Tag Archives: সালমান খানকে হত্যার চুক্তি

সালমান খানকে হত্যার চুক্তি

সালমান খানকে হত্যার চুক্তি, উঠে এল যেসব ভয়ংকর তথ্য

সালমান খানকে হত্যার চুক্তি, উঠে এল যেসব ভয়ংকর তথ্য

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা সালমান খানকে হত্যা করতে ২৫ লাখ রুপির চুক্তি হয়েছিল বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। গত ১৪ এপ্রিল, সালমান খানের বাড়ির সামনে দুই ব্যক্তি গুলি চালায়। এই মামলায় পুলিশ পাঁচজনকে অভিযুক্ত করে নতুন একটি চার্জশিট দাখিল করেছে, যেখানে সালমান খানকে হত্যার হুমকি ও বাড়িতে হামলার বিষয়টি নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, ওই হামলার পর থেকে ধীরে ধীরে বিষ্ণোই গ্যাংয়ের নেতৃত্বে সালমান খানের হত্যার পরিকল্পনা সম্পর্কে তথ্য প্রকাশ পেতে শুরু করে। পুলিশ জানায়, অভিযুক্তরা সকলেই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, সালমান খানকে হত্যার জন্য বিষ্ণোই গ্যাং অভিযুক্তদের ২৫ লাখ টাকা দিতে চেয়েছিল। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যে এই ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়। পুলিশ দাবি করেছে যে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাকিস্তান থেকে গ্যাংটি বিভিন্ন ধরনের অস্ত্র আনছে এবং আরও অস্ত্র আনার পরিকল্পনা ছিল। এসব অস্ত্রের মধ্যে রয়েছে একে-৪৭, একে-৯২, এম-১৬ রাইফেল এবং তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল।

পুলিশ জানিয়েছে, গোটা ষড়যন্ত্রটি শুধু অস্ত্র আনা নিয়ে নয়, বরং সালমান খানের ওপর নজরদারি চালানোর জন্য প্রায় ৬০ থেকে ৭০ জনকে নিয়োগ করা হয়েছিল। সালমান খানের মুম্বাইয়ের পানভেলের ফার্মহাউজ, গুরুগ্রামের ফিল্ম সিটি এবং শ্যুটিংয়ের বিভিন্ন স্থানে গ্যাংয়ের সদস্যরা সালমানের গতিবিধি অনুসরণ করছিল।

চার্জশিটে আরও বলা হয়েছে যে, সালমানকে খুন করতে ১৮ বছরের কম বয়সী কিশোরদের নিয়োগ দেওয়া হয়েছিল। তারা কানাডার গোল্ডি ব্রার ও আনমোল বিষ্ণোইয়ের নির্দেশনার অপেক্ষায় ছিল।

পুলিশ বলছে, ১৯৯৮ সাল থেকে সালমান খান বিষ্ণোই গ্যাংয়ের হিট তালিকায় রয়েছেন। ওই বছর একটি সিনেমার শ্যুটিংয়ের সময় রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন। এ কারণে বিষ্ণোই গ্যাং সালমান খানকে হত্যা করতে চাইছে, কারণ তারা কৃষ্ণসার হরিণকে দেবতার রূপে পূজা করে।