Tag Archives: প্রশাসন

বুড়িচংয়ের ময়নামতিতে ৩ ফসলী জমির মাটি কাটছে অবাধে:বিনিদ্র রজনী, শব্দ ও বায়ু দূষণ,নিরব প্রশাসন!

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ৩ ফসলী জমির মাটি অবাধে কেটে নিচ্ছে মাটিখেকোরা। রাতভর এই মাটি কেটে নিয়ে যাওয়ায় একদিকে নির্ঘুম রাত, অন্যদিকে বায়ু ও শব্দ দূষণে অতীষ্ট মানুষ। পাশাপাশি ভারী ডাম্পট্রাক ও ট্রাক্টরে গ্রামীন জনপদের সড়কগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে, পুলিশের নাকের ডগায় মাটি পরিবহন হলেও পুলিশ নিরব, উপজেলা প্রশাসনও বিষয়টি আমলে নিচ্ছে না। কিন্তু সরকারীভাবে জমির টপ সফেল বা উপরের মাটি কাটা, বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

নবনিযুক্ত কৃষি ও খাদ্য মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিনও মাটি কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার। তিনিও সম্প্রতি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে মাটি কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়েছেন।

সরেজমিন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা, বাজেবাহেরচর, বাগিলারা, মইনপুর, হরিনধরা, কাঠালিয়া, সিন্ধুরিয়াপাড়া ঘুরে পাওয়া তথ্য ও চিত্রে দেখা যায়, প্রতিরাতেই এই গ্রামীন জনপদেও তিন ফসলী জমি থেকে অবাধে মাটিখেকোরা মাটি কেটে ডাম্পট্রাকে করে বিভিন্ন ইটভাটায় রাতের আধাঁরে পাঁচার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে যে সিন্ডিকেট মাটি কাটতো, এখন সেই সিন্ডিকেটই বিএনপি’র সাথে মিলে মাটি কাটছে। রাত বাড়ার সাথে সাথেই বেপরোয়া হয়ে উঠে মাটি বোঝাই ডাম্পট্রাকগুলো। ইফতার ও তারাবির নামাজ শেষে মানুণ একটু বিশ্রাম নিতে পারছে না ট্রাকের শব্দে। এতে একদিকে শব্দ ও বায়ুদূষনে অতিষ্ট মানুষ বিনিদ্র রাত কাটাচ্ছে। অন্যদিকে সড়কগুলোও এরই মাঝে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক সুত্রগুলো আরো জানায়, সাম্প্রতিক সময়ে মইনপুর এলাকায় রাতের আধাওে মাটি কাটতে গেলে গ্রামবাসীর বাধার মুখে ফিরে আসলেও মাটিকাটা সিন্ডিকেটের লোকজন তাদেও ভয়ভতি দেখায়। অভিযোগ রয়েছে, মাটি কাটা সিন্ডিকেট কিছু অনলাইন সাংবাদিকদের ম্যানেজ করার কারণে প্রত্যন্ত জনপদের এসব অনিয়মের খবর প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায় না। ময়নামতির হরিণধরা, মইনপুর, বাগিলারা গ্রামের একাধিক হিন্দু পরিবারের লোকজন জানান, সিন্দুরিয়াপাদা এলাকার রুবেল বর্তমানে মাটিকাটার নেতৃত্ব দিচ্ছে। এই রুবেল বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দকে ম্যানেজ করে কোটি কোটি টাকা আয় করে। অথচ এই রুবেলের ব্যক্তিগত জীবনে মাটির ব্যবসা ছাড়া অন্যকোন পেশা নেই। আর রুবেল নিজেও স্বীকার করেছে, আমি সাংবাদিক, পুলিশ, প্রশাসন সবাইকে ম্যানেজ করেই এই মাটি কাটার ব্যবসা করি। মাটি কাটা সিন্ডিকেট সদস্যরা সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের রাজনৈতিক পরিচয়ও পরিবর্তন করে ফেলে। বেপরোয়া মাটিবাহী ডাম্পট্রাক চলাচলের কারণে উল্লেখিত গ্রামের সড়কে থাকা রাস্তা-ঘাটের পাশাপাশি পুল-কালভার্টগুলোও ঝুঁকির মাঝে রয়েছে। সামনেই এসএসসি ও এইচ এস সি পরীক্ষা। শব্দদূষনে তাদের পড়া-লেখায়ও চরম বিঘ্ন ঘটছে।

