Tag Archives: লাকসাম

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারমিন আক্তার মনি (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ৩ সন্তানের জননী।

জানা যায়, বুধবার সকালে কাপড় শুকানোর রশি নিয়ে শারমিন আক্তারের সাথে তার স্বামীর বড় ভাই খোরশেদ আলমের (৩৫) কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শারমিন ঘরের পাশে ফেরিওয়ালা থেকে মাছ কিনছিল। এ সময় খোরশেদ ঘর থেকে ধারালো দা এনে শারমিনকে এলোপাতাড়ি কুপিয়ে মূখমন্ডল বিকৃত, ডান কান ও ডান স্তন কেটে ফেলে, দুই হাত-দুই পা কেটে ঝুলিয়ে দেয়াসহ পিঠে ও দেহের অন্যান্য স্থানে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য লাকসাম নেয়ার পথে তার মৃত্যু হয়।

খুনি খোরশেদ আলম (৩৫) পেশায় একজন অটোরিকশা চালক। সে উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে গ্রামের মন্তাজুর রহমানের ছেলে।

নিহতের মেঝো ভাই সালেহ আহাম্মদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। থানায় অভিযোগ দায়েরের এক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের ভাই সালে আহাম্মদ জানান, ১২ বছর আগে মাসুদ আলমের সাথে আমার বোন শারমিন আক্তার মনির ‌বিয়ে দেই। বিয়ের পর থেকেই তার মেঝো ভাসুর খোরশেদ আলম সামান্য বিষয় নিয়েও মনির গায়ে একাধিকবার হাত তোলে। এ নিয়ে শালিসে কয়েকবার সে দোষি সাব্যস্থ হয়। এতে মনির প্রতি সে আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। বুধবার সকালে সামান্য কাপড় শুকানোর রশি নিয়ে উভয়ের কথা কাটাকাটির জেড়ে সে আমার বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

নিহত শারমিন আক্তার মনি ১০ ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মৃত ছায়দুল হক মোল্লার মেয়ে। তার ৩ সন্তানের মধ্যে ছোট ছেলে হামিদের বয়স ৪ মাস, অপর ছেলে সামীরের ৪ বছর। মেয়ে মিম আক্তার (৮) বাতাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে।

এসময় খবর পেয়ে মনোহরগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মোঃ আব্দুল আলিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। তিনি বলেন, আমার চাকরি জীবনে এমন নৃশংস হত্যাকান্ড আর দেখিনি।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেঝো ভাই সালেহ আহমেদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় লোকজনের সহায়তায় শাহপুর এলাকা থেকে অভিযুক্ত আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে।

লাকসামে রেলওয়ের সিন্দুুক থেকে টিকিট বিক্রির টাকা চুরি: তদন্ত কমিটি গঠন

 

লাকসাম প্রতিনিধিঃ

লাকসামে রেলওয়ের সিন্দুক থেকে টিকিট বিক্রির টাকা চুরি হয়েছে। এক মাসের ব্যবধানে দু’দফায় দেড় লক্ষাধিক টাকা চুরির ঘটনায় রেলওয়ে নিজস্ব তদন্ত কমিটি ঘটনাটি তদন্ত করলেও অদ্যাবধি কাউকে শনাক্ত কিংবা টাকা উদ্ধার করা যায়নি। রেলওয়ের বিভাগীয় তদন্ত কমিটি মঙ্গলবার লাকসাম রেলওয়ে জংশনে সংশ্লিষ্ট দায়িত্বরতদের জিজ্ঞাসাবাদ করেন।

জানা গেছে, এ দুটি ঘটনার পর পরই তদন্ত কমিটি গঠিত হলেও এখনো মেলেনি কোন তদন্ত প্রতিবেদন। এঘটনায় লাকসাম রেলওয়ে নিরাপত্তা চৌকির এক হাবিলদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে চুরির ঘটনায় রেলওয়ে থানায় কোন অভিযোগ কিংবা মামলা করেনি কেউ।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা-নোয়াখালী রুটের, মাইজদী কোর্ট, মাইজদী ও নাথেরপেটুয়াসহ ৬টি স্টেশনে টিকিট বিক্রির ৯২ হাজার ৭০০ টাকা ২৯ ডিসেম্বর নোয়াখালী থেকে ঢাকাগামী সমতট এক্সপ্রেস ট্রেনে সিন্দুকে ঢুকিয়ে সীলগালা করে লাকসাম স্টেশন মাস্টার বরাবর পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে লাকসাম স্টেশন মাস্টার সিন্দুকটি গার্ড থেকে বুঝে নিয়ে চট্টগ্রামস্থ বিভাগীয় গ্যাস অফিসের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। ট্রেনের দায়িত্বরত গার্ড চট্টগ্রাম পে অ্যান্ড ক্যাশ অফিসে সিন্দুকটি বুঝিয়ে দিতে গেলে দেখতে পান সিন্ধুকটির তালা ভাঙা, ভেতরে নেই টাকা। ঘটনার পরদিন ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ।

