়।খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেনের (৮০) দ্বিতীয় দফায় নির্বাচন করা নিয়ে জল্পনা কল্পনা তুমুলভাবে চলছে। যদিও তিনি একাধিকবার বলেছেন, নির্বাচন করার ইচ্ছে তার রয়েছে। এ বিষয়ে তিনি এখনও প্রতিশ্রুতিবদ্ধ।

এবিসি নিউজের ডেভিড মুইরের সঙ্গে সাক্ষাতকারে বাইডেন বলেছেন, প্রথম থেকেই আমার ইচ্ছা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার।তবে সবকিছু জানানোর জন্যে তাড়াহুড়া করবেন না তিনি।

বাইডেন বলেছেন, পরবর্তী নির্বাচনের প্রচারণা শুরুর আগে শেষ করার অনেক কাজ বাকী আছে তার।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে বয়সের হিসেব নিকেশ করা হচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, আমার বয়সের বিষয়টি উত্থাপনের বৈধতা জনগণের রয়েছে।

দ্বিতীয় মেয়াদ শেষে বাইডেনের বয়স দাঁড়াবে ৮৬ বছর। চলতি মাসের প্রথম দিকে ব্যাপকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে বলা হয়েছে। তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্যে স্বাস্থ্যবান, সবল ও ফিট রয়েছেন।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা প্রায় ৩৯ লাখ, আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ছুই ছুই

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ১৭ কোটি ৯৯ লাখ ১২ হাজার ৯১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৯৭ হাজার ৩৯১ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৩০৩ জন।

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ হাজার ২২৪ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ২৫৪ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ১৩ হাজার ২০৩ জন।

বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখনো সবার ওপরে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৪৪ লাখ ৩৪ হাজার ৮০৩ জনের। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৭ হাজার ৮৭৫ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ১৭ হাজার ১৩৪ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ২৭ হাজার ৮৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন তিন লাখ ৯০ হাজার ৬৯১ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ৩১১ জন।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত এক কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ লাখ চার হাজার ৮৯৭ জনের। আর এক কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৮৪৭ জন সুস্থ হয়েছেন।