Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী আবাসন সুবিধাহীন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং কার্নিভালের সমাপ্তি

শাহাদাত  বিপ্লব, কুবি ঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে চার দিন ব্যাপী মার্কেটিং কার্নিভালের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে মার্কেটিং সামিটের মাধ্যমে এ আয়োজনের পর্দা নামে। যার পর্দা উঠেছিল গত ১১ ফেব্রুয়ারি।

কার্নিভালের আহবায়ক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোলাইমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চ্যেয়ারম্যান মোঃ সবুর খান, সম্মানিত অতিথি ছিলেন বার্ডের মহাপরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, গ্রামীনফোন (চট্টগ্রাম ) সার্কেল মার্কেটিং এর প্রধান মুহাম্মদ রিজওয়ান চৌধুরী, গোল্ড সিলভার লিমিটেড এর চ্যেয়ারম্যান প্রফেসর মো. ফারুক আহমেদ, বাংলাদেশ ভোজ্য তেল লিমিটেড এর মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ, প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেডের জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায়, সেভেন রিংস সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আতিক আকবর , প্রাণ আরএফএল গ্রুপ সিনিয়র ব্রান্ড ম্যানেজার শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভাগটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

মার্কেটিং কার্নিভালের চার দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেস প্রতিযোগিতা, বসন্ত উৎসব, কনসার্ট, ফটো সেশন, উপাচার্যের সাথে স্বাগত মিটিং, কর্পোরেট ডিনারসহ বিভিন্ন আয়োজন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী মার্কেটিং কার্নিভালের উদ্বোধন

শাহাদাত বিপ্লব,কুবিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মার্কেটিং বিভাগের আয়োজনে চার দিনব্যাপী মার্কেটিং কার্নিভালের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় আনন্দ শোভাযাত্রা, কেক কাটার মধ্য দিয়ে এ কার্নিভালের উদ্বোধন করা হয়। প্রথমবারের মত অনুষ্ঠিত এ কার্নিভালের ১ম দিনে উদ্বোধনী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনের শুরুতে আনন্দ শোভাযাত্রা বের করে আয়োজকরা। এ সময় শোভাযাত্রাটি ব্যাবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে কেক কেটে কার্নিভালের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আজীজ এবং ইসরাত ইমার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, এফবিসিসিআই এর পরিচালক হেলেনা জাহাঙ্গীর এবং থাইল্যান্ডের প্রিন্স অব শঙ্কলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার ড. তারেক বিন হোসাইন। এছাড়া কার্নিভালের সমন্বয়ক মাহিদুল ইসলাম সিহাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, ‘যার কাছে অনেক খবর আছে সেই বেশী স্মার্ট। বাংলাদেশের মানুষ যে পরিমাণ রেমিট্যান্স আয় করে তার প্রায় ১০ গুণ বিদেশীরা আমাদের দেশ থেকে নিয়ে যায়। আমাদের কে যোগ্য লোক তৈরী করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্র্য ড. এমরান কবির বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সারাদেশে ব্রান্ডিং করতে হবে। কুমিল্লার এই অঞ্চলে ১৪০০ বছর আগেও জ্ঞান চর্চা হয়েছে। এখনও হচ্ছে।’
পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও ৪ দিন ব্যাপী এ কার্নিভালে থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা, কেইস স্টাডি প্রতিযোগিতা, বসন্ত উৎসব, কনসার্ট, ফটো সেশন, উপচার্যের সাথে স্বাগত মিটিং, মার্কেটিং সামিট ও কর্পোরেট ডিনারসহ বিভিন্ন আয়োজন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মার্কেটিং কার্নিভাল

শাহাদাত বিপ্লব, কুবি :
কেইস স্টাডি প্রতিযোগিতা, বসন্ত উৎসব, কনসার্ট, ফটো সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের খেলাধুলা, মার্কেটিং সামিটসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে মার্কেটিং কার্নিভাল।

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে মার্কেটিং বিভাগের আয়োজনে ৪ দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্নিভালের বিষয়টি তুলে ধরেন আয়োজকরা।

চার দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআই ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর।

এছাড়াও ২য়, ৩য় ও ৪র্থ দিনে ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চ্যেয়ারম্যান মো. সবুর খান, আর এফ এল গ্রুপের হিউমেন রিসোর্স এর প্রধান সান্তুনু রায়, বেঙ্গল গ্রুপের প্রধান মার্কেটিং অফিসার আফতাব মাহমুদ খুরশিদ, গ্রামীনফোন (চট্টগ্রাম) সার্কেল মার্কেটিং এর প্রধান মুহাম্মদ রিজওয়ান চৌধুরী, গোল্ড সিলভার লিমিটেড এর চ্যেয়ারম্যান প্রফেসর মো. ফারুক আহমেদ, আর এফ এল পাইপ এবং ইলেকট্রিক্যাল গ্রুপের মার্কেটিং বিভাগের প্রধান মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, বাংলাদেশ ভোজ্য তেল লিমিটেড এর মার্কেটিং ম্যানেজার ফাইসাল মাহমুদ, পেপসিকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সঞ্জয় কুমার রায় প্রমুখ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, মোঃ আব্দুল্লাহ এবং মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, কার্নিভালের কো-অর্ডিনেটর মাহিদুল ইসলাম শিহাদসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল রিকশা চালক মোহন

