Tag Archives: জুয়া

কোম্পানীগঞ্জে প্রশাসনের ছত্রছায়ায় মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া

 

নোয়াখালী প্রতিনিধিঃ

দুই মাস পরেই শুরু হবে এসএসসি পরীক্ষা। এর মধ্যে প্রশাসন অনুমতি দিয়েছে মুক্তিযোদ্ধা মেলার। এই মেলায় উল্লেখ করার মতো দোকানপাট নেই। তার বদলে কুরুচিপূর্ণ নৃত্য আর জুয়ার আসর বসানো হয়েছে। শর্ত জুড়ে দেওয়া অনুমতির অর্ধেকের বেশি লঙ্ঘন করে চলছে মেলার কার্যক্রম। এতে করে অন্তত উপজেলার ৫শতাধিক এসএসসি পরীক্ষার্থী ক্ষতির মুখে পড়বে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরফকিরা গ্রামে স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় গত দুদিন ধরে কথিত মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া, ও মাদকের এ আসর চলছে।

এ আসরে ছয় ঘুঁটি, টুকটুকি, ৩ তাসসহ আরও নানা নামে চলছে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া। গত দুই দিনে এদের কর্মকাণ্ড দেখলে মনে হবে এ যেন, একেকটি মিনি ক্যাসিনো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত চলে এই জুয়ার আড্ডা, সঙ্গে বসছে অশ্লীল নৃত্য ও মাদকের আসর।

স্থানীয়দের অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি রাত থেকেই উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা মেলার নামে এ অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে। প্রথম দিন বোর্ডপ্রতি ৬০ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড বসানো হয়, দ্বিতীয় দিন বোর্ড প্রতি ৬৫ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড প্রকাশ্যে সামিয়ানা টাঙিয়ে বসানো হয়। জুয়ার বোর্ড থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে ক্ষমতাবানরা। এরমধ্যে পুলিশ, প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সভাপতি সফিকুল ইসলাম সোহাগ বাটোয়ারা নিচ্ছেন বলে স্বীকার করেন জুয়াড়িরা। বিনিময়ে দেয়া হচ্ছে প্রকাশ্যে অবাধে জুয়া ও অশ্লীল নৃত্যের আসর চালানোর সুবিধা।

শনিবার দিবাগত রাতে সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, মেলার গেইটে পুলিশ। এর একশত গজ সামনে জুয়ার আসর চলছে। এর পাশেই চলছে অশ্লীল অঙ্গভঙ্গি ও নৃত্যের আসর। আর নির্বিঘ্নে জুয়া পরিচালনার জন্য আয়োজক কমিটি বিভিন্ন জনকে মোটা অংকের টাকা দিচ্ছে। জুয়ার বোর্ডে প্রতি রাতে প্রায় অর্ধকোটি টাকা লেনদেন হচ্ছে। আয়োজক কমিটিসহ অন্যান্য খরচ মিটিয়েও মোটা অঙ্কের টাকা চলে যাচ্ছে জুয়া পরিচালনাকারীদের পকেটে।

এলাকাবাসীর অভিযোগ, একাধিক গেইট করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জায়দল হক কচির ছবি দিয়ে মেলার আয়োজন করেছে স্থানীয় ইউপি সদস্য ও মেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর মেম্বার। জুয়া ও নৃত্যের আসরে স্কুলপড়ুয়া কিশোরদের উপচে পড়া ভিড়। জুয়া খেলার পাশাপাশি চলে রাতভর মাদকসেবন। মেলা অপরাধীদের অভয়ারণ্য হয়ে গেছে। যে কোনো সময়ে ঘটতে পারে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা। জানা যায়, ইউপি সদস্য সমীর জুয়ার বোর্ড থেকে টাকা সংগ্রহ করে মেলা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সোহাগের হাতে দেয়। পরে এই টাকা তিনি প্রশাসন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ বিভিন্ন লোকের মাঝে বণ্টন করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম সোহাগ বলেন, মেলা মানে একটু অনিয়ম থাকবেই। তিনি দাবি করেন, মেলায় এসে কিশোর-যুবকরা আনন্দ করবে। না হলে তারা কিশোর গ্যাং হয়ে যাবে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য সমীর মেম্বারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবা উল আলম ভূঁইয়া বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, এ ম্যাসেজ আমি কোম্পানীগঞ্জ থানার ওসিকে দিয়ে দিচ্ছি। পারলে ইউএনও মহোদয়কে বলেন, তাঁরওতো দায়িত্ব আছে।

‘বেটউইনার ডটকম’ পরিচালনায় জড়িত অভিযোগে চৌদ্দগ্রাম থেকে ৩ জন গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার:

অনলাইন জুয়ার সাইট ‘বেটউইনার ডটকম’ পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত বুধবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবু বক্কর সিদ্দিক (৩০), আবদুল্লাহ আল আউয়াল (২৬) ও তোরাফ হোসেন (৩৭)। তাঁদের কাছ থেকে ৬টি মুঠোফোন, ১২টি সিম ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়। রাজধানীর পল্টন থানায় তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে সিআইডি।

সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ বলেন, নিয়মিত পর্যবেক্ষণে বেটউইনার ডটকম নামের বেটিং সাইটটি নজরে আসে। এখানে অনলাইনে বেটিং বা জুয়া খেলা হয়। পরে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখা ছায়া তদন্ত শুরু করে।

তদন্ত শেষে বেটউইনার ডটকমের সঙ্গে যুক্ত কয়েকজনকে শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দোষ স্বীকার করেছেন।

আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশের পর ধর্মপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান: ১২ জন আটক

স্টাফ রিপোর্টার:

দৈনিক আজকের কুমিল্লার অনলাইন ভার্সনে গতকাল ৪ মে বিকেলে “কুমিল্লার ধর্মপুরে জমজমাট জুয়ার আসর: কিশোর-যুবক-দিনমজুর সর্বশান্ত হচ্ছে” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হওয়ার ঘন্টা খানেকের মধ্যে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদের সার্বিক দিক নির্দেশনায় নগরীর ধর্মপুর ও রেলগেইটের আশেপাশের জুয়ার আসরগুলোতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিমের নেতৃত্বে একটি সাড়াশি অভিযান পরিচালনা করে জুয়ার আসর পরিচালনাকারি মাষ্টারমাইন্ড মো: শাকিল হোসেনসহ ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। জেলা পুলিশের এ অভিযানের পর স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় জুয়া খেলার সামগ্রীসহ নগদ ৪৭ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

আটককৃত জুয়াড়িরা হলেন মো: দুলাল (৫০), আক্তার হোসেন (৪৫), মো: মাসুদ রানা (৪০), এরশাদ আলী (৩০), মো: রানা(৩৫), মো: রাসেল মিয়া (৩০), রওশন আলী (৪৫), ইব্রাহিম খলিল (৩০), মো: সুমন মিয়া (৩০), মো: ইকবাল হোসেন স্বপন (৩৭), মো: রুবেল মিয়া (২৫)  এবং জুয়ার আসর পরিচালনাকারি মো: শাকিল হোসেন (৩৩)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ব্যবসায়ী রজব হোসেন জানান, পুলিশ আজ ভাল একটি কাজ করছে। এই জুয়ার আসলগুলোর জন্য যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। এ অভিযানের ফলে মানুষ এখন সচেতন হবে।

পুলিশ সুপার ফারুক আহমেদ জানান,  জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একটি সুষ্ঠ ও শিক্ষিত যুব সমাজ গঠনে এ বিশেষ অভিযান আরো বেগবান হবে।