ময়নামতি এলাকার দেবপুরে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও তারা নিরব। মাটিবাহী ডাম্পট্রাকগুলো রাতভর কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার সময় প্রতিনিয়ত তাদের ভ্রাম্যমান টহল দলের মুখোমুখি হলেও কোন প্রকার বাধাছাড়াই তারা মাটি পরিবহন করে যাচ্ছে।

বিষয়টি জানতে চাইলে দেবপুর ফাঁড়ির আইসি সুরজিৎ বড়ুয়া জানান, প্রশাসন বা কোন ভ্রাম্যমান আদালত আমাদের কোন সহযোগীতা চাইলে আমরা সেটা করবো।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, প্রশাসন যখনই এদের বিরুদ্ধে কোন অভিযান চালাবে, আমরা তাদের সহযোগীতা করবো।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, আমরা অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহন করবো।

ঘূর্ণিঝড় রেমাল: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন ঘাটে আসা যাত্রীরা।

গতকাল শনিবার (২৫ মে ) দুপুর থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ার বিরাজ করায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ মোকাবিলায় ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। পাশাপাশি উপকূলে দুর্যোগকবলিতদের সহযোগিতার জন্য রেড ক্রিসেন্ট ও সিপিপির আট হাজার ৯১০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে জরুরি সহায়তার জন্য ১৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা, ৩১৯ মেট্রিক টন চাল, ৬৬৩ প্যাকেট শিশু খাদ্য ও আট হাজার ২২০ কেজি গোখাদ্য মজুত আছে। এছাড়া প্রত্যেক উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বলেন, হাতিয়ার বিভিন্ন নৌ রুটে সি-ট্রাক, ট্রলার চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের জানমাল ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাতিয়ার সঙ্গে সব চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় চলাচল করবে। হাতিয়াতে ২৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

মুরাদনগরে খাল খননের নামে হরিলুট, ইটভাটায় বিক্রি হচ্ছে মাটি !

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বিষ্ণুপুর সড়কের পাশের সরকারি খালটি খননের নামে ইট ভাটায় মাটি বিক্রি ও হরিলুটের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। খাল খননের মাটি খালের দুই পাড় বাঁধাই করে উদ্ধৃত মাটি সরকারি ব্যবস্থাপনায় উম্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করার বিধি থাকলেও খাল খননের শুরু থেকে স্থানীয় আয়েশা ব্রিকসসহ বিভিন্ন ইট ভাটায় খালের মাটি বিক্রি শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

তবে প্রকাশ্যে নিলামে মাটি ক্রয়-বিক্রয় করা হয়েছে বলে মুরাদনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় ও ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করা হলে প্রকাশ পায় খাল খনন প্রকল্পের নামে হরিলুট করার রহস্য।

তাছাড়া খাল কাটার প্রকাশ্যে নিলাম হয়েছে বলা হলেও এই নিলামের বিষয়ে কিছুই জানেনা ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয়নীয়রা। খাল খনন কাজ শুরু হওয়ার পূর্বে কি ভাবে প্রশাসন মাটি নিলামে বিক্রি করেন!

এইনিয়ে জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে। রহস্যময় নাম মাত্র মূল্যে নিলাম করে সরকারকে কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। জানা যায়, সারাদেশের খাল ও পুকুর উন্নয়নের আওতায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বিষ্ণুপুর সড়কের পাশের খালটির সাড়ে তিন কিলোমিটার খনন প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ প্রদান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। যার বাস্তবায়নে খরচ ধরা হয় এক কোটি টাকা। কোটি টাকার এই খাল খনন কাজটি পায় সোলায়মান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত মার্চ মাস থেকে খালের পশ্চিম অংশ থেকে খনন কাজ শুরু করে ঠিকাদার। স্থানীয়রা জানান, খালের মাটি বিক্রির পাশাপাশি খালের পাশে সরকারি বরাদ্দে নির্মাণ করার রাস্তার মাটিও কেটে নিচ্ছে ঠিকাদারের লোকজন।