 

স্টাফ রিপোর্টারঃ
পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই বাবার সঙ্গে রিকশা চালানো শুরু করেন মোহন মিয়া। পরিবারের ভরণ-পোষণের পাশাপাশি নিজের ও বোনের লেখাপড়ার খরচ চালানোর দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। এভাবেই এসএসসি-এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি সাফল্যের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পান মোহন। মোহন মিয়ার বাড়ি নরসিংদি জেলায়। সে বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকছেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যয় বহন করা সম্ভব না তার পরিবারের পক্ষে। তাই অনেকটা ভেস্তে যেতে বসেছিল মোহনের স্বপ্নটা। ঠিক এমন সময় তার পাশে এসে দাঁড়ালেন পুলিশ সুপার (কুমিল্লা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে  কর্মরত) মো. আবদুল্লাহ আল মামুন। দায়িত্ব নিলেন সহায়-সম্বলহীন ছেলেটির পড়াশোনার।

মোহন মিয়া বলেন, দরিদ্র বাবা-মায়ের সংসারে আমি মেঝো সন্তান। পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই পরিবারের দায়িত্ব নিতে হয়। রিকশা চালানোর পাশাপাশি টিউশনি করে পড়াশোনা করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের খরচ তো আর এভাবে চালানো সম্ভব না। আমার মতো অসহায় মানুষের কথা ভাবায় এএসপি স্যারের কাছি আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, এটা কোনো সাহায্য নয়, আমাদের মানবিক দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা থেকেই মেধাবী মোহনের জন্য কিছু করার চেষ্টা করছি। আমার বিশ্বাস মোহনের একদিন সফল হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে চার বিষাক্ত সাপ

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনে বিষাক্ত সাপ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কয়েকজন ওঝা তল্লাশি চালিয়ে ৪ টি সাপ বের করে। সাপ পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের গুদাম ঘরে কয়েকদিন যাবত দুর্গন্ধ আসতে থাকে। দায়িত্বশীল কর্মকর্তারা বিষাক্ত সাপ আছে মনে করে ওঝাকে খবর দেয়া হয়। কয়েকজন স্থানীয় ওঝা এসে তল্লাশি চালায় গুদাম ঘরে। তল্লাশির পর ৪ টি বিষাক্ত পানুক সাপের বাচ্চা পাওয়া যায়। ওঝা নজরুল ইসলাম বলেন,’আমরা খুঁজে চারটি সাপের বাচ্চা পেয়েছি। ভেতরে আর কোনো সাপ নাই।

ওঝা সাপ নেই বললেও প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন আমাদের মনে হয় ভেতরে বড় সাপ রয়ে গেছে। আমরা ভয়ে প্রশাসনিক কাজ করতে পারছিনা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন,’আমরা খুবই আতঙ্কে আছি। সাপ পাওয়ার পর থেকে নিরাপত্তা হীনতায় ভুগছি। কারণ আমাদের গুদাম ঘরে একটু পর পর খাতা আনতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, কর্মকর্তাদের যেতে হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ১৬৫৫ কোটি টাকার মেগা প্রকল্পের অনুমোদন

 


মহিউদ্দিন ভূইয়া ঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভূমি অধিগ্রহণ ও নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এক হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় ২১টি প্রকল্পের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (২৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে এক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় এক হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা। যার পুরোটাই জিওবি।প্রকল্পটি ২০১৮ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত মেয়াদকালে বাস্তবায়িত হবে। যেখানে প্রকল্পের এলাকা উল্লেখ রয়েছে কুমিল্লা সদর দক্ষিণ।

এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে উচ্চ শিক্ষার জন্য উন্নততর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরণের ভৌত অবকাঠামো নির্মাণ ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সংকট হ্রাস করা।প্রকল্পটি বাস্তবায়নের প্রধান প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে- ভূমি অধিগ্রহণ ২০০ দশমিক ২২ একর, ভূমি উন্নয়ন (১০০ একর), একাডেমিক ভবন নির্মাণ চারটি (প্রতিটি ১০তলা), প্রশাসনিক ভবন একটি (৬তলা), ছাত্র-ছাত্রী হল নির্মাণ চারটি (দু’টি করে প্রতিটি ১০তলা), উপাচার্যের বাসভবন নির্মাণ একটি (দু’তলা), শিক্ষকদের আবাসিক ভবন নির্মাণ একটি (১০তলা), ডরমেটরি ভবন নির্মাণ একটি (১০তলা), ছাত্র-শিক্ষক কেন্দ্র নির্মাণ একটি (৫তলা)

অডিটোরিয়াম নির্মাণ একটি (৩তলা), মেডিকেল সেন্টার নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক, লেক খননসহ বেশ কয়েকটি কার্যক্রম।এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৬৫৫ কোটি টাকার মেগা প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি শুরু রোববার

