Tag Archives: জলাবদ্ধতা

বন্যার কারণে চৌদ্দগ্রামে

বন্যার কারণে চৌদ্দগ্রামের ৮২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

বন্যার কারণে চৌদ্দগ্রামের ৮২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

স্টাফ রিপোর্টার:

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার স্কুল, মাদরাসা ও কলেজসহ ২৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যায়। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

১ সেপ্টেম্বর থেকে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হলেও জলাবদ্ধতার কারণে এখনো ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বিদ্যালয়ের ভবনের মেঝেতে, মাঠে ও রাস্তায় পানি থাকার কারণে এখনও ৭০টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৫টি মাদরাসার পাঠদান বন্ধ রাখা হয়েছে।

বাকি বিদ্যালয়গুলোর পাঠদান শুরু হলেও চতুর্দিকে পানি থাকার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম।

গত ১৮ আগস্ট থেকে বন্যার কারণে চৌদ্দগ্রামে র পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে।

এতে ১৭০টি প্রাথমিক, ৫৪টি মাধ্যমিক, ৪৮টি মাদরাসা, একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি-বেসরকারি ১১টি কলেজসহ মোট ২৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবনগুলোতে আশ্রয় নিয়েছে মানুষ।

সরেজমিনে দেখা গেছে, আলকরা ইউনিয়নের বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এখনও পানিতে তলিয়ে রয়েছে। এছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও যাতায়াতের সড়কে পানি থাকায় ওইসব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও চারপাশে পানির থৈ থৈ অবস্থায় থাকায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে নারাজ। এছাড়া কিছু এলাকায় বাড়ির উঠানে এবং সড়কে পানি থাকায় অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানে আসতে পারছে না। ফলে পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম।

আব্দুর রশিদ নামে এক অভিভাবক বলেন, “চারদিকে এখনও যে পরিমাণ পানি রয়েছে, সে কারণে আমার ছেলেকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। পুরোপুরি পানি কমলে সে স্কুলে যাবে।”

ফারুক নামের এক শিক্ষার্থী বলেন, “বন্যার পানি ঘরে প্রবেশ করে বই-খাতাসহ সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন কি নিয়ে স্কুলে যাবো?”

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম বলেন, “উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭০টিতে পানি উঠেছে। এখনো ৭০টি বিদ্যালয়ের ভবনের মেঝেতে, মাঠে ও রাস্তায় পানি রয়েছে। যার কারণে ওই বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

এছাড়া ৬৭ বিদ্যালয়ের বেঞ্চ, টয়লেট ও ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব প্রতিষ্ঠান থেকে পানি নেমে গেছে, সেগুলোতে পাঠদান শুরু হয়েছে তবে চতুর্দিকে পানি থাকায় শিক্ষার্থী উপস্থিতি কম।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন বলেন, “পানি থাকার কারণে উপজেলার ৭টি স্কুল ও ৫টি মাদরাসায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। বাকিগুলোতে যথারীতি পাঠদান চলমান রয়েছে।”

চাঁদপুরে বন্যার পরিস্থিতি

চাঁদপুরের দুই উপজেলায় বন্যার তীব্রতা বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট:

টানা চার দিন ধরে থেমে থেমে চাঁদপুরে বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর থেকে নেমে আসা বন্যার পানিও এর সাথে যুক্ত হয়েছে। জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যার পানি ক্রমেই বাড়ছে, তবে ফরিদগঞ্জে সেচ প্রকল্পের বেড়িবাঁধ থাকার কারণে জলাবদ্ধতা কিছুটা কমেছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়তে পারে। তিনটি উপজেলায় প্রায় ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত জানিয়েছেন, শাহরাস্তির ছয়টি ইউনিয়নের শতাধিক গ্রাম পানিতে ডুবে আছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, হাজীগঞ্জের চারটি ইউনিয়নের অর্ধশত গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। নিয়মিত তদারকির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করা হচ্ছে। ডাকাতিয়া নদী দিয়ে পানি নামছে এবং শিগগিরই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা জুয়েল রানা জানান, গত কয়েকদিন ধরে গন্ধর্ব্যপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নে তারা ত্রাণ সহায়তা দিয়ে আসছেন।

ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা আনিছুর রহমান সুজন বলেন, পানি কিছুটা কমেছে তবে রাস্তাঘাট ও ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি না কমলে দুর্ভোগ আরও বাড়বে।

এদিকে কচুয়া উপজেলার বাসিন্দা মঞ্জুর আহমেদ সেলিম জানিয়েছেন, তাদের ১১ নম্বর গোহাট ইউনিয়ন ও ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নে বন্যার পানি ঢুকতে শুরু করেছে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হেদায়েতুল্লাহ জানান, চাঁদপুরের ৬৪টি ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দি অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন। প্রশাসন থেকে ২১৪ মেট্রিক টন চাল ও নগদ সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।