ব্রীজের গোড়া থেকে অবাদে মাটি কেটে নেয়ায় ঝুকিপূর্ণ হয়ে পড়েছে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের চাপিতলা ব্রীজটি। এদিকে নিয়ম না মেনে খাল খননের ফলে হুমকির মুখে পড়েছে চাপিতলা-বিষ্ণুপুর পাকা সড়কসহ খালের পাড়ের অনেক বসতবাড়ি। যেকোন সময় খাল ধ্বসে পড়ে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। এছাড়াও প্রতিদিন শতশত ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের কারনে সড়কে যানচলাচল ব্যহত হওয়ায় এলাকাবাসীও চরম ক্ষোভ প্রকাশ করেছে। জসিম উদ্দীন নামে স্থানীয় এক যুবক জানান, রাত হতেই শুরু হয়ে যায় এই মাটিকাটার তান্ডব, এলাকায় আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না।

রাস্তা-ঘাটে অনেক ধুলা-বালি যাতে দম বন্ধ হয়ে আসে। খালের পাশের রাস্তা ভেঙে যাচ্ছে এবং ভবিষ্যতে আরো ভাঙবে। ভেকু দিয়ে যে খালের পাড় বাধা হয়েছে তা এক বৃষ্টিতেই রাস্তা সহ ভেঙে যাবে, এগুলো টিকবে না।

এ বিষয়ে বিষয়ে চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুছা আল কবির বলেন, খাল খননের কাজটি দেখেছি কি উম্মুক্ত নিলাম কবে বা কিভাবে হয়েছে আমি এবং আমার পরিষদের মেম্বাররা কিছুই জানি না।

ঠিকাদারি প্রতিষ্ঠান সোলায়মান এন্টারপ্রাইজের মালিক সোলায়মান মিয়া বলেন, অফিসিয়ালি যেভাবে আছে আমরা সেভাবেই কাজ করছি। ব্যতিক্রম কোনকিছু করার চিন্তাভাবনা আমাদের নাই।

মুরাদনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী বলেন, নীতিমালা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমাদের দপ্তরের উপস্থিততে স্পট নিলাম করা হয়। কাজ শুরুর পর থেকে বিভিন্ন অভিযোগে আমরা একাধিকবার ঘটনা পরিদর্শন করেছি, তাদের কাজে যেসকল সমস্যা আছে তা আমরা চিনহিত করে তাদেরকে সমাধান করার জন্য দিকনির্দেশনা দিয়েছি। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। যদি কোন লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করছি যে সকল প্রতিষ্ঠান এই কাজটি বাস্তবায়ন করছে তাদের কাছ থেকে সু-নির্দিষ্ট সমাধান পাবো।

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (০৩ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ চৌদ্দগ্রাম খাদ্য গুদামের বিপরীত পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে থানা গেইটের দক্ষিণ পাশে মিজানের কলার আড়ৎ এ অভিযান চালিয়ে বিষাক্ত ক্যামিকেল দ্বারা মাত্র এক ঘন্টার মধ্যে কলা পাকানোর অভিযোগে ওই কলা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে অন্যান্য ব্যবসায়ীদেকেও এ ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়াও একই দিন বিকালে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করায় এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভা সেনেটারী কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ইমাম হোসেন সজীব, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ‘রমযানকে উপলক্ষ করে কতিপয় অসাধু ব্যবসায়ী বিষাক্ত ক্যামিকেল মিশিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে কাঁচা কলা পাকানোর পর বাজারজাত করছে, এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে থানার দক্ষিণ পাশের একটি কলার আড়ৎ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করার অভিযোগে ধোড়করা বাজার এলাকার এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত ও অবৈধ ব্যবসা বন্ধে উপজেলার প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।’

আইনের বাইরে সরকারের কোন হস্তক্ষেপ নেই: আসাদুজ্জামান খান

ডেস্ক রিপোর্ট:

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস তার গ্রামীণ টেলিকমের ভবন দখলের অভিযোগের বিষয়ে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা আইনের বাইরে কিছু করছি না। ড. ইউনূসের বিষয়টি সম্পূর্ণ আইনের ব্যাপার। আইনের বাইরে সরকারের কোন হস্তক্ষেপ নেই।’

শুক্রবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপিকে এদেশের মানুষ প্রত্যাখান করেছে। ২০০৮ সালের নির্বাচনে তারা ৩০টি আসনে জয় পেয়েছে। ১৪ সালের নির্বাচন বয়কট করেছে এবং ১৮ সালের নির্বাচনে মাত্র ৬টি আসন পেয়েছে। বিএনপি সুনিশ্চিত ছিলো সুষ্ঠ নির্বাচনে কোন ষড়যন্ত্র না করলে বা তাদের বিদেশি প্রভুরা হস্তক্ষেপ করতে না পারলে তারা কখনো ক্ষমতায় আসবে না। যার কারণে তারা নির্বাচনে আসেনি।’

বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে কারাগার থেকে বের হয়ে বিএনপি নেতাদের এমন বক্তব্যে তিনি বলেন, ‘তারা আগেও দিন তারিখ ঠিক করে দিয়েছিল সরকার পতনের। কিন্তু তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি, বরং তাদের দেখে মানুষ হেসেছে। এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, সারা মিয়ানমারে অনেকগুলো গ্রুপ যুদ্ধে লিপ্ত রয়েছে। আরাকান আর্মি বেশ কিছুদিন ধরে এ অঞ্চলে যুদ্ধ করছে। সেটার কারণে এখানে কিছু গোলাগুলির শব্দ যেমন আসছে, সেখানকার সরকারি বাহিনী বিজিপি ও অন্যান্য সরকারি লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে আসছে। সীমান্তে আমাদের বিজিবি বাড়ানো হয়েছে। এছাড়াও আমরা তাদের ডুকতে দিচ্ছি না। সীমান্তে বিজিবি, কোস্টগার্ড, নেভি ও পুলিশ সজাগ রয়েছে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার সকাল১০টা হতে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের শহিদনগর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে কয়েকটি এস্কেভেটর দিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে শহিদনগর ট্রমা সেন্টারের সামনে, শহিদনগর বাসস্ট্যান্ড ও শহীদ নজরুল ইসলাম সড়কের দু’পাশে চায়ের দোকান, খাদ্যের দোকান, হোটেল, বেকারি, ফলের দোকান, ওয়াকসব ও ওষুধের দোকানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা মহাসড়কের পাশের সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণসহ পাকা স্থাপনা নির্মাণ করে।

কানেক্টিভিটি প্রজেক্টের আওতায় মহাসড়কটির অনেক বড় আকাড়ে সম্প্রসারণ করার পরিকল্পনা চলছে ।
উচ্ছেদের বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দখলদাররা আছেন। সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম। আগে লাল চিহ্ন দেয়া হয়েছে এবং গতকাল(বুধবার) মাইকিংও করা হয়েছে। যারা অবৈধ দলখদার তারা নিজেরাই জানেন অবৈধ, এখানে নোটিশ করার কোন কিছু আছে কিনা আমার জানা নেই । আমরা আমাদের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছি এটা আমাদের নিয়মিত কার্যক্রম

। আমরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা চিহ্নিত করতেছি। জনগন যাতে সস্তিতে চলাচল করতে পারে এবঙ সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে সে ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ। আর এই উচ্ছেদ অভিযান আমাদের রুটিন ওয়ার্ক এটি চলমান থাকবে। সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কটি কানেক্টিভিটি প্রজেক্টের আওতায় সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তাই বৃহস্পতিবার মহাসড়কের শহিদনগর এলাকায় প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে বুধবার মাইকিং করে দখলদারদেরকে সরে যাওযার জন্য বলা হয়েছিল। তারা কর্ণপাত না করায় বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ অভিযান চলাকালে সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঁ এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনুর ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানসহ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ীর কেয়ারটেকার নিজাম উদ্দিন গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু বাহিনীর প্রধান নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর আগামসি লেন বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম।

গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন(৫৩) উপজেলার ভাগলপুর গ্রামের মৃত রওশন আলী ওরফ আব্দুস সোবহান এর ছেলে এবং বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ীর কেয়ারটেকার।

স্থানীয় সূত্রে জানা যায়, খন্দকার মোশতাকপুত্র

ইশতিয়াক আহমদ বাবুর আমমোক্তারনামাবলে নিয়োজিত কেয়ারটেকার নিজাম উদ্দিনের নেতৃত্বে ও বাবুর অর্থবিত্তে লালিত বাহিনীর অত্যাচার-নিপীড়নে এলাকার সাধারণ মানুষ জিম্মি ছিল বলে সুন্দলপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দশপাড়া গ্রামের মাহবুবুর রহমান বাবুল মেম্বার মাহফুজুর রহমানসহ স্থানীয়রা জানান। তারা বলেন, নিজাম গ্রেপ্তার হওয়ায় আমরা এবং এলাকার সাধারণ মানুষ খুশি। তবে নিজাম উদ্দিনের সেল্টারদাতা মোশতাকপুত্র বাবুকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তারা।