অপরদিকে, একই কায়দায় ২৮ জানুয়ারি সমতট এক্সপ্রেস নোয়াখালী থেকে নাথেরপেটুয়া পর্যন্ত ৬টি স্টেশনের টিকিট বিক্রির ৫৮ হাজার ৯৮৮ টাকা সিন্দুকে ভরে সীলগালা করে লাকসাম জংশন স্টেশন মাস্টার বরাবর পাঠিয়ে দেওয়া হয়। লাকসাম ষ্টেশনে সিন্দুকটি গ্রহন করতে গেলে ষ্টেশন মাষ্টারসহ সংশ্লিষ্টরা সিন্দুকের সিল সুতা ছেঁড়া ও তালা ভাঙ্গা দেখতে পান। তাৎক্ষনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা এসে সিন্দুকটি খুলে দেখেন এর ভিতরে কোন টাকা নেই।

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৯ ডিসেম্বর ৯২ হাজার ৭০০ টাকা এবং ২৮ জানুয়ারি ২য় দফায় ৫৮ হাজার ৯৮৮ টাকা খোয়া রায়। টাকা উদ্ধারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলমান আছে। তবে যাদের দায়িত্ব অবহেলায় টাকা খোয়া গেছে তারা নিজ থেকে এ টাকা জমা দিয়েছেন। তিনি আরো জানান, বিভাগীয় তদন্তে দুটি ঘটনায় দায়ি ও দায়িত্বে অবহেলার অভিযোগে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলওয়ে কর্মচারী জানান, রেলের টাকার ওপর ‘জ্বিনের আছর’ ভর করেছে। সংশ্লিষ্টরা রেলের টাকা নিজেদের সুবিধামতো কোষাগারে জমা দেন। আর এ ভাবেই গায়েব হয়ে যায় রেলের টিকিট বিক্রির লক্ষ লক্ষ টাকা।

লাকসাম রেলওয়ে জংশনের ষ্টেশন মাষ্টার মোঃ শাহাবুদ্দীন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিইউ) তারেক মাহমুদ এমরানের নেতৃত্বে ৪ সদস্যের কমিটি টাকা চুরির ঘটনা তদন্ত করছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) মনির হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা (এও একাউন্স) সিরাজুল ইসলাম ও নিরাপত্তা বিভাগের এ্যসিষ্টান্ট কমান্ডেট (এসি) সত্যজিৎ দাস।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, গত ২৯ ডিসেম্বর টাকা চুরির ঘটনা শুনেছি তবে এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি।

খাল ভরাট করে সড়ক চায় না কুসিক, মানছে না সওজ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে লাকসাম রোডের সড়কটি চার লেনে উন্নীত করার জন্য শহরের পানি অপসারণের কান্দিখাল ভরাট করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।কিছু অংশ ভরাটের পর বর্তমানে খালটি সরু একটি ড্রেনে রূপান্তরিত হয়েছে।

কুমিল্লা শহরের মূল অংশ এবং নগরীর দক্ষিণ ও পূর্ব অংশের মানুষের ব্যবহৃত বজ্র ও ময়লা পানি এই খাল দিয়ে অপসারণ করা হয়। সওজ কর্তৃক খাল ভরাটের কারণে পানি অপসারণ প্রক্রিয়া স্বাভাবিক না থাকায় কুমিল্লায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করবে। এদিকে বর্ষার মৌসুমে প্রবল বর্ষণ এবং অতিবৃষ্টির কারণে শহর ডুবে যাওয়ার আশঙ্কাও সৃষ্টি হচ্ছে। তবে সওজ এর প্রকৌশলী কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

শহরের পানি অপসারণের পথ বন্ধ করে সড়ক নির্মাণের ঘটনায় কুমিল্লা নগরজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণের জন্য খাল ভরাট বন্ধ করা হোক। এমনকি যে অংশে মাটি ফেলানো হয়েছে, সেগুলোও অপসারণ করা হোক দ্রুত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর টমছমব্রিজ থেকে কচুয়া চৌমুহনী সড়কের পাশের কান্দিখালটির সড়ক ও জনপথ বিভাগে প্রবেশ পথের কালভার্টের দুপাশে বিশাল অংশ জুড়ে ভরাট করা হয়েছে। মনগড়াভাবে মাটি দিয়ে ভরাটে খালটি সরু হয়ে গেছে। পানি অপসারণের স্রোত বন্ধ হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, খাল ভরাটের কথা শুনে তিনি তার প্রকৌশলীদের পাঠিয়েছে ঘটনাস্থলে্বং তারা গিয়ে কাজ বন্ধ করেছেন।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পর সিদ্ধান্তে আসে যে, বৃহস্পতিবার সিটি করপোরেশন এবং সওজ বিভাগ যৌথভাবে সীমানা নির্ধারণ করে কাজ করবেন।

সিটি মেয়র বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, খাল ভরাট শুরুর আগে সিটি করপোরেশনের সঙ্গে সড়ক ও জনপথ বিভাগ কোনও যোগাযোগ করেনি।’

সিটি করপোরেশনের অভিযোগের বিপরীতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘সড়ক নির্মাণে আমি আমার জায়গায় কাজ করছি। অন্যের জায়গায় আমি এক চুলও যাবো না। আর খাল ভরাট করে আমি সড়ক নির্মাণ করতে যাবো কেন? আমি আমার জায়গায় সঠিক আছি। খাল বাচাঁতে হলে সিটি করপোরেশনের উচিত যারা তাদের খাল ও জমি দখল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

এ বিষয়ে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘যৌথভাবে সীমানা চিহ্নিত না করে খাল ভরাট করলে আমি স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে অভিযোগ করবো। প্রয়োজন হলে সড়কের মন্ত্রণালয়েও অভিযোগ করবো এই বিষয়ে।’