 

শাহাদাত বিপ্লব, কুবি ঃ

রোববার (১৪ অক্টোবর) থেকে দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৫ দিনের ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে বিষয়টি জানা যায়।

জানা যায়, দূর্গাপূজা উপলক্ষে ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১২ ও ১৩ অক্টোবর(শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ছূটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকেই। আর ১৯ এবং ২০ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২১ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানা যায়।

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের জন্য লড়বেন ৬১ শিক্ষার্থী

 

শাহাদাত বিপ্লব,কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ৩টি ইউনিটের প্রতি আসনের বিপরীতে ৬১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ছয়টি অনুষদের অধীনে মোট এক হাজার ৪০টি আসনের বিপরীতে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন। পরীক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া গতকাল রবিবার শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট ৩৫০টি আসনে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৯৩৯ টি। এছাড়াও ‘বি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন এবং ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আগামী ৯ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ১০ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে গতকাল শেষ হয়।

এছাড়াও ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী আবাসন সুবিধাহীন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রায় ৯০ ভাগ শিক্ষার্থীর আবাসিক সুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। কিন্তু সে অনুযায়ী আবাসন সুবিধা না বাড়ায় দুর্ভোগে পড়ছে শিক্ষার্থীরা। আবাসন সুবিধা পর্যাপ্ত না থাকায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাইরে ও শহরে বিভিন্ন মেসে থাকতে হচ্ছে। মেস বা বাসার মালিকরাও ভাড়া নিচ্ছেন অনেক বেশি। তাছাড়াও শিক্ষার্থীদের বাইরে থাকায় নিরাপত্তাহীনতা, যাতায়াতে ভোগান্তিসহ বিভিন্ন ধরনের দুর্ভোগে পড়তে হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ছয় হাজার ২৮০ জন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে মাত্র ৬০৪ জন শিক্ষার্থীর আবাসনব্যবস্থা রয়েছে। ৬০৪টি সিট থাকলেও সেখানে গাদাগাদি করে থাকছেন প্রায় ৯০০ শিক্ষার্থী। অর্থাৎ মোট শিক্ষার্থীর ৮৬ শতাংশ শিক্ষার্থীই আবাসন সুবিধা থেকে বঞ্চিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোট চারটি হলের তিনটি ছাত্রদের আর ছাত্রীদের হল মাত্র একটি।

বিশ্ববিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা চার হাজারেরও একটু বেশি। ছাত্রদের তিনটি কাজী নজরুল, বঙ্গবন্ধু ও ধীরেন্দ্র নাথ দত্ত হলে আবাসন ব্যবস্থা রয়েছে মাত্র ৫০৫ জনের। অপরদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রী রয়েছেন দুই হাজার ২৪৮ জন। একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে আবাসন ব্যবস্থা রয়েছে মাত্র ২০০ জনের। সেখানে থাকছেন ২৯৯ জন। ছাত্রদের হলে সিট পাওয়া গেলেও ছাত্রী হলে সিট পাওয়া প্রায় অসম্ভব। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে ফাইনাল ইয়ারে পড়ুয়া শিক্ষার্থীদেরও বেড শেয়ার করে থাকতে হচ্ছে। তীব্র আবাসন সংকট থাকায় হলগুলোতে একরকম মানবেতর জীবনযাপন করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। চারটি হলে মোট ছয়টি গণরুম রয়েছে, যেখানে প্রতিরুমে ২০-২২ জন করে থাকছে।

গণরুমে থাকা ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. রাসেল ও মো. সামিউল বলেন, ‘হলের গণরুমে একসঙ্গে ২০-২২ জন করে থাকতে হচ্ছে। এতে পড়ালেখার বিঘ্ন হচ্ছে। তাছাড়া সময়মতো ঘুমানোও যায় না। ফ্যানগুলো বাতাসের চেয়ে শব্দ উৎপাদন করে বেশি! টয়লেটগুলোর অবস্থাও নাজুক।’

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র নজরুল হলে থাকা শাহাদাত বিপ্লব বলেন, ‘হলের চার পাশে ঝোপ জঙ্গল। প্রায় রুমে সাপ ঢুকে যায়। হলের ডাইনিং ব্যবস্থা ভালো নয়। শৌচাগারের অবস্থাও নাজুক।’

সদ্য সাবেক শিক্ষার্থী জয়নাল আবেদীন রনি বলেন, ‘শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তা খারাপ। তাই শহরে থেকে ক্যাম্পাসে যাওয়া আসা অনেক কষ্টের বিষয়। তাছাড়া পরিবহন সংকটের কারণেও শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের বলেন, ‘ছয় মাসের মধ্যে আমরা ৩০০ ছাত্র ও ৩০০ ছাত্রীর আবাসনব্যবস্থা করে দিতে পারব। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের দশ তলা একটি ছাত্র হল এবং একটি ছাত্রী হল নির্মাণের প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত তা বাস্তবায়ন হবে।’