নিজাম উদ্দিনের গ্রেপ্তারের খবরে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভুক্তভোগী একটি মামলার বাদি কাজী রেহা কবির বলেন, আমার পরিবার একের পর এক হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছি।

মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ দেশের ক্ষমতায় থাকা সত্ত্বেও খুনি মোশতাকপুত্র পলাতক ইশতিয়াক আহমদ বাবু ও তার প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেমে নেই। অর্থবিত্তে বলীয়ান বাবুর অর্থের বিনিময়ে স্থানীয় কিছু প্রভাবশালী ও গুটিকয়েক অসৎ ব্যক্তিকে টাকার বিনিময়ে ম্যানেজ করে এলাকায় তার বাহিনীর মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তিনি আরো জানান, মোশতাকপুত্র খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু তাদের পূর্বপুরুষের সম্পত্তি দখলে রাখতে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেন। এরই মধ্যে মোশতাকপুত্র বেশ কিছু সম্পত্তি জাল দলিল ও ভুয়া স্বাক্ষরে বিক্রয় করে দেন। এনিয়ে আদালতে প্রতারনা মামলায় ইশতিয়াক আহমেদ বাবু, তার ছেলে ইফতেখার আহমেদ শাদ ও কেয়ারটেকার নিজামুদ্দিনকে আসামি করা হয়। বর্তমানে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু ও খন্দকার ইফতেখার আহমেদ শাদ কানাডায় পলাতক রয়েছেন।

কাজী রেহা কবির বলেন, আমার চাচা মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক কাজী আব্দুল বারি বঙ্গবন্ধু হত্যার পর প্রতিবাদকারীদের একজন। খন্দকার মোশতাক আমার নানার পরিবারের সদস্য হলেও আদর্শগত কারণে তাদের সঙ্গে আমাদের কোন পারিবারিক সম্পর্ক ছিলনা । আমার মামা নাসিরুল কবিরের করা মামলায় নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, প্রতারণাসহ একাধিক মামলার আসামি নিজাম উদ্দিনকে মঙ্গলবার রাতে আমাদের একটি টিম রাজধানী আগামসি লেনের খন্দকার মোশতাকের বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে ৩ নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে তিনটি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রণালয়, বিভাগ, মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের সব স্তরে এ নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করা সবার জাতীয় দায়িত্ব। নির্বাচন কমিশন সচিবালয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেছে।

এতে বলা হয়, নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পাদনের জন্য সব মন্ত্রণালয়-বিভাগ তথা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত অফিস-প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস-প্রতিষ্ঠান থেকেও প্রিজাইডিং অফিসার/সহকারী প্রিজাইডিং অফিসার-পোলিং অফিসার নিয়োগ করার প্রয়োজন হবে।

সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষককে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ ছাড়াও নির্বাচনে বিভিন্ন দায়িত্ব প্রদান করা হতে পারে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনগুলো ভোটকেন্দ্র হিসেবে এবং প্রতিষ্ঠানের আসবাবপত্র নির্বাচনের কাজে ব্যবহার করা প্রয়োজন হবে। সে ক্ষেত্রে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে চিঠিতে।

মুরাদনগরে গোমতী নদীর চরে ভ্রাম্যমান আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

মুরাদনগর সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটা চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ ভাবে নদীচর থেকে মাটি কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিরাকান্দা গ্রামের গোমতী নদীর চরের অংশে এই অভিযান পরিচালনা করেছেন মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

এ বিষয়ে মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, একটি চক্র কিছু দিন থেকে মুরাদনগর উপজেলার গোমতী নদীর চরের বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে মাটি কাটছে এমন অভিযোগে বৃৃহস্পতিবার বিকেলে হিরারকান্দা অংশে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ওই ব্যবসায়ী এমন কর্মকান্ড পুনরায় করবেনা না মর্মে প্রশাসনের নিকট মুচলেকা প্রদান করেন।

কোম্পানীগঞ্জে প্রশাসনের ছত্রছায়ায় মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া

 

নোয়াখালী প্রতিনিধিঃ

দুই মাস পরেই শুরু হবে এসএসসি পরীক্ষা। এর মধ্যে প্রশাসন অনুমতি দিয়েছে মুক্তিযোদ্ধা মেলার। এই মেলায় উল্লেখ করার মতো দোকানপাট নেই। তার বদলে কুরুচিপূর্ণ নৃত্য আর জুয়ার আসর বসানো হয়েছে। শর্ত জুড়ে দেওয়া অনুমতির অর্ধেকের বেশি লঙ্ঘন করে চলছে মেলার কার্যক্রম। এতে করে অন্তত উপজেলার ৫শতাধিক এসএসসি পরীক্ষার্থী ক্ষতির মুখে পড়বে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরফকিরা গ্রামে স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় গত দুদিন ধরে কথিত মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া, ও মাদকের এ আসর চলছে।

এ আসরে ছয় ঘুঁটি, টুকটুকি, ৩ তাসসহ আরও নানা নামে চলছে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া। গত দুই দিনে এদের কর্মকাণ্ড দেখলে মনে হবে এ যেন, একেকটি মিনি ক্যাসিনো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত চলে এই জুয়ার আড্ডা, সঙ্গে বসছে অশ্লীল নৃত্য ও মাদকের আসর।

স্থানীয়দের অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি রাত থেকেই উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা মেলার নামে এ অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে। প্রথম দিন বোর্ডপ্রতি ৬০ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড বসানো হয়, দ্বিতীয় দিন বোর্ড প্রতি ৬৫ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড প্রকাশ্যে সামিয়ানা টাঙিয়ে বসানো হয়। জুয়ার বোর্ড থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে ক্ষমতাবানরা। এরমধ্যে পুলিশ, প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সভাপতি সফিকুল ইসলাম সোহাগ বাটোয়ারা নিচ্ছেন বলে স্বীকার করেন জুয়াড়িরা। বিনিময়ে দেয়া হচ্ছে প্রকাশ্যে অবাধে জুয়া ও অশ্লীল নৃত্যের আসর চালানোর সুবিধা।

শনিবার দিবাগত রাতে সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, মেলার গেইটে পুলিশ। এর একশত গজ সামনে জুয়ার আসর চলছে। এর পাশেই চলছে অশ্লীল অঙ্গভঙ্গি ও নৃত্যের আসর। আর নির্বিঘ্নে জুয়া পরিচালনার জন্য আয়োজক কমিটি বিভিন্ন জনকে মোটা অংকের টাকা দিচ্ছে। জুয়ার বোর্ডে প্রতি রাতে প্রায় অর্ধকোটি টাকা লেনদেন হচ্ছে। আয়োজক কমিটিসহ অন্যান্য খরচ মিটিয়েও মোটা অঙ্কের টাকা চলে যাচ্ছে জুয়া পরিচালনাকারীদের পকেটে।

এলাকাবাসীর অভিযোগ, একাধিক গেইট করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জায়দল হক কচির ছবি দিয়ে মেলার আয়োজন করেছে স্থানীয় ইউপি সদস্য ও মেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর মেম্বার। জুয়া ও নৃত্যের আসরে স্কুলপড়ুয়া কিশোরদের উপচে পড়া ভিড়। জুয়া খেলার পাশাপাশি চলে রাতভর মাদকসেবন। মেলা অপরাধীদের অভয়ারণ্য হয়ে গেছে। যে কোনো সময়ে ঘটতে পারে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা। জানা যায়, ইউপি সদস্য সমীর জুয়ার বোর্ড থেকে টাকা সংগ্রহ করে মেলা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সোহাগের হাতে দেয়। পরে এই টাকা তিনি প্রশাসন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ বিভিন্ন লোকের মাঝে বণ্টন করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম সোহাগ বলেন, মেলা মানে একটু অনিয়ম থাকবেই। তিনি দাবি করেন, মেলায় এসে কিশোর-যুবকরা আনন্দ করবে। না হলে তারা কিশোর গ্যাং হয়ে যাবে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য সমীর মেম্বারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেজবা উল আলম ভূঁইয়া বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, এ ম্যাসেজ আমি কোম্পানীগঞ্জ থানার ওসিকে দিয়ে দিচ্ছি। পারলে ইউএনও মহোদয়কে বলেন, তাঁরওতো দায়িত্ব